এস এফ আই-এর বিধানসভা অভিযানে পুলিশের সঙ্গে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : এস এফ আই-এর বিধানসভা অভিযানে পুলিশের অনুমতি মিলছে না, তা গতকালই স্পষ্ট হয়ে গিয়েছিল।

কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি থেকে পিছু সরার কোনও প্রশ্নই আসে না স্পষ্ট করে দেন এস এফ আই-এর রাজ্য নেতৃত্ব। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে শিয়ালদা স্টেশন ও হাওড়া স্টেশনে। শিয়ালদা স্টেশন চত্বর থেকে মিছিল প্রাথমিকভাবে পুলিশ আটকালেও পরে কর্মীসমর্থকদের ভিড় বাড়ে। শিয়ালদা থেকে কলেজস্ট্রিট হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে ছাত্র সংগঠন এস এফ আই। অন্যদিকে এসএফআই আই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য-এর নেতৃত্বে একটি মিছিল বিধানসভার ওয়েস্ট গেট পর্যন্ত পৌঁছে যায়। বিশাল পুলিশ বাহিনী এসে মিছিল ছত্রভঙ্গ করে দেয় বলে সূত্রের খবর। গ্রেফতার হন সৃজন ভট্টাচার্য সহ এস এফ আই-এর বেশ কিছু নেতৃত্ব। হাওড়া ব্রীজের কাছে মিছিল আটকায় পুলিশ। গ্রেফতার হন দীপ্সিতা ধর সহ আরও অনেক ছাত্র নেতা-নেত্রী। দীপ্সিতা ধর গ্রেফতার হওয়ার পর সংবাদমাধ্যমকে জানান, অন্যায়ভাবে আটকানো হয়েছে তাঁদের। সৃজন ভট্টাচার্য জানান, পুলিশ বলেছিল মিছিল করতে দেবে না। আমরা মিছিল করেছি। বিধানসভায় যেতে দেব না বলেছিল। কিন্তু আমরা পৌঁছে প্রমাণ করেছি।” এস এফ আই রাজ্য নেতৃত্ব নেতাকর্মীদের গ্রেফতারের প্রসঙ্গে জানান, গ্রেফতার হওয়া নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে।




