সম্পাদকীয়
মানুষের জীবনে কিছু অনুভূতি থাকে। যা মুখে বলা যায় না। কিছু কথা থাকে। যা কাউকে বলা হয়ে ওঠে না। কিছু স্মৃতি সময়ের সঙ্গে মুছে যায় আবার কিছু স্মৃতি থেকে যায় বরং মনের গভীরে আরও বেশি করে জায়গা করে নেয়। আর কিছু ভালবাসা থাকে। যার কোনও সংজ্ঞা হয় না। অথচ সেই ভালবাসাই মানুষকে বাঁচতে শেখায়। সাহিত্যের জন্ম ঠিক এই অনুভূতিগুলির গভীর থেকেই। কবিতা, গল্প, মন ও প্রেম প্রভৃতি বিষয়গুলি আলাদা হলেও কোথাও যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা। কবিতা মানুষের মনের না-বলা কথাগুলিকে ভাষা দেয়। গল্প জীবনের অভিজ্ঞতাকে তুলে ধরে। মন অনুভূতির আশ্রয় হয়ে ওঠে। আর প্রেম সেই অনুভূতিগুলিকে জীবনের অর্থ খুঁজে দেয়।

কবিতা আসলে কয়েকটি শব্দের সমষ্টি নয়। কবিতা হল, অনুভবের এক বিশেষ ভাষা। কখনও কয়েকটি পঙ্ক্তিতে কবি বলে দেন এমন কিছু কথা যা দীর্ঘ আলোচনাতেও প্রকাশ করা সম্ভব হয় না। একটি বৃষ্টিভেজা বিকেল। জানালার পাশে একাকী বসে থাকা মানুষ। হারিয়ে যাওয়া কোনও মুখ কিংবা বহুদিন আগের কোনও স্মৃতি সবকিছুই কবিতার বিষয় হয়ে উঠতে পারে। কবিতা কখনও প্রতিবাদ। কখনও অভিমান। কখনও ভালবাসা। আবার কখনও নিজের সঙ্গে নিজের কথোপকথন। অন্যদিকে গল্প আমাদের জীবনের আয়না। গল্পের চরিত্রগুলি কাল্পনিক হলেও তাদের হাসি, কান্না, দুঃখ, দ্বন্দ্ব ও ভালবাসার মধ্যে আমরা প্রায়ই নিজেদের খুঁজে পাই। একটি ভাল গল্প শুধু পাঠককে বিনোদন দেয় এই কথা শুধু ভাবা বা বলা যায় এটা নয়, তাকে ভাবতেও শেখায়। কখনও একটি গল্প মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। কখনও আবার এমন কোনও প্রশ্নের সামনে দাঁড় করায়। যার উত্তর খুঁজতে পাঠককে দীর্ঘ সময় নিজের মনের সঙ্গে কথা বলতে হয়।
কিন্তু কবিতা ও গল্পের এই যে অনুভূতির জগৎ। তার কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষের মন। মানুষের মন বড় বিচিত্র। সেখানে আনন্দের পাশাপাশি জমে থাকে বিষাদ। স্বপ্নের পাশাপাশি থাকে ব্যর্থতা। আর ভালবাসার পাশাপাশি বাস করে হারানোর ভয়। বাইরে থেকে একজন মানুষকে যতটা সহজ মনে হয় তার অন্তর্জগৎ হয়ত ততটাই জটিল। সাহিত্য সেই অদৃশ্য জগতের দরজা খুলে দেয়। যে মানুষ নিজের মনের কথা কাউকে বলতে পারেন না তিনি কখনও কোনও কবিতার মধ্যে নিজের উত্তর খুঁজে পান। কখনও কোনও গল্পের চরিত্রের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখতে পান। আর প্রেম? প্রেম সাহিত্যের চিরন্তন আশ্রয়। যুগ বদলেছে। সমাজ বদলেছে। মানুষের জীবনযাত্রা বদলেছে। কিন্তু প্রেমের অনুভূতি আজও সাহিত্যের অন্যতম প্রধান অনুপ্রেরণা। প্রেম মানে শুধু নারী ও পুরুষের সম্পর্ক নয়। প্রেমের মধ্যে রয়েছে মানুষের প্রতি মানুষের মমতা, প্রকৃতির প্রতি ভালবাসা, জীবনের প্রতি টান, পরিবার, বন্ধুত্ব এবং মানবিকতার প্রতি দায়বদ্ধতা। ঈশ্বরের মিলন।
এটাই বুঝি যে প্রেম কখনও কাছে পাওয়ার আনন্দ। কখনও দূরে থেকেও কাউকে অনুভব করার নাম। কখনও একসঙ্গে পথ চলা। আবার কখনও কোনও সম্পর্কের অসমাপ্ত অধ্যায়কে স্মৃতির মধ্যে বাঁচিয়ে রাখা। সত্যিকারের সাহিত্য প্রেমকে শুধু রোমান্টিকতার আবরণে আটকে রাখে না প্রেমের মধ্যে থাকা দায়িত্ব, আত্মত্যাগ, অপেক্ষা, অভিমান ও আত্মমর্যাদাকেও তুলে ধরে।আজকের দ্রুতগতির পৃথিবীতে মানুষ ক্রমশ ব্যস্ত হয়ে পড়ছে। মোবাইলের পর্দায় অসংখ্য বার্তা। সামাজিক মাধ্যমে হাজারো ছবি ও মন্তব্যের ভিড়ে কোথাও যেন হারিয়ে যাচ্ছে নিজের সঙ্গে নিজের কথা বলার সময়। সম্পর্ক তৈরি হচ্ছে দ্রুত। উল্টো দিকে, আবার ভেঙেও যাচ্ছে কখনও ততটাই দ্রুত। এই সময়ে সাহিত্য আমাদের একটু থামতে শেখায়। অন্যের অনুভূতিকে বুঝতে শেখায়। মনে করিয়ে দেয় মানুষের জীবনে শুধু সাফল্য, অর্থ কিংবা প্রতিযোগিতাই সব হয়ে ওঠে না আমাদের অনুভূতি। সংবেদনশীলতা এবং মানবিক সম্পর্কেরও সমান মূল্য রয়েছে।
সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্যপাতা তাই শুধুমাত্র কবিতা ও গল্প প্রকাশের একটি জায়গা নয়। এটি হতে পারে পাঠক ও লেখকের মধ্যে এক আন্তরিক সেতুবন্ধন। এখানে নতুন লেখকের প্রথম কবিতা যেমন জায়গা পাবে বা পায়। তেমনই প্রতিষ্ঠিত সাহিত্যিকের গল্পও পাঠকের মন ছুঁয়ে যাবে বা যায়। এখানে থাকবে জীবনের কথা। প্রেমের কথা। বিচ্ছেদের কথা। প্রকৃতির কথা। সমাজের কথা এবং মানুষের মনের গভীরে জমে থাকা অসংখ্য অপ্রকাশিত অনুভূতি। আমরা বিশ্বাস করি সাহিত্য কোনও নির্দিষ্ট শ্রেণির মানুষের সম্পত্তি নয়। যে মানুষ অনুভব করতে জানেন। যিনি জীবনের ছোট ছোট ঘটনাকে গভীরভাবে দেখতে পারেন। তিনিও সাহিত্যের অংশীদার। প্রয়োজন শুধু সত্যিকারের অনুভূতি এবং তাকে প্রকাশ করার আন্তরিকতা।
সাশ্রয় নিউজের রবিবারের সাহিত্যপাতার উদ্দেশ্যও সেই জায়গা থেকেই। আমরা চাই এই পাতা হয়ে উঠুক নতুন ভাবনা। নতুন শব্দ এবং নতুন অনুভূতির মুক্ত মঞ্চ। যেখানে কবিতা শুধু ছন্দে সীমাবদ্ধ থাকবে তা নয়! গল্প শুধু কাহিনিতে আটকে থাকবে তাও না। বরং প্রতিটি লেখা পাঠকের মনে কোনও না কোনও আলোড়ন তৈরি করবে। কারণ শেষ পর্যন্ত সাহিত্য আমাদের শুধু পড়তে শেখায় মানুষকে বুঝতেও শেখায়। আর যে সাহিত্য মানুষের মনের কাছে পৌঁছতে পারে সেই সাহিত্যই সময়ের সীমা অতিক্রম করে বেঁচে থাকে।
কবিতা হোক মনের ভাষা। গল্প হোক জীবনের প্রতিচ্ছবি। আর প্রেম হোক মানবিকতার চিরন্তন আলো। এই রবিবারে আমাদের আহ্বান আসুন, কিছুটা সময় নিজের জন্য রাখি। পড়ি, লিখি, ভাবি এবং অনুভব করি। কারণ জীবনের সমস্ত ব্যস্ততার মাঝেও একটি সুন্দর কবিতা একটি মন ছুঁয়ে যাওয়া গল্প কিংবা ভালবাসার একটি ছোট্ট অনুভূতি আমাদের নতুন করে বাঁচতে শেখাতে পারে।
জগৎ সাহিত্যে বেঁচে থাকুক মানুষের মন
মানুষের প্রেমে প্রেমে বেঁচে থাকুক আনন্দ মোহন।🍁
🍂মহামিলনের কথা
বারাণসী কুরুক্ষেত্র নৈমিষারণ্য ও পুষ্করে থেকেও তাঁর সে স্থানে থাকা হয় না, যিনি ‘হরি’ এই অক্ষর দুইটি উচ্চারণ না করেন। তীর্থ পাপক্ষয় মাত্র করবেন— পাপক্ষয়ের পর অবলম্বন তো চাই। তীর্থের কথা বলে তারপর দানের কথা বলেছেন— যিনি ‘হরি’ এই অক্ষর দুইটি উচ্চারণ করেন তাঁর কোটি সহস্র গো, অযুত কন্যা দান করা হয়েছে।

শ্রীশ্রীগুরবে নমঃ
ক্রুদ্ধ ব্যক্তি কি ভক্তিসহকারে নাম করতে পারে?
তা পারবে না কেন? ভক্তিমান লোক, হয়তো কোন কারণে ক্রোধ হয়েছে,সর্ব্বদা নামকীর্ত্তন করা অভ্যাস থাকায় ভক্তির সহিত নামকীর্ত্তনে সমর্থ হন।
হরিনাম গ্রহণ করলে যে শরীরে সাত্ত্বিক বিকার উপস্থিত হয় না, নেত্রে জল আসে না, লোকসকল নৃত্য করে না— অহো! সে হৃদয় কঠিন পাষাণের দ্বারা নির্মিত।
শ্রীভগবানের নাম সংকীর্ত্তন করলে যার শরীর রোমাঞ্চিত হয় না— সে বজ্রের মত কঠিন।
তবে তো আমার আশার বাসায় আগুন লাগলো। নাম কীর্ত্তনে আমার চোখে জলও আসে না, রোমাঞ্চও হয় না— আমার গতি কি নাম করবেন না?
নিশ্চয়ই করবেন! ঔই শোন শ্রীভগবান উচ্চকণ্ঠে উর্দ্ধে হস্ত উত্তোলন করে, কি বলছেন—
হে মনুষ্যগণ! আমি স্বয়ং উর্দ্ধবাহু হয়ে প্রতিজ্ঞা করে সত্য বলছি— যে জীবিতকালে অনুক্ষণ আমার মুকুন্দ নরসিংহ জনার্দ্দন এই নামসকল জপ করে, সে ব্যক্তি যদি পাষাণ বা কাষ্ঠের ন্যায় অচেতন ভাববিহীন হয়, আমি তার মরণকালে ঋণগ্রস্তের ন্যায় অভীষ্ট মোক্ষ প্রভৃতি দান করি।
তাহলে আমার মত পাষাণ-কাষ্ঠের গতি ঠাকুর করেন?
অবশ্যই করেন। যখন ভক্ত প্রথম নামকীর্ত্তন আরম্ভ করেন তখন সাত্ত্বিক ভাবোদয় হয় না, গুরুর আদেশ জেনে রস না পেলেও নাম করতে থাকে, নাম করতে করতে ভাবোদয় হয় এতে সংশয় নাই।
কলিযুগে যজ্ঞ, ব্রত, তপস্যা, দান প্রভৃতি দ্রব্য ও মন্ত্রাদির জন্য যথাযথ অঙ্গের সহিত অনুষ্ঠিত হয় না। নিত্য হরি-পাদপদ্ম তরঙ্গিণী গঙ্গায় স্নান আর অনুক্ষণ হরিনাম গান— এ দু’টি অবিনাশী, এর দ্বারা পরমপদ লাভ হয়।
যে দেশে গঙ্গা নেই, সেখানে তুলসীকানন করতে হয়। তুলসীকাননে হরি সতত বাস করেন। তুলসীকাননে হরি-কীর্ত্তনে সত্বর সাড়া পাওয়া যায়। শ্রীভগবান তুলসীকে ছেড়ে ক্ষণকাল থাকেন না। শ্রীভগবান শঠকোপ খুব কম হলে এক শত দেড়শতবার ‘তুলসী কিরীটধারী’ ইত্যাদিরূপে তুলসীর নাম উচ্চারণ করেছেন। পুষ্কর নারকীগণকে বলেছিলেন— অধুনা হাহাকার করে তোমাদের কি হবে, সম্পূর্ণ পাপনাশক হরিকে দিবারাত্রি স্মরণ কর। আমিও এখানে জগৎপিতার নামসকল কীর্ত্তন করছি— এই নামসকল তোমাদের নিত্য মঙ্গলের জন্য হবে এতে কোন সংশয় নাই।
পাপী যমালয়েও স্মরণ কীর্ত্তন করতে পারে?
পাপীদের স্মৃতি নষ্ট হয়ে যায়। কিছু মনে থাকে না, যদি কেউ স্মরণ করিয়ে দেয় তখন মনে পড়ে।
হাঁ, গঙ্গাদি তীর্থের কথা শুনবে?
যার জিহ্বাগ্রে ‘হরি’ এই অক্ষর দুইটি নিয়ত নৃত্য করেন তাঁর গঙ্গা, গয়া, সেতু-বন্ধ-রামেশ্বর, কাশী অথবা পুষ্করতীর্থে গমন করবার কোন প্রয়োজন নাই।
হরিনাম জিহ্বাগ্রে সর্ব্বদা রাখা একেবারে নিষ্পাপ না হলে হয় না। যিনি নামসকল সতত পান করতে পারেন, তাঁর আর তীর্থগমনের কোন দরকার নেই—
তা বুঝি কিন্তু রাখতে যে পারি না?
চেষ্টা করো— নাম কৃপা করবেন।
বারাণসী কুরুক্ষেত্র নৈমিষারণ্য ও পুষ্করে থেকেও তাঁর সে স্থানে থাকা হয় না, যিনি ‘হরি’ এই অক্ষর দুইটি উচ্চারণ না করেন। তীর্থ পাপক্ষয় মাত্র করবেন— পাপক্ষয়ের পর অবলম্বন তো চাই। তীর্থের কথা বলে তারপর দানের কথা বলেছেন— যিনি ‘হরি’ এই অক্ষর দুইটি উচ্চারণ করেন তাঁর কোটি সহস্র গো, অযুত কন্যা দান করা হয়েছে। যাঁরা দরিদ্র— অর্থাভাবে তীর্থগমন কিংবা দানাদি করতে পারেন না, তাদের হরিনাম কীর্ত্তনের দ্বারা সে ক্ষোভ থাকে না।
হরিবোল হরিবোল হরিবোল।
🍁শ্রীশ্রীনামামৃত লহরী | শ্রীওঙ্কারনাথ-রচনাবলী
🍁হে মহাজীবন
মাত্র তেরো বছর বয়সে বিক্রমপুরের বাসিন্দা রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে নির্মলা সুন্দরীর বিবাহ হয়। সেই সময়ের সামাজিক বাস্তবতায় অল্প বয়সে বিবাহ ছিল পরিচিত ঘটনা। বিবাহের পর নির্মলা সুন্দরীকে সংসারের প্রচলিত দায়িত্বের মধ্যে প্রবেশ করতে হলেও তাঁর অন্তর্জগৎ ছিল অন্য রকম। সংসারের কাজকর্মের মধ্যেও ঈশ্বরচিন্তা থেকে তিনি বিচ্ছিন্ন হতেন না। ব্যক্তিগত আকাঙ্ক্ষা, সম্পদ কিংবা সামাজিক প্রতিষ্ঠার প্রতি বিশেষ আগ্রহ ছিল না। ওঁর এই স্বভাব প্রথম দিকে স্বামী রমণীমোহনের কাছেও ছিল ব্যতিক্রমী।
নির্মলা সুন্দরী থেকে বিশ্ববন্দিত আনন্দময়ী মা-এর জীবনকথা

বৈজয়ন্তী চট্টোপাধ্যায়
ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটে, যাঁদের জীবনকে কেবল জন্ম, বিবাহ, সংসার কিংবা মৃত্যুর প্রচলিত ছকে ব্যাখ্যা করা যায় না। তাঁদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গভীর আত্মিক অনুসন্ধান, মানুষের প্রতি মমত্ব এবং ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের এক স্বতন্ত্র উপলব্ধি। শ্রীশ্রী আনন্দময়ী মা (Anandamayi Ma) ছিলেন তেমনই একজন ব্যতিক্রমী সাধিকা। জন্মের সময় তাঁর নাম রাখা হয়েছিল নির্মলা সুন্দরী। কিন্তু পরবর্তী সময়ে তাঁর শান্ত, প্রশান্ত ও সর্বদা আনন্দময় উপস্থিতির মধ্যে ভক্তরা খুঁজে পেয়েছিলেন অন্য রকম আধ্যাত্মিক সত্তা। সেই উপলব্ধি থেকেই তাঁর নাম হয়ে ওঠে আনন্দময়ী মা। জীবনের দীর্ঘ পথপরিক্রমায় তিনি কোনও নির্দিষ্ট ধর্মীয় গণ্ডি কিংবা প্রচলিত সাধনপদ্ধতির মধ্যে নিজেকে আবদ্ধ রাখেননি। ওঁর কাছে ঈশ্বর ছিলেন জীবনের প্রতিটি অনুভূতি, প্রতিটি সম্পর্ক ও প্রতিটি অস্তিত্বের অন্তর্নিহিত সত্য। তাই তাঁর জীবনকাহিনি বৈরাগ্য, বিশ্বাস আর মানবিক সম্পর্কের স্বতন্ত্র ইতিহাস।
১৯৮২ সালের ২৭ আগস্ট ভারতের দেরাদুনে ৮৬ বছর বয়সে দেহত্যাগ করেন শ্রীশ্রী আনন্দময়ী মা। জীবনের শেষ দিকেও তাঁর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল আধ্যাত্মিক সাধনা ও ভক্তদের উপস্থিতি। পরে হরিদ্বারের কনখল আশ্রমে তাঁকে সমাহিত করা হয়। তাঁর প্রয়াণের পরেও আশ্রম, উপদেশ ও স্মৃতিকে কেন্দ্র করে ভক্তসমাজের মধ্যে তাঁর উপস্থিতি অটুট আছে। ভারত ও বাংলাদেশের বহু মানুষের কাছে তিনি এখনও শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত।
১৮৯৬ সালের ৩০ এপ্রিল, বৈশাখ মাসে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ব্রাহ্মণবাড়িয়া জেলার খেওড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন নির্মলা সুন্দরী। বর্তমানে জায়গাটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অন্তর্গত। তাঁর পৈতৃক নিবাস ছিল নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে। বাবা বিপিনবিহারী ভট্টাচার্য ও মা মোক্ষদা সুন্দরী দেবীর পরিবারে ধর্মীয় পরিবেশের কোনও অভাব ছিল না। পিতা ছিলেন নিষ্ঠাবান বৈষ্ণব। পরবর্তী সময়ে সংসারজীবন ছেড়ে সন্ন্যাস গ্রহণ করে তিনি মুক্তানন্দ গিরি নামে পরিচিত হন। অন্যদিকে, মা মোক্ষদা সুন্দরী দেবীর মধ্যেও ছিল গভীর ঈশ্বরনিষ্ঠা। পরিবারের এই ধর্মভাব ছোট্ট নির্মলার মানসজগতে যে প্রভাব ফেলেছিল, তা পরবর্তী জীবনের নানা ঘটনায় অনুভব করা যায়। শৈশব থেকেই নির্মলা ছিলেন স্বভাবতই শান্ত ও অন্তর্মুখী। সাধারণ শিশুর মতো খেলাধুলা কিংবা দৈনন্দিন জীবনের নানা ব্যস্ততার মধ্যে তাঁর মন সব সময় আটকে থাকত না। ধর্মীয় সঙ্গীত, হরিনাম ও কীর্তনের সুর তাঁর মনে বিশেষ আবেগের জন্ম দিত। কীর্তন শুনতে শুনতে কখনও তিনি গভীর ভাবাবেশে ডুবে যেতেন। পারিবারিক পরিবেশে ঈশ্বরচিন্তার যে পরিচয় পেয়েছিলেন, তা তাঁর কাছে নিছক আচার-অনুষ্ঠানের বিষয় হয়ে থাকেনি। ক্রমশ তা হয়ে উঠেছিল নিজের অস্তিত্বকে বোঝার একটি স্বাভাবিক পথ। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ তাঁর জীবনে খুব বেশি ছিল না। কিন্তু প্রচলিত শিক্ষার পরিসরের বাইরে তাঁর মধ্যে যে আত্মিক অনুসন্ধানের প্রবণতা তৈরি হয়েছিল, তা তাঁকে পরবর্তী সময়ে এক স্বতন্ত্র অবস্থানে পৌঁছে দেয়।
মাত্র তেরো বছর বয়সে বিক্রমপুরের বাসিন্দা রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে নির্মলা সুন্দরীর বিবাহ হয়। সেই সময়ের সামাজিক বাস্তবতায় অল্প বয়সে বিবাহ ছিল পরিচিত ঘটনা। বিবাহের পর নির্মলা সুন্দরীকে সংসারের প্রচলিত দায়িত্বের মধ্যে প্রবেশ করতে হলেও তাঁর অন্তর্জগৎ ছিল অন্য রকম। সংসারের কাজকর্মের মধ্যেও ঈশ্বরচিন্তা থেকে তিনি বিচ্ছিন্ন হতেন না। ব্যক্তিগত আকাঙ্ক্ষা, সম্পদ কিংবা সামাজিক প্রতিষ্ঠার প্রতি বিশেষ আগ্রহ ছিল না। ওঁর এই স্বভাব প্রথম দিকে স্বামী রমণীমোহনের কাছেও ছিল ব্যতিক্রমী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্ত্রী-এর আধ্যাত্মিক অবস্থাকে তিনি গভীরভাবে উপলব্ধি করতে শুরু করেন। একসময় তিনিও নির্মলার শিষ্যত্ব গ্রহণ করেন। পরবর্তী জীবনে তিনি ভোলানাথ নামে পরিচিত হন। স্বামী-স্ত্রীর প্রচলিত সম্পর্কের বাইরে তাঁদের মধ্যে গড়ে ওঠে এক স্বতন্ত্র গুরু-শিষ্য সম্পর্ক, যা আনন্দময়ী মায়ের জীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়।
আনন্দময়ী মায়ের সাধনজীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ১৯২২ সালে। প্রচলিত অর্থে কোনও গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ না করেই এক পূর্ণিমা তিথিতে তিনি স্বতঃস্ফূর্তভাবে নিজের দীক্ষা সম্পন্ন করেন বলে তাঁর জীবনকথায় উল্লেখ পাওয়া যায়। এই ঘটনাকে ঘিরে তাঁর ভক্তদের মধ্যে গভীর শ্রদ্ধার জন্ম হয়। ধর্মীয় সাধনার প্রচলিত ধারণায় সাধারণত গুরু, মন্ত্র ও নির্দিষ্ট সাধনপদ্ধতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কিন্তু আনন্দময়ী মায়ের ক্ষেত্রে আত্মিক উপলব্ধির প্রকাশ ঘটেছিল ভিন্ন পথে। তাঁর জীবনদর্শনে নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন এবং ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছিল। ১৯২৬ সালে ঢাকার সিদ্ধেশ্বরীতে তাঁর আধ্যাত্মিক কর্মকাণ্ডের প্রথম কেন্দ্র গড়ে ওঠে। ধীরে ধীরে তাঁকে ঘিরে ভক্তসমাজ তৈরি হতে থাকে। মানুষের সঙ্গে তাঁর কথোপকথন, ধর্মীয় আলোচনা এবং উপস্থিতির মধ্যে ভক্তরা এক বিশেষ প্রশান্তির অনুভব করতেন। ১৯২৯ সালে ঢাকার রমনা কালীমন্দির প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হয় তাঁর প্রথম আশ্রম। এই সময়েই তাঁর পরিচিতি আরও বিস্তৃত হতে থাকে। তাঁর পরম ভক্ত জ্যোতিষচন্দ্র রায়, যিনি ভাইজি নামে পরিচিত ছিলেন, তাঁর মধ্যে অনন্য আনন্দময় সত্তার প্রকাশ অনুভব করেছিলেন। তিনিই তাঁকে প্রথম ‘আনন্দময়ী মা’ নামে অভিহিত করেন। পরবর্তী সময়ে এই নামেই নির্মলা সুন্দরী দেশ-বিদেশে পরিচিত হয়ে ওঠেন। নির্মলা সুন্দরী নামটি ক্রমশ আড়ালে চলে যায়, আর মানুষের স্মৃতিতে স্থায়ী জায়গা করে নেয় আনন্দময়ী মা।
শ্রীশ্রী আনন্দময়ী মা -এর ধর্মভাবনার অন্যতম বৈশিষ্ট্য ছিল ঈশ্বরকে জীবনের বাইরে কোনও দূরবর্তী সত্তা হিসেবে না দেখা। সংসার, সম্পর্ক, প্রকৃতি ও মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার মধ্যেই তিনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করতেন। তাঁর দর্শনের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল, ‘সংসারটা ভগবানের’। এই কথার মধ্যে লুকিয়ে ছিল গভীর জীবনবোধ। সংসারকে ত্যাগ করার আগে তাকে বোঝা, নিজের দায়িত্বের মধ্যে থেকেও ঈশ্বরচিন্তার পথ খুঁজে নেওয়া ও জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে আত্মিক উপলব্ধির অংশ করে তোলার কথা তিনি বিভিন্ন সময়ে বলেছেন। শ্রীশ্রী আনন্দময়ী মা’য়ের উপদেশে মানুষের স্বাধীন ইচ্ছা ও আত্মসমর্পণের প্রসঙ্গও উঠে এসেছে। তাঁর বক্তব্যের মর্ম ছিল, মানুষ নিজের একটি শ্বাসের ওপরও সম্পূর্ণ কর্তৃত্ব দাবি করতে পারে না। অথচ জীবনের নানা ক্ষেত্রে মানুষ নিজের স্বাধীনতার অনুভূতি নিয়ে চলতে অভ্যস্ত। সেই সামান্য স্বাধীনতাকেও যদি ঈশ্বরকে উপলব্ধি করার সাধনায় ব্যবহার করা যায়, তবে জীবন অন্য অর্থ পেতে পারে। ওঁর এই চিন্তায় ভয় দেখিয়ে ধর্মপালনের কোনও আহ্বান ছিল না। নিজের মনকে সংযত করা, আত্মপরিচয়ের দিকে এগিয়ে যাওয়া এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলার কথা উঠে এসেছে।
আনন্দময়ী মায়ের আধ্যাত্মিক ভাবনায় ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্কও ছিল বহুমাত্রিক। তিনি ঈশ্বরকে একই সঙ্গে পিতা, মাতা ও বন্ধু হিসেবে উপলব্ধি করার কথা বলেছেন। মানুষের মনোভাব অনুযায়ী ঈশ্বরের কাছে তার সম্পর্কের অনুভূতিও বদলে যেতে পারে। কেউ তাঁকে করুণাময় হিসেবে অনুভব করেন, কেউ দয়ালু হিসেবে, আবার কেউ আশ্রয়দাতা হিসেবে। অর্থাৎ ঈশ্বরের উপলব্ধি কোনও একক অভিজ্ঞতায় সীমাবদ্ধ নয়। মানুষের আত্মিক অবস্থান, বিশ্বাস এবং আত্মসমর্পণের গভীরতার সঙ্গে সেই অনুভবের প্রকাশ ঘটে। তাঁর ‘মাতৃ উপদেশামৃত’ (Matri Upadeshamrita) গ্রন্থে সংকলিত উপদেশগুলিতে এই জীবনদর্শনের নানা দিক পাওয়া যায়। নিজের সাধনাকে নির্দিষ্ট কোনও আশ্রম বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখেননি আনন্দময়ী মা। মানুষের কাছে পৌঁছতে তিনি দীর্ঘ সময় ধরে ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছেন। উত্তর ভারত থেকে পূর্ব ভারত, তীর্থস্থান থেকে প্রত্যন্ত জনপদ, বিভিন্ন জায়গায় তাঁর উপস্থিতি ঘিরে গড়ে উঠেছে ভক্তসমাজ। তাঁর উদ্যোগ ও ভক্তদের সহযোগিতায় ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ২৫টিরও বেশি আশ্রম ও সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এই আশ্রমগুলি শুধু ধর্মীয় উপাসনার জায়গা হিসেবেই পরিচিত হয়নি, বহু মানুষের কাছে সেগুলি হয়ে উঠেছিল মানসিক আশ্রয়, সাধনা ও সামাজিক সংযোগের কেন্দ্র।
শ্রীশ্রী আনন্দময়ী মা’য়ের জীবনের উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে নৈমিষারণ্যের (Naimisharanya) পুনর্জাগরণের উদ্যোগ বিশেষভাবে স্মরণীয়। প্রাচীন ভারতীয় ধর্মীয় ঐতিহ্যে নৈমিষারণ্যের একটি গুরুত্বপূর্ণ স্থান আছে। পুরাণ ও বিভিন্ন ধর্মীয় আখ্যানের সঙ্গে যুক্ত এই তীর্থক্ষেত্রকে নতুন করে পরিচিত করে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ। ধর্মীয় স্থানগুলির ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি সেগুলিকে মানুষের সাধনা ও আত্মিক চর্চার উপযোগী করে তোলার দিকেও আনন্দময়ী মা গুরুত্ব দিয়েছিলেন। তাঁর জীবনের বিস্তৃতি শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না। বিদেশের বহু মানুষও তাঁর জীবনদর্শন ও আধ্যাত্মিক কথাবার্তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ধর্মের পরিচয়, ভাষা কিংবা সামাজিক অবস্থান নির্বিশেষে মানুষের সঙ্গে শ্রীশ্রীমা সহজভাবে মিশতেন। তাঁর কাছে মানুষের পরিচয়ের চেয়ে তার অন্তরের অনুসন্ধান ছিল বেশি গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাঁর কাছে এসে নিজেদের প্রশ্ন, সংশয় ও জীবনের নানা সংকট নিয়ে কথা বলার সুযোগ পেয়েছেন। তাঁর উপস্থিতির মধ্যে যে শান্তির অনুভূতি ভক্তরা খুঁজে পেতেন, তা তাঁকে ক্রমশ আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়।
১৯৮২ সালের ২৭ আগস্ট ভারতের দেরাদুনে ৮৬ বছর বয়সে দেহত্যাগ করেন শ্রীশ্রী আনন্দময়ী মা। জীবনের শেষ দিকেও তাঁর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল আধ্যাত্মিক সাধনা ও ভক্তদের উপস্থিতি। পরে হরিদ্বারের কনখল আশ্রমে তাঁকে সমাহিত করা হয়। তাঁর প্রয়াণের পরেও আশ্রম, উপদেশ ও স্মৃতিকে কেন্দ্র করে ভক্তসমাজের মধ্যে তাঁর উপস্থিতি অটুট আছে। ভারত ও বাংলাদেশের বহু মানুষের কাছে তিনি এখনও শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত। নির্মলা সুন্দরী থেকে আনন্দময়ী মা হয়ে ওঠার এই লম্বা যাত্রা সামনে থেকে দেখলে আসলে মানুষের আত্মিক পরিচয় আবিষ্কারেরই কাহিনি। শ্রীশ্রীমা জীবনে প্রথাগত শিক্ষার অভাব ছিল, ছিল না কোনও প্রচলিত আচারনির্ভর সাধনজীবনের অনুকরণ। অথচ নিজের উপলব্ধি, ঈশ্বরনিষ্ঠা ও মানুষের সঙ্গে গভীর সংযোগের মধ্য দিয়ে তিনি এমন পরিচিতি অর্জন করেন, যা সময়ের সীমানা অতিক্রম করেছে। তাঁর জীবনদর্শনের কেন্দ্রে ছিল আত্মসমর্পণ, অন্তরের শুদ্ধি এবং সর্বত্র ঈশ্বরের উপস্থিতি অনুভব করার সাধনা। আজকের দ্রুতগতির জীবনে যখন মানুষ প্রতিনিয়ত বাহ্যিক সাফল্য ও প্রাপ্তির হিসাবের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে, তখন আনন্দময়ী মায়ের জীবন ও উপদেশ নতুন করে মনে করিয়ে দেয়, মানুষের নিজের অন্তর্জগৎকে জানার প্রয়োজনও কম নয়। তাঁর জীবন মানুষের আত্মিক অনুসন্ধানের ইতিহাসে স্বতন্ত্র দিক।🍁
🍂সমসাময়িক
মার্কিন দার্শনিক ও শিক্ষাসংস্কারক জন ডিউইয়ের জীবন, দর্শন এবং অভিজ্ঞতাভিত্তিক শিক্ষাচিন্তা। জন ডিউইয়ের জীবন, প্রয়োগবাদী দর্শন, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা ও গণতন্ত্র সম্পর্কে চিন্তাভাবনা কীভাবে আধুনিক শিক্ষাব্যবস্থাকে নতুন দিক দেখিয়েছে, এই লেখা তারই শিক্ষানীতির বিস্তারিত আলোচনা ভিত্তিক আলোকপাত।
শিক্ষার নতুন দর্শন নির্মাণ করেছিলেন জন ডিউই

মলয় ঘোষ
শিক্ষা কী শুধুই বইয়ের পাতায়? শুধু পরীক্ষার খাতায় উত্তর লেখা ও প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিজের যোগ্যতা প্রমাণ করার একটি প্রক্রিয়া? নাকি শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষের চিন্তাশক্তি, বিচারবোধ, কৌতূহল, জীবনকে উপলব্ধি করার ক্ষমতা তৈরি করা? আধুনিক শিক্ষাব্যবস্থার দিকে তাকালে এই প্রশ্নগুলি নতুন করে সামনে আসে। কারণ দীর্ঘদিন ধরে শিক্ষার সঙ্গে পরীক্ষার ফল, মুখস্থ বিদ্যা ও প্রাতিষ্ঠানিক সাফল্যকে এমনভাবে জুড়ে দেওয়া হয়েছে যে, অনেক সময় শেখার আনন্দটাই হারিয়ে যায়। অথচ শিক্ষার প্রকৃত অর্থ নিয়ে এক শতাব্দীরও বেশি আগে গভীরভাবে চিন্তা করেছিলেন মার্কিন দার্শনিক, মনোবিজ্ঞানী ও শিক্ষাসংস্কারক জন ডিউই। তাঁর মতে, শিক্ষা কোনও নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ বিষয় নয়। এটি মানুষের সমগ্র জীবনযাপনের সঙ্গে যুক্ত একটি অবিরাম প্রক্রিয়া। মানুষ শুধু তথ্য গ্রহণ করে শিক্ষিত হয় না, বরং নিজের অভিজ্ঞতা, অনুসন্ধান, পরীক্ষা-নিরীক্ষা ও ভুল থেকে শিক্ষা গ্রহণের মধ্য দিয়েই প্রকৃত জ্ঞান অর্জন করে। ডিউইয়ের এই চিন্তাভাবনা শিক্ষার প্রচলিত ধারণাকে নতুনভাবে বিচার করার সুযোগ তৈরি করেছিল।
জন ডিউই ১৮৫৯ সালের ২০ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের বার্লিংটনে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের সময় আমেরিকা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে এগোচ্ছিল। শিল্পায়ন, নগরায়ণ, গণতান্ত্রিক সমাজব্যবস্থার বিকাশ মানুষের জীবনযাত্রায় নতুন বাস্তবতা তৈরি করছিল। এই পরিবর্তনের প্রেক্ষাপটে শিক্ষা ও সমাজের পারস্পরিক সম্পর্ক নিয়ে ডিউইয়ের আগ্রহ তৈরি হয়। পরবর্তী সময়ে দর্শন, মনোবিজ্ঞান, শিক্ষাচিন্তার বিভিন্ন ক্ষেত্রকে একসূত্রে বিবেচনা করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। ১৯৫২ সালের ১ জুন জন ডিউই মায়ার পৃথিবী ত্যাগ করে পরলোকে গমন করেন। কিন্তু ডিউই-এর চিন্তার প্রভাব মৃত্যুর পরেও শিক্ষা, সমাজতত্ত্ব, রাজনৈতিক দর্শন, আধুনিক মানবিক চিন্তায় বহমান।
ডিউইয়ের শিক্ষাদর্শনে শিক্ষকের ভূমিকা নতুন মাত্রা পায়। তিনি শিক্ষককে শুধু তথ্য সরবরাহকারী হিসেবে দেখেননি। শিক্ষকের কাজ হল শিক্ষার্থীর আগ্রহ ও সক্ষমতা বুঝে এমন পরিস্থিতি তৈরি করা, যেখানে শেখার স্বাভাবিক প্রবণতা বিকশিত হতে পারে। শিক্ষার্থীর কৌতূহলকে দমন না করে তাকে সঠিক পথে পরিচালিত করাই শিক্ষকের দায়িত্ব। কোনও প্রশ্নের উত্তর সরাসরি জানিয়ে দেওয়ার পরিবর্তে কখনও কখনও শিক্ষার্থীকে নিজে উত্তর খুঁজে নেওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন। কারণ অনুসন্ধানের মধ্য দিয়ে অর্জিত জ্ঞান অনেক বেশি স্থায়ী হয়।
ডিউইয়ের দর্শনের কেন্দ্রে ছিল অভিজ্ঞতা। ডিউই-এর মতে, মানুষকে কোনও বিষয় শেখানোর অর্থ শুধু সেই বিষয়ে তথ্য জানিয়ে দেওয়াই ছিল না। এমন পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষার্থী নিজে প্রশ্ন করতে পারবে, পর্যবেক্ষণ করবে, যুক্তি দিয়ে সমস্যার সমাধান খুঁজবে, নিজের অভিজ্ঞতার সঙ্গে নতুন জ্ঞানকে মিলিয়ে নিতে পারবে। এই ভাবনা তাঁর সময়ের প্রচলিত শিক্ষাব্যবস্থার থেকে অনেকটাই আলাদা ছিল। তখন বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষাপদ্ধতিতে শিক্ষকের বক্তব্য শোনা, পাঠ্যবইয়ের তথ্য মনে রাখা, পরীক্ষায় সেই তথ্য পুনরায় লিখে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হত। শিক্ষার্থীর নিজস্ব চিন্তা কিংবা অনুসন্ধানের সুযোগ ছিল তুলনামূলকভাবে সীমিত।
জন ডিউই এই পদ্ধতির পরিবর্তে সক্রিয় শিক্ষার ধারণাকে গুরুত্ব দেন। তাঁর কাছে শিক্ষার্থীরা আসলে কোনও নিষ্ক্রিয় শ্রোতা না, যাঁরা শুধু শিক্ষকের কাছ থেকে জ্ঞান গ্রহণ করবে। শিক্ষার্থী নিজেই শেখার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার। একটি শিশু যখন কোনও বস্তু নিয়ে কৌতূহলী হয় সেটি কীভাবে কাজ করে জানতে চায়, নিজের মতো করে পরীক্ষা করে, ফলাফলের সঙ্গে আগের ধারণার তুলনা করে, তখনই তার মধ্যে প্রকৃত শিক্ষার বিকাশ ঘটে। অর্থাৎ শেখার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সংযোগ থাকা প্রয়োজন। শুধু মুখস্থ করে কোনও তথ্য মনে রাখা সম্ভব হলেও, সেই তথ্যের অর্থ উপলব্ধি করা, জীবনের প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করতে পারাই শিক্ষার বড় সার্থকতা। এই চিন্তার সঙ্গে যুক্ত ছিল তাঁর প্রাগম্যাটিজম বা প্রয়োগবাদী দর্শন। উনিশ শতকের শেষভাগ ও বিশ শতকের গোড়ায় আমেরিকান দর্শনে এই মতবাদের বিকাশ ঘটে। চার্লস স্যান্ডার্স পিয়ার্স (Charles Sanders Peirce) এবং উইলিয়াম জেমসের (William James) চিন্তার ধারার সঙ্গে জন ডিউইও এই দার্শনিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রয়োগবাদী দৃষ্টিভঙ্গিতে জ্ঞানকে কোনও স্থির, অপরিবর্তনীয় বিষয় হিসেবে দেখা হয় না। মানুষ তার অভিজ্ঞতা, অনুসন্ধান ও বাস্তব পরিস্থিতির মধ্যে দিয়ে জ্ঞানের অর্থ খুঁজে নেয়। কোনও ধারণা কতটা কার্যকর, বাস্তব জীবনে তা কীভাবে কাজে লাগে ও নতুন অভিজ্ঞতার মুখে সেটি কতটা সংশোধিত হতে পারে, এই প্রশ্নগুলি তাঁর দর্শনে বিশেষ গুরুত্ব পেয়েছে।
ডিউইয়ের কাছে চিন্তা করার প্রক্রিয়া ছিল সমস্যার মুখোমুখি হওয়ার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। মানুষ যখন কোনও জটিল পরিস্থিতিতে পড়েন তখন তার মধ্যে প্রশ্ন তৈরি হয়। সেই প্রশ্নের উত্তর খুঁজতে পর্যবেক্ষণ, অনুমান, পরীক্ষা, বিশ্লেষণের প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় পুরনো ধারণা কখনও নতুনভাবে প্রতিষ্ঠিত হয়, আবার কখনও সংশোধিত হয়। শিক্ষার ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণের কথা বলেছেন তিনি। তাঁর মতে, শিক্ষার্থীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে দিতে হবে, যেখানে সে নিজের বুদ্ধি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাধানের পথ খুঁজে পাবে। এতে শুধু একটি নির্দিষ্ট সমস্যার উত্তর পাওয়া যায় না, বরং ভবিষ্যতের নতুন পরিস্থিতি সামলানোর ক্ষমতাও তৈরি হয়। জন ডিউইয়ের শিক্ষাভাবনার আর একটি গুরুত্বপূর্ণ দিক হল গণতন্ত্রের সঙ্গে শিক্ষার সম্পর্ক। তিনি গণতন্ত্রকে ভোট দেওয়া, সরকার নির্বাচন কিংবা রাষ্ট্র পরিচালনার একটি রাজনৈতিক ব্যবস্থা হিসেবে দেখেননি। তাঁর কাছে গণতন্ত্র ছিল মানুষের পারস্পরিক সম্পর্কের একটি জীবনপদ্ধতি। সেখানে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, অন্যের বক্তব্য শোনার মানসিকতা থাকবে ও সম্মিলিত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে। সমাজের মানুষ যদি পরস্পরের অভিজ্ঞতা ও চিন্তাকে গুরুত্ব না দেয়, তবে গণতান্ত্রিক কাঠামো কেবল আনুষ্ঠানিক ব্যবস্থায় পরিণত হতে পারে। এই কারণে ডিউই বিদ্যালয়কে বৃহত্তর সমাজের একটি ক্ষুদ্র প্রতিরূপ হিসেবে বিবেচনা করেছিলেন। তাঁর মতে, বিদ্যালয়ের মধ্যে শিশুরা শুধু পাঠ্যবিষয় শিখবে না, শিখবে একসঙ্গে কাজ করা, দায়িত্ব ভাগ করে নেওয়া, মতবিরোধের সমাধান করাও।, অন্যের অধিকারকে মর্যাদা। একে-অপরকে শিক্ষা ভাগ করে দেওয়ার অভ্যাসও অর্জন করবে। শ্রেণীকক্ষে যদি শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ না থাকে, যদি ভিন্নমত প্রকাশের স্বাধীনতা না থাকে, তাহলে ভবিষ্যতের গণতান্ত্রিক নাগরিক তৈরির ক্ষেত্রেও সীমাবদ্ধতা থেকে যায়। তাই তাঁর শিক্ষাদর্শনে স্বাধীন চিন্তা ও সহযোগিতার পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁর অন্যতম আলোচিত গ্রন্থ ‘ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন’ (Democracy and Education) প্রকাশিত হয় ১৯১৬ সালে। এই বইয়ে শিক্ষা, সমাজ, গণতান্ত্রিক জীবনব্যবস্থার মধ্যে সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এখানে বক্তব্য, সমাজের ধারাবাহিকতা বজায় রাখতে হলে এক প্রজন্মের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হয়। শিক্ষা সেই সামাজিক আদানপ্রদানের অন্যতম প্রধান মাধ্যম। তবে এর অর্থ পুরনো নিয়ম ও ধারণাকে অপরিবর্তিত অবস্থায় নতুন প্রজন্মের ওপর চাপিয়ে দেওয়া না। নতুন প্রজন্মের অভিজ্ঞতা, প্রশ্ন এবং পরিবর্তিত বাস্তবতার সঙ্গে পুরনো জ্ঞানের সংযোগ ঘটানো প্রয়োজন। সমাজও এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে নতুন করে গড়ে তোলে। ১৯৩৮ সালে প্রকাশিত তাঁর আর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘এক্সপেরিয়েন্স অ্যান্ড এডুকেশন’ (Experience and Education)। এখানে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার ধারণাকে আরও বিশদভাবে ব্যাখ্যা করেন। তবে অভিজ্ঞতা থাকলেই যে তা সব সময় শিক্ষামূলক হবে, এমন ধারণাও তিনি গ্রহণ করেননি। তাঁর মতে, কোনও অভিজ্ঞতা যদি ভবিষ্যতে আরও ভালোভাবে শেখার পথ বন্ধ করে দেয়, তবে সেটি প্রকৃত শিক্ষার সহায়ক নয়। শিক্ষার ক্ষেত্রে অভিজ্ঞতার ধারাবাহিকতা এবং পরিবেশের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত জরুরি। একজন শিক্ষকের দায়িত্ব পাঠদান করেই শেষ না। একইভাবে শিক্ষার্থীর অভিজ্ঞতাকে এমনভাবে পরিচালিত করা, যাতে তার চিন্তার পরিসর ক্রমশ বিস্তৃত হয়।
এই জায়গাতেই জন ডিউইয়ের শিক্ষাদর্শনে শিক্ষকের ভূমিকা নতুন মাত্রা পায়। তিনি শিক্ষককে শুধু তথ্য সরবরাহকারী হিসেবে দেখেননি। শিক্ষকের কাজ হল শিক্ষার্থীর আগ্রহ ও সক্ষমতা বুঝে এমন পরিস্থিতি তৈরি করা, যেখানে শেখার স্বাভাবিক প্রবণতা বিকশিত হতে পারে। শিক্ষার্থীর কৌতূহলকে দমন না করে তাকে সঠিক পথে পরিচালিত করাই শিক্ষকের দায়িত্ব। কোনও প্রশ্নের উত্তর সরাসরি জানিয়ে দেওয়ার পরিবর্তে কখনও কখনও শিক্ষার্থীকে নিজে উত্তর খুঁজে নেওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন। কারণ অনুসন্ধানের মধ্য দিয়ে অর্জিত জ্ঞান অনেক বেশি স্থায়ী হয়। ভাবার যে, বর্তমান পৃথিবীতে প্রযুক্তির প্রসার ও তথ্যের সহজলভ্যতা জন ডিউইয়ের শিক্ষাভাবনাকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে। ইন্টারনেটের মাধ্যমে কয়েক মুহূর্তে অসংখ্য তথ্য পাওয়া সম্ভব। কিন্তু তথ্যের পরিমাণ বাড়লেই মানুষের জ্ঞান বা বিচারক্ষমতা একই অনুপাতে বাড়ে না। কোনও তথ্যের সত্যতা যাচাই করা, বিভিন্ন মতের মধ্যে তুলনা করা, যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তব জীবনে তার প্রয়োগ বোঝা জরুরি। ডিউইয়ের চিন্তা এই জায়গায় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিশা দেয়। তাঁর দর্শনের আলোকে বলা যায়, আধুনিক শিক্ষার কাজ শুধু শিক্ষার্থীকে তথ্যের নাগাল দেওয়া নয়, তাকে তথ্যের অর্থ বুঝতে এবং তার যথাযথ ব্যবহার করতে শেখানো। জন ডিউই-এর জীবন ও দর্শনের সবচেয়ে মূল্যবান দিক শিক্ষাকে জীবনের প্রস্তুতি হিসেবে না দেখে জীবনেরই অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা। প্রচলিত ধারণায় অনেক সময় মনে করা হয়, বিদ্যালয় বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষ হলেই শেখার শেষ। এরপর শুরু হয় কর্মজীবন ও বাস্তব জীবন। ডিউই এই বিভাজনকে গ্রহণ করেননি। তাঁর মতে, জীবন থেকে শিক্ষাকে আলাদা করা যায় না। মানুষ প্রতিদিন নতুন পরিস্থিতির মুখোমুখি হয়, নতুন অভিজ্ঞতা অর্জন করে ও সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের চিন্তাকে পরিবর্তিত করে। আসলে শিক্ষা নির্দিষ্ট প্রতিষ্ঠানের চার দেওয়ালের মধ্যে আটকে থাকতে পারে না।
জন ডিউইয়ের জীবনাবসানের সাত দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। পৃথিবীর শিক্ষাব্যবস্থা, প্রযুক্তি ও সামাজিক কাঠামোয় এসেছে বিপুল পরিবর্তন। তবু তাঁর উত্থাপিত প্রশ্নগুলি এখনও সমানভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষার উদ্দেশ্য কী কেবল চাকরির উপযোগী মানুষ তৈরি করা? নাকি স্বাধীনভাবে চিন্তা করতে পারা? দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া এবং সমাজের সঙ্গে সক্রিয় সম্পর্ক গড়ে তোলার মতো মানুষ তৈরি করাও তার দায়িত্ব? তাঁর দর্শন দ্বিতীয় সম্ভাবনাটিকেই গুরুত্ব দেয়। তিনি এমন শিক্ষাব্যবস্থার কথা ভেবেছিলেন, যেখানে জ্ঞান কেবল পরীক্ষার নম্বরের মধ্যে বন্দী থাকবে না। মানুষের দৈনন্দিন আচরণ, সামাজিক দায়িত্ব, জীবনবোধের মধ্যে তার প্রকাশ ঘটবে। তাঁর কাছে জানা মানে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলা। এই কারণেই জন ডিউই একজন দার্শনিক কিংবা শিক্ষাসংস্কারকই শুধু নন। আধুনিক শিক্ষার উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে শেখানো এক গুরুত্বপূর্ণ চিন্তানায়ক।🍁
🍁ছোটগল্প
কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল, তারপর পাতাটা ছিঁড়ে ফেলল। নতুন মাসের ছবিতে একটা পাহাড়। ভাবল, বহুদিন পাহাড় দেখেনি। ভাবল, এবার যাবে, একা বা অন্য কারও সঙ্গে। তারপরই মনে হল, এই ভাবনাটা আসলেই একটা জেদ। ছোট্ট ঝলমলে জেদ, যা এখনও বেঁচে আছে।
কাচের শরীর

দেবব্রত সরকার
বইপাড়ার ভোরে ঘুম ভাঙল শাটার নামানোর শব্দে। লোহার পাত গড়িয়ে উঠল। ওই মুহূর্তে একটা কুকুর হাই তোলে। বেলা বাড়তেই কলেজস্ট্রিটের ফুটপাথ জুড়ে পুরনো বইয়ের মলাট থেকে সোঁদা গন্ধ ওঠে। যেন পাড়াটা রাতভর কিছু একটা স্বপ্ন দেখে ভিজে গিয়েছে। মহুয়া এই গন্ধটা চেনে সতেরো বছর ধরে। প্রথম যেদিন এসেছিল, তার বয়স ছিল উনিশ। হাতে একটা কাঁচা সবুজ রঙের ছাতা। বর্তমানে ও-ছত্রিশ, ছাতাটা কবেই হারিয়ে গিয়েছে। কিন্তু ওই গন্ধটা যায়নি। এখনও মাঝেমাঝে আসে আর সাড়া দিয়ে যায়। মহুয়া এখন বিশ্ববিদ্যালয়ে পড়ায়। জানলার ধারে বসলে ওপাশের কফি হাউসের সিঁড়ির খানিকটা দেখা যায়। সেখানে এখনও তর্ক চলে, সিগারেট ও কফির ধোঁয়া ওঠে। এখন শুধু তর্কের বিষয়গুলো বদলে গিয়েছে। আগে লোকে বিপ্লব নিয়ে কথা বলত, এখন বলে ইএমআই আর ভিসা, হোমলোন, চাকরি-বাকরি, ডিএ-এর হিসেব কষে। কেউ কেউ সাহিত্য শিল্প নিয়েও তর্ক করে। কিন্তু সেই তর্কের আর কেন জানি সেই জোর নেই!
ঘরটা তখন তার সবচেয়ে সৎ চেহারায়। ক্লান্ত, ধোঁয়াটে। একটু বিষণ্ণ। তবু জেগে আছে। দূরে কোথাও কাচ ভাঙার শব্দ হল। আর মুহূর্তের জন্য সমস্ত ঘর যেন থমকে দাঁড়াল। মহুয়া এবার সিগারেট ধরাল না। পকেটে হাত ঢুকিয়ে শুধু হাঁটতে থাকল। কোথায়? জানে না…
শিমুল এল বৃষ্টির দিনে। আঠাশ বছরের মেয়েটি গবেষণার কাজে এসেছিল, কাঁধে ঝোলা ব্যাগ। মাথার লম্বা চুলে জলের ফোঁটা। দরজায় দাঁড়িয়ে বলেছিল, ম্যাডাম, আপনার নামে আমার গাইড একটা চিঠি দিয়েছেন। মহুয়া চিঠিটা নিল না। তাকিয়ে রইল মেয়েটির ভেজা কাঁধের দিকে। কেন তাকাল সে জানে না। হয়ত কারও কাঁধ থেকে জল ঝরতে দেখলে বোঝা যায় সময় তখনও বেঁচে আছে।
—বসো।
সে বলল মহুয়া
শিমুল বসল। কথা বলার ফাঁকে ফাঁকে সে হাতের আঙুল মোচড়াত, যেন প্রতিটা বাক্যের শেষে একটা গিঁট খুলতে চাইছে। মহুয়া লক্ষ্য করল, মেয়েটা হাসলে আগে চোখ হাসে, ঠোঁট পরে জেগে ওঠে হাসির দমকে। এ ধরনের মানুষ সচরাচর খুব ভাল ঠকে, কারণ তাদের মুখ অনেক কিছু আগেভাগেই বলে দেয়।
সেদিন বিকেল বেলা। ওরা একসঙ্গে বেরুল। কলেজস্ট্রিটের গলিতে গলিতে। বৃষ্টি তখন থেমেছে। কিন্তু জল জমে আছে। একটা হাতে টানা রিকশা জল কেটে যেতে যেতে দু’জনের কিছুটা ভিজিয়ে দিল। শিমুল হেসে উঠল, আর মহুয়ার মনে হল, এই হাসিটা সে কোথাও দেখেছে। কোথায়, মনে পড়ল না। শুধু মনে হল, বহুদিন আগে কেউ যেন তার ঘরের জানলা খুলে দিয়েছিল, তারপর আর বন্ধ করেনি।
—আপনি রোজ এই পথে হাঁটেন?
শিমুল জিজ্ঞেস করল।
—রোজ। আসলে পথটাই আমাকে হাঁটায়।
—তাই?
—হ্যাঁ। কিছু রাস্তা মানুষকে ধরে রাখে। ছাড়ে না।
শিমুল প্রত্যুত্তরে কিছু বলল না। একটা বেশ পুরনো বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে একটা হলদে হয়ে যাওয়া একটা খাতা তুলে নিল। দোকানি বলল, দশ টাকা। শিমুল দিল, তারপর খাতাটা খুলে দেখল, ভেতরে কিছু লেখা নেই, শুধু প্রথম পাতায় একটা শুকনো ফড়িং চ্যাপ্টা হয়ে লেগে আছে।
—দেখুন…
শিমুল বলল,
—কে যেন একটা গোটা গ্রীষ্মকে এখানে চাপা দিয়ে রেখে গিয়েছে।
মহুয়া ফড়িংটার দিকে তাকাল। তার বুকের ভেতরেও কিছু একটা নড়ে উঠল। ওই নড়ে ওঠার কী কোনও নাম আছে! সেটার নাম দিল না মহুয়া। ওর মনে হয়, নাম দিলেই ওই জিনিসটা মরে যায়।
এরপরে, কয়েক সপ্তাহ কাটল। ওরা প্রায়ই একসঙ্গে বেরুত। কখনও ময়দানের দিকে, কখনও গঙ্গার ধারে। একদিন বাবুঘাটে বসে ওরা দেখল, ওপারের আকাশ ধীরে ধীরে ধূসর থেকে কেমন বেগুনি হচ্ছে। জলের ওপর একটা নৌকো দাঁড়িয়ে ছিল। মাঝি নেই। শুধু একটা লণ্ঠন ঝুলছে। শিমুল বলল,
—লোকটা কোথায় গেল বলুন তো?
—হয়ত কোনওদিন ছিলই না।
—তাহলে লণ্ঠন জ্বালল কে?
মহুয়া হাসল।
—কেউ কেউ আছে, যারা না থেকেও নিয়মিত আলো জ্বেলে রেখে যায়। আমরা দেখি না।
শিমুল চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল,
—ম্যাডাম, আপনি কারও কথা ভাবছেন?
প্রশ্নটা জলের মতো বুকে এসে লাগল। মহুয়া উত্তর দিল না। পকেট থেকে একটা সিগারেট বার করে ধরাল, দুই আঙুলের ফাঁকে ধোঁয়াটা ওপরের দিকে উঠছে। দেখল। অনেকদিন এটা ছেড়ে দিয়েছিল। আবার ধরেছে ইদানীং। কেন, তা সে নিজেকেও বোঝাতে পারবে না। শুধু জানে, ধোঁয়ার ভেতর দিয়ে দেখলে নিজেকে একটু কম নিষ্ঠুর মনে হয়।
—আমার একজন ছিল।
একটু থেমে আবার বলল,
—অনেকদিন আগে। নাম বলব না।
শিমুল মাথা নাড়ল। এই তফাতটা মহুয়া কৃতজ্ঞতার সঙ্গে লক্ষ্য করল। ওঁর ঠোঁটে মিহি একটা হাসি খেলল। শিমুলের তা বোধগম্য হওয়ার বা দেখার কথা না। সেদিন রাতে মহুয়া বাড়ি ফিরে দেখল, ঘরটা অন্য দিনের চেয়ে বেশি চুপ। দেওয়ালে ইংলিশ ক্যালেন্ডার ঝুলছে। পাতা উল্টানো হয়নি তিন মাস। কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল, তারপর পাতাটা ছিঁড়ে ফেলল। নতুন মাসের ছবিতে একটা পাহাড়। ভাবল, বহুদিন পাহাড় দেখেনি। ভাবল, এবার যাবে, একা বা অন্য কারও সঙ্গে। তারপরই মনে হল, এই ভাবনাটা আসলেই একটা জেদ। ছোট্ট ঝলমলে জেদ, যা এখনও বেঁচে আছে।
অন্যদিকে, শিমুলের ভেতরে ছিল অন্য রকম অন্ধকার। ও- একদিন বলল, তার বাবা মারা গিয়েছেন গত শীতে। আর মা এখন রোজ ফোনে একই কথা জিজ্ঞেস করেন, খেয়েছিস? ওই দুটো শব্দ শুনলে তার গলার কাছটা শক্ত হয়ে যায়, অথচ সে ফোন কাটতে পারে না।
—আমি আসলে খুব ভীতু। জানেন।
বলল,
লোকে ভাবে আমি সাহসী, কারণ আমি একা থাকি, একা পড়ি, একা ঘুরি। কিন্তু একা থাকাটাই তো ভয়ের সবচেয়ে সুবিধেজনক জায়গা।
মহুয়া বলল,
—ভয়টা কীসের?
—কেউ যদি কাছে আসে, আর তারপর চলে যায়।
—অনেকেই যায়…
—জানি। তাই তো আসতে দিই না।
কথাগুলো ঝুলে থাকল দু’জনের মাঝখানে, যেন সেতুর অর্ধেকটা। মহুয়া হাত বাড়াল না সেদিকে, শিমুলও। দু’জনেই বুঝতে পারছিল, সেতুর বাকি অর্ধেকটা বানানোর দায় কারও একার নয়। অথবা ভয় দু’জনেরই।
সে বছর বইমেলার সময় কলেজস্ট্রিটে ভিড় বাড়ল। বইপাড়ায় যেন উৎসব লেগেছে। ভিড়ের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ওরা একটা চায়ের দোকানের পাশে এসে দাঁড়াল। কেউ একটা গান গাইছিল, কোথা থেকে ভেসে আসছিল, গানের কথা বোঝা যাচ্ছিল না, শুধু সুরটা ছিল। শিমুল হঠাৎ বলল,
—ম্যাডাম, আপনি কখনও ভেবেছেন, আমরা যে জিনিসগুলো বলতে পারি না, সেগুলোই আসলে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ অথবা প্রকৃতি সবচেয়ে বেশি করে বলে দেয়?
—ভেবেছি।
—তাহলে আপনি কী বলতে পারেননি?
মহুয়া তাকাল ওর দিকে। ওঁর চোখের নিচে হালকা ছায়া। ঘুম কম হওয়ার দাগ? ভাবল, মেয়েটাকে বলে দেওয়া যায় সবকিছু। কিন্তু বলার মতো ভাষা তার কাছে নেই, কিংবা আছে এমন একটা ভাষা, যা শব্দে ধরা পড়ে না। শুধু বলল,
—চলো, হাঁটি।
ওরা হাঁটছিল। কলেজস্ট্রিট ছাড়িয়ে ধর্মতলার দিকে, তারপর ট্রামলাইনের পাশ দিয়ে। একটা ট্রাম ঢিমেতালে পেরিয়ে গেল। ভেতরে কয়েকজন মানুষ জানলার ধারে বসে ঝিমোচ্ছে। একদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে মহুয়া দেখল, শিমুল নিচের উঠোনে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে, হাতে সেই ডায়েরি। গাছের পাতা ঝরছিল, একটা একটা করে। শিমুল হাত বাড়িয়ে একটি পাতা ধরল, তারপর ছেড়ে দিল। মহুয়ার মনে হল, এই দৃশ্যটা সে বহুদিন ধরে দেখে আসছে। অন্য কোনও গাছ, অন্য কোনও হাত, অন্য কোনও বর্ষায়। মানুষ একই গল্প বারবার বলে, শুধু চরিত্র বদলায়। মন একই। মহুয়া নিচে নেমে গেল।
—কী লিখছ?
—কিছু না। পাতা ফাঁকা। ভাবছি ফাঁকা থাকাটাই ভাক। এটাই ওর লেখা সবচেয়ে ভাল গল্প।
—তাহলে লিখো না।
—আপনি বলছেন?
—আমি কিছুই বলছি না। আমি শুধু বলছি, সব ফাঁকা জায়গা ভরাতে নেই।
শিমুল তাকাল, আর এবার আগে তার ঠোঁট হাসল, তারপর চোখ।
মহুয়া ভাবল, উল্টোভাবে হাসলে কী মানুষ বদলে যায়? ও-জানে না। শুধু জানে, এই মুহূর্তে সে আর কিছু চায় না। না কোনও উত্তর, না কোনও প্রতিশ্রুতি। শুধু এই বিকেল, এই ঝরা পাতা আর কিছু না।
সন্ধে নামল। বইপাড়ার দোকানগুলো একে একে ঝাঁপ ফেলছে। সার্টার নামার শব্দে যেন পাখি উড়ে গেল! কী পাখি? চড়ুই? ঘুঘু? হয়ত শালিক? কলকাতায় ইদানীং কাক ছাড়া অন্য পাখি তেমন দেখা যায় না! অন্ধকারে ঠিক বোঝা গেল না। কফি হাউসের সিঁড়ি দিয়ে একদল ছেলে-মেয়ে নামছিল। কেউ একজন জোরে হেসে উঠল। হাসিটা গড়িয়ে যেতে যেতে মিলিয়ে গেল। ওরা দু’জন হাঁটছিল পাশাপাশি, মাঝখানে সামান্য মতো ফাঁক। মহুয়া ভাবল, ফাঁকটা পূরণ করা যায়। ভাবল, না করাও যায়। শিমুলও বোধহয় একই কথা ভাবছিল, কারণ সে একবার হাত তুলল, তারপর নামিয়ে নিল। তারপর আবার তুলল। এভাবেই চলল কিছুক্ষণ, যেন দু’জনের ভেতর নিঃশব্দ কথোপকথন চলছে। আর ওই কথোপকথনের প্রতিটা বাক্য অসম্পূর্ণ। সামনের মোড়ে এসে শিমুল দাঁড়াল।
—আমাকে এদিকে যেতে হবে।
—যাও।
—আপনি?
—আমি উল্টো দিকে।
ওরা কেউ-ই নড়ল না। রাস্তার ফ্লাডলাইট জ্বলছে। হঠাৎ, হলদে আলোয় দু’জনের ছায়া লম্বা হয়ে রাস্তায় মিশে গেল। মহুয়া দেখল, ছায়া দুটো আলাদা, কিন্তু অদ্ভুতভাবে কোথাও এক জায়গায় এসে পরস্পরকে ছুঁয়ে আছে। শিমুল বলল,
—কাল আসবেন তো?
—আসব।
—নিশ্চিত?
—কিছুই নিশ্চিত নয়, কিন্তু আমি আসব।
শিমুল হেসে মাথা নাড়ল। তারপর হাঁটতে থাকল। মহুয়া দাঁড়িয়ে রইল যতক্ষণ না মেয়েটার কাঁধের ঝোলাটা ভিড়ের ভেতর হারিয়ে গেল।
রাত বাড়ছিল। ঘরটা তখন তার সবচেয়ে সৎ চেহারায়। ক্লান্ত, ধোঁয়াটে। একটু বিষণ্ণ। তবু জেগে আছে। দূরে কোথাও কাচ ভাঙার শব্দ হল। আর মুহূর্তের জন্য সমস্ত ঘর যেন থমকে দাঁড়াল। মহুয়া এবার সিগারেট ধরাল না। পকেটে হাত ঢুকিয়ে শুধু হাঁটতে থাকল। কোথায়? জানে না, হয়ত ভোরের দিকে! যেদিকে হয়ত আবার দল দল জোড়া শালিক! কিংবা না। সেটাও ঠিক ছিল। বুজের কাচের ওপারে ফ্লাড লাইটটা জ্বলে রইল। কে জ্বেলেছে কেউ জানে না। এই মুহূর্তে এই শূন্যের মাঝে খুব হাসতে ইচ্ছে করল মহুয়ার।🍁
🍂কবিতা
বনমালী নাথ -এর একটি কবিতা

যারা থেকে যায়
কারও মৃত্যু হলে কারা যেন একা হয় না!
সঙ্গে থেকে যায় অদৃশ্য ছায়া, শুধু ঘোরে।
সম্পর্কের ধ্বংসাবশেষে বানিয়েছি ইমারত, সেখানে কোনও
ক্যালেন্ডার নেই, জন্মদিন ও মৃত্যু দিন
ভুলে যাওয়া নেই, এমনকী ফিরে আসার প্রতিশ্রুতিও…
মনে হয়, কেউ একজন আমার নাম ধরে ডাকছে।
আমি তো জানি, আর কেউ না
ও-তো সেই-ই, ও-তো সেই-ইইইই…
আমিই…
সানি সরকার -এর একটি কবিতা

যা-কিছু সত্য
যা কিছু সত্য সব এখানেই
জ্যোতির্ময়ী সিকদার -এর একটি কবিতা

ঋতু-বদল
সাতটি প্রেম জমা আছে সময়ের গোপন খাতায়
প্রথমটি জানালায় বৃষ্টির মতো নামে।
দ্বিতীয়টি চলে গেছে, রেখে গেছে ঘড়ির কাঁটায়
অসমাপ্ত বিকেল, তার কোনও শেষ নেই…
যে প্রেমের কাছে সময় ছিল শুধু অজুহাত
সবকিছু অস্বীকার করে হারিয়ে গেল
সপ্তমটি আমার ভিতরে নিঃশব্দে হাঁটে
তার নূপুরের শব্দে ঘুম ভেঙে যায়
আমরা কেউ কারও বর্তমান হতে পারিনি
প্রত্যেকে থেকে গেছি অন্য কারও অতীতে
বছর পেরোয়, মুখ বদলায়…
শুধু বিষাদ তার পুরনো ঠিকানা ছাড়ে না।
সময় যেখানে থেমে যায়, প্রেম সেখানে বেঁচে থাকে
আর সময়ের বাইরে দাঁড়িয়ে আমি
পাঁচটি হারানো নামকে একা একা ভালবাসি।
ব্রহ্ম গুপ্ত -এর একটি কবিতা

সময়
চিঠি লিখেছিলাম
কোনও চিঠিই পৌঁছয়নি ঠিকানায়।
একটিতে ছিল শরীরের উষ্ণতা
একটিতে ছিল যাওয়ার শব্দ
একটিতে শুধু অপেক্ষার নীল খাম।
ফিরে এস লিখতে গিয়েও থেমে গিয়েছি
এখন ডাকঘর নেই, প্রাপকও নেই
শুধু পুরনো ডাকটিকিটে লেগে আছে
আমাদের একসঙ্গে না-বুড়ো হওয়ার স্বপ্ন।
আমি প্রতিদিন চিঠিগুলো পড়ি
নতুন করে নির্বাসিত হই।
শ্বেতা বসু চক্রবর্তী -এর একটি কবিতা

বিষাদ মুখ
মুখ ভোরের মতো
মুখ সন্ধ্যার শেষ ট্রামের
ওই মুখে চুম্বনের বদলে ছিল স্তব্ধতায়
আরেকটি ফিরিয়ে নিয়েছিল সমস্ত ঋতুকাল
এখন কিছু চেনা যায় না
অন্ধকার ও চোখ দু-ই জ্বলে ওঠে
এখন প্রতিটি মৃত্যুর রঙ আলাদা
কেউ কাউকে শেষ করতে পারেনি
আমার বুকে তাঁরা পাশাপাশি বসে
কেউ এগিয়ে যায়, বারবার ফিরে আসে
যশবন্ত ঠাকুর -এর একটি কবিতা

একটি স্টেশন
স্টেশনটির নাম জানি না।
ট্রেন আসে, দাঁড়িয়ে থাকে।
মানুষ অপেক্ষা করে।
আর সকলেই অসমাপ্ত মানুষ।
হাতে শুকনো গোলাপ, বিচ্ছেদের তারিখ।
চোখে শেষবার দেখা মুখ।
পৃথিবী কী অনেক দূর এগিয়েছে!
প্ল্যাটফর্মের বেঞ্চে বসে একই বিকেলের দিকে তাকিয়ে থাকি।
যে ট্রেনটি আসার কথা ছিল, আদৌ কোনও দিন এসেছিল?
🍁ধারাবাহিক উপন্যাস
সাশ্রয় নিউজ -এর রবিবারের সাহিত্য স্পেশাল-এ শুরু হয়েছে সাহিত্যিক মমতা রায় চৌধুরী -এর ধারাবাহিক উপন্যাস ‘হারিয়ে যাওয়া নারীর ইতিকথা’। একটি বিশেষ কালকে কেন্দ্র করে নারীদের নিয়ে এই উপন্যাস এগিয়ে যায়। নারীদের লড়াইয়ের কাহিনী পড়তে চোখ রাখুন রবিবারের সাহিত্য স্পেশাল-এ।
হারিয়ে যাওয়া নারীর
ইতিকথা
মমতা রায় চৌধুরী
৩৮.
তিথি সন্ধ্যা দিতে গিয়ে বারবার ভাগবত গীতার কথা মনে করছিল। সেই সঙ্গে কবিতার মায়ের কথা। সত্যিই জীবনের শেষ প্রান্তে এসে বোধহয় ভাগবত গীতাতেই নিজেকে সঁপে দিতে হয়। কী নেই গীতাতেই সব শান্তি খুঁজে পাওয়া যায়। তবে মাসির কথাবার্তা শুনে তিথি একটু গেস করতে পারল, কবিতার মা বোধহয় কোনও ষড়যন্ত্রের স্বীকার। হঠাৎ করে ঝনঝন করে বাসন পড়ার শব্দ।
প্রথম প্রথম বলত মেয়েটা পোয়াতি ওর সাথে এরকম ক’রো না। কিন্তু বুঝতেই পারছ। কোন মহিলা যদি ঝগড়ুটে হয় সারাদিন অশান্তি করে, কাঁহাতক একজন ব্যাটাছেলে সহ্য করতে পারে! তখন একদিন ওর মামাও বলল, তুই বাড়ি থেকে বেরিয়ে যা, যেখানে পারিস সেখানে যা। ও-মামার দু’টি পায়ে পড়ল। মামির পায়ে পড়ল। আমাকে এভাবে তাড়িয়ে দিও না আমার পেটে বাচ্চা, আমি কোথায় যাব বলো?
তিথি রান্নাঘর থেকে খুন্তি হাতে বেরিয়ে আসলো।
—একি মাসি লাগেনি তো?
—ওঠো ওঠো। দেখ তো এমনিতেই পায়ে ব্যথা, আবার পড়ে গেলে!
—আর কী হবে! কপালে ছিল তাই হল..
—না মাসি, সবসময় কপালের দোষ দিলে হয় না। এতগুলো বাসন এই বয়সে তুমি একসঙ্গে আনতে গেছ! তুমি কী আর সেই বয়সে আছ! এসো বসো।
তিথি মাসির হাত ধরে এনে বসিয়ে দিল। আবার বলল,
—-আমারই ভুল হয়েছে একসাথে এতগুলো বাসন বের না করে দিলেই এটা হতো
না।
—না বৌমা তোমার কী দোষ! এগুলো তো মাজতেই হতো।
—আচ্ছা ঠিক আছে, বসো আমি চা দিচ্ছি।
—হ্যাঁ দাও। সকাল থেকে মনটা খুব চুক চুক করছিল চায়ের জন্য।
—তিথি… তিথি.. তিইইইথিইইই…
তিথি একটু বিরক্তির সুরে বলল,
—হলটা কী? এত চেঁচাচ্ছ কেন?
—আরে কি কি আনতে হবে আগামীকাল তো ধনতেরাস আমাকে একটা লিস্ট করে দাও পুজো হবে তো নাকি?
—কী পুজো?
—মানে? তুমি ভুলে গেলে?
—ওহ্যাঁ, লক্ষ্মীপূজো। যা লাগে তাই নেবে।
—আচ্ছা শোনো শুভ মুহূর্ত কখন?
—হ্যাঁ সে আমি দেখে নেব।
—সে অনুযায়ী তো তোমাকে কতগুলো জিনিস আনতে হবে।
—হ্যাঁ তবে এবার কিন্তু সোনার রুপো কিছু আনতে পারব না।
—এ বাবা! এবার সোনা রুপো কিছু আনবে না?
—এই ব্যাগ দাও তো। জানো তো কেন বলছি, শুধু শুধু আমাকে দিয়ে বলাচ্ছ।
—ও বুঝেছি বাড়িতে কাজ হচ্ছে বলে?
পবিত্র নিরুত্তর থাকে।
এই নাও ভাই লিস্ট করে দেওয়াই আছে।
—ঠিক আছে, আমি বেরচ্ছি।
—কে রে পবিত্র?
—হ্যাঁ, মা।
—বাজারে যাচ্ছিস?
—হ্যাঁ।
—আমার জন্য একটা মৌরির প্যাকেট আনিস।
—ঠিক আছে।
—মাসি কবিতার মায়ের বাড়ি কোথায় ছিল গো।
—বলে তো ২৪ পরগনা।
—ওর মা এই গলিতে আসলো কি করে?
—সবই কপাল মা সবই কপাল।
—কেন এরকম বলছ?
আমাদের না হয় স্বামীর ঘর হয়নি ও-কিন্তু স্বামীর ঘর করেছে।
—ও মা! তাহলে এখানে আসলো কি করে?
—ওটাই তো কথা।
—কে জানত বাকি দিনগুলো এই অন্ধকার গলিতে কাটাতে হবে!
—এত দারুণ ইন্টারেস্টিং কাহিনি গো…
—হ্যাঁ গো।
—না যাই রান্নাবান্নাটা সেরে ফেলি পরে শুনব, বুঝেছ? জলখাবারটা দেওয়া আছে মাসি খেয়ে নাও। তারপর বাকি কাজগুলো গুছিয়ে নাও। —আচ্ছা, তোমার সবজিগুলো আগে কেটে দেব?
—হ্যাঁ দাও। আমি এক-এক করে রান্না করে ফেলি।
—ও মাসি যাও তো একবার এই জলখাবারটা দিয়ে আসো।
কাগজি মাসির তিথির দিকে তাকাল। তারপর বলল,
—আচ্ছা দাও বুঝেছি।
তিথি রান্নাঘর থেকে চিৎকার করল,
—বুবুন খেলাধুলা বাদ দিয়ে এবারের স্নান করে নাও।
—যাচ্ছি মাম মাম আর পুচুও স্নান করবে না?
—-না ওদের রোজ স্নান করতে নেই।
—এই পুচু এখানে বস আমি স্নান করে আসি।
—এভাবে রান্নাবান্না করতে করতে অনেক সময় চলে গেল খাওয়া-দাওয়া কমপ্লিট করে আবার দু’জন বসল কবিতার মায়ের কাহিনি নিয়ে।
—মাসি রান্না কেমন হয়েছে গো?
—তোমার রান্না তো খুবই ভাল।
—ঠিক আছে, তাহলে এবার বাকি শোনাও কাহিনি
তাহলে বলি, শোনো। কবিতার মা মহিমা মা-মরা মেয়ে। মামার বাড়িতে থাকত।
তিথি মন দিয়ে শুনছে।
—যা হয় মা মরা মেয়ে মামার বাড়িতে মামীর কাছে যেন গলগ্রহ। ওকে নিয়ে মামা মামির মধ্যে ঝগড়া হত। তারপর ওর মামা সম্বন্ধ দেখতে শুরু করল।
—তখন কবিতার মায়ের বয়স কত হবে?
—কত আর হবে ১৫ -১৬।
—এ বাবা! ১৮ বছর পূর্ণ না হতেই বিয়ে দিল?
—হ্যাঁ।
—তখন মহিমাও ভেবেছিল যে অন্তত স্বামীর ঘরে গিয়ে ও-সুখে শান্তিতে দিন কাটাবে।
—তারপর?
—তারপর আবার কী! যা হয় প্রথম প্রথম ক’টা দিন শ্বশুরবাড়িতে ভালই কাটছিল।
সবই কপাল বুঝলে বৌমা?
—কেন কি হয়েছিল?
—এত সুখ ওর কপালে সহ্য হল না।
—মেয়েটা পেটে আসতেই ওকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিল।
—কী বলছ?
—ঠিকই বলছি, বৌমা।
—তারপর?
—তারপর, মামার বাড়িতে গেল। বুঝতেই পারছ। মামি কিছুতেই মেনে নিতে পারল না।
—বুঝছি।
—তারপর জানো, মামির অপছন্দ সত্ত্বেও ও-কিন্তু ও বাড়িতে নিজের দুঃখ কষ্ট সহ্য করেও শুধু মেয়েটার জন্য পড়ে রইল।
—মামা কিছু বলত না?
—কী বলবে বলো? প্রথম প্রথম বলত মেয়েটা পোয়াতি ওর সাথে এরকম ক’রো না। কিন্তু বুঝতেই পারছ। কোন মহিলা যদি ঝগড়ুটে হয় সারাদিন অশান্তি করে, কাঁহাতক একজন ব্যাটাছেলে সহ্য করতে পারে! তখন একদিন ওর মামাও বলল, তুই বাড়ি থেকে বেরিয়ে যা, যেখানে পারিস সেখানে যা। ও-মামার দু’টি পায়ে পড়ল। মামির পায়ে পড়ল। আমাকে এভাবে তাড়িয়ে দিও না আমার পেটে বাচ্চা, আমি কোথায় যাব বলো?
—তা আমরা কী করে বলব কোথায় যাবি? মামি অত্যন্ত বিরক্ত আর তারশ্বরে চিৎকার করে বলল।
ওই পথ দিয়েই যাচ্ছিল ভোলা দালাল ওদের চিৎকার চেঁচামেচি শুনে বাড়িতে আসলো। তারপর বলল,
—কী হয়েছে?
—ভোলা দালাল কে?
—আর বোলো না মেয়ে-ছেলে নিয়ে কারবার করে। কাজের নাম করে অন্য জায়গায় পাচার করে।
তিথি তো মাথায় হাত দিয়ে বসল।
—কি বলছ মাসি?
—হ্যাঁ গো বৌমা…
—ভাবতেই পারছি না! তখন ওর কমাস চলছে?
—তখন যতদুর সোমবার, ছয় সাত মাস হবে!
—৬-৭ মাস এভাবে অত্যাচার সহ্য করেই আছে! তারপরেও এরকম তাড়িয়ে দিল।
—হ্যাঁগো, শুধু বলছিল আমার বাচ্চাটা হয়ে যাক তারপরে না হয় আমি বাড়ি থেকে বেরিয়ে যাব।
ওর মামি কিছুতেই রাজি হল না। বলল,
—পোড়ামুখী মেয়ে, নিজের মা টাকে খেয়েছিস শ্বশুরবাড়ি ঘর করতে পারলি না, আবার এসছিস আমার সংসারে হাড় জ্বালাতে।
—তাতে ওর কী দোষ মাসি?
—সেটাই তো কথা, ওর কী দোষ!
—বাবা নিতে পারছি না মাসি!
এর মধ্যেই পুচু আর বুবুন দুজন চলে আসলো
পুচুটা তো বুবনের একেবারে নেওটা হয়েছে। আর বুবুনও পুচুকে ছাড়া কিছু বোঝে না। বুবুন একজন খেলার সাথী পেয়েছে।
—মাম মাম ভূত চতুর্দশী কী গো?
—বাবা মাসি, দেখো কি সুন্দর ছেলেটা উচ্চারণ করল।
—আচ্ছা মাম মাম তুমি তো বলো ভূত বলে কিছু নেই তাহলে ভূত চতুর্দশী কেন?
—তুমি অত-সব বুঝবে না
—বলো না।
—ও মাসি, ওকে বুঝিয়ে দাও আমার বেলা চলে যাচ্ছে। আমি এখন সন্ধ্যে দেব। আবার ১৪ প্রদীপ জ্বালতে হবে।
—মাসি দিদা মাসি দিদা বলো না…
—ও বাবা আমারও কাজ আছে, তোমার ঠাম্মির কাছে গিয়ে জিজ্ঞেস করো গা।
—কী একটা ভাবনা চিন্তা করল বুবুন, তারপর ছুটলো ওর ঠাম্মির ঘরের দিকে, সঙ্গে পুচুটাও লেজ নাড়িয়ে চলল।
এবার মাসি হাসতে হাসতে বলল আমিও ভাগিয়ে দিয়েছি বুঝলে বৌমা। নাহলে এবার আমাকেও কাজ করতে দেবে না।
—না গো, অনেক বেলা বয়ে গেল তুমি সন্ধে দাও।
—এ দেখো কাজ করতে করতে তোমার ঠাকুরের বাসন গুলোই মজা হয়নি।
—ঠিক আছে মাসি। কোন ব্যাপার না। এবার তুমি বাসনটা মেজে দাও আমি সন্ধ্যে বাতিটা জ্বেলে দিই।
—ও বৌমা, তোমার শাশুড়ি মাকে চা করে দিয়েছ?
তোমার কবিতার মায়ের গল্প শুনতে শুনতে আজকে সবকিছুই ভুলে গিয়েছি কপালে দুর্ভোগ আছে, বুঝেছ মাসি।
—আরে বাবা, যাও তাড়াতাড়ি চা করে তারপর সন্ধ্যা দিতে যাও।
—হ্যাঁ, সেই ভাল। 🍁 (ক্রমশঃ)
🍂বইপড়া | ১
মীরাবাঈ-এর অলৌকিক জীবনকথা। মীরাবাঈয়ের কৃষ্ণভক্তি, ভজন, আধ্যাত্মিক সাধনা ও পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে তাঁর অবস্থানের বিশ্লেষণ ও সাহিত্যিক মূল্যায়ন।
কৃষ্ণপ্রেমের অনন্ত পথে
মীরাবাঈ

সপ্তর্ষি ভট্টাটার্য
ইতিহাসের পাতায় এমন কিছু নারী আছেন, যাঁদের জীবনকে ধর্মীয় বিশ্বাস কিংবা ব্যক্তিগত সাধনার পরিচিত ছকে বিচার করা যায় না। তাঁদের জীবনযাপন, সিদ্ধান্ত ও সামাজিক বিধিনিষেধের বিরুদ্ধে অবস্থান একসময়কার সমাজব্যবস্থার ভিতকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। ষোড়শ শতাব্দীর কৃষ্ণভক্ত মীরাবাঈ তেমনি একজন চরিত্র। রাজপরিবারের আভিজাত্য, সামাজিক মর্যাদা, পারিবারিক অনুশাসন ও নারীর জন্য নির্ধারিত আচরণবিধি, কোনও কিছুই তাঁকে নিজের বিশ্বাসের পথ থেকে সরিয়ে রাখতে পারেনি। মীরার কাছে কৃষ্ণ ছিলেন আরাধ্য শুধু দেবতা নন। কৃষ্ণ তাঁর জীবনের একমাত্র আশ্রয়। প্রেমের কেন্দ্র এবং অস্তিত্বের পরম সত্য। পৃথ্বীরাজ সেনের লেখা ‘কৃষ্ণসাধিকা মীরাবাঈ: অলৌকিক জীবনকথা’ গ্রন্থটি সেই ব্যতিক্রমী জীবনের নানা অধ্যায় পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। এই বইটি মূলত মীরাবাঈয়ের আধ্যাত্মিক জীবন, কৃষ্ণপ্রেম, ভজন ও তৎকালীন সমাজের রক্ষণশীলতার সঙ্গে তাঁর সংঘাতকে কেন্দ্র করে রচিত।
মীরাবাঈয়ের জীবনকে ঘিরে ইতিহাস, লোককথা বা মিথ ভক্তসমাজে প্রচলিত অলৌকিক কাহিনি পরস্পরের সঙ্গে মিশে আছে। তাঁর জীবনের অনেক ঘটনার বিবরণ বিভিন্ন ঐতিহাসিক ও সাহিত্যিক সূত্রে ধরা একরকম কিন্তু না। ফলে কোনও জীবনকথা রচনার ক্ষেত্রে কোনটি ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত, কোনটি জনশ্রুতি ও কোনটি ভক্তিপ্রসূত দিক, সেই পার্থক্য পাঠকের সামনে রাখা জরুরি।
মীরাবাঈয়ের জীবনকে ঘিরে ভারতীয় ভক্তিসাহিত্যে বহু কাহিনি প্রচলিত রয়েছে। কোথাও তিনি কৃষ্ণপ্রেমে আত্মবিস্মৃত সাধিকা, কোথাও রাজপরিবারের নিয়ম অগ্রাহ্য করা দৃঢ়চেতা নারী, আবার কোথাও তাঁর পরিচয় ভক্তি আন্দোলনের গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে। লেখক এই পরিচিত পরিসরের মধ্যেই নিজের যুক্তি নির্মাণ করেছেন। বইটির অন্যতম আকর্ষণ হল, মীরাবাঈয়ের জীবনকে নিছক ধর্মীয় ঘটনাপঞ্জি হিসেবে উপস্থাপন না করে তাঁর ব্যক্তিগত বিশ্বাস ও সামাজিক অবস্থানের মধ্যে সঙ্ঘাতের দিকটিও সামনে আনার চেষ্টা। রাজপরিবারে জন্মগ্রহণ করেও কীভাবে একজন নারী রাজকীয় সুখস্বাচ্ছন্দ্য থেকে নিজেকে সরিয়ে কৃষ্ণসাধনায় নিমগ্ন হতে পারেন, সেই প্রশ্ন বইটিরকে এগিয়ে নিয়ে যায়। মীরাবাঈয়ের জীবনকাহিনির সবচেয়ে আকর্ষণীয় দিক তাঁর আত্মনিবেদন। যে সমাজে নারীর পরিচয় নির্ধারিত হত পরিবার, বিবাহ ও স্বামীর সামাজিক মর্যাদার মাধ্যমে, সেখানে মীরাবাঈ নিজের পরিচয়ের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিলেন কৃষ্ণকে। রাজকীয় জীবনের বিলাসিতা তাঁর কাছে অর্থহীন হয়ে উঠেছিল। গিরিধারী গোপালের প্রতি তাঁর প্রেম ব্যক্তিগত, গভীর আর সামাজিক অনুমোদনের তোয়াক্কা না করা আত্মিক সম্পর্ক। পৃথ্বীরাজ সেন এই অনুভূতির নানা প্রকাশকে আবেগঘন ভাষায় তুলে ধরেছেন। ফলে পাঠক মীরাবাঈয়ের সাধনজীবনের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তাঁর মানসিক জগতেরও কিছুটা কাছাকাছি পৌঁছতে পারেন।
কিন্তু, মীরাবাঈকে শুধু তো অলৌকিক ভক্তির আবরণে ঢেকে রাখলে তাঁর জীবনের প্রকৃত তাৎপর্য অনেকটাই আড়ালে থেকে যায়। মীরাবাঈ যে সময়ের মানুষ, সেই সময়ের সামাজিক কাঠামো ছিল নারীর স্বাধীনতার পক্ষে অত্যন্ত প্রতিকূল। রাজপরিবারের নারীর ক্ষেত্রে নিয়মের বেড়াজাল ছিল আরও কঠোর। তাঁর চলাফেরা, সামাজিক মেলামেশা, ধর্মাচরণ ও ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর পরিবারের নিয়ন্ত্রণ ছিল প্রবল। সেই পরিস্থিতিতে মীরাবাঈয়ের প্রকাশ্যে ভজন গাওয়া, সাধুসঙ্গ গ্রহণ ও কৃষ্ণভক্তিকে জীবনের প্রধান অবলম্বন করে তোলার মধ্যে একটি সামাজিক প্রতিবাদের মাত্রাও দেখা যায়। এটা ঠিক যে, মীরাবাঈ কোনও রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দেননি। হাতে অস্ত্র তুলে নেননি। কিন্তু নিজের জীবনযাপনের মধ্য দিয়ে প্রচলিত পুরুষতান্ত্রিক কর্তৃত্বকে অস্বীকার করেছিলেন। চুপচাপ অথচ অনমনীয় অবস্থানই মীরাকে শুধু তো একজন সাধিকা হিসেবেই না, একজন ব্যতিক্রমী নারীচরিত্র হিসেবেও প্রতিষ্ঠা করে।
বইটির একটি উল্লেখযোগ্য দিক হল মীরাবাঈয়ের পদাবলী ও ভজনের অন্তর্ভুক্তি। তাঁর গানগুলি ভারতীয় ভক্তিসাহিত্যের অমূল্য সম্পদ। কৃষ্ণের প্রতি আকুলতা, বিরহ, আত্মসমর্পণ, প্রেম ও ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার আকাঙ্ক্ষা মীরাবাঈ-এর পদগুলির প্রধান সুর। পৃথ্বীরাজ সেন এই ভজনগুলির অর্থ সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ফলে যাঁরা হিন্দি বা রাজস্থানি ভাষার মূল পদগুলির সঙ্গে পরিচিত নন, তাঁরাও সেগুলির অন্তর্নিহিত ভাব বুঝতে পারবেন। বিশেষ করে ভক্তির সঙ্গে বিরহের যে নিবিড় সম্পর্ক মীরাবাঈয়ের গানে প্রকাশ পেয়েছে, তা পাঠকের কাছে অন্য অনুভূতির একটি জগৎ খুলে দেয়। এখানেই বইটির বিচার করার একটি গুরুত্বপূর্ণ জায়গাও লক্ষ্যণীয়। ভক্তিমূলক সাহিত্যে আবেগের প্রয়োজন অস্বীকার করা যায় না, কিন্তু আবেগের আধিক্য কখনও কখনও সাহিত্যিক বিশ্লেষণের পরিসর সংকুচিত করে। মীরাবাঈয়ের গানগুলির ব্যাখ্যা যদি শুধু কৃষ্ণের প্রতি তাঁর অগাধ প্রেমের বর্ণনায় সীমাবদ্ধ থাকে, তাহলে পদগুলির সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্যিক তাৎপর্য পুরোপুরি ধরা পড়ে না। মীরাবাঈ-এর রচনায় যে ব্যক্তিস্বাতন্ত্র্য, আত্মপরিচয়ের সঙ্কট, নারীর আকাঙ্ক্ষা ও প্রচলিত ধর্মীয় অনুশাসনের বাইরে নিজস্ব ঈশ্বরভাবনার প্রকাশ হয়েছে, সেগুলির আরও গভীর অনুসন্ধান প্রয়োজন ছিল। বইটি সেই জায়গায় কতটা বিস্তৃত হয়েছে, তা নিয়ে পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে।
আরও একটি বিষয় বিবেচনার দাবি রাখে। তা হল, মীরাবাঈয়ের জীবনকে ঘিরে ইতিহাস, লোককথা বা মিথ ভক্তসমাজে প্রচলিত অলৌকিক কাহিনি পরস্পরের সঙ্গে মিশে আছে। তাঁর জীবনের অনেক ঘটনার বিবরণ বিভিন্ন ঐতিহাসিক ও সাহিত্যিক সূত্রে ধরা একরকম কিন্তু না। ফলে কোনও জীবনকথা রচনার ক্ষেত্রে কোনটি ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত, কোনটি জনশ্রুতি ও কোনটি ভক্তিপ্রসূত দিক, সেই পার্থক্য পাঠকের সামনে রাখা জরুরি। বিশেষত ‘অলৌকিক জীবনকথা’ নামের গ্রন্থে অলৌকিকতার উপস্থাপনা থাকলে তার সঙ্গে ঐতিহাসিক তথ্যের সম্পর্ক কী? তা নিয়ে লেখকের অবস্থান আরও বিস্তারিত হলে বইটির গ্রহণযোগ্যতা বাড়ত। ভক্তির আবহ বজায় রাখতে গিয়ে ইতিহাসের প্রশ্নকে উপেক্ষা করা উচিত নয়। কারণ মীরাবাঈয়ের প্রকৃত গুরুত্ব তাঁর চারপাশে তৈরি হওয়া অলৌকিক কাহিনির চেয়েও অনেক বেশি বিস্তৃত। মীরাবাঈয়ের ভজনের মধ্যে কৃষ্ণ কখনও প্রিয়তম, কখনও পরম আশ্রয়, আবার কখনও সমস্ত জাগতিক সম্পর্কের ঊর্ধ্বে থাকা চিরন্তন সত্তা। এই প্রেমের ভাষা একদিকে যেমন আধ্যাত্মিক, অন্যদিকে তেমনই মানবিক। প্রেমিকের অনুপস্থিতিতে বিরহ, প্রিয়জনের দর্শনের জন্য ব্যাকুলতা কিংবা নিজের অস্তিত্বকে আরাধ্যের কাছে সমর্পণ করার আকাঙ্ক্ষা, এসব অনুভূতি ধর্মীয় পরিসর ছাড়িয়েও মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে মিশে যেতে পারে। পৃথ্বীরাজ সেনের গ্রন্থে ভজনগুলির ব্যাখ্যা পাঠকের কাছে এই অনুভূতির পরিচয় পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হয়ে উঠেছে। মীরাবাঈয়ের কণ্ঠ যেন কয়েক শতাব্দী পেরিয়েও পাঠকের কানে ফিরে আসে। সেই কণ্ঠের সৌন্দর্য উপলব্ধি করতে হলে ভক্তির আবেগে না, কবিতার ভাষা ও ভাবের সূক্ষ্মতাও অনুধাবন করা প্রয়োজন।
গ্রন্থটির পাঠযোগ্যতার একটি কারণ এর সরল বর্ণনাভঙ্গি। জটিল দার্শনিক আলোচনা কিংবা দুর্বোধ্য ধর্মতাত্ত্বিক পরিভাষার পরিবর্তে লেখক সহজ ভাষায় মীরাবাঈয়ের জীবন ও সাধনার প্রসঙ্গ তুলে ধরেছেন। সাধারণ পাঠকের কাছে এই ভাষা বইটিকে গ্রহণযোগ্য করে তুলতে পারে। যাঁরা প্রথমবার মীরাবাঈয়ের জীবন সম্পর্কে জানতে চাইবেন, তাঁদের জন্য এই বই একটি প্রাথমিক পরিচয়ের সুযোগ তৈরি করে। বিশেষত ভজনের ব্যাখ্যা ও মীরাবাঈ-এর কৃষ্ণভক্তির আবেগময় উপস্থাপনা পাঠককে মূল চরিত্রটির সঙ্গে পরিচিত হতে সাহায্য করে। কিন্তু সহজ ভাষা মানেই গভীরতার অভাব থাকা উচিত নয়। একটি জীবনভিত্তিক গ্রন্থে চরিত্রের অন্তর্দ্বন্দ্ব, সময়ের সামাজিক বাস্তবতা ও ঐতিহাসিক প্রেক্ষাপটের বিশ্লেষণ আরও সমান জরুরি। মীরাবাঈয়ের জীবনকে যদি শুধু রাজপ্রাসাদ ত্যাগ করে কৃষ্ণের চরণে আশ্রয় নেওয়ার কাহিনি হিসেবে দেখা হয়, তবে তাঁর প্রতিবাদী সত্তার অনেকখানি অনাবিষ্কৃত থেকে যায়। তিনি কেন প্রচলিত সামাজিক সম্পর্কের বাইরে নিজের আধ্যাত্মিক পরিচয় নির্মাণ করেছিলেন, তাঁর সিদ্ধান্তের ফলে কী ধরনের সঙ্ঘাত তৈরি হয়েছিল ও সেই সংঘাত তাঁর সময়ের নারীদের অবস্থান সম্পর্কে কী ধারণা দেয়? এই প্রশ্নগুলির আরও বিস্তৃত আলোচনা গ্রন্থটিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারত।
সবচেয়ে বড় কথা, মীরাবাঈয়ের জীবনকে আজকের সময়ের সঙ্গে যুক্ত করে দেখার আরও সুযোগও আছে। বর্তমান সমাজে নারীর ব্যক্তিস্বাধীনতা, নিজের পছন্দ অনুযায়ী জীবনযাপন ও আত্মপরিচয় নির্মাণের প্রশ্ন এখনও আলোচনার কেন্দ্রে। কয়েক শতাব্দী আগে এক রাজপরিবারের নারী নিজের বিশ্বাসকে সামাজিক বিধির ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। তাঁর সেই সিদ্ধান্তের মধ্যে ধর্মীয় নিষ্ঠা যেমন ছিল, তেমনি ছিল নিজের জীবন সম্পর্কে নিজে সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রতিষ্ঠার এক বিরল দৃষ্টান্ত। পৃথ্বীরাজ সেনের বইটি এই দিকটির আরও গভীরে প্রবেশ করলে মীরাবাঈয়ের চরিত্র আধুনিক পাঠকের কাছে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারত। এটুকু না বললেই না, ‘কৃষ্ণসাধিকা মীরাবাঈ: অলৌকিক জীবনকথা’ একদিকে ভক্তিসাহিত্যের প্রতি আগ্রহী পাঠকের জন্য সুখপাঠ্য, অন্যদিকে মীরাবাঈয়ের জীবনকে নতুন করে বিচার করতে আগ্রহী পাঠকের কাছে কিছু প্রশ্নও রেখে যায়। বইটির সাফল্য তাঁর কৃষ্ণপ্রেম ও সাধনার আবেগকে সহজ ভাষায় পৌঁছে দেওয়ার মধ্যে। সীমাবদ্ধতা ঐতিহাসিক বিশ্লেষণ ও সামাজিক বিদ্রোহের দিকটিকে আরও বিস্তৃতভাবে অনুসন্ধান না করার সম্ভাব্য জায়গায়। মীরাবাঈকে শুধু অলৌকিক সাধিকা হিসেবে দেখলে তাঁর মানবিক সংগ্রামকে ছোট করে দেখা হয়। মীরাবাঈ একই সঙ্গে প্রেমময় ভক্ত, কবি, আত্মনিবেদিত সাধিকা ও নিজের সময়ের সামাজিক অনুশাসনের বিরুদ্ধে দাঁড়ানো একজন স্বাধীনচেতা নারী। তাঁর এই বহুমাত্রিক পরিচয়ই তাঁকে কয়েক শতাব্দী পরেও প্রাসঙ্গিক রেখেছে। আবার, এই গ্রন্থের সবচেয়ে বড় প্রাপ্তি হল, এটি পাঠককে মীরাবাঈয়ের জীবন ও ভজনের জগতে প্রবেশের একটি পথ করে দেয়। তবে পাঠকের উচিত বইটির আবেগময় বর্ণনার পাশাপাশি মীরাবাঈয়ের ঐতিহাসিক অবস্থান ও সাহিত্যিক অবদান নিয়েও নিজস্ব অনুসন্ধান চালিয়ে যাওয়া। কারণ রাজপ্রাসাদের ঐশ্বর্য ছেড়ে কৃষ্ণের প্রতি আত্মনিবেদনের যে কাহিনি তাঁকে অমর করেছে, তার গভীরে রয়েছে এক নারীর নিজের মতো করে বাঁচার অধিকার প্রতিষ্ঠার ইতিহাস। সেই ইতিহাসকে যত বেশি প্রশ্নের মুখোমুখি করা যাবে, মীরাবাঈ ততই অলৌকিকতার আবরণ ছাড়িয়ে জীবন্ত মানুষ হিসেবে আমাদের সামনে ধরা দেবেন।🍁
বই: কৃষ্ণসাধিকা মীরাবাঈ: অলৌকিক জীবনকথা লেখক: পৃথ্বীরাজ সেন
🍂বইপড়া | ২
অভিজাত পরিবারের জীবন, তাদের সম্পর্কের টানাপোড়েন ও ব্যক্তিগত সঙ্কটের প্রতি চার্লসের আকর্ষণ কখনও কখনও সেই সমাজের বাইরের মানুষের জীবনকে আড়াল করে দেয়। ব্রাইডসহেডের সৌন্দর্য ও ঐতিহ্য যতখানি গুরুত্ব পায়, তার সামাজিক ভিত্তি কিংবা শ্রেণিগত বৈষম্য ততখানি আলোচনায় আসে না। ফলে পাঠকের একাংশের কাছে চার্লসের স্মৃতিমেদুরতা অতীতের প্রতি অতিরিক্ত পক্ষপাত বলে মনে হতে পারে। অবশ্য এই পক্ষপাতকেই উপন্যাসের অন্তর্নিহিত প্রশ্ন হিসেবে পড়ারও সুযোগ আছে।
অতীতকে নতুন করে তীব্র প্রশ্ন করেন
এভলিন ওয়া

তনুজা বন্দ্যোপাধ্যায়
অতীতকে ফিরে দেখায় এক ধরনের মায়া থাকে। সময়ের ব্যবধানে জীবনের বহু তিক্ত অভিজ্ঞতা, ব্যর্থতা, বিচ্ছেদ কিংবা অপূর্ণতা স্মৃতির পর্দায় অন্য রূপ পায়। যে দিনগুলি একসময় যন্ত্রণায় ভরা ছিল, পরবর্তী সময়ে সেগুলিই হয়ে উঠতে পারে আকাঙ্ক্ষার বিষয়। এভলিন ওয়ার বিখ্যাত উপন্যাস ‘ব্রাইডসহেড রিভিজিটেড’ এই স্মৃতিমগ্নতার জটিল চরিত্রকে সামনে আনে। লেখক এখানে অতীতকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা দেখাননি। মানুষ কীভাবে নিজের অভিজ্ঞতাকে নতুন অর্থে সাজিয়ে নেয়, তারও গভীর অনুসন্ধান বর্ণিত হয়েছে। উপন্যাসের কথক চার্লস রাইডার বহু বছর পর ব্রাইডসহেডের সঙ্গে আবার দেখা হয়। একসময় যে প্রাসাদোপম বাড়ি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল, সেটি তার কাছে ক্রমে একটি হারানো জগতে পরিণত হয়েছে। সেই জগতের সঙ্গে জড়িয়ে আছে বন্ধুত্ব, প্রেম, ধর্মবিশ্বাস, সামাজিক আভিজাত্য, ব্যক্তিগত আকাঙ্ক্ষা ও বিচ্ছেদের মতো গভীরতম স্মৃতি।
মানুষ যা হারায় তার সবটুকু সত্যিই কী সুন্দর ছিল? নাকি হারিয়ে যাওয়ার পরেই তার সৌন্দর্য আমাদের চোখে বড় হয়ে ওঠে? চার্লসের ফিরে দেখা সেই অস্বস্তিকর সত্যের মুখোমুখি দাঁড় করায়। সময় অভিজ্ঞতাকে মুছে দেয় না। তার চারপাশে নতুন অর্থের স্তর তৈরি করে। সেই অর্থ কখনও সত্যের কাছাকাছি যায়, কখনও আবার বাস্তবের কঠিন দিকগুলিকে আড়াল করে।
কিন্তু চার্লসের স্মৃতিচারণ অতীতের মানুষ ও ঘটনাগুলিকে বিচার করছে পরবর্তী জীবনের অভিজ্ঞতা ও পরিণতির আলোয়। ফলে তার মনে ফিরে আসা ব্রাইডসহেড আর আগের মতো থাকে না, স্মৃতির নির্মাণে তা হয়ে ওঠে প্রায় কিংবদন্তির মতো এক স্থান। এখানেই ওয়ারের উপন্যাসের অন্যতম শক্তি। লেখক স্মৃতিকে নির্ভরযোগ্য দলিল হিসেবে গ্রহণ করেন না। বরং দেখান, সময়ের সঙ্গে মানুষের মনে অতীতের চেহারা বদলে যেতে পারে। যে মুহূর্তে কোনও ঘটনা ঘটেছিল, তখন তার অর্থ হয়ত ছিল অস্পষ্ট, জটিল কিংবা বেদনাদায়ক। কিন্তু বহু বছর পরে সেই ঘটনাই নতুন ব্যাখ্যা পায়। চার্লস যখন সেবাস্টিয়ান ফ্লাইট, জুলিয়া, লর্ড মার্চমেইন ও ব্রাইডসহেডের কথা স্মরণ করে, তখন তার জানা থাকে প্রত্যেকের জীবনে কী পরিণতি নেমে এসেছিল। এই পরিণতিই তার স্মৃতিকে প্রভাবিত করে। অতীতের বিশৃঙ্খল অভিজ্ঞতা যেন দূরত্বের কারণে একটি সুসংহত কাহিনিতে পরিণত হয়।
সেবাস্টিয়ানের সঙ্গে চার্লসের সম্পর্ক উপন্যাসের আবেগঘন অংশগুলির মধ্যে অন্যতম। তাদের বন্ধুত্বের মধ্যে রয়েছে তারুণ্যের উচ্ছ্বাস, স্বাধীনতার আকাঙ্ক্ষা ও এমন জীবনযাপনের স্বাদ, যা চার্লসের পরিচিত সামাজিক পরিসরের বাইরে। কিন্তু সেবাস্টিয়ানের ব্যক্তিগত সঙ্কট, আত্মবিনাশী প্রবণতা ও জীবনের ক্রমশ ভেঙে পড়া চার্লসের স্মৃতিতে অন্য মাত্রা যোগ করে। দূর থেকে ফিরে তাকালে বন্ধুটির দুর্বলতা ও যন্ত্রণা কখনও যেন হারিয়ে যাওয়া সৌন্দর্যের অংশ হয়ে ওঠে। এই স্মৃতিচারণে আবেগ রয়েছে, কিন্তু সেই আবেগের মধ্যে আত্মপ্রবঞ্চনার সম্ভাবনাও লুকিয়ে থাকে। জুলিয়ার সঙ্গে চার্লসের সম্পর্কও একইভাবে অতীতের আকর্ষণ ও অপূর্ণতার প্রশ্নকে সামনে আনে। লেখন এখানে প্রেম ব্যক্তিগত অনুভূতিতে সীমাবদ্ধ রাখেননি। ধর্মবিশ্বাস, পারিবারিক ঐতিহ্য ও সামাজিক পরিচয়ের সঙ্গে লেখক-মনের সঙ্ঘাত তৈরি হয়। ব্রাইডসহেডের পরিবারটি যে অভিজাত জীবনধারার প্রতিনিধিত্ব করে, তার বাহ্যিক আভিজাত্যের আড়ালে ব্যক্তিগত দ্বন্দ্ব, বিচ্ছিন্নতা ও বিশ্বাসের সঙ্কট প্রতিফলিত হয়েছে উপন্যাসে। ফলে বাড়িটি যেমন চার্লসের কাছে সৌন্দর্যের নিদর্শন, তেমনি তা এমন এক জগতের স্মারক যার ভিতরে নানা অস্থিরতাও কাজ করছিল। ‘ব্রাইডসহেড রিভিজিটেড’ উপন্যাসটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল নস্টালজিয়াকে আবেগপ্রবণ স্মৃতিচারণে সীমাবদ্ধ না রাখা। হারানো সময় ভালবাসার মধ্যেও কৃতজ্ঞতা থাকতে পারে। কিন্তু সেই ভালবাসা কখনও কখনও অতীতের অন্যায়, যন্ত্রণা ও ব্যর্থতাকেও সৌন্দর্যের আবরণে ঢেকে দেয়। চার্লস কী সত্যিই সেবাস্টিয়ান, জুলিয়া কিংবা ব্রাইডসহেডকে ফিরে পেতে চায়? নাকি সে ফিরে পেতে চায় সেই সময়ের নিজের অস্তিত্বকে, যখন তার সামনে জীবনের অসংখ্য সম্ভাবনা খোলা ছিল? এই প্রশ্নের কোনও সহজ উত্তর লেখক দেন না। একইভাবে লেখক পাঠককে নিজের স্মৃতির দিকেও তাকাতে বাধ্য করেন।
উপন্যাসটির আবেগঘন নির্মাণের একটি সীমাবদ্ধতাও আছে। অভিজাত পরিবারের জীবন, তাদের সম্পর্কের টানাপোড়েন ও ব্যক্তিগত সঙ্কটের প্রতি চার্লসের আকর্ষণ কখনও কখনও সেই সমাজের বাইরের মানুষের জীবনকে আড়াল করে দেয়। ব্রাইডসহেডের সৌন্দর্য ও ঐতিহ্য যতখানি গুরুত্ব পায়, তার সামাজিক ভিত্তি কিংবা শ্রেণিগত বৈষম্য ততখানি আলোচনায় আসে না। ফলে পাঠকের একাংশের কাছে চার্লসের স্মৃতিমেদুরতা অতীতের প্রতি অতিরিক্ত পক্ষপাত বলে মনে হতে পারে। অবশ্য এই পক্ষপাতকেই উপন্যাসের অন্তর্নিহিত প্রশ্ন হিসেবে পড়ারও সুযোগ আছে। ‘ব্রাইডসহেড রিভিজিটেড’ শেষ পর্যন্ত অতীতের গতানুগতিক প্রশস্তি হয়ে ওঠেনি। স্মৃতির প্রকৃতি নিয়ে জটিল সাহিত্যিক অনুসন্ধান হিসেবেও দেখা যেতে পারে উপন্যাসটিকে। প্রশ্ন আসে, মানুষ যা হারায় তার সবটুকু সত্যিই কী সুন্দর ছিল? নাকি হারিয়ে যাওয়ার পরেই তার সৌন্দর্য আমাদের চোখে বড় হয়ে ওঠে? চার্লসের ফিরে দেখা সেই অস্বস্তিকর সত্যের মুখোমুখি দাঁড় করায়। সময় অভিজ্ঞতাকে মুছে দেয় না। তার চারপাশে নতুন অর্থের স্তর তৈরি করে। সেই অর্থ কখনও সত্যের কাছাকাছি যায়, কখনও আবার বাস্তবের কঠিন দিকগুলিকে আড়াল করে। এই কারণেই এভলিন ওয়ার -এর এই উপন্যাস পাঠকের কাছে প্রাসঙ্গিক। ব্যক্তিগত জীবন থেকে সামাজিক ইতিহাস ইত্যাদি সব ক্ষেত্রেই মানুষ হারানো সময়কে নিজের মতো করে সাজিয়ে নেয়। যে অতীত আর ফিরে আসবে না, তাকে সুন্দর করে দেখার প্রবণতা হয়ত মানুষের স্বাভাবিক দুর্বলতা। কিন্তু সেই সৌন্দর্যের ভিতরে কতটা সত্য আর কতটা আকাঙ্ক্ষা মিশে আছে। সেগুলি নিয়ে প্রশ্ন তোলাই এই উপন্যাসের বড় কৃতিত্ব। বইটি পাঠককে হারানো কিছু স্মৃতিতে আবদ্ধ রাখেবি। নিজের জীবনের পুরনো সময়গুলির দিকেও নতুন করে তাকাতে শেখায়। অতীতের প্রতি মমতা থাকুক, কিন্তু সেই মমতা যেন সত্যকে ঢেকে না ফেলে, উপন্যাসটির গভীরতম তাৎপর্য সম্ভবত এখানেই।🍁
বই : ব্রাইডসহেড রিভিজিটেড | লেখক: এভলিন ওয়া

সম্পাদক : দেবব্রত সরকার | কার্যনির্বাহী সম্পাদক : সানি সরকার | অঙ্কন : প্রীতি দেব ও আন্তর্জালিক
এক নজরে 👉 সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ। এছাড়াও রবিবারের সাহিত্য স্পেশাল-এর জন্য উপন্যাস, কবিতা (একধিক কবিতা পাঠালে ভালো হয়। সঙ্গে একটি লেখক পরিচিতি। গল্প, প্রবন্ধ, গদ্য, পুস্তক আলোচনা (আলোচনার জন্য দুই কপি বই পাঠাতে হবে), ভ্রমণ কাহিনী। লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগ নম্বর থাকতে হবে। অবশ্যই কোনও প্রিন্ট বা ডিজিটাল মাধ্যমে এমনকী সোশ্যাল মিডিয়াতে বা পোর্টালে পূর্ব প্রকাশিত লেখা পাঠাবেন না। ই-মেল করে লেখা পাঠান। ই-মেল আইডি : editor.sasrayanews@gmail.com, sasrayanews@gmail.com

বি: দ্র: সমস্ত লেখা লেখকের নিজস্ব। দায় লেখকের নিজস্ব। কোনও বিতর্কিত বিষয় হলে সংবাদ সংস্থা কোনওভাবেই দায়ী থাকবে না এবং সমর্থন করে না। কোনও আইনি জটিলতায় সাশ্রয় নিউজ চ্যানেল থাকে না। লেখক লেখিকা প্রত্যেকেই লেখার প্রতি দ্বায়িত্ববান হয়ে উঠুন। লেখা নির্বাচনে (মনোনয়ন ও অমনোনয়ন) সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
সম্পাদকীয় ঋণ : ‘মহামিলনের কথা’ ও ফিরেপড়া: ‘আন্তর্জাল থেকে সংকলিত।




