Sasraya News Sunday’s Literature Special | 15th November 2026, Issue 135, Sunday | সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল। ১৫ নভেম্বর ২০২৬, সংখ্যা ১৩৫। রবিবার

SHARE:

সময় বদলায়, মানুষ বদলায়। এটা তো নতুন কথা নয়। পুরনো মানুষ চলে যায়, নতুন মানুষ আসে। এই যাওয়া-আসার মাঝখানেই আমাদের জীবনের আসল টানাপোড়েন। কিন্তু আজকের টানাপোড়েনটা আর আগের মতো নেই। আমরা বদলেছি বাইরে থেকে, ভেতর থেকে শুকিয়ে গিয়েছি। ভালবাসা যখন সত্যি হয়, তখন তা চিৎকার করে প্রকাশের না। প্রকৃতি যখন সুন্দর হয়, তখন সে নীরব থাকে। ফুল ফোটার শব্দ হয় না। নদী বয়ে যাওয়ার সময় ঢাক পেটায় না। প্রেমও তেমন-ই। সত্যিকারের প্রেম নীরব হয়, স্থির হয়, শান্ত হয়। সেখানে চাওয়া-পাওয়ার হিসাব থাকে না। দেখানোর তাড়া থাকে না। প্রমাণ করার জেদও থাকে না।
সম্পাদকীয় 
ভালবাসা আর প্রেম এক নয়, এই কথা অনেকে বোঝেন না। ভালবাসা হলো শুরু। প্রেম হল পরিণতি। ভালবাসায় চাওয়া থাকে। প্রেমে দেওয়া থাকে। ভালবাসায় ভয় থাকে, হারানোর ভয়। প্রেমে ভয় থাকে না, কারণ প্রেম হারানো-পাওয়ার ঊর্ধ্বে। ভালবাসা মনকে নাড়া দেয়। প্রেম আত্মাকে বদলে দেয়।

প্রেম

সময় বদলায়, মানুষ বদলায়। এটা তো নতুন কথা নয়। পুরনো মানুষ চলে যায়, নতুন মানুষ আসে। এই যাওয়া-আসার মাঝখানেই আমাদের জীবনের আসল টানাপোড়েন। কিন্তু আজকের টানাপোড়েনটা আর আগের মতো নেই। আমরা বদলেছি বাইরে থেকে, ভেতর থেকে শুকিয়ে গিয়েছি। ভালবাসা যখন সত্যি হয়, তখন তা চিৎকার করে প্রকাশের না। প্রকৃতি যখন সুন্দর হয়, তখন সে নীরব থাকে। ফুল ফোটার শব্দ হয় না। নদী বয়ে যাওয়ার সময় ঢাক পেটায় না। প্রেমও তেমন-ই। সত্যিকারের প্রেম নীরব হয়, স্থির হয়, শান্ত হয়। সেখানে চাওয়া-পাওয়ার হিসাব থাকে না। দেখানোর তাড়া থাকে না। প্রমাণ করার জেদও থাকে না।

কিন্তু আমরা সেই প্রেমকে ধরে রাখতে পারছি না। কেন পারছি না? কারণ আমাদের ভেতরে ‘আমি’ বড় হয়ে গিয়েছে। আমার রাগ, আমার অহঙ্কার, আমার জেদ, আমার অধিকারবোধ এত বড় হয়ে গেছে যে, ভালবাসা আর প্রেম হয়ে উঠতে পারছে না। ভালবাসা তো শুধু পছন্দ নয়। ভালবাসা মানে কাছে টানাও নয়। ভালবাসা যখন স্বার্থ ছাড়ে, তখনই তা প্রেম হয়। আর আমরা ঠিক উল্টোটা করছি। ভালবাসার নামে স্বার্থকেই বড় করছি। এটাই এখনকার সমাজের সবচেয়ে বড় ভুল। আমরা সবকিছুকে ভাগ করে ফেলেছি। মা-বাবার প্রেম আলাদা, বন্ধুর প্রেম আলাদা, স্বামী-স্ত্রীর প্রেম আলাদা, সমাজের প্রেম আলাদা, প্রকৃতির প্রেম আলাদা। যেন প্রেম একটা বাজারের জিনিস, যাকে টুকরো টুকরো করে ভাগ করা যায়। কিন্তু প্রেম কী ভাগ করা যায়? প্রেম তো একটাই শক্তি। একটাই উত্তরণ। যে প্রেম মাকে ভালবাসতে শেখায়, সেই প্রেমই মানুষকে ভালবাসতে শেখায়, সেই প্রেমই প্রকৃতিকে বাঁচাতে শেখায়। আমরা ভুলে গিয়েছি, প্রেম মানে শুধু একজনকে পাওয়া নয়। প্রেম মানে নিজেকে ছাড়িয়ে যাওয়া। আমার, আমার, আমার, এই শব্দটাই আজ আমাদের পরমতাকে নষ্ট করে দিচ্ছে। আমি ঠিক, আমি বড়, আমার কষ্টই বড়, আমার চাওয়াই শেষ কথা, এই ভাবনা যতদিন থাকবে, ততদিন প্রেম মরবেই। কারণ প্রেম যেখানে থাকে, সেখানে আমি ছোট হয়ে যায়। প্রেম যেখানে থাকে, সেখানে অহংকার টিকতে পারে না।

ভালবাসা আর প্রেম এক নয়, এই কথা অনেকে বোঝেন না। ভালবাসা হল শুরু। প্রেম হল পরিণতি। ভালবাসায় চাওয়া থাকে। প্রেমে দেওয়া থাকে। ভালবাসায় ভয় থাকে, হারানোর ভয়। প্রেমে ভয় থাকে না, কারণ প্রেম হারানো-পাওয়ার ঊর্ধ্বে। ভালবাসা মনকে নাড়া দেয়। প্রেম আত্মাকে বদলে দেয়। এই পার্থক্য বোঝার জন্য বাংলা, হিন্দি, সংস্কৃত ভাষার দিকে তাকাতে হয়। এই ভাষাগুলোতে ভালবাসা আর প্রেম আলাদা শব্দ, আলাদা অনুভূতি। অন্য ভাষায় এই গভীরতা এত সহজে পাওয়া যায় না। বর্তমান আমাদের দরকার সেই ভাষায় ফেরা। শুধু মুখের ভাষায় নয়, মনের ভাষায়। আমাদের শিখতে হবে, রাগ দিয়ে প্রেম বাঁচে না। অহঙ্কার দিয়ে সম্পর্ক টেকে না। জেদ দিয়ে ঘর হয় না। ঘর হয় ছাড় দিয়ে, বোঝা দিয়ে, ক্ষমা দিয়ে। সম্পর্ক টেকে তখনই, যখন একজন রেগে গেলে অন্যজন চুপ করে শোনে। একজন ভেঙে পড়লে অন্যজন শক্ত হয়ে দাঁড়ায়।

প্রকৃতির দিকে তাকান। গাছ কখনও বলে না, আমি তোমাকে ছায়া দিলাম, তুমি আমাকে কী দিলে? মা কখনও হিসাব করেন না, সন্তানের জন্য কত রাত জেগেছেন। সত্যিকারের প্রেম হিসাব করে না। হিসাব যেখানে শুরু হয়, প্রেম সেখানে শেষ হয়। তাই প্রশ্ন একটাই, আমরা কী চাই? দেখানোর ভালবাসা, না বাঁচিয়ে রাখার প্রেম? যদি প্রেম চাই, তাহলে আমিকে ছোট করতে হবে। রাগকে থামাতে হবে। শুনতে শিখতে হবে। ক্ষমা করতে শিখতে হবে। সময় বদলাবে, মানুষ বদলাবে। এটাই নিয়ম। কিন্তু প্রেম যদি না বদলায়, যদি প্রেম শুধু স্বার্থের দিকে বদলায়, তাহলে মানুষ বদলে কী লাভ? বাইরের বদল দিয়ে কী হবে, যদি ভেতরটা পাথর হয়ে যায়?

প্রেমকে বাঁচাতে হবে। কারণ প্রেম বাঁচলেই মানুষ বাঁচবে। সমাজ বাঁচবে। প্রকৃতি বাঁচবে।🍁

 

 

🍂মহামিলনের কথা 
দেবীর নিকটবর্ত্তী হইয়া বলিল, ‘কিরে বেটি! কাঁদছিস কেন?’ দেবী কারণ বলিলেন। মাতাল শব সৎকারে অগ্রসর হইল। পার্ব্বতী বলিলেন, পাপী স্পর্শ করিলে তৎক্ষণাৎ প্রাণত্যাগ করিবে।
মাতাল বলিল, এইকথা! সুমুখে মা গঙ্গা রয়েছেন আবার পাপ! দাঁড়া, ডুব দিয়ে নিষ্পাপ হয়ে এসে তোর স্বামীর সৎকার কোরবো৷’ ‘মা পতিতপাবনী আমায় নিষ্পাপ কর মা!’— বলিয়া গঙ্গায় লম্ফ প্রদান করিল।
শঙ্কর বলিলেন, ‘দেখিলে পার্ব্বতী! প্রকৃত গঙ্গাস্নান কে করিল?
শ্রীশ্রীঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব। ছবি: সংগৃহীত

শ্রীশ্রীগুরবে নমঃ

শিষ্য। আমি নিষ্পাপ বোধ হইলে তবে মানুষ নিষ্পাপ হয়?
গুরু ৷ হাঁ বৎস, পাপ-পূণ্য মনে। এ সম্বন্ধে একটি আখ্যায়িকা বলিতেছি শ্রবণ কর। একদিন কৈলাসে দেবী পার্ব্বতী মহাদেবকে বলিলেন, ‘নাথ! তুমি গঙ্গাকে মর্ত্তে প্রেরণ করিয়াছ এইবার সকলেই তা মুক্ত হইয়া যাইবে?’ শঙ্কর হাসিয়া বলিলেন, ‘না দেবী, গঙ্গা স্নান করিয়াও নরনারী মুক্ত হইবে না৷’ দেবী বলিলেন, ‘তবে কি গঙ্গার মাহাত্ম্য কিছুই নাই?’ মহাদেব বলিলেন, ‘গঙ্গার মাহাত্ম্য যথেষ্ট আছে৷ “মা” আমায় পবিত্র কর মা, আমি তোমার শরণ গ্রহণ করিলাম, এইরূপ ভাবে স্নান কেহ করে না, মুক্তও হয় না৷ গঙ্গায় স্নান করিয়া যাহার ‘আমি নিষ্পাপ’ বোধ সুদৃঢ় হইবে সেই ব্যক্তিই প্রকৃত গঙ্গাস্নায়ী। তোমাকে এক কৌতুক দেখাইব, আমার সঙ্গে চল, কতজন গঙ্গাস্নান করে বুঝিতে পারিবে৷’
উভয়ে গঙ্গাতীরে উপস্থিত হইলেন। শঙ্কর বলিলেন, ‘আমি শব হইয়া তোমার ক্রোড়ে মস্তক রাখিয়া শয়ন করিয়া থাকি, তুমি ক্রন্দন করিতে থাক। কেহ সৎকার করিব বলিয়া আসিলে তুমি বলিও যে, নিষ্পাপ ব্যতীত আমার স্বামীকে স্পর্শ করিবামাত্র পঞ্চত্ব প্রাপ্ত হইবে। দেবী ঠাকুরটির মস্তক ক্রোড়ে লইয়া ক্রন্দন করিতে আরম্ভ করিলেন।
সেদিন গঙ্গাস্নানের ত্রিকোটি কুলোদ্ধার মহাযোগ, সহস্র সহস্র নরনারী গঙ্গাস্নান করিতে আসিতেছে। দেবীকে ক্রন্দননিরতা দেখিয়া অনেকেই শব সৎকারের জন্য অগ্রসর হইল। কিন্তু যখনই শুনিল নিষ্পাপ ব্যতীত শবস্পর্শে মৃত্যু হইবে তখন ধীরে ধীরে পশ্চাৎপদ হইয়া প্রস্থান করিল। বেলা অবসান প্রায়! দেবীর ক্রন্দনের বিরাম নাই। ক্রমে জনস্রোত মন্দীভূত হইয়া আসিতেছে, শবের মুখে যেন হাসি খেলা করিতেছে! এমন সময় এক মাতাল মদ্যপান করিয়া স্থলিত চরণে আপনা আপনি বলিতে বলিতে আসিতেছে এ সুযোগ কি ছাড়িতে আছে, একেবারে তিন কোটি কুল উদ্ধার! দিয়ে নিই একটা ডুব, মাগো! তিনকোটি কুল উদ্ধার কর! বলে দেবীর নিকটবর্ত্তী হইয়া বলিল, ‘কিরে বেটি! কাঁদছিস কেন?’ দেবী কারণ বলিলেন। মাতাল শব সৎকারে অগ্রসর হইল। পার্ব্বতী বলিলেন, পাপী স্পর্শ করিলে তৎক্ষণাৎ প্রাণত্যাগ করিবে।
মাতাল বলিল, এইকথা! সুমুখে মা গঙ্গা রয়েছেন আবার পাপ! দাঁড়া, ডুব দিয়ে নিষ্পাপ হয়ে এসে তোর স্বামীর সৎকার কোরবো৷’ ‘মা পতিতপাবনী আমায় নিষ্পাপ কর মা!’— বলিয়া গঙ্গায় লম্ফ প্রদান করিল।
শঙ্কর বলিলেন, ‘দেখিলে পার্ব্বতী! প্রকৃত গঙ্গাস্নান কে করিল? উভয়ে অন্তর্হিত হইলেন। শুনিলে বাবা।
শিষ্য। মাতালের এরূপ দৃঢ়বিশ্বাস কি প্রকারে হইল?
গুরু। জন্মান্তরীয় শুভ কর্ম্মফলে মাতাল এরূপ ভক্তি লাভ করিয়াছিল। কর্ম্মের গতি বিচিত্র, কখন কি প্রকারে মানুষকে পূর্ব্ব কর্ম্ম শুভপথে চালিত করে কে তাহা নির্ণয় করিতে সমর্থ হয়।

শ্রীশ্রীগঙ্গামহিমামৃত | শ্রীওঙ্কারনাথ রচনাবলী

 

 

🍁সমসাময়িক

 

শ্রীশ্রী আনন্দময়ী মা -এর দর্শনে জীবনের যাত্রা সম্পূর্ণ করার অর্থ শুধু দীর্ঘায়ু হওয়া কিংবা সামাজিক সাফল্য অর্জন করাই না। নিজের অস্তিত্বের উদ্দেশ্য উপলব্ধি করে অন্তরের গভীরে পৌঁছনোর চেষ্টা করাই প্রকৃত সাধনা। এই পথে বাধা আসবে, প্রিয়জনের বিচ্ছেদ ঘটবে, কখনও হতাশা গ্রাস করবে। তবু যাত্রা থামিয়ে দিলে চলবে না। আত্মোপলব্ধির পথের পথিককে নিজের ভিতরের শক্তি জাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

 

আনন্দময়ী মা -এর জীবনদর্শনে মুক্তির সন্ধান

শ্রীশ্রী আনন্দময়ী মা। ছবি: সংগৃহীত

বৈজয়ন্তী চট্টোপাধ্যায়

মানুষের জীবনে বিচ্ছেদ অনিবার্য। জন্মের সঙ্গে যেমন সম্পর্কের সূচনা ঘটে, তেমনই সময়ের নিয়মে একদিন সেই সম্পর্কের অবসানও আসে। প্রিয়জনের মৃত্যু, কাছের মানুষের দূরে চলে যাওয়া কিংবা দীর্ঘদিনের পরিচিত কোনও আশ্রয় হারিয়ে ফেলা ইত্যাদি প্রতিটি ঘটনাই মানুষের অন্তরে গভীর শূন্যতা তৈরি করে। শোক তখন জীবনের স্বাভাবিক ছন্দকে থামিয়ে দিতে চায়। মানুষ ভুলে যায়, তার নিজেরও একটি পথ আছে, একটি অসমাপ্ত যাত্রাও আছে। এই চিরন্তন সত্যের দিকেই মানুষের দৃষ্টি ফেরাতে চেয়েছিলেন শ্রীশ্রী আনন্দময়ী মা। তাঁর জীবনদর্শনে সংসারবিমুখতার চেয়ে বড় হয়ে উঠেছে আত্মোপলব্ধির সাধনা। সম্পর্কের মায়া, বিচ্ছেদের বেদনা ও জীবনের অনিবার্য পরিবর্তনের মধ্যেও শ্রীশ্রীমা নিজের অন্তরের সত্যকে খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শ্রীশ্রীমা -এর বাণীর আর একটি গুরুত্বপূর্ণ দিক হল জীবনের প্রতি অযথা বিচলিত না হওয়ার আহ্বান। জীবনের পথে যে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, তা একেবারে অস্বাভাবিক না। এই উপলব্ধি মানুষকে মানসিক স্থিরতা দিতে পারে। প্রত্যেকের জীবনেই অনিশ্চয়তা আছে। কারও জীবনে অল্প বয়সে প্রিয়জনের মৃত্যু আসে, কেউ দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করেন, কারও সংসার ভেঙে যায়, আবার কেউ বহু বছরের পরিশ্রমের পরও প্রত্যাশিত সাফল্য পান না। মানুষের দৃষ্টিতে ঘটনাগুলি আলাদা হলেও জীবনের পরিবর্তনশীল চরিত্রের সঙ্গে তাদের গভীর সম্পর্ক আছে।

আনন্দময়ী মায়ের একটি বাণীতে উঠে এসেছে এমন একটি প্রশ্ন, যা মানুষের সম্পর্কবোধ ও অস্তিত্বের ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করে : ‘এই পৃথিবীতে কে কার আপন?’ প্রশ্নটি শুনতে আপাত সরল হলেও এর ভিতরে বর্তমান গভীর আধ্যাত্মিক তাৎপর্য। আমরা যাঁদের নিজের বলে ভাবি, তাঁদের ঘিরেই গড়ে তুলি জীবনের নিরাপত্তা, স্বপ্ন ও ভবিষ্যতের পরিকল্পনা। বাবা-মা, সন্তান, জীবনসঙ্গী, আত্মীয় কিংবা বন্ধু প্রত্যেকের সঙ্গে সম্পর্কের সুতোয় বাঁধা পড়ে আমাদের দৈনন্দিন অস্তিত্ব। কিন্তু সময়ের পরিবর্তনে সেই সুতো কখনও আলগা হয়, কখনও ছিঁড়ে যায়। তখনই সামনে আসে জীবনের এমন বাস্তবতা, যা কোনও মানুষ চাইলেই এড়িয়ে যেতে পারেন না।

আনন্দময়ী মায়ের বক্তব্যে সম্পর্কের এই পরিবর্তনশীল চরিত্রকে অস্বীকার করা হয়নি। তিনি মানুষকে মনে করিয়ে দিয়েছেন, পৃথিবীতে আগমন ও প্রস্থানের নিয়মের মধ্যেই প্রত্যেকের জীবন আবর্তিত। কারও সঙ্গে পরিচয় হওয়া, একসঙ্গে পথ চলা, পরস্পরের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া এসবই জীবনের অভিজ্ঞতার অংশ। কিন্তু কোনও সম্পর্ককেই চিরস্থায়ী মালিকানার ধারণায় বেঁধে রাখা যায় না। মানুষ কাউকে ভালবাসতে পারে, কারও জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে, অথচ সেই মানুষটির ওপর তার চিরকালীন অধিকার থাকবে এমন নিশ্চয়তা প্রকৃতির নিয়মে নেই। এই উপলব্ধি সহজে অর্জন করা যায় না। বিশেষ করে প্রিয়জনের মৃত্যু হলে মানুষের মনে যে শূন্যতা তৈরি হয়, তা যুক্তি দিয়ে পূরণ করা সম্ভব না। দীর্ঘদিনের সংসার, একসঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত, অভ্যাস, স্মৃতি, ভবিষ্যতের স্বপ্ন এসব কিছু যেন এক-মুহূর্তেই অর্থহীন হয়ে পড়তে পারে। যে চলে গেলেন, তাঁর অনুপস্থিতি তখন প্রতিটি ঘরে, প্রতিটি কাজে, প্রতিটি স্তব্ধতায় অনুভূত হয়। আনন্দময়ী মা মানুষের এই বেদনার অস্তিত্বকে অস্বীকার করেননি। কিন্তু শোক যেন জীবনের একমাত্র পরিচয় হয়ে না ওঠে, সেই বিষয়ে শ্রীশ্রীমা সতর্ক করেছেন।

শ্রীশ্রী আনন্দময়ী মা। ছবি: সংগৃহীত

তাঁর বাণীর ভাবার্থেই বর্তমান গভীর প্রশ্ন : ‘বিচ্ছেদের দুঃখে যদি মানুষ সম্পূর্ণ নিমজ্জিত হয়ে পড়ে, তবে নিজের জীবনের নির্ধারিত পথের যাত্রা কীভাবে পূর্ণতা পাবে?’ এই বক্তব্যের মধ্যে শোককে অস্বীকার করার নির্দেশ নেই। কিন্তু শোকের মধ্যেও জীবনের বৃহত্তর উদ্দেশ্যকে স্মরণ করার কথা বলা হয়েছে। প্রিয়জনকে হারিয়ে কষ্ট পাওয়া মানুষের স্বাভাবিক অনুভূতি। কান্না, স্মৃতিচারণ, একাকিত্ব কিংবা দীর্ঘ সময় ধরে মন খারাপ থাকা, এসবকে দুর্বলতা বলে বিচার করা যায় না। কিন্তু সেই বেদনা যদি মানুষের সমস্ত কর্ম, দায়িত্ব ও আত্মবিকাশের সম্ভাবনাকে গ্রাস করে নেয়, তবে জীবনের বাকি পথ ক্রমশ সংকুচিত হয়ে আসে। শ্রীশ্রী আনন্দময়ী মায়ের দর্শনে প্রত্যেক মানুষের জীবন একটি নির্দিষ্ট সাধনাযাত্রা। এই যাত্রার সঙ্গে যুক্ত কর্ম, অভিজ্ঞতা, দায়িত্ব ও আত্মজিজ্ঞাসা। মানুষ তার জীবনে যে পরিস্থিতির মুখোমুখি হয়, তার মধ্য দিয়েই নিজেকে চিনতে শেখে। আনন্দ, দুঃখ, প্রাপ্তি, অপ্রাপ্তি, মিলন ও বিচ্ছেদ প্রতিটি অভিজ্ঞতারই আলাদা তাৎপর্য আছে। তাঁর বক্তব্যে কর্মফলের ধারণাও গুরুত্বপূর্ণ। প্রত্যেককে নিজের কর্মের পরিণতি গ্রহণ করে জীবনের পথ অতিক্রম করতে হবে। অন্যের জীবনের সঙ্গে নিজের পথের তুলনা করে কিংবা অতীতের কোনও ঘটনার মধ্যে আটকে থেকে সেই যাত্রা শেষ করা সম্ভব নয়।

এখানে ‘কর্ম’ বলতে শুধু দৈনন্দিন কাজকর্ম বোঝায় না। এর সঙ্গে জড়িয়ে মানুষের মানসিক প্রবণতা, দায়িত্ববোধ ও নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন হওয়ার প্রয়াস। জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষকে কোনও না কোনওভাবে বদলে দেয়। কখনও সাফল্য অহঙ্কারের পরীক্ষা নেয়, কখনও ব্যর্থতা ধৈর্যের সীমা যাচাই করে, আবার কখনও বিচ্ছেদ মানুষকে নিজের ভিতরের শক্তির মুখোমুখি দাঁড় করায়। আনন্দময়ী মায়ের দর্শনে এই অভিজ্ঞতাগুলি থেকে পালিয়ে যাওয়ার বদলে সেগুলির মধ্য দিয়েই আত্মসন্ধানের পথ তৈরি করার কথা বলা হয়েছে। শ্রীশ্রীমা -এর বাণীর আর একটি গুরুত্বপূর্ণ দিক হল জীবনের প্রতি অযথা বিচলিত না হওয়ার আহ্বান। জীবনের পথে যে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, তা একেবারে অস্বাভাবিক না। এই উপলব্ধি মানুষকে মানসিক স্থিরতা দিতে পারে। প্রত্যেকের জীবনেই অনিশ্চয়তা আছে। কারও জীবনে অল্প বয়সে প্রিয়জনের মৃত্যু আসে, কেউ দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করেন, কারও সংসার ভেঙে যায়, আবার কেউ বহু বছরের পরিশ্রমের পরও প্রত্যাশিত সাফল্য পান না। মানুষের দৃষ্টিতে ঘটনাগুলি আলাদা হলেও জীবনের পরিবর্তনশীল চরিত্রের সঙ্গে তাদের গভীর সম্পর্ক আছে।

শ্রীশ্রীমা-এর এই দর্শনকে জীবনের কঠিন অভিজ্ঞতার প্রতি উদাসীন থাকার শিক্ষা বলে ধরে নেওয়া ঠিক হবে না। শোকের মুহূর্তে কাউকে দ্রুত স্বাভাবিক হয়ে ওঠার নির্দেশ দেওয়া কিংবা তাঁর অনুভূতিকে তুচ্ছ করা আনন্দময়ী মায়ের বক্তব্যের উদ্দেশ্য না। ওঁর কথার অন্তর্নিহিত তাৎপর্য হল, দুঃখকে জীবনের স্থায়ী ঠিকানা করে না তোলা। মানুষ কাঁদবে, স্মৃতি আঁকড়ে ধরবে, হারানোর বেদনা অনুভব করবে। কিন্তু একসময় তাকে আবার নিজের দায়িত্বের দিকে ফিরতে হবে। কারণ জীবনের সঙ্গে তার সম্পর্ক কেবল অতীতের স্মৃতিতে সীমাবদ্ধ নয়, ভবিষ্যতের সম্ভাবনার সঙ্গেও যুক্ত। আনন্দময়ী মা আত্মোপলব্ধিকে মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে দেখেছেন। তাঁর বক্তব্যে আত্মসাক্ষাৎ বা নিজের প্রকৃত সত্তাকে চিনে নেওয়ার কথা বারবার ফিরে আসে। সাধারণ জীবনে মানুষ নিজের পরিচয় তৈরি করে পেশা, সামাজিক অবস্থান, পারিবারিক সম্পর্ক এবং অর্জনের ভিত্তিতে। কিন্তু এই পরিচয়গুলির বাইরেও মানুষের একটি গভীরতর অস্তিত্ব বর্তমান। যার সন্ধান পাওয়া আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্য। সেই সত্যকে উপলব্ধি করার জন্য প্রয়োজন একাগ্রতা, ধৈর্য ও নিরন্তর প্রয়াস।

শ্রীশ্রীমা-এর আহ্বান, অসীম উদ্যম নিয়ে নিজের প্রকৃত সত্তার প্রকাশের দিকে এগিয়ে চলতে হবে। এই এগিয়ে চলা কোনও বাহ্যিক প্রতিযোগিতা নয়। এখানে অন্যকে পরাজিত করার প্রশ্ন নেই, নেই সামাজিক স্বীকৃতি অর্জনের তাগিদও। নিজের অজ্ঞানতা, আসক্তি, অহঙ্কার ও সীমাবদ্ধতার সঙ্গে প্রতিনিয়ত মুখোমুখি হওয়ার সাধনা আছে। মানুষ যত নিজের ভিতরের জগৎকে চিনতে শেখে, ততই তার কাছে জীবনের ঘটনা ও সম্পর্কের অর্থ নতুনভাবে ধরা দেয়। আনন্দময়ী মায়ের জীবন ও সাধনার প্রতি মানুষের আকর্ষণের অন্যতম কারণ তাঁর কথার এই সহজ অথচ গভীর আবেদন। তিনি জটিল দার্শনিক আলোচনার মধ্যে না গিয়েও মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে আধ্যাত্মিক উপলব্ধির যোগসূত্র তৈরি করেছেন। তাঁর বাণীতে সংসারকে একেবারে অস্বীকার করার কথা নেই। সংসারের মধ্যেই অনিত্যতার সত্যকে চিনে নেওয়ার ইঙ্গিত বহন করে। ভালবাসা থাকবে, দায়িত্ব থাকবে, মানুষের পাশে দাঁড়ানোর কর্তব্যও থাকবে। কিন্তু কোনও সম্পর্কের উপর এমন নির্ভরতা তৈরি করা উচিত নয়, যাতে সেই সম্পর্কের পরিবর্তনেই নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। বর্তমান সময়ে এই দর্শনের প্রাসঙ্গিকতা আরও গভীরভাবে অনুভব করা যায়। দ্রুত বদলে যাওয়া সামাজিক জীবন, সম্পর্কের অনিশ্চয়তা, কর্মক্ষেত্রের চাপ ও ব্যক্তিগত প্রত্যাশার ভারে মানুষ প্রায়ই মানসিক অস্থিরতার শিকার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের সুখী জীবনের ছবি দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করার প্রবণতাও বাড়ছে। অথচ প্রত্যেকের যাত্রাপথ আলাদা। অন্যের অভিজ্ঞতা দিয়ে নিজের জীবনের মূল্য নির্ধারণ করা যায় না। আনন্দময়ী মায়ের বক্তব্য মানুষকে সেই নিজস্ব পথের কথাই স্মরণ করিয়ে দেয়।

মা-এর দর্শনে জীবনের যাত্রা সম্পূর্ণ করার অর্থ শুধু দীর্ঘায়ু হওয়া কিংবা সামাজিক সাফল্য অর্জন করাই না। নিজের অস্তিত্বের উদ্দেশ্য উপলব্ধি করে অন্তরের গভীরে পৌঁছনোর চেষ্টা করাই প্রকৃত সাধনা। এই পথে বাধা আসবে, প্রিয়জনের বিচ্ছেদ ঘটবে, কখনও হতাশা গ্রাস করবে। তবু যাত্রা থামিয়ে দিলে চলবে না। আত্মোপলব্ধির পথের পথিককে নিজের ভিতরের শক্তি জাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ‘নিজের প্রকৃত সত্তাকে চিনে নেওয়াই জীবনের যাত্রার উদ্দেশ্য ও পরিণতি’ আনন্দময়ী মায়ের বাণীর মূল টান যেন এই উপলব্ধিতেই এসে মেশে। পৃথিবীতে কে কার আপন, সেই প্রশ্নের উত্তর হয়ত কোনও একক সম্পর্কের মধ্যে পাওয়া যায় না। মানুষ একে অন্যের জীবনে আসে, ভালোবাসা দেয়, স্মৃতি রেখে যায়, আবার সময়ের নিয়মে বিদায়ও নেয়। কিন্তু নিজের ভিতরের সত্যের সন্ধান প্রত্যেকের নিজস্ব দায়িত্ব। সম্পর্কের প্রতি মমতা রেখেও আসক্তির বন্ধন অতিক্রম করা, শোকের গভীরতা অনুভব করেও জীবনের পথ থেকে সরে না যাওয়া এবং প্রতিটি অভিজ্ঞতার মধ্য দিয়ে আত্মজিজ্ঞাসাকে জাগিয়ে রাখা, এই শিক্ষাই আনন্দময়ী মায়ের জীবনদর্শনকে প্রাসঙ্গিক করে রেখেছে।🍁

 

 

 

🍂সাময়িকী

 

চিঠির অক্ষরে মানুষটির উপস্থিতি অনুভব করা যায় ঠিকই, কিন্তু একটি মুখের ছবি সেই অনুভূতিকে অন্য মাত্রা দিতে পারে। কল্পনার মানুষ ও বাস্তব মানুষের মধ্যে যে ব্যবধান থাকে, ছবি কখনও সেই ব্যবধান কমিয়ে আনে। এই সামান্য বিষয়টির মধ্যেও লেখক মানুষের মনস্তত্ত্বের সূক্ষ্ম একটি দিক ধরেছেন। দূরে থাকা মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা শুধু শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার একটি দৃশ্যমান অবলম্বনও মানুষ খোঁজে। ঋতি ও রাজর্ষির সম্পর্কের বিকাশে সবচেয়ে উপভোগ্য বিষয় হল তার স্বাভাবিক গতি।

 

প্রকৃতির ছায়ায় জীবন, বুদ্ধদেব গুহ -র

‘সবিনয় নিবেদন’-এর স্বতন্ত্র আকর্ষণ

সাহিত্যিক বুদ্ধদেব গুহ। ছবি: সংগৃহীত

 

সুজয়নীল দাশগুপ্ত

বাংলা সাহিত্যে প্রেমের গল্প বলার পদ্ধতি বহুবার বদলেছে। কখনও প্রেম এসেছে মুখোমুখি কথোপকথনে, কখনও নিঃশব্দ অভিমানে, কখনও বিচ্ছেদের দীর্ঘশ্বাসে। আবার কখনও কয়েকটি চিঠির মধ্যে দিয়ে তৈরি হয়েছে এমন এক সম্পর্ক, যার গভীরতা বুঝতে কোনও নাটকীয় ঘটনার প্রয়োজন হয় না। বুদ্ধদেব গুহ -এর ‘সবিনয় নিবেদন’ সেই বিরল সাহিত্যকর্মগুলির একটি, সেখানে চিঠি যোগাযোগের মাধ্যম হিসেবেই বর্ণিত না। তা হয়ে উঠেছে দু’জন মানুষের অন্তর্জগৎ আবিষ্কারের দরজা। পত্রউপন্যাসের আঙ্গিকে রচিত এই বইয়ের সবচেয়ে বড় আকর্ষণ প্রেম শুধু না। একইভাবে প্রেমের দিকে এগিয়ে যাওয়ার মনস্তাত্ত্বিক পথও। উপন্যাসের সূচনাপর্বে কলকাতার ঋতি রায়ের সঙ্গে রাজর্ষি বসুর পরিচয়ের সূত্রপাত হয় একেবারেই আকস্মিকভাবে। বেতলায় বেড়াতে গিয়ে ঋতি ও তাঁর সঙ্গীরা হাতির কারণে কিছুটা সমস্যায় পড়েন। তবে ঘটনাটিকে লেখক যে মজার ভঙ্গিতে উপস্থাপন করেছেন, তাতে বিপদের চেয়ে হাস্যরসের উপস্থিতিই বেশি চোখে পড়ে। হাতিরা কাউকে তাড়া করছে না, আক্রমণও করছে না, শুধু রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে। অথচ রাজর্ষির কাছে ঘটনাটির অন্য একটি দিকও গুরুত্বপূর্ণ। একজন সুন্দরী নারীর সামনে নিজের বীরত্ব দেখানোর যে বিরল সুযোগ তৈরি হয়েছিল, হাতিদের নিরীহ আচরণে সেটুকুও আর কাজে লাগল না! এই আত্মপরিহাসের মধ্যে দিয়ে চরিত্রটির রসবোধ এবং ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়।

সেই পরিস্থিতিতে রাজর্ষিই ঋতিদের সাহায্যে এগিয়ে আসেন। ঘটনাটি আপাতদৃষ্টিতে সামান্য হলেও পরবর্তী সম্পর্কের ভিত্তি তৈরি করে দেয়। ঋতির দু’টি বই থেকে যায় রাজর্ষির গাড়িতে। বই ফেরত চাওয়া ও সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার উদ্দেশ্যে ঋতির লেখা চিঠি থেকেই শুরু হয় তাঁদের যোগাযোগ। পরিচয়ের সূত্রটি যত সাধারণ, তার পরবর্তী বিস্তার ততটাই আকর্ষণীয়। লেখক এখানে কোনও আকস্মিক প্রেমের ঘোষণা কিংবা অবিশ্বাস্য নাটকীয়তার আশ্রয় নেননি। দু’টি মানুষের মধ্যে ধীরে ধীরে তৈরি হওয়া মানসিক নৈকট্যকে চিঠির পর চিঠিতে নির্মাণ করেছেন। বর্তমান সময়ে যোগাযোগের অসংখ্য মাধ্যম হাতের নাগালে। কয়েক সেকেণ্ডে পৌঁছে যায় ফোনের মেসেজ, হোয়্যাটস অ্যাপ ইত্যাদি মাধ্যমে মুহূর্তের মধ্যে জানা যায় অপর প্রান্তের মানুষের প্রতিক্রিয়া। অথচ চিঠির যুগে অপেক্ষা ছিল সম্পর্কের অবিচ্ছেদ্য অংশ। একটি চিঠি পাঠানোর পর তার উত্তর আসবে কি না? কখন আসবে? তার মধ্যে কী লেখা থাকবে? এসবকিছুই অনিশ্চিত। সেই অনিশ্চয়তার সঙ্গে যুক্ত হত ডাকব্যবস্থা, ঠিকানার সমস্যা কিংবা চিঠি পৌঁছতে দেরি হওয়ার কারণে তৈরি হওয়া ভুল বোঝাবোঝি। বুদ্ধদেব গুহ-এর ‘সবিনয় নিবেদন’-এ এই সময়গত ব্যবধান কাহিনির গতিকে কৃত্রিমভাবে থামিয়ে দেয় না। সম্পর্কের স্বাভাবিক বিকাশ একইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

যাঁর সঙ্গে নিয়মিত চিঠির আদানপ্রদান হচ্ছে, তাঁর একটি ছবি কাছে রাখার প্রয়োজনীয়তা নিয়ে লেখকের আলোচনা। চিঠির অক্ষরে মানুষটির উপস্থিতি অনুভব করা যায় ঠিকই, কিন্তু একটি মুখের ছবি সেই অনুভূতিকে অন্য মাত্রা দিতে পারে। কল্পনার মানুষ ও বাস্তব মানুষের মধ্যে যে ব্যবধান থাকে, ছবি কখনও সেই ব্যবধান কমিয়ে আনে। এই সামান্য বিষয়টির মধ্যেও লেখক মানুষের মনস্তত্ত্বের সূক্ষ্ম একটি দিক ধরেছেন। দূরে থাকা মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা শুধু শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার একটি দৃশ্যমান অবলম্বনও মানুষ খোঁজে। ঋতি ও রাজর্ষির সম্পর্কের বিকাশে সবচেয়ে উপভোগ্য বিষয় হল তার স্বাভাবিক গতি। শুরুতে তাঁদের মধ্যে যে দূরত্ব ছিল, তা কোনও আকস্মিক ঘটনার মাধ্যমে ঘুচে যায় না। পরিচয়ের পর চিঠি, চিঠির পর আরও কিছু ব্যক্তিগত কথা, তারপর ধীরে ধীরে একে অপরের চিন্তাভাবনা সম্পর্কে আগ্রহ, এইভাবেই সম্পর্কটি এগোয়।

উপন্যাসটির পত্রবিন্যাসের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, চিঠির আদানপ্রদান কোনও বাঁধাধরা নিয়ম মেনে এগোয় না। একজন চিঠি লিখলেই যে অপর পক্ষকে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। কখনও একজন পরপর কয়েকটি চিঠি লিখে ফেলছেন, কখনও উত্তর আসতে দেরি হচ্ছে। বাস্তব জীবনে মানুষের যোগাযোগ যেমন অনিয়মিত, এখানেও তার প্রতিফলন রয়েছে। এই স্বাভাবিকতা উপন্যাসটিকে বিশ্বাসযোগ্য করে তোলে। পাঠক কোনও সাজানো প্রেমের কাহিনিই পড়ছেন, এমন অনুভূতি তৈরি হয় না। মনে হয়, কোনও পরিচিত মানুষের ব্যক্তিগত চিঠিপত্রের মধ্যে দিয়ে অজান্তেই একটি সম্পর্কের জন্ম ও বিকাশ প্রত্যক্ষ করছেন।

বুদ্ধদেব গুহ -এর সবিনয় নিবেদন

বুদ্ধদেব গুহর সাহিত্যিক ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ দিক তাঁর অকপট লেখশৈলী। সমাজ, রাজনীতি, ধর্ম কিংবা ব্যক্তিগত জীবনদর্শন প্রভৃতি কোনও বিষয়েই নিজের মতামত প্রকাশ করতে বুদ্ধদেব বাবু বিশেষ সঙ্কোচ বোধ করেননি। ওঁর লেখায় এই স্বাধীন মনোভাবের উপস্থিতি বারবার ললক্ষ্যণীয়। ‘সবিনয় নিবেদন’-এও চিঠির পরিসর সেই ভাবনাগুলিকে প্রকাশের সুযোগ করে দিয়েছে। পরিচিত মানুষের সঙ্গে দীর্ঘ কথোপকথনে যেমন একটি প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে যাওয়া স্বাভাবিক, চিঠির ক্ষেত্রেও সেই স্বতঃস্ফূর্ততা বজায় থাকে। ফলে প্রেমের আলোচনা করতে করতেই উঠে আসে সমাজ, শরীর, মন, বিবাহ, ব্যক্তিগত স্বাধীনতা এবং মানুষের দায়িত্ববোধের প্রসঙ্গ। এই উপন্যাসের আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখকের রূপক ব্যবহারের দক্ষতা। প্রকৃতির বর্ণনায় বুদ্ধদেব গুহর নিজস্বতা নিয়ে নতুন করে বলার প্রয়োজন নেই। অরণ্য, নদী, পাহাড় কিংবা বন্যপ্রাণীর উপস্থিতিকে তিনি নিছক দৃশ্যসজ্জা হিসেবে ব্যবহার করেন না। প্রকৃতি তাঁর লেখায় কখনও চরিত্রের মানসিক অবস্থার প্রতিফলন, কখনও মানুষের অনুভূতি প্রকাশের বিকল্প ভাষা। কিন্তু এই উপন্যাসে প্রকৃতির পাশাপাশি মানবদেহ, প্রেম ও আকর্ষণকে বোঝাতেও তাঁর রূপক প্রয়োগ লক্ষ্যণীয়।

একটি বিশেষ রূপককে কেন্দ্র করে ঋতির আপত্তি ও সেই রূপকের পক্ষে লেখকের যুক্তি উপন্যাসের আলোচনাকে অন্য মাত্রা দিয়েছে। এখানে লেখক একটি শব্দ বা উপমার গ্রহণযোগ্যতা নিয়ে তর্ক করেছেন তা। সাহিত্যিক প্রকাশের স্বাধীনতা ও শ্লীল-অশ্লীলতার প্রচলিত ধারণা নিয়েও প্রশ্ন তুলেছেন। সাহিত্যে কোন বিষয় গ্রহণযোগ্য, কোন বর্ণনা অগ্রহণযোগ্য, তার মাপকাঠি কে নির্ধারণ করবে এই বিতর্কের ভিতর দিয়ে পাঠককে তিনি ভাবতে বাধ্য করেন। বিভিন্ন দেশের সাহিত্যিক ও তাঁদের রচনার প্রসঙ্গ এনে আলোচনাটিকে আরও বিস্তৃত করেছেন। এই অংশে লেখকের পাঠপরিচয়, নিজস্ব সাহিত্যবোধ ও প্রচলিত নৈতিকতার সঙ্গে তাঁর মতপার্থক্য প্রকাশিত হয়েছে। তবে এই আলোচনা কেবল তাত্ত্বিক বিতর্কে আটকে থাকে না। প্রেমের সঙ্গে শরীরের সম্পর্ক, মানসিক আকর্ষণের প্রকৃতি, বিবাহের সামাজিক তাৎপর্য ও ব্যক্তিগত স্বাধীনতার সীমা নিয়েও প্রশ্ন ওঠে। একজন মানুষকে ভালোবাসার অর্থ কি কেবল তাঁর বাহ্যিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হওয়া? নাকি তাঁর চিন্তা, অভ্যাস, দুর্বলতা ও জীবনযাপনের ধরনকে গ্রহণ করার মধ্যেই সম্পর্কের প্রকৃত ভিত তৈরি হয়? উপন্যাসের চিঠিগুলি এই প্রশ্নগুলির কোনও সহজ উত্তর দেয় না। বরং নানা মতামত ও পাল্টা যুক্তির মধ্যে দিয়ে পাঠককে নিজস্ব অবস্থান নির্ধারণের সুযোগ করে দেয়।

এখানে একটি ছোট অথচ তাৎপর্যপূর্ণ প্রসঙ্গ বিশেষভাবে মনে থেকে যায়। যাঁর সঙ্গে নিয়মিত চিঠির আদানপ্রদান হচ্ছে, তাঁর একটি ছবি কাছে রাখার প্রয়োজনীয়তা নিয়ে লেখকের আলোচনা। চিঠির অক্ষরে মানুষটির উপস্থিতি অনুভব করা যায় ঠিকই, কিন্তু একটি মুখের ছবি সেই অনুভূতিকে অন্য মাত্রা দিতে পারে। কল্পনার মানুষ ও বাস্তব মানুষের মধ্যে যে ব্যবধান থাকে, ছবি কখনও সেই ব্যবধান কমিয়ে আনে। এই সামান্য বিষয়টির মধ্যেও লেখক মানুষের মনস্তত্ত্বের সূক্ষ্ম একটি দিক ধরেছেন। দূরে থাকা মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা শুধু শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার একটি দৃশ্যমান অবলম্বনও মানুষ খোঁজে। ঋতি ও রাজর্ষির সম্পর্কের বিকাশে সবচেয়ে উপভোগ্য বিষয় হল তার স্বাভাবিক গতি। শুরুতে তাঁদের মধ্যে যে দূরত্ব ছিল, তা কোনও আকস্মিক ঘটনার মাধ্যমে ঘুচে যায় না। পরিচয়ের পর চিঠি, চিঠির পর আরও কিছু ব্যক্তিগত কথা, তারপর ধীরে ধীরে একে অপরের চিন্তাভাবনা সম্পর্কে আগ্রহ, এইভাবেই সম্পর্কটি এগোয়। দু’জনের মধ্যে মানসিক সান্নিধ্য তৈরি হওয়ার জন্য লেখক তাড়াহুড়ো করেননি। প্রেমের কাহিনিতে অনেক সময় লেখককে চরিত্রদের দ্রুত কাছাকাছি আনার জন্য অপ্রয়োজনীয় ঘটনা তৈরি করতে হয়। এখানে সেই প্রবণতা নেই। ফলে তাঁদের সম্পর্কের পরিবর্তন পাঠকের কাছে স্বাভাবিক ও গ্রহণযোগ্য হয়ে ওঠে। বুদ্ধদেব গুহর উপন্যাসে প্রকৃতির উপস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে একটি বিষয় মনে রাখা দরকার। তাঁর কাছে প্রকৃতি ম সৌন্দর্যের আধার হিসেবেই গৃহীত না। মানুষের অস্তিত্বেরও অংশ। ‘সবিনয় নিবেদন’-এর শেষ পর্বে এই বৈশিষ্ট্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে। উপন্যাসের পরিণতিতে যে দৃশ্যপট তৈরি হয়েছে, সেখানে প্রকৃতির বিভিন্ন উপাদান পটভূমি হিসেবে নির্দিষ্ট থাকে না। শব্দের সাহায্যে তারা পাঠকের কল্পনায় জীবন্ত হয়ে ওঠে। শেষ দৃশ্যের সৌন্দর্য তাই শুধু চরিত্রদের সম্পর্কের পরিণতির মধ্যে সীমাবদ্ধ না। একইরকমভাবে সঙ্গে যুক্ত হয় দৃশ্যমান পৃথিবীর রং, আলোরশ্মি অনুভূতির বিস্তার।

বুদ্ধদেব গুহ-এর রচনায় চেনা সুখী সমাপ্তির বাইরে অন্য ধরনের পরিণতি দেখতে অভ্যস্ত পাঠকের কাছে এই উপন্যাসের শেষ অংশ আলাদা স্বাদ নিয়ে আসে। এখানে সম্পর্কের পরিণতিতে আনন্দের উপস্থিতি। সেই আনন্দকে নিছক প্রচলিত রোমান্টিক পরিণতি বলে উড়িয়ে দেওয়া যায় না। কাহিনির প্রথম থেকে যে মানসিক প্রস্তুতি তৈরি হয়েছে, শেষ দৃশ্য তারই পরিপূর্ণতা এনে দেয়। বিদেশি সাহিত্যের প্রসঙ্গ, প্রেম ও শরীর নিয়ে বিতর্ক, চরিত্রদের ব্যক্তিগত মতামত ইত্যাদি সব কিছুই শেষ পর্যন্ত এসে যেন একটি অনুভূতির মধ্যে মিশে যায়। লেখক পাঠককে শুধু কী ঘটল তা জানালেন তা না। শব্দের জালবুনে এমন একটি দৃশ্য নির্মাণ করেন, যা পড়া শেষ হওয়ার পরেও মনে থেকে যায়। অবশ্য উপন্যাসটির কিছু অংশে লেখকের ব্যক্তিগত মতামত ও সাহিত্যবিষয়ক আলোচনা কাহিনির স্বাভাবিক প্রবাহের তুলনায় বেশি জায়গা নিয়ে নিয়েছে বলে মনে হতে পারে। বিশেষত শ্লীলতা-অশ্লীলতার বিতর্কে আগ্রহী পাঠক যেমন নতুন চিন্তার উপাদান পাবেন, তেমনি কেবল ঋতি ও রাজর্ষির সম্পর্কের বিকাশ দেখতে চাওয়া পাঠকের কাছে কিছু আলোচনা দীর্ঘ মনে হতে পারে। কিন্তু এই বিচ্যুতিগুলিকেই আবার উপন্যাসের নিজস্ব চরিত্রের অংশ হিসেবে দেখা যায়। কারণ চিঠির সম্পর্ক মানেই তো কেবল প্রেম নিবেদনের আনুষ্ঠানিকতা নয়। সেখানে মানুষের ব্যক্তিগত দর্শন, অভিমান, যুক্তি, রসবোধ এবং মতবিরোধেরও জায়গা থাকে।

‘সবিনয় নিবেদন’ পড়তে গিয়ে সবচেয়ে বেশি যে উপলব্ধিটি তৈরি হয়, তা হল ভালবাসার জন্য সব সময় কাছাকাছি থাকা জরুরি নয়। কখনও দূরত্বই মানুষকে অন্যের সম্পর্কে আরও গভীরভাবে জানতে সাহায্য করে। মুখোমুখি বসে যে কথা বলা যায় না, চিঠিতে তা অনায়াসে লেখা সম্ভব হয়। নিজের অনুভূতিকে সাজিয়ে নেওয়ার, ভেবে দেখার এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য চিঠি মানুষকে বাড়তি সময় দেয়। সেই সময়ের মধ্যেই পরিচিতি থেকে বিশ্বাস, আর বিশ্বাস থেকে মানসিক ঘনিষ্ঠতার জন্ম হতে পারে। বর্তমান দ্রুতগতির যোগাযোগের যুগে দাঁড়িয়ে এই পত্রউপন্যাস পড়লে নস্টালজিয়া তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু ‘সবিনয় নিবেদন’-এর গুরুত্ব তো চিঠির হারিয়ে যাওয়া সংস্কৃতিকে মনে করিয়ে দেওয়ার মধ্যে নেই। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে ওঠার যে চিরন্তন প্রক্রিয়া, লেখক তাকেই এক অভিনব আঙ্গিকে ধরেছেন। প্রেম এখানে কোনও বয়সের বিষয় নয়, কোনও সামাজিক নিয়মের অনুসরণও নয়। এটি দুজন মানুষের পরস্পরকে জানার, বোঝার এবং গ্রহণ করার দীর্ঘ যাত্রা। বুদ্ধদেব গুহর সাহিত্যিক স্বাতন্ত্র্য এখানেই। লেখক প্রেমকে আবেগের সীমায় আটকে রাখেননি। তার সঙ্গে জুড়ে দিয়েছেন জীবনদর্শন, প্রকৃতি, শরীর, সাহিত্য ও মানুষের স্বাধীন অস্তিত্বের প্রশ্ন। ‘সবিনয় নিবেদন’ তাই শুধুমাত্র ঋতি ও রাজর্ষির প্রেমের কাহিনি হয়ে থাকে না। এটি হয়ে ওঠে চিঠির ভিতর দিয়ে মানুষের কাছে পৌঁছনোর এক সাহিত্যিক অভিজ্ঞতা। বইটি শেষ করার পর মনে হয়, মানুষের জীবনে কিছু সম্পর্ক হয়তো খুব অল্প কথায় শুরু হয়, কিন্তু তাদের প্রতিধ্বনি থেকে যায় দীর্ঘকাল। আর সেই প্রতিধ্বনি শোনার জন্যই বারবার ফিরে যেতে হয় এমন কিছু বইয়ের কাছে।🍁

 

 

 

🍂ধারাবাহিক উপন্যাস  
সাশ্রয় নিউজ -এর রবিবারের সাহিত্য স্পেশাল-এ শুরু হয়েছে সাহিত্যিক মমতা রায় চৌধুরী -এর ধারাবাহিক উপন্যাস ‘হারিয়ে যাওয়া নারীর ইতিকথা’। একটি বিশেষ কালকে কেন্দ্র করে নারীদের নিয়ে এই উপন্যাস এগিয়ে যায়। নারীদের লড়াইয়ের কাহিনী পড়তে চোখ রাখুন রবিবারের সাহিত্য স্পেশাল-এ।

 

হারিয়ে যাওয়া নারীর
ইতিকথা

মমতা রায় চৌধুরী 

৩৭.

বিষন্ন বিকেলেও মন উড়ে যায় কোনও এক অজানা দেশে। যেখানে নেই কোনও দুঃখ, কষ্ট, হতাশা জীবন যন্ত্রণার ইতিকথা। বলাকার মতো উড়ে যেতে চায় সেই না বলার না জানার গ্রহে। তিথি জানে না, আদপেও এরকম কোনও গ্রহ আছে কিনা। যদি সত্যি সত্যি থাকত এরকম কোন গ্রহ । মনটা হারিয়ে গেল সেই অজানা গ্রহের দিকে।মনে পড়ে যায় প্রফেসর শঙ্কুর ডায়েরীর কথা সেখানে অপূর্ব অপূর্ব কল্প বৈজ্ঞানিক ইতিকথা রয়েছে। এইরকম যদি কোনও ডায়েরি পেত তিথি বদলে দিত সুনয়না, কাগজি মাসি, লতা মাসি, এবং কবিতার মায়ের মত নারীদের জীবন কথা। এসব ভাবতে ভাবতেই তিথি কোজাগরী লক্ষ্মী পূজার কথা ভাবছিল ছাদে উঠে। আহা! এই পূর্ণিমার চাঁদের আলো যদি সবার ঘরেই পৌঁছে যেত এই দৈন্যদশা অচিরে বিলীন হতো। ছাদে উঠেছিল গাছে বেশ কিছুদিন জল দেয়া হয়নি জল দেয়ার শেষে এসবই ভাবছিল কিন্তু বেশিক্ষণ ভাবলেও হবে না আগামীকাল কোজাগরী লক্ষ্মীপুজো সেই লক্ষ্মী পূজার বাজার আনতে গেছে পবিত্র।

সত্যি কথা বলছেও না, জানি না কি হয়েছ!
—আর কবিতা কোথায়?
—ওকে তো দেখতে পেলাম না। তবে আমার মনে হয় ও যেখানে পড়াশোনা করে ওখানেই হয়ত আছে।
—সেকি পুজোর ছুটিতে আসেনি? এখন তো ছুটি।
—জানিনা গো! তবে যে মেয়েটিকে খুব কষ্ট করে মানুষ করল, জানিনা সে কতটুকু মায়ের জন্য কী করবে!
কাগজি মাসি কথাগুলো বলে উদাসী ভাবে চেয়ে রইল জানালার দিকে।

এক্ষুনি হয়ত এসে হাঁক দেবে। তার চেয়ে আগেই নিচে নেমে যাওয়া ভালো। তাছাড়া বুবুন আর পুচুটা খেলা করছে ব্যালকনিতে। এসব ভেবে গাছের পাতাগুলোকে পরম স্নেহে স্পর্শ করে একটু আদর বুলিয়ে দিল তারপর ছাদে দরজাটি বন্ধ করে দিয়ে তরতর করে নিচে নেমে চলে আসলো।
নামতে গিয়েই হোঁচট খেলো কল্যাণী দেবীর বাক্যবাণে। কথার মধ্যে কেমন ঝাঁঝাল গন্ধ ছিল, কিগো বৌমা বিকেলের হাওয়া গায়ে লাগালে?
তিথি ভেবে পায় না, ওর শাশুড়ি মা কেন থেকে থেকে এরকম খোঁচা দিয়ে কথা বলেন! তিথি কোন উত্তর দিতে চায় না। আবার কল্যাণী দেবী বলেন, আজকে চা পাব না?
গা জ্বলানো কথা শুনে তিথির মাথাটা চড়াৎ করে গরম হয়ে গেল। শাশুড়ি মার এসব কথা শুনে ওর বিরক্ত লাগে।
এবার তিথি মাথাটা একটু ঠাণ্ডা করে নিয়ে বলল,
—কেন পাবেন না। এখনও তো ছটা বাজেনি।
—ও! ছটা বাজেনি।
তিথি আর কথা বাড়াল না। সোজা রান্নাঘরে ঢুকল। চায়ের জল বসিয়ে দিয়ে মনে মনে ভাবল, সত্যি মেয়েদের শত্রু মেয়েরাই। ও-লিখতে গেছে হারিয়ে যাওয়া নারীর ইতিকথা অথচ প্রতি বাড়িতেই খোঁজ করলে বোধ হয় এরকম নারীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে।
কাগজি মাসি তো লক্ষ্মী পূজার আগের দিন আসার কথা আজকে এখনও অব্দি আসলো না কেন? বেশ চিন্তায় পড়ে গেল। চা করে নিয়ে শাশুড়ি মাকে দিয়ে এসে খাবার বানাল। পুচুকে দুধ দিয়ে দিল আর বুবুনকে
একটু পাস্তা বানিয়ে দিল।
এমন সময় দরজায় কলিং বেল, ‘হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ’…
—ও বৌমা দেখো কে আসলো?
তিথি গিয়ে দরজা খুলল।
দরজা খুলে অবাক হয়ে গেল৷ —মাসি তুমি!
মাসি ভেতরে ঢুকে এসে চপ্পল খুলে নিয়ে বলল,
—আজকেই তো আসার কথা ছিল।
—হ্যাঁ, আমি তোমার কথা খুব চিন্তা করছিলাম। সন্ধ্যা হয়ে গেল এখনও আসলে না।
মাসি একটু হেসে বলছিল,, —আসব না নাকি?
—না সেরকমও ভাবিনি। তবে একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম।
—যাক এখন তো নিশ্চিন্ত হলে।
কিন্তু তোমাকে তো বিজয়ার দিনে একবার আসার কথা ছিল।
—আর বোলো না কবিতার মা খুব অসুস্থ।
—কোন কবিতা?
—কেন তোমার ছাত্রী।
—ও-মা তাই বুঝি।
তিথি মাসির সঙ্গে যেতে যেতে বলল,
—কেন কি হয়েছে?
—কী জানি কি হয়েছে! জানি না। আমাকে সেভাবে বললও না তবে ভুগছে অনেকদিন থেকে!
—আমাকে অনেকদিন আগেই যেতে বলেছিল, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি।
—কেন ডাক্তার দেখাচ্ছে না।
—-হ্যাঁ দেখাচ্ছে তো
তবে অনেক রোগাও হয়ে গিয়েছে। আমার যাওয়া হতো নাকি?
—কেন?
—কতবার ডেকেছে যাবার সময় পাইনি বছরে ওই একটা দিন তো যাই। যেখানে এতগুলো দিন কেটেছে সেই কুঠিটাকে তো ভুলতে পারি না।
তিথি বুঝতে পারল, গলির কথাই বলছে।
—কবে গিয়েছিলে? বিজয়ার দিন?
—হ্যাঁ।
—ওই জন্য আর ওখান থেকে একটু দেরী হতে তোমাদের এখানে আসতে পারিনি গো।
বলতে বলতে মাসি পা টেনে টেনে এনে ডাইনিং টেবিলের পাশটাতেই বসল।
—ও মাসি ব্যথা কি বেড়েছে?
—হ্যাঁগো বৌমা, বয়সও তো বাড়ছে।
—আচ্ছা তুমি বসো, আমি চা করছি।
,—শোনো ও-বৌমা শোনো, চা করতে হবে না আমার একার জন্য চা বসিও না।
—তুমি একা নয় মাসি, আমিও চা খাইনি। দু’জনে মিলে চা খাব আর গল্প করব। ভাল হবে না বলে, তিথি একটু মুচকি হেসে বলল।
বেশ তাহলে তাই কর তারপর এদিক ওদিক তাকিয়ে কাগজি মাসি বলল, আমার সোনা বাচ্চা গুলো কোথায় গেল গো? ওদের কোনও সাড়াশব্দ নেই।
ওই তো দুটোতে ব্যালকনিতে খেলছে। কি যে খেলা পেয়েছে! এখন একটা নতুন গাড়ি কিনেছে। সেই গাড়ি ধরে টানাটানি করে আর পুচু পেছন পেছন ছুটতে থাকে।
দু’জনে মিলে হো হো করে হেসে উঠল।
—এই নাও মাসি চা। বিস্কিটটা নাও। না গো বিস্কিট খাব না।
—একটা খাও।
—আচ্ছা তাহলে দাও।
—তা কি হয়েছে কবিতার মার। কি জানি মুখ ফুটে তো সত্যি কথা বলছেও না, জানি না কি হয়েছ!
—আর কবিতা কোথায়?
—ওকে তো দেখতে পেলাম না। তবে আমার মনে হয় ও যেখানে পড়াশোনা করে ওখানেই হয়ত আছে।
—সেকি পুজোর ছুটিতে আসেনি? এখন তো ছুটি।
—জানিনা গো! তবে যে মেয়েটিকে খুব কষ্ট করে মানুষ করল, জানিনা সে কতটুকু মায়ের জন্য কী করবে!
কাগজি মাসি কথাগুলো বলে উদাসী ভাবে চেয়ে রইল জানালার দিকে।
—ও-মাসি তোমার চা তো ঠাণ্ডা হয়ে গেল।
—জানো তো বৌমা মানুষের জীবন বোধহয় এরকম না তবে ওকে দেখে যেটা মনে হল, কবিতার মা মহিমা। ও-কিন্তু জীবনের সার বস্তু বুঝে গিয়েছে।
—কীরকম?
—ওই যে ধৈর্য্য…
শুধু একটা কথা আমাকে বলল মাসি,
—ঈশ্বরের উপর সঁপে দিয়েছি। জীবনের আর তো কিছু বাকি নেই। এই শেষ জীবনে এসে ঈশ্বরের পদতলেই নিজেকে নিবেদিত করতে চাই। তিনিই দেখবেন কী হবে না হবে।
বাবা কি আধ্যাত্মিক কথাবার্তা গো!
—হ্যাঁ গো, আমিও অবাক হয়ে গেলাম। তবে মেয়ের কথা বলতে ও শুধু চোখের জল ফেলল, আর বলল, মাসি অন্য একদিন আসবে সময় করে অনেক কথা আছে।
—ও মাসি, আমারও তো কথা আছে আমি তো কবিতার মাকে নিয়ে লিখতে চাই। তুমি আমাকে সময় দাও।
এইতো যেগুলো বলছি সেগুলোই লেখনা আরে সে তো লিখব কিন্তু কবিতার মা কোথা থেকে আসলো? কী তার পরিচয় ছিল এসব তো আমাকে বলবে।
—হ্যাঁ, সব তোমাকে বলবো
তবু অন্তত তোমার উপন্যাসের পাতায় ওরা এক-একটা চরিত্র হয়ে বেঁচে থাকুক।
—মাসি তুমি তো বেশ কথা জানো।
ইতিমধ্যেই শাঁখের আওয়াজ আর উলুর আওয়াজ পাওয়া গেল।
—দুগ্গা দুগ্গা দুগ্গা…
মাসি দুহাত কপালে ছোঁয়াল।
বৌমা সন্ধ্যে হয়ে গিয়েছে শাশুড়ি মা কিন্তু চেঁচাবে উপর থেকে।
—হ্যাঁ তাই ত, আচ্ছা মাসি আজকে ওই বাচ্চা দুটো তো আসলো না কেউ, যাও তো একটু দেখো তো আমি সন্ধ্যাটা দিয়ে নিই। 🍁(ক্রমশঃ)

 

 

🍂কবিতা

 

গোবিন্দ তালুকদার -এর একটি কবিতা

বসন্তবাহার

বসন্ত গেছে চলে বহুকাল আগেই। তবুও
দেখি কোকিল ডাকে মুহুর্মুহু কুহু কুহু সুরে
মনটা উথাল-পাথাল ঘনঘোর আবেশে
ভালোবাসায় বৃষ্টিধারায় সজীব সবুজ বৃক্ষ।

অনেকদিন বসন্তবাহার শোনা হয়নি কণ্ঠে তোমার। সুরের মূর্চ্ছনায় ঝিম মেরে থাকা বিকেল অস্তগামী সূর্যকে আলোকিত করে রাখে। রক্তিম আভা ছড়িয়ে দিগন্ত মোহময়।

এখনও বসন্ত এলে ধুম জ্বর আসে শরীরে
এখনও বসন্তে মৃদুমন্দ হাওয়া দোলা দেয়
বসন্ত এলেই সঙ্গীতের মায়ায় বাজে গিটার
গানে ও কবিতায় জীবনের জয়গান বসন্তে।

 

 

সমীরণ রায় -এর একটি কবিতা

আলোর মৃত্যুর পর

এবং পৃথিবীর সমস্ত জল একদিন শুকিয়ে যাবে,
শিকড়েরা মাটির কাছে তাদের শেষ দাবিটুকু জানাবে।
আমাদেরও কিছু দাবি ছিল–
কয়েকটি নাম, কিছু প্রত্যাবর্তন, সামান্য ক্ষমা।

অবশেষে, সূর্য তার সমস্ত আলো ফিরিয়ে নেবে
নক্ষত্রেরা ভুলে যাবে নিজেদের কক্ষপথ।

একদিন কালপ্রবাহ থেমে যাবে,
পৃথিবী মুছে ফেলবে মানুষের যাবতীয় খতিয়ান।

 

 

বৃন্দাবন দাস -এর তিনটি কবিতা

আমাদের একটা নাম আছে রবীন্দ্রনাথ

আমাদের একটা নাম জীবনানন্দ
আমাদের একটা নাম মাইকেল মধুসূদন
আমাদের একটা নাম কাজী নজরুল

তোমার নামটা পাঠিয়ে দিও
যত্নে লিখে নেব—

 

ভারতে চা শিল্পের লোকসান কমাতে ন্যূনতম টেকসই মূল্য চালুর সুপারিশ, প্রতি কেজি চায়ে ২০ থেকে ২৫ টাকা ঘাটতি।

কথা

গত বছর যা যা কথা দিয়েছিলে রাখোনি

এ বছর আবারো কথা হবে
আবারো বাসি হবে
আবারো আবারো

আমাদের কবিতাগুলো
কত ছোট–

 

 

মুখ 

তোমার মুখ
হ্যাঁ তোমারই মুখ

বিকল্পে
তোমারই মুখ—

 

দীপান্বিতা রায় সরকার -এর তিনটি কবিতা

​আদল

​বোধন কি জেনেছে, বুকে রাখা মুখ।
জলে জলে কেন শুধু ভাসা!

বাঁধনে বেঁধেছে যে, সেই জেগে আছে।
​প্রত্যহ ঘন যাওয়া আসা।

​এ দ্যুতি ফেরে যদি বুকে, দিন শেষে
যদি পথ ভুলে দেয় দেখা।

​যদি মনে হয়, অদেখা বিকেলে ভিড়ে
ভিড়ে এতো কেন একা!

​ভাসানের দিক, ঘিরে সঙ্গীত জন্মের
জন্ম ছুঁয়ে আসা।

​অদেখা আদলে গড়ে তোলা মুখে,
জেগে থাকে থিতু ভালোবাসা।

 

ঢেউ

ঢেউ উত্তাল কৌণিক, কে জানে এই নোঙর থামে কই!

ভাসতে শেখা জল বিভাজন জানায়, ইচ্ছে মানেই সমস্তটা নয়।

শুধু শুধু ডুবিয়ে দিলো যা, নামতা বিহীন ভুল গাণিতিক পথে।

জলের সঙ্গে সহজ সখ্য নয়, সাঁতার শেখা কৌশলেই তা জানে।

খুব লড়াইয়ে দিনগুলো পশ্চিম, সামনে জানি আর কি কি সব রাখা!

নিজের হাতেই খুলছি সে সব চিঠি, পেন্ডোরার বাক্স করে ফাঁকা।

শুধু শুধু ভুলিয়ে গেল যা, যা ছিলো অপরিমেয় সব,

কৌণিক সে স্বপ্ন বোঝাই দিন, মিথ্যে ছিলো, মিথ্যে ছিলো! সব?

 

ডুয়ার্স ও শীত 

প্রমাণ তাপের উষ্ণতা আর দাগে,
ডুয়ার্সমুখী উত্তরীয় হাওয়া।

আমাদের এই জংলা শহর জুড়ে,
পারদ নামে যেমন পরম্পরা।

কালজানীর টুকরো রোদের কুঁচি,
শান্ত বড় পাহাড় ভেজা জল।

গভীর বনের দিগ্বিজয়ী হাওয়া,
ঘিরতে থাকে মাটির করতল।

বন পাহাড়ের ছোট্ট শহর জুড়ে,
শীতের এখন সুখের পীঠস্থান।

মিষ্টি রোদের পিকনিক মরসুমে,
গাঢ় হয়ে বয় পারদমুখী গান।

 

 

 

🍂ছোটগল্প
তৃতীয়জনের কাছে আবার স্ত্রী-এর স্বাধীনতা বলতে বোঝাত, স্বামী যা অনুমতি দেবেন তার মধ্যে নিজের পছন্দ বেছে নেওয়া। নন্দিতা কারও সঙ্গে তর্ক করেনি। শুধু বাড়ি ফিরে মাকে বলেছিল, ‘এদের কারও সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না।’
মা বিরক্ত হয়ে বলেছিলেন, ‘তুই কি রাজপুত্র খুঁজছিস?’
নন্দিতা হেসেছিল। ‘না মা। একজন মানুষ খুঁজছি।’

 

প্রেমে পড়ার বয়স

মহুয়া মিত্র চৌধুরী

নভেম্বরের শেষ সপ্তাহ। শীত এখনও পুরোপুরি নামেনি, তবে বাতাসে একটা অদ্ভুত মিঠে গন্ধ। রাস্তার পাশের কৃষ্ণচূড়া গাছগুলো ফুলহীন। ডালপালার মধ্যে কোথাও যেন বসন্তের পুরনো স্মৃতি আটকে আছে। বালিগঞ্জের বাড়ির দোতলার বারান্দায় বসে কফির কাপে চুমুক দিতে দিতে নন্দিতা ভাবছিল, মানুষের বয়স কী সত্যিই ক্যালেণ্ডার দিয়ে মাপা যায়? পঞ্চাশ বছর। সংখ্যাটা শুনতে খুব একটা খারাপ নয়। অন্তত নিজের কাছে নয়। কিন্তু আত্মীয়স্বজনের কাছে পঞ্চাশ মানে বোধ হয় জীবনের একটা বড়সড় হিসাবের খাতা বন্ধ করে দেওয়া। বিশেষ করে কোনও মেয়ের বিয়ে না হলে। তখন সকলেরই একটা গোপন উদ্বেগ শুরু হয়। কেউ সরাসরি প্রশ্ন করেন, কেউ ঘুরিয়ে, কেউ আবার এমনভাবে তাকান যেন মেয়েটি জীবনের কোনও জরুরি পরীক্ষায় বসতেই ভুলে গিয়েছে। নন্দিতা সেন অবশ্য এসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না। তার নিজের একটি গয়না নকশার স্টুডিয়ো আছে পার্ক স্ট্রিটের কাছে। পুরনো নকশার গয়নায় নতুন মাত্রা যোগ করাই তার কাজ। পাশাপাশি সপ্তাহে কয়েক দিন একটি যোগচর্চার কেন্দ্রে মানুষের মনঃসংযোগ ও শ্বাসের অনুশীলন শেখায়। অবসর সময়ে ট্যারো কার্ড নিয়ে বসে। অন্যের জীবনে কী ঘটতে পারে, তা জানতে অনেকেই তার কাছে আসেন। নন্দিতা তাঁদের কথা শোনে, কার্ড সাজায়, কখনও কিছু বলে, কখনও চুপ করে থাকে।

অরিত্র কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন, ‘আপনার মধ্যে একটা অপেক্ষা করার স্বভাব আছে। মনে হয়, কাউকে সহজে জায়গা দেন না।’
নন্দিতা হেসেছিল। ‘আপনি কী মানুষের মনের নকশাও করেন নাকি?’
অরিত্র বলেছিলেন, ‘বাড়ির নকশা করতে করতে মানুষকে পড়ার অভ্যাস হয়েছে।’
তারপর নন্দিতা পাল্টা প্রশ্ন করেছিল, ‘আপনার তো বিয়ে হয়েছিল। আবার প্রেমে পড়ার কথা ভাবেন?’
অরিত্রের মুখে একটু বিষণ্ণতা এসেছিল। ‘যে মানুষ চলে যায়, সে কি জীবনের সমস্ত ভালবাসাও সঙ্গে নিয়ে যায়?’

নিজের ভবিষ্যৎ নিয়ে অবশ্য কোনও দিন কার্ড পাতেনি। তার বাবা দেবাশিস সেন ছিলেন কলেজ স্ট্রিটের একজন নামী মানচিত্র প্রকাশক। পুরনো মানচিত্র সংগ্রহ করতেন। অবসরে বসে বসে পৃথিবীর অচেনা জায়গাগুলির দিকে তাকিয়ে থাকতেন। মা মাধবী সেন ছিলেন একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। নিয়ম, শৃঙ্খলা এবং আত্মসম্মান এই তিনটি জিনিসের সঙ্গে নন্দিতার পরিচয় হয়েছিল ছোটবেলা থেকেই। বাবা মানুষটি ছিলেন অদ্ভুত। খুব বেশি কথা বলতেন না। কিন্তু কোনও বিষয়ে মতামত দিলে তা ভেবে বলতেন। তাঁর মধ্যে একটা সহজ আত্মবিশ্বাস ছিল। কাউকে ছোট করে নিজের গুরুত্ব বোঝানোর প্রয়োজন কখনও অনুভব করেননি। মা মাঝেমধ্যে বাবাকে বলতেন, ‘তুমি সংসারের কোনও ব্যাপারেই উত্তেজিত হও না কেন?’
বাবা মৃদু হেসে বলতেন, ‘যে নিজের উপর ভরসা রাখে, তাকে সব সময় গলা চড়িয়ে কথা বলতে হয় না।’ নন্দিতা ছোটবেলা থেকে বাবার এই স্বভাবের ভক্ত ছিল। মনে মনে ভেবেছিল, কোনও দিন যদি বিয়ে করে, এমন একজন মানুষকেই করবে, যার মধ্যে এই আত্মবিশ্বাস থাকবে। যে নিজের কাজকে ভালবাসবে, অন্যের স্বাধীনতাকে সম্মান করবে, আবার প্রয়োজনের সময় দায়িত্ব নিতে পিছপা হবে না। কিন্তু মানুষকে চেনা কী এত সহজ? আঠারো বছর বয়স থেকেই তার বিয়ের জন্য পাত্র দেখা শুরু হয়েছিল। প্রথমে মা খুব উৎসাহ নিয়ে উদ্যোগ নিয়েছিলেন। একেক দিন একেক বাড়ি থেকে ছবি আসত। কারও ব্যবসা, কারও চাকরি, কারও বিদেশে থাকার ইতিহাস। কেউ দেখতে সুদর্শন, কেউ উচ্চশিক্ষিত, কেউ আবার পরিবারের কাছে বেশ প্রতিষ্ঠিত।

নন্দিতার সঙ্গে কয়েকজনের দেখাও হয়েছিল। একজন প্রথম আলাপেই জানতে চেয়েছিলেন, বিয়ের পর সে নিজের স্টুডিয়ো চালাবে কী না! আর একজন বলেছিলেন, সংসার সামলানোর পরে মেয়েদের শখের কাজ করা উচিত। তৃতীয়জনের কাছে আবার স্ত্রী-এর স্বাধীনতা বলতে বোঝাত, স্বামী যা অনুমতি দেবেন তার মধ্যে নিজের পছন্দ বেছে নেওয়া। নন্দিতা কারও সঙ্গে তর্ক করেনি। শুধু বাড়ি ফিরে মাকে বলেছিল, ‘এদের কারও সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না।’
মা বিরক্ত হয়ে বলেছিলেন, ‘তুই কি রাজপুত্র খুঁজছিস?’
নন্দিতা হেসেছিল। ‘না মা। একজন মানুষ খুঁজছি।’ তারপর বহু বছর কেটে গিয়েছে। পরিচিতদের বিয়ে হয়েছে, সংসার হয়েছে, কারও বিচ্ছেদ হয়েছে, কেউ আবার দ্বিতীয়বার নতুন করে ঘর বেঁধেছে। নন্দিতা সব দেখেছে। কারও সুখ দেখে তার ঈর্ষা হয়নি, কারও দুঃখ দেখে নিজের সিদ্ধান্ত নিয়ে গর্বও হয়নি। মাঝেমধ্যে শুধু একটা কথা মনে হয়েছে। জীবনে এমন একজন মানুষ থাকলে ভাল হত, যার কাছে দিনের শেষে ফিরে এসে নিজের সমস্ত কথা বলা যায়। যে তার কাজের প্রশংসা না করলেও মন দিয়ে শুনবে। যে তার ভাল লাগাকে নিজের মতো করে বুঝতে চাইবে।

প্রেম নন্দিতার জীবনে কোনও দিন আসেনি। কোনও প্রেমিক ছিল না। কোনও বিচ্ছেদের স্মৃতিও নেই। কেউ তার হাত ছেড়ে চলে যায়নি। কোনও রাত জেগে পুরনো ছবি দেখে কাঁদতে হয়নি। বন্ধুরা যখন কলেজের প্রেমের গল্প বলত, নন্দিতা তখন চুপ করে শুনত। তার জীবনে তেমন কোনও চ্যাপ্টার ছিল না। এনিয়ে একবার ছোটবেলার বন্ধু রিমি বলেছিল, ‘তুই কি প্রেম করতে ভয় পাস?’
নন্দিতা বলেছিল, ‘ভয় পাই না। শুধু ভুল মানুষের সঙ্গে ঠিক থাকার অভিনয় করতে পারি না।’
রিমি হেসে বলেছিল, ‘এই বয়সেও তোর দর্শন গেল না!’
কথাটা মনে পড়লে আজও নন্দিতার হাসি পায়।

সেদিন সন্ধ্যায় স্টুডিয়ো থেকে বেরিয়ে সে গিয়েছিল কলেজ স্ট্রিটে। একটি পুরনো বইয়ের দোকানে তার যাওয়ার কথা ছিল। দোকানটির মালিকের কাছে কয়েকটি পুরনো অলংকারশিল্পের বই এসেছে। সেগুলি দেখতে দেখতে হঠাৎ পাশ থেকে একটি পুরুষকণ্ঠ শোনা গেল।
‘আপনি কী এই বইটা খুঁজছেন?’
নন্দিতা মুখ তুলে তাকাল। পঞ্চাশের কাছাকাছি বয়স। মাথার সামনের দিকে বেশ কিছুটা চুল পাতলা হয়ে এসেছে। চোখে কালো ফ্রেমের চশমা। পরনে সাদা পাঞ্জাবি, গাঢ় নীল জ্যাকেট। মানুষটির চেহারায় কোনও বিশেষ আকর্ষণ নেই, অথচ মুখের মধ্যে কেমন শান্ত ভাব আছে। নন্দিতা বলল, ‘হ্যাঁ। তবে এই সংস্করণটা নয়। আমার আরও পুরনো সংস্করণ দরকার।’
লোকটি বইয়ের মলাট উল্টে দেখলেন। তারপর বললেন, ‘পুরনো জিনিসের প্রতি আপনার বেশ টান আছে মনে হচ্ছে।’
‘আসলে পুরনো জিনিসের মধ্যে সময় জমে থাকে।’
‘মানুষের মধ্যেও থাকে। শুধু আমরা সব সময় সেটা পড়তে পারি না।’
কথাটা শুনে নন্দিতা একটু অবাক হয়েছিল।

ভদ্রলোকের নাম অরিত্র মজুমদার। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। তাঁর স্ত্রী ছয় বছর আগে অসুস্থতায় মারা গিয়েছেন। একমাত্র মেয়ে বেঙ্গালুরুতে। অরিত্র এখন একাই থাকেন শ্যামবাজারের একটি। দোকান থেকে বেরিয়ে দু’জনে কিছুক্ষণ কলেজ স্ট্রিটের ফুটপাতে দাঁড়িয়ে কথা বলেছিল। কলকাতার পুরনো বাড়ি, উত্তর কলকাতার গলি, বইয়ের দোকান কথার বিষয় ফুরোচ্ছিল না। বিদায়ের সময় অরিত্র বলেছিলেন, ‘কখনও কফি খেতে ইচ্ছে করলে জানাবেন।’
নন্দিতা একটু হেসে বলেছিল, ‘কফি খেতে আমার আপত্তি নেই। কিন্তু অপরিচিত মানুষের সঙ্গে কফি খেতে যাই না।’
অরিত্রও হেসেছিলেন। ‘তা হলে পরিচিত হওয়ার সুযোগটা রইল।’

বাড়ি ফেরার পথে নন্দিতার মনে হয়েছিল, মানুষটি বেশ মজার। তার চেয়েও আশ্চর্যের কথা, এতদিন পরে কোনও অপরিচিত মানুষের সঙ্গে কথা বলে তার বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। যেন কথাগুলো আরও কিছুক্ষণ চলতে পারত। কয়েক দিন পরে অরিত্রের ফোন এল। বইয়ের দোকানের মালিকের কাছ থেকে নম্বর পেয়েছেন। নন্দিতা প্রথমে একটু অবাক হয়েছিল। তারপর স্বাভাবিক গলায় কথা বলল। অনেকক্ষণ কথা হল। কথার পিঠে কথা। এরপর সেদিন কফি খেতে দেখা করল, অক্সফোর্ড বুকস্টোরের কাছে। অরিত্র নিজের কাজের গল্প করলেন। কীভাবে পুরনো বাড়ির ভাঙা জানালা মেরামত করতে গিয়ে কখনও কখনও একটি পরিবারের ইতিহাসের সঙ্গে পরিচয় হয়ে যায়, কীভাবে কোনও পুরনো বারান্দা ভেঙে ফেলার আগে তিনি বাড়ির মালিককে দু’বার ভাবতে বলেন। নন্দিতা তার গয়নার নকশার কথা বলল। অরিত্র মন দিয়ে শুনলেন। মাঝেমধ্যে প্রশ্ন করলেন। নিজের কাজের কথা বলার সময় নন্দিতার মনে হল, এতদিন পরে কেউ তার পেশাকে শখ বলে উড়িয়ে দিল না। দু’জনের মধ্যে বন্ধুত্ব তৈরি হতে বেশি সময় লাগল না। তবে নন্দিতা নিজেকে সাবধান করেছিল। পঞ্চাশ বছর বয়সে এসে নতুন করে কারও প্রতি আকর্ষণ তৈরি হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু সেই আকর্ষণকে সম্পর্কের নাম দিতে হবে এমন কোনও নিয়মও নেই। অরিত্র একদিন বলেছিলেন, ‘আপনি কখনও প্রেম করেছেন?’ নন্দিতা কফির কাপ নামিয়ে রেখে বলেছিল, ‘না।’
‘কখনও না?’
‘না। আপনার শুনে অবিশ্বাস হচ্ছে?’
‘একটু।’
‘কেন?’।
অরিত্র কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন, ‘আপনার মধ্যে একটা অপেক্ষা করার স্বভাব আছে। মনে হয়, কাউকে সহজে জায়গা দেন না।’
নন্দিতা হেসেছিল। ‘আপনি কী মানুষের মনের নকশাও করেন নাকি?’
অরিত্র বলেছিলেন, ‘বাড়ির নকশা করতে করতে মানুষকে পড়ার অভ্যাস হয়েছে।’
তারপর নন্দিতা পাল্টা প্রশ্ন করেছিল, ‘আপনার তো বিয়ে হয়েছিল। আবার প্রেমে পড়ার কথা ভাবেন?’
অরিত্রের মুখে একটু বিষণ্ণতা এসেছিল। ‘যে মানুষ চলে যায়, সে কি জীবনের সমস্ত ভালবাসাও সঙ্গে নিয়ে যায়?’
নন্দিতা উত্তর দিতে পারেনি।

সেদিন বাড়ি ফিরে বাবার কথা মনে পড়েছিল। বাবা বলতেন, মানুষকে ভালবাসতে গেলে তাকে নিজের মতো থাকতে দিতে হয়। অরিত্রের মধ্যে বাবার মতোই একটা স্থিরতা আছে। নিজের অতীত নিয়ে কোনও লুকোছাপা নেই, আবার সেই অতীতকে সামনে রেখে অন্যের জীবন নিয়ন্ত্রণ করার চেষ্টাও নেই। কিন্তু নন্দিতার মনে একটা দ্বিধা রয়ে গিয়েছিল। একদিন মা ফোনে বললেন, ‘তোর বয়স পঞ্চাশ হল। এখনও যদি কাউকে পছন্দ হয়, তা হলে আর দেরি করিস না।’
নন্দিতা অবাক হয়ে বলল, ‘তুমি হঠাৎ এমন কথা বলছ কেন?’
‘তোর বাবার কথা মনে পড়ে। মানুষটা চলে যাওয়ার পর বুঝেছি, পাশে একজন মানুষ থাকা কত বড় ব্যাপার। তুই যদি কাউকে পাস, তাকে দূরে সরিয়ে রাখিস না।’ মায়ের গলায় সেদিন এমন একটা কোমলতা ছিল, যা নন্দিতা আগে খুব কম শুনেছে। রাতের দিকে অরিত্রের ফোন এল।
‘কাল রবিবার। আপনার সময় হবে?’
‘কেন?’
‘একটা বাড়ি দেখতে যাচ্ছি। শোভাবাজারে। ভাবলাম, আপনার ভাল লাগতে পারে। বাড়িটায় এখনও পুরনো দিনের কাঠের জানালা, লোহার রেলিং আর ছোট্ট একটা উঠোন আছে।’
নন্দিতা বলল, ‘যাব।’

পরদিন সকাল। কলকাতার রাস্তায় তখনও খুব বেশি ভিড় হয়নি। অরিত্র গাড়ি নিয়ে এসেছিলেন। শোভাবাজারের বাড়িটিতে ঢুকেই নন্দিতা মুগ্ধ হয়ে গেল। মাঝখানে ছোট্ট উঠোন, এক পাশে তুলসীমঞ্চ, আর দোতলায় কাঠের বারান্দা। পুরনো দেওয়ালের গায়ে সময়ের দাগ। কোথাও কোথাও চুন খসে পড়েছে। অথচ বাড়িটার মধ্যে একটা অদ্ভুত প্রাণ আছে।
অরিত্র বললেন, ‘সবাই নতুন বাড়ি চায়। পুরনো বাড়ি এখন কেউ আর বাঁচাতে চায় না।’
নন্দিতা বলল, ‘পুরনো জিনিসের সৌন্দর্য বুঝতে হলে একটু ধৈর্য লাগে।’
অরিত্র তার দিকে তাকিয়ে হাসলেন।
ফেরার পথে গাড়ির জানালা দিয়ে কলকাতার সকাল দেখছিল নন্দিতা। হঠাৎ অরিত্র বললেন, ‘আপনি জানেন, আমি আবার সংসার করতে চাই কি না, তা নিজেও ঠিক জানি না। তবে আপনার সঙ্গে কথা বলতে ভাল লাগে।’
নন্দিতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ‘আমিও জানি না। এতদিন একা থেকেছি। এখন কাউকে জীবনে জায়গা দিতে গেলে সময় লাগবে।’
‘আমি তাড়া দিচ্ছি না।’
‘সেটাই ভাল।’
গাড়ি তখন ময়দানের দিকে এগোচ্ছে। গঙ্গার উপর রোদ পড়েছে। জলের রং ধূসর থেকে ধীরে ধীরে সোনালি হয়ে উঠছে। নন্দিতা জানালার বাইরে তাকিয়ে ভাবল, জীবনে সবকিছুরই কী নির্দিষ্ট সময় থাকে? আঠারোতে প্রেম, পঁচিশে বিয়ে, তিরিশে সংসার, চল্লিশে সন্তান এই হিসাব কে তৈরি করেছে? মানুষের মন কী বয়স মেনে চলে?

সেদিন সন্ধ্যায় নন্দিতা নিজের ঘরে বসে ট্যারো কার্ড সাজাচ্ছিল। অনেক দিন পরে নিজের জন্য কার্ড পাতল। প্রথম কার্ডটি তুলে দেখে আবার রেখে দিল। তারপর হেসে ফেলল। ভবিষ্যৎ জানার জন্য কার্ডের প্রয়োজন নেই। জীবনের যে দরজাটি এতদিন বন্ধ রেখেছিল, সেটি খুলবে কী না, সেই সিদ্ধান্ত তার নিজের। রাতে অরিত্রের একটি ছোট্ট মেসেজ এল ‘আজকের দিনটা ভাল কাটল। আবার দেখা হবে?’
নন্দিতা অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। তারপর লিখল, ‘হবে। তবে এবার কফি আমার তরফ থেকে।’
ফোন রেখে সে বারান্দায় এসে দাঁড়াল। দূরে কোনও বাড়িতে রবীন্দ্রসঙ্গীত বাজছে। হাল্কা বাতাসে পর্দা দুলছে। আকাশে চাঁদ উঠেছে। নন্দিতা জানত না, অরিত্রই তার জীবনের সেই মানুষ কী না। জানত না, এই পরিচয় একদিন প্রেমে পরিণত হবে কি না। বিয়ের কথা ভাবারও কোনও তাড়া ছিল না তার। শুধু এটুকু বুঝেছিল, এতদিন যে অপেক্ষাকে সে জীবনের অপূর্ণতা বলে মনে করত, সেই অপেক্ষা হয়ত আসলে নিজের মতো করে বাঁচারই একটি পর্যায় ছিল।

পঞ্চাশ বছর বয়সে এসে প্রথম প্রেমের সম্ভাবনা তৈরি হওয়া নিয়ে লজ্জার কিছু নেই। এই বয়সে মানুষ জানে, কী চায় আর কী চায় না! জানে, ভালবাসা তো শুধুই কাউকে নিজের করে নেওয়া না। দু’জনের আলাদা পৃথিবীর মাঝখানে একটি জানালা খুলে দেওয়া। পরদিন সকালে নন্দিতা স্টুডিয়োয় যাওয়ার আগে আয়নায় নিজেকে দেখল। চুলে পাক ধরেছে। চোখের কোণে বয়সের রেখা। তবু মুখে অদ্ভুত একটা প্রশান্তি।
সে হেসে বলল, ‘বসন্ত আসতে দেরি হলে ক্ষতি কী?’
কলকাতার আকাশে সেদিন রোদ উঠেছিল। রাস্তার ধারে কৃষ্ণচূড়ার গাছে নতুন পাতা দেখা যাচ্ছে। গাছটি জানে না, তার জীবনে আবার ফুল ফুটবে কখন। তবু সে ডালপালা মেলে দাঁড়িয়ে থাকে। মানুষেরও বোধ হয় তাই করা উচিত। ভালবাসা আসুক বা না আসুক, জানালাটা খোলা রাখা দরকার। জীবনের সবচেয়ে সুন্দর পরিচয়গুলি অনেক সময় তখনই ঘটে, যখন মানুষ আর কোনও পরিচয়ের জন্য অপেক্ষা করে না। 🍁

 

 

🍁বইপাড়া /১ 

 

কোরেয়ার বিষয় নির্বাচনের দিকটিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নাৎসি নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের বিপর্যয়কে তিনি শুধু জার্মানির অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা হিসেবে দেখেননি। দেশত্যাগের পরেও উদ্বাস্তু মানুষের সামনে যে নতুন বাধা তৈরি হয়, সেদিকে দৃষ্টি দিয়েছেন। নিজের দেশ থেকে বিতাড়িত হওয়ার পর অন্য দেশের দরজায় দাঁড়িয়ে প্রত্যাখ্যাত হওয়ার অভিজ্ঞতা এক ভয়াবহ ঐতিহাসিক বাস্তবতা।

 

দ্য জার্মান গার্ল -এ কতটা জীবন্ত মানুষের বিপর্যয়

তনুজা বন্দ্যোপাধ্যায়

ইতিহাসের ভয়াবহতা নিয়ে উপন্যাস লেখার সবচেয়ে বড় বিপদ হল, বাস্তবের নিষ্ঠুর ঘটনাকে আবেগের আকর্ষণীয় উপাদানে পরিণত করে ফেলা। পাঠককে কাঁদানোর জন্য কয়েকটি অসহায় মুখ, একটি বিপন্ন পরিবার, সমুদ্রযাত্রা আর অনিশ্চিত ভবিষ্যতের ছবি সাজিয়ে দিলেই ঐতিহাসিক উপন্যাস তৈরি হয় না। প্রয়োজন সময়ের রাজনৈতিক নির্মমতা, মানুষের মনস্তত্ত্ব ও ইতিহাসের দায়কে শিল্পের ভিতরে বিশ্বাসযোগ্য করে তোলা। আরমান্দো লুকাস কোরেয়া-এর ‘দ্য জার্মান গার্ল’ (The German Girl) এই কঠিন কাজের দিকে এগিয়েছে। উপন্যাসটির কেন্দ্রে নাৎসি জার্মানির উত্থানের সময় দেশছাড়া হতে বাধ্য হওয়া একটি ইহুদি পরিবারের কাহিনি। কিন্তু বিষয়টির বিপুল ঐতিহাসিক গুরুত্বের তুলনায় উপন্যাসটি কতটা গভীর সাহিত্যিক নির্মাণে পৌঁছতে পেরেছে, সেই প্রশ্নও পাঠের সঙ্গে সঙ্গে সামনে আসে। দেখা যায়, উপন্যাসের পটভূমি ১৯৩০-এর দশকের শেষভাগের বার্লিন। ইহুদি পরিবারগুলির উপর রাষ্ট্রীয় নিপীড়ন ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। সামাজিক জীবনে বৈষম্য, নিরাপত্তাহীনতা এবং অপমানের পরিবেশ এমন জায়গায় পৌঁছেছে, যেখানে নিজের জন্মভূমিতেই একটি সম্প্রদায়ের অস্তিত্ব বিপন্ন।

এই পরিস্থিতিতে একজন কিশোরীকে কেন্দ্র করে গড়ে উঠেছে উপন্যাসের পপটভূমি। বইপত্র, নিরিবিলি জায়গা পরিবারের পরিচিত কণ্ঠস্বরের মধ্যে যে শৈশব তার বেড়ে উঠছিল, রাজনৈতিক উন্মত্ততা সেই জগৎকে ভেঙে দেয়। পরিবারকে সিদ্ধান্ত নিতে হয় পরিচিত ঘরবাড়ি, স্মৃতি, সামাজিক অবস্থান ও স্বাভাবিক জীবন ছেড়ে অন্য দেশে আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়তে হবে!

‘দ্য জার্মান গার্ল’ -এর সবচেয়ে মূল্যবান প্রশ্নটি অবশ্য আশ্রয় ও মানবিকতার সম্পর্ক নিয়ে। যে শিশু নিজের দেশ থেকে পালিয়ে এসেছে, তার কাছে নতুন দেশের দরজা খোলা থাকবে কি না, তা নির্ধারিত হয় না তার প্রয়োজনের ভিত্তিতে। রাষ্ট্রের স্বার্থ, জনমত এবং রাজনৈতিক হিসাব অনেক সময় মানবিক প্রয়োজনকে অগ্রাহ্য করে। এই বাস্তবতা শুধু অতীতের ইউরোপের নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ, জাতিগত নিপীড়ন ও রাজনৈতিক অস্থিরতার কারণে ঘরছাড়া মানুষের অভিজ্ঞতার সঙ্গে এর যোগ দেখা যায়। ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে উপন্যাসটি তাই পাঠককে অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করায়, সভ্যতার দাবি করা পৃথিবীতে আশ্রয়প্রার্থী মানুষের জন্য নিরাপদ জায়গা কোথায়?

এই দেশত্যাগের অভিজ্ঞতাই উপন্যাসের অন্যতম প্রধান অবলম্বন। জাহাজে ওঠার মুহূর্তে পরিবারের মনে যেমন মুক্তির আশা, তেমনি দেখা যায় অজানা ভবিষ্যতের ভয়। সমুদ্রযাত্রা এখানে এক পরিচিত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ অনিশ্চিত জীবনে প্রবেশের দিক। জাহাজের যাত্রীরা প্রত্যেকেই আশ্রয়ের প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছেন। তাঁদের কাছে সমুদ্রের ওপারে অপেক্ষা করছে এমন এক দেশ, যেখানে হয়ত আবার নিরাপদে বাঁচা যাবে। কিন্তু আশ্রয়ের আকাঙ্ক্ষা থাকলেই আশ্রয় মেলে না। রাষ্ট্রের সিদ্ধান্ত, কূটনৈতিক স্বার্থ ও অভিবাসন-সংক্রান্ত বিধিনিষেধ মানুষের জীবনকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারে, উপন্যাসের মূল সমস্যা তারই সঙ্গে যুক্ত।

এই জায়গায় কোরেয়ার বিষয় নির্বাচনের দিকটিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নাৎসি নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের বিপর্যয়কে তিনি শুধু জার্মানির অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা হিসেবে দেখেননি। দেশত্যাগের পরেও উদ্বাস্তু মানুষের সামনে যে নতুন বাধা তৈরি হয়, সেদিকে দৃষ্টি দিয়েছেন। নিজের দেশ থেকে বিতাড়িত হওয়ার পর অন্য দেশের দরজায় দাঁড়িয়ে প্রত্যাখ্যাত হওয়ার অভিজ্ঞতা এক ভয়াবহ ঐতিহাসিক বাস্তবতা। মানুষের জীবন তখন কাগজপত্র, অনুমতিপত্র, রাষ্ট্রীয় নীতি ও প্রশাসনিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয়ে পড়ে। একটি শিশুর কাছে এই রাজনীতি বোঝার কথা নয়; অথচ তার শৈশব, নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারিত হয় সেই রাজনীতির দ্বারাই। উপন্যাসের আর একটি গুরুত্বপূর্ণ দিক হল অতীত ও বর্তমানের মধ্যে যাতায়াত। বহু বছর পরে নিউ ইয়র্কে বসবাসকারী একজন তরুণী অতীতের একটি সমুদ্রযাত্রার সঙ্গে নিজের যোগসূত্র আবিষ্কার করে। এই অনুসন্ধানের মধ্য দিয়ে পারিবারিক স্মৃতি, পুরনো চিঠি, অসমাপ্ত কথোপকথন ও দীর্ঘদিন চাপা পড়ে থাকা ইতিহাস আখ্যানের অংশ হয়ে ওঠে। অতীত এখানে মৃত না।তা পরবর্তী প্রজন্মের পরিচয় ও মানসিকতার ভিতরে তার অস্তিত্ব রয়ে যায়। পরিবারের ইতিহাসে যে কথা বলা হয়নি, যে অভিজ্ঞতা আড়াল করা হয়েছে, কিংবা যে স্মৃতি সময়ের সঙ্গে বিকৃত হয়েছে, তা নতুন প্রজন্মের কাছে পরিচয়ের সমস্যা তৈরি করতে পারে।

অতীত ও বর্তমানের এই বিন্যাস উপন্যাসের শক্তি হওয়ার পাশাপাশি দুর্বলতার জায়গাও তৈরি করতে পারে। দুই সময়ের কাহিনিকে পাশাপাশি রাখলেই তাদের মধ্যে গভীর সংলাপ প্রতিষ্ঠিত হয় না। বর্তমানের চরিত্রটি যদি কেবল অতীতের রহস্য উন্মোচনের মাধ্যম হয়ে থাকে, তবে তার নিজস্ব মানসিক ও সামাজিক সংঘাত যথেষ্ট গুরুত্ব পায় না। একইভাবে অতীতের কাহিনি যদি বর্তমানের আবেগকে তীব্র করার জন্য ব্যবহৃত হয়, তবে ইতিহাসের নিজস্ব জটিলতা আড়ালে চলে যাওয়ার আশঙ্কা থাকে। এই ধরনের আখ্যানের সাফল্য নির্ভর করে দুই সময়ের চরিত্র ও অভিজ্ঞতার মধ্যে কতটা স্বাভাবিক যোগসূত্র তৈরি করা যাচ্ছে তার উপর। শুধু চিঠি, স্মৃতি কিংবা পারিবারিক সূত্রের সাহায্যে সেই যোগসূত্র নির্মাণ করলে তা অনেক সময় কাহিনির কৌশল হিসেবেই থেকে যায়। লেখকের বর্ণনায় উদ্বাস্তু মানুষের পরিচয় সঙ্কটও গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। একটি শিশু যখন দেখে, তার জন্মপরিচয়ই অন্যদের চোখে অপরাধের কারণ হয়ে উঠছে, তখন নিজের সম্পর্কে তার ধারণা ভেঙে পড়ে। যে ভাষা, সংস্কৃতি, বাড়ি ও পারিবারিক পরিবেশ তাকে এত দিন পরিচিত পৃথিবীর সঙ্গে যুক্ত রেখেছিল, সেগুলি হঠাৎ বিপদের চিহ্ন হয়ে ওঠে। নতুন দেশে পৌঁছেও সে নিশ্চিত হতে পারে না, তাকে গ্রহণ করা হবে কি না। ‘অপরিচিত’ বা ‘বিদেশি’ তকমা তখন শুধু সামাজিক দূরত্ব তৈরি করে না, মানুষের আত্মপরিচয়কেও প্রশ্নের মুখে দাঁড় করায়।

কিন্তু এই বিষয়গুলি যতটা গভীর সাহিত্যিক অনুসন্ধানের দাবি রাখে, ততটাই বিপজ্জনক আবেগনির্ভর সরলীকরণের সম্ভাবনাও বহন করে। উদ্বাস্তু শিশুর চোখ দিয়ে ইতিহাস দেখানোর সুবিধা হল, রাজনৈতিক নিষ্ঠুরতাকে ব্যক্তিগত ক্ষতির মধ্যে অনুভব করা যায়। কিন্তু অসুবিধা হল, বৃহত্তর ইতিহাস কখনও কখনও কয়েকটি আবেগঘন দৃশ্যের মধ্যে সংকুচিত হয়ে পড়তে পারে। পাঠকের সহানুভূতি অর্জন করা আর ঐতিহাসিক বাস্তবতার জটিলতা ব্যাখ্যা করা এক বিষয় না। একটি পরিবারের যন্ত্রণা দিয়ে একটি সময়ের নিষ্ঠুরতার আভাস দেওয়া সম্ভব, কিন্তু সেই সময়ের সমস্ত রাজনৈতিক ও সামাজিক মাত্রা তুলে ধরা সম্ভব নয়। উপন্যাসটি এই সীমারেখা কতটা অতিক্রম করতে পেরেছে, তা বিচার করা জরুরি। আর একটি প্রশ্ন ওঠে চরিত্র নির্মাণ নিয়ে। ইতিহাসের বিপর্যয়ের মধ্যে থাকা মানুষদের কেবল নির্যাতিত, অসহায় কিংবা আশ্রয়প্রার্থী হিসেবে দেখলে তাঁদের পূর্ণ মানবিক সত্তা ধরা পড়ে না। ভয় ও দুঃখের পাশাপাশি তাঁদের রাগ, স্বার্থ, ভুল সিদ্ধান্ত, দ্বিধা, ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং পরস্পরের সঙ্গে সংঘাতও থাকা প্রয়োজন। কারণ বিপর্যয়ের মুখে মানুষ কেবল পরিস্থিতির শিকার হয় না; সে কখনও ভুল করে, কখনও অন্যকে আঘাত করে, কখনও নিজের অস্তিত্ব রক্ষার জন্য কঠিন সিদ্ধান্ত নেয়। এই জটিলতাই চরিত্রকে রক্তমাংসের মানুষ করে তোলে। উপন্যাসের আবেগময় কাঠামো যদি চরিত্রগুলিকে প্রধানত সহানুভূতি আদায়ের মাধ্যম হিসেবে ব্যবহার করে, তবে তাদের স্বতন্ত্রতা ক্ষতিগ্রস্ত হয়।

‘দ্য জার্মান গার্ল’ -এর সবচেয়ে মূল্যবান প্রশ্নটি অবশ্য আশ্রয় ও মানবিকতার সম্পর্ক নিয়ে। যে শিশু নিজের দেশ থেকে পালিয়ে এসেছে, তার কাছে নতুন দেশের দরজা খোলা থাকবে কি না, তা নির্ধারিত হয় না তার প্রয়োজনের ভিত্তিতে। রাষ্ট্রের স্বার্থ, জনমত এবং রাজনৈতিক হিসাব অনেক সময় মানবিক প্রয়োজনকে অগ্রাহ্য করে। এই বাস্তবতা শুধু অতীতের ইউরোপের নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ, জাতিগত নিপীড়ন ও রাজনৈতিক অস্থিরতার কারণে ঘরছাড়া মানুষের অভিজ্ঞতার সঙ্গে এর যোগ দেখা যায়। ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে উপন্যাসটি তাই পাঠককে অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করায়, সভ্যতার দাবি করা পৃথিবীতে আশ্রয়প্রার্থী মানুষের জন্য নিরাপদ জায়গা কোথায়? উপন্যাসটির আবেগপ্রবণ আবেদনকে উৎকর্ষের একমাত্র মাপকাঠি করা চলে না। বিষয়টি গুরুত্বপূর্ণ বলেই তার উপস্থাপনাও কঠোর বিচারের দাবি রাখে। শরণার্থী জীবনের বেদনা, পারিবারিক স্মৃতির ভার এবং পরিচয় হারানোর ভয় এসব উপাদান নিজে থেকেই শক্তিশালী। লেখকের কাজ সেই শক্তিকে ভাষা, চরিত্র, কাঠামো ও বর্ণনার স্বাতন্ত্র্যে রূপ দেওয়া। পাঠককে আবেগাপ্লুত করা তুলনায় সহজ। কিন্তু পাঠ শেষ হওয়ার পরও চরিত্রগুলিকে জীবন্ত রেখে দেওয়া অনেক কঠিন। ইতিহাসের ভয়াবহতা যত বড়, তার সাহিত্যিক রূপায়ণে তত বেশি সংযম ও গভীরতা প্রয়োজন।

আরমান্দো লুকাস কোরেয়ার উপন্যাস সেই কঠিন বিষয়কে পাঠকের সামনে এনেছে। এর মূল্য দেশত্যাগের অভিজ্ঞতাকে পারিবারিক স্মৃতি ও প্রজন্মান্তরের পরিচয়সংকটের সঙ্গে যুক্ত করার মধ্যে। বিষয়বস্তুর গুরুত্বের কারণে এখানে সম্ভাব্য দুর্বলতাগুলি আড়াল করা উচিত নয়। কোথাও আবেগের উপর অতিরিক্ত নির্ভরতা, কোথাও চরিত্রের স্বাতন্ত্র্য নিয়ে সংশয়, আবার কোথাও অতীত ও বর্তমানের সংযোগ কতটা স্বাভাবিক? এই প্রশ্নগুলি পাঠকের বিচার দাবি করে। ‘দ্য জার্মান গার্ল’ নিখুঁত উপন্যাসের মর্যাদা পায় কি না, তার চেয়ে বড় কথা, এটি ইতিহাসের নির্মম অধ্যায়ের দিকে নতুন করে তাকানোর সুযোগ তৈরি করে। শেষ পর্যন্ত বইটির সার্থকতা নির্ভর করবে পাঠক একটি দুঃখী পরিবারের কথা মনে রাখলেন, নাকি সেই পরিবারের বিপর্যয়ের ভিতর দিয়ে রাষ্ট্র, পরিচয় ও মানবিকতার নির্মম সম্পর্কটিও চিনতে পারলেন, তারই উপর।🍁

 

 

 

🍂বইপত্র /২

 

ম্যাককালার্সের উপন্যাসের সবচেয়ে বড় সাফল্য এখানেই। তিনি নিঃসঙ্গতাকে একা থাকার অভিজ্ঞতা হিসেবে দেখেননি। মানুষের ভিড়ের মধ্যেও কীভাবে একজন মানুষ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারেন, সেই জটিল মানসিক অবস্থাকে সামনে এনেছেন। সিঙ্গারকে ঘিরে অন্য চরিত্রগুলির যে আবেগময় নির্ভরতা তৈরি হয়, তার মধ্যে ভালবাসা যেমন আছে। তেমনি ঘূর্ণায়মান আত্মকেন্দ্রিকতার সূক্ষ্ম উপস্থিতি। প্রত্যেকে সিঙ্গারের মধ্যে নিজের প্রয়োজনমতো একজন শ্রোতাকে আবিষ্কার করেন। তাঁরা তাঁকে মানুষ হিসেবে কতটা জানেন, সেই প্রশ্নটি উপন্যাসের পরতে পরতে ফিরে আসে।

 

দ্য হার্ট ইজ আ লোনলি হান্টার

ও

নিঃসঙ্গতার গভীর পাঠ

প্রিয়াঙ্কা চতুর্বেদী

কেউ কথা বলে নিজের দুঃখের কথা জানাতে, কেউ নিজের স্বপ্নের কথা শোনাতে, কেউ আবার পৃথিবীর বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ উগরে দিতে। অথচ যার সামনে এত কথা বলা হচ্ছে, সে মানুষটি শুনতেই পায় না। এই আপাতবিরোধী পরিস্থিতিকেই উপন্যাসের কেন্দ্রে রেখে এক অসামান্য মানবিক আখ্যান নির্মাণ করেছেন মার্কিন কথাসাহিত্যিক কারসন ম্যাককালার্স (Carson McCullers)। তাঁর প্রথম উপন্যাস ‘দ্য হার্ট ইজ আ লোনলি হান্টার’ (The Heart Is a Lonely Hunter) প্রকাশিত হয় ১৯৪০ সালে। লেখিকার বয়স তখন মাত্র তেইশ। এত অল্প বয়সে এমন সংযত, বিষণ্ণ ও মনস্তাত্ত্বিক গভীরতায় সমৃদ্ধ উপন্যাস রচনা নিঃসন্দেহে বিস্ময়কর। কিন্তু বইটির গুরুত্ব শুধু লেখিকার বয়সের সঙ্গে সম্পর্কিত না। মানুষের নিঃসঙ্গতা, আত্মপ্রকাশের আকাঙ্ক্ষা ও পারস্পরিক বোঝাপড়ার ব্যর্থতাকে যে সূক্ষ্মতায় এখানে ধরা হয়েছে, তা উপন্যাসটিকে সময়ের গণ্ডি ছাড়িয়ে নিয়ে গিয়েছে। উপন্যাসের পটভূমি ১৯৩০-এর দশকের আমেরিকার দক্ষিণাঞ্চলের একটি শিল্পনগরী। কলকারখানার শ্রম, শ্রেণিগত বৈষম্য, বর্ণবিদ্বেষ, আর্থসামাজিক অনিশ্চয়তায় ঘেরা সেই জনপদে মানুষের জীবন যেন প্রতিদিন একই বৃত্তে ঘুরপাক খায়।

এই পরিবেশের কেন্দ্রে অবস্থান করছেন জন সিঙ্গার। একজন বধির মানুষ। পেশায় তিনি রুপোর জিনিসে নকশা খোদাই করেন। তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী স্পাইরোস আন্তোনাপোলাসও শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী। দু’জনের মধ্যে কথাবার্তার প্রচলিত মাধ্যম না থাকলেও তাঁদের পারস্পরিক বোঝাপড়ার একটি নিজস্ব জগৎও আছে।

‘দ্য হার্ট ইজ আ লোনলি হান্টার’ একক কেন্দ্রীয় চারিত্রের সাফল্য বা ব্যর্থতার গল্প হিসেবে দেখা ঠিক হবে না। এটি এমন কিছু মানুষের আখ্যান, যাঁরা প্রত্যেকে নিজের মতো করে ভালবাসা, স্বীকৃতি ও বোঝাপড়ার অপেক্ষায় রয়েছেন। তাঁদের কেউ রাজনৈতিক পরিবর্তন চান, কেউ সঙ্গীতের মধ্যে মুক্তি খোঁজেন, কেউ সামাজিক অপমানের বিরুদ্ধে দাঁড়াতে চান, আবার কেউ কেবল এমন একজন মানুষকে চান, যাঁর সামনে নিজের কথা নির্ভয়ে বলা যায়। কিন্তু প্রত্যেকের জীবনে কোথাও একটি মৌলিক অভাব থেকে যায়।

কিন্তু পরিস্থিতির চাপে আন্তোনাপোলাসকে একটি প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হলে সিঙ্গারের জীবনে নেমে আসে গভীর নিঃসঙ্গতা। এই বিচ্ছিন্নতার পরেই উপন্যাসের এক অদ্ভুত সামাজিক পরিসর তৈরি হয়। আশপাশের কয়েকজন মানুষ সিঙ্গারের কাছে আসতে শুরু করেন। প্রত্যেকে নিজের মতো করে তাঁকে বিশ্বাস করেন, নিজের জীবনের কথা বলেন ও মনে করেন, এই মানুষটি তাঁদের অন্তরের কথাগুলি বুঝতে পারেন। তাঁদের কাছে সিঙ্গার হয়ে ওঠেন এক নীরব আশ্রয়। কিন্তু এই সম্পর্কের মধ্যে ঘুরছে করুণ অসমতা। তাঁরা কথা বলেন, নিজেদের আকাঙ্ক্ষা ও হতাশার কথা জানান। অথচ সিঙ্গারের নিজস্ব বেদনা, চাহিদা কিংবা একাকিত্ব সম্পর্কে তাঁদের প্রায় আগ্রহ প্রায় নেই বললেই চলে। যে মানুষটির কাছে সবাই আশ্রয় খুঁজছেন, তাঁর নিজের আশ্রয়ের প্রয়োজনটিই যেন কারও চোখে পড়ে না।

ম্যাককালার্সের উপন্যাসের সবচেয়ে বড় সাফল্য এখানেই। তিনি নিঃসঙ্গতাকে একা থাকার অভিজ্ঞতা হিসেবে দেখেননি। মানুষের ভিড়ের মধ্যেও কীভাবে একজন মানুষ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারেন, সেই জটিল মানসিক অবস্থাকে সামনে এনেছেন। সিঙ্গারকে ঘিরে অন্য চরিত্রগুলির যে আবেগময় নির্ভরতা তৈরি হয়, তার মধ্যে ভালবাসা যেমন আছে। তেমনি ঘূর্ণায়মান আত্মকেন্দ্রিকতার সূক্ষ্ম উপস্থিতি। প্রত্যেকে সিঙ্গারের মধ্যে নিজের প্রয়োজনমতো একজন শ্রোতাকে আবিষ্কার করেন। তাঁরা তাঁকে মানুষ হিসেবে কতটা জানেন, সেই প্রশ্নটি উপন্যাসের পরতে পরতে ফিরে আসে। এই চরিত্রসমষ্টির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মিক কেলি। কিশোরী মিকের বয়স তেরো। তার স্বপ্ন সঙ্গীতকে ঘিরে। অথচ অর্থনৈতিক সীমাবদ্ধতা তাকে সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছতে দেয় না। একটি পিয়ানো পাওয়ার আকাঙ্ক্ষা। সঙ্গীতের প্রতি গভীর টান ও নিজের চারপাশের সীমিত পৃথিবী অতিক্রম করার ইচ্ছা তাকে উপন্যাসের অন্যতম প্রাণবন্ত চরিত্র করে তুলেছে। তার চোখে ভবিষ্যৎ সম্ভাবনায় ভরা কিন্তু বাস্তবের কঠিন দেওয়াল ক্রমশ সেই সম্ভাবনাকে সঙ্কুচিত করে। সঙ্গীতের প্রতি মিকের আকর্ষণ শুধু শখ হিসেবে দেখলে ভুল হবে। এখানে এমন এক অন্তর্জগতের সন্ধান মেলে যে দারিদ্র্য, পারিবারিক দায় কিংবা সামাজিক অবস্থান তাকে আটকে রাখতে পারে না। মিকের অভিজ্ঞতার মধ্য দিয়ে লেখিকা দেখিয়েছেন, শিল্পের প্রতি আকাঙ্ক্ষা মানুষের জীবনে কতটা গভীর আশ্রয় হয়ে উঠতে পারে।

অন্যদিকে ডক্টর কোপল্যান্ড চরিত্রটির মধ্যে বহমান জাতিগত বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ। তিনি একজন কৃষ্ণাঙ্গ চিকিৎসক। নিজের সম্প্রদায়ের মানুষের প্রতি সমাজের অবিচার তাঁকে ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত করে রেখেছে। তাঁর প্রতিবাদী মনোভাব ব্যক্তিগত অভিমান ছাড়িয়ে বৃহত্তর সামাজিক প্রশ্নের সঙ্গে যুক্ত। জ্যাক ব্লাউন্ট আবার একজন ভবঘুরে। তাঁর মধ্যে আছে বিপ্লবের স্বপ্ন এবং সমাজব্যবস্থা বদলে দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু তার রাজনৈতিক আবেগের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক সব সময় সুসংহত না। আর ক্যাফের মালিক বিফ ব্র্যানন এই বিচিত্র মানুষগুলির জীবনকে কাছ থেকে দেখেন। তাঁর ক্যাফে যেন শহরের একটি ক্ষুদ্র সামাজিক মানচিত্র, সেখানে বিভিন্ন শ্রেণি, চিন্তা ও মানসিকতার মানুষের দেখা মেলে। এই চরিত্রগুলিকে পাশাপাশি বসিয়ে লেখিকা শুধু কয়েকটি ব্যক্তিগত জীবনের কাহিনি বলেননি। ১৯৩০-এর দশকের মার্কিন দক্ষিণাঞ্চলের সামাজিক বাস্তবতাকেও তুলে ধরেছেন। বর্ণবিদ্বেষ, অর্থনৈতিক অনটন, শ্রমজীবী মানুষের সীমাবদ্ধতা ও সামাজিক ক্ষমতার অসম বণ্টন উপন্যাসের ভিতরে প্রবাহিত।

উপন্যাসটিতে সামাজিক সমস্যাগুলি ব্যক্তিগত অভিজ্ঞতা ও মানসিক সংকটের মধ্য দিয়ে সেগুলি পাঠকের সামনে এসেছে। ফলে চরিত্রগুলির দুঃখ-কষ্ট-যন্ত্রণা বৃহত্তর সমাজের ব্যর্থতার সঙ্গেও যুক্ত হয়ে যায়। ম্যাককালার্সের লেখার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সংযম। অকারণ অলঙ্কার, অতিনাটকীয়তা কিংবা আবেগের অতিরিক্ত প্রদর্শন তাঁর লেখার প্রধান অবলম্বন নয়। ছোট ছোট পর্যবেক্ষণ, দৈনন্দিন কথোপকথন ও চরিত্রের আচরণের মধ্য দিয়ে তিনি মানুষের ভিতরের অস্থিরতা প্রকাশ করেন। পাঠক চরিত্রগুলির সঙ্গে সময় কাটাতে কাটাতে নিজেই তাদের দুঃখের অংশীদার হয়ে ওঠেন। বিশেষত মিকের সঙ্গীত বিষয়ক ভাবনা ও সিঙ্গারের নীরব উপস্থিতি উপন্যাসের আবহকে দীর্ঘস্থায়ী করে। উপন্যাসটির কিছু সীমাবদ্ধতার মধ্যে উল্লেখযোগ্য হল, কাহিনির গতি অত্যন্ত মন্থর। প্রচলিত অর্থে ঘটনাবহুল উপন্যাসের প্রত্যাশা নিয়ে কেউ বইটি পড়তে শুরু করলে মাঝেমধ্যে ধৈর্য হারাতে পারেন। এখানে নাটকীয় ঘটনার চেয়ে চরিত্রের মানসিক অবস্থার বিবরণ বেশি গুরুত্ব পেয়েছে। ফলে কিছু অংশে কাহিনির প্রবাহ স্থবির বলে মনে হতে পারে। কয়েকটি চরিত্রের মধ্যে প্রতীকী বৈশিষ্ট্য এতটাই প্রবল যে তাদের স্বতন্ত্র মানবিক জটিলতা কিছুটা আড়াল হয়ে যায়। বিশেষত সিঙ্গারকে ঘিরে অন্যদের প্রত্যাশা ও তাদের নিজস্ব মানসিক সঙ্কটের বিন্যাস কখনও কখনও বাস্তব জীবনের স্বাভাবিক অসংলগ্নতার তুলনায় অতিরিক্ত পরিকল্পিত বলে মনে হয়। আরও একটি প্রশ্ন থেকে যায় সিঙ্গারের চরিত্র নির্মাণ নিয়ে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রটির অন্তর্জগতের পূর্ণ পরিচয় পাঠক পান না। অন্য চরিত্ররা তাঁকে নিয়ে নিজেদের ধারণা তৈরি করেন, কিন্তু সিঙ্গার নিজে কী ভাবছেন, তাঁর নিঃসঙ্গতার গভীরতা কতটা, তা অনেকখানি অনাবিষ্কৃত থেকে যায়। অবশ্য এই অনুপস্থিতি লেখিকার সচেতন শিল্পকৌশলও হতে পারে। তবু পাঠকের মনে প্রশ্ন জাগে, সিঙ্গার কী শুধু অন্যদের আত্মপ্রকাশের আয়না হয়ে থাকবেন? তাঁর নিজের আকাঙ্ক্ষা ও যন্ত্রণার স্বতন্ত্র ভাষা কোথায়? উপন্যাসের এই দ্বন্দ্ব একদিকে শিল্পমূল্য বৃদ্ধি করে। অন্যদিকে চরিত্রটির পূর্ণ বিকাশ নিয়ে সংশয়ও তৈরি করে।

উপন্যাসের শেষভাগ বিষণ্ণ এবং কঠিন। সেখানে কোনও সহজ সমাধান নেই। নেই প্রচলিত অর্থে আশাবাদী পরিণতি। মানুষের আকাঙ্ক্ষা ও বাস্তবতার সঙ্ঘাত শেষ পর্যন্ত এমন এক জায়গায় পৌঁছয়, যেখানে পাঠককে নিজের মতো করে অর্থ খুঁজে নিতে হয়। এই পরিণতি কিছু পাঠকের কাছে অতিরিক্ত নিরাশাব্যঞ্জক মনে হতে পারে। আবার বর্ণবিদ্বেষ ও সামাজিক বৈষম্যের যে চিত্র এখানে রয়েছে, তার ভাষা ও উপস্থাপনায় তৎকালীন আমেরিকার সামাজিক পরিবেশের ছাপ আছে। বর্তমান সময়ের পাঠকের কাছে সেই ভাষা ও কিছু বর্ণনাভঙ্গি অস্বস্তিকর মনে হওয়া অস্বাভাবিক নয়। ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা না করে এই অংশগুলিকে বিচার করলে উপন্যাসের সামাজিক তাৎপর্য সম্পূর্ণ ধরা পড়বে না।

‘দ্য হার্ট ইজ আ লোনলি হান্টার’ একক কেন্দ্রীয় চারিত্রের সাফল্য বা ব্যর্থতার গল্প হিসেবে দেখা ঠিক হবে না। এটি এমন কিছু মানুষের আখ্যান, যাঁরা প্রত্যেকে নিজের মতো করে ভালবাসা, স্বীকৃতি ও বোঝাপড়ার অপেক্ষায় রয়েছেন। তাঁদের কেউ রাজনৈতিক পরিবর্তন চান, কেউ সঙ্গীতের মধ্যে মুক্তি খোঁজেন, কেউ সামাজিক অপমানের বিরুদ্ধে দাঁড়াতে চান, আবার কেউ কেবল এমন একজন মানুষকে চান, যাঁর সামনে নিজের কথা নির্ভয়ে বলা যায়। কিন্তু প্রত্যেকের জীবনে কোথাও একটি মৌলিক অভাব থেকে যায়। অন্যের কাছে পৌঁছনোর আকাঙ্ক্ষা থাকলেও অন্যকে সত্যিকার অর্থে জানার চেষ্টা প্রায়শই অসম্পূর্ণ। এই কারণেই কারসন ম্যাককালার্সের উপন্যাস প্রকাশের বহু দশক পরেও পাঠকের মনে প্রশ্ন জাগায়। আমরা কী সত্যিই অন্যের কথা শুনি? নাকি নিজের কথাই বলার জন্য একজন শ্রোতা খুঁজি? তাঁকে আপন বলে মনে করি, তাঁর প্রয়োজন ও নিঃসঙ্গতার খবর কতটা রাখি? বইটি এই প্রশ্নগুলির উত্তর দেয় না। কিন্তু পাঠককে নিজের সম্পর্কগুলির দিকে নতুন করে তাকাতে বাধ্য করে। উপন্যাসের কিছু মন্থরতা, প্রতীকী চরিত্রায়ণ ও বিষণ্ণ পরিণতির সীমাবদ্ধতা সত্ত্বেও উপন্যাসটির মানবিক গভীরতা অস্বীকার করা যায় না। যে বই পড়া শেষ হওয়ার পরও তার চরিত্রগুলি মনে থেকে যায়, তাদের অসমাপ্ত কথাগুলি পাঠকের ভিতরে প্রতিধ্বনিত হয়, সেই বইয়ের মূল্য কেবল কাহিনির সাফল্যে মাপা যায় না। ম্যাককালার্সের এই উপন্যাস তেমনি নিঃশব্দ অথচ দীর্ঘস্থায়ী পাঠ-অভিজ্ঞতা। 🍁

 

 

🍂বেড়ানো 

 

স্থানীয় তাঁতশিল্পের সঙ্গে পরিচিত হতে চাইলে যাওয়া যায় তাঁতিবাড়িতে। মুর্শিদাবাদের রেশমের শাড়ি, গরদ ও অন্যান্য বস্ত্র কী ভাবে তৈরি হয়, তা কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায়। পছন্দ হলে কেনাকাটাও করতে পারেন। জিয়াগঞ্জ ও আজিমগঞ্জে থাকার জন্য কয়েকটি হোটেল রয়েছে, যদিও বিকল্পের সংখ্যা খুব বেশি নয়। কলকাতা থেকে সড়কপথে সরাসরি যাওয়া যায়। ট্রেনে হাওড়া থেকে আজিমগঞ্জ এবং শিয়ালদহ থেকে জিয়াগঞ্জ পৌঁছনোর সুযোগ আছে। 

 

কলকাতা থেকে দু’দিনের ছুটি

নদী-জঙ্গল-ইতিহাসের টানে ঘুরে আসুন কাছেপিঠেই

অভিরাজ চক্রবর্তী

কলকাতা বা মেট্রোপলিটন এলাকার ব্যস্ততা, যানজট আর প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে সাময়িক বিরতি পেতে সব সময় লম্বা ছুটির প্রয়োজন হয় না। সপ্তাহের শেষে হাতে দু’দিন সময় থাকলেই বেরিয়ে পড়া যায় কাছেপিঠের কোনও নিরিবিলি ঠিকানায় (Weekend Trip from Kolkata)। নভেম্বরের হালকা শীত, মিঠে রোদ, নীল আকাশ আর মনোরম বাতাস বেড়ানোর জন্য তৈরি করেছে অনুকূল পরিবেশ। এই সময়ে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা না থাকলেও বাংলার বিভিন্ন প্রান্তে রয়েছে নদী, অরণ্য, গ্রামজীবন ও ইতিহাসের হাতছানি। কলকাতা থেকে কয়েক ঘণ্টার পথ পেরিয়েই পৌঁছে যাওয়া যায় এমন কিছু জায়গায়, যেখানে শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছাকাছি কাটানো সম্ভব দু’টি দিন। মুর্শিদাবাদের প্রাচীন মন্দির থেকে নদিয়ার বাউল সংস্কৃতি, শান্তিপুরের তাঁতশিল্প, ঝাড়গ্রামের শালবন কিংবা বাঁকুড়ার জয়পুর অরণ্য, স্বল্প সময়ের ভ্রমণের জন্য পাঁচটি ঠিকানা হতে পারে আকর্ষণীয় বিকল্প।

অরণ্যের নির্জনতা, শালগাছের সারি আর নদীর সৌন্দর্য যাঁদের টানে, তাঁদের জন্য ঝাড়গ্রামের হাতিবাড়ি (Hatibari) হতে পারে আকর্ষণীয় গন্তব্য। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডের সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত এই এলাকা প্রকৃতিপ্রেমীদের কাছে পরিচিত। ঝাড়গ্রাম জেলার এই অঞ্চলে রয়েছে শালবন এবং সুবর্ণরেখা নদীর প্রাকৃতিক পরিবেশ। হাতিবাড়ির অন্যতম বৈশিষ্ট্য হাতির চলাচলের পথ বা এলিফ্যান্ট করিডোর (Elephant Corridor)। এই পথে বন্য হাতির যাতায়াত আছে।

মুর্শিদাবাদ বলতে অধিকাংশ পর্যটকের মনে প্রথমেই ভেসে ওঠে হাজারদুয়ারি প্রাসাদ, নবাবি আমলের ইতিহাস কিংবা ভাগীরথীর তীরের পুরনো স্থাপত্য। কিন্তু জেলার আরও কিছু জায়গাও আছে, যেগুলি তুলনায় কম পরিচিত হলেও ইতিহাস ও স্থাপত্যের বিচারে যথেষ্ট সমৃদ্ধ। জিয়াগঞ্জ (Jiaganj) ও আজিমগঞ্জ (Azimganj) তেমনই দু’টি জনপদ। ভাগীরথী নদীর দু’পারে গড়ে ওঠা এই শহর দু’টির অলিগলিতে ছড়িয়ে রয়েছে পুরনো বাড়ি, জৈন মন্দির, শিবমন্দির ও ঐতিহাসিক স্থাপত্যের নানা নিদর্শন। নদীর এক দিক থেকে অন্য দিকে যেতে যেতে পর্যটকেরা বাংলার অতীতের নানা অধ্যায়ের সঙ্গে পরিচিত হতে পারেন। এই অঞ্চলের অন্যতম আকর্ষণ বড়নগর (Baranagar)। রানি ভবানী (Rani Bhavani) এখানে একাধিক মন্দির নির্মাণ করিয়েছিলেন। তাঁর পরিকল্পনায় বড়নগরকে ‘গুপ্ত বারাণসী’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে প্রচলিত রয়েছে। সেই সময় নির্মিত টেরাকোটার মন্দিরগুলি আজও দর্শনার্থীদের আকর্ষণ করে। বিশেষ করে চার বাংলা মন্দির (Char Bangla Temple) স্থাপত্যের দিক থেকে উল্লেখযোগ্য। একটি প্রাঙ্গণের চারদিকে মুখোমুখি চারটি মন্দিরের অবস্থান। বাংলার প্রচলিত কুঁড়েঘরের আদলে তৈরি মন্দিরগুলির প্রবেশপথে রয়েছে খিলান। মন্দিরের দেওয়ালে পোড়ামাটির ফলকে ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত ও তৎকালীন সমাজজীবনের নানা ছবি। ইতিহাস ও স্থাপত্যের প্রতি আগ্রহ থাকলে এখানে বেশ কিছুটা সময় কাটানো যায়। জিয়াগঞ্জ-আজিমগঞ্জের পাশাপাশি কাঠগোলা প্যালেস (Kathgola Palace) ঘুরে দেখতে পারেন। প্রাসাদোপম অট্টালিকা, পুরনো জৈন স্থাপত্য ও সংগ্রহশালার কারণে জায়গাটি পর্যটকদের কাছে আকর্ষণীয়।

স্থানীয় তাঁতশিল্পের সঙ্গে পরিচিত হতে চাইলে যাওয়া যায় তাঁতিবাড়িতে। মুর্শিদাবাদের রেশমের শাড়ি, গরদ ও অন্যান্য বস্ত্র কী ভাবে তৈরি হয়, তা কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায়। পছন্দ হলে কেনাকাটাও করতে পারেন। জিয়াগঞ্জ ও আজিমগঞ্জে থাকার জন্য কয়েকটি হোটেল রয়েছে, যদিও বিকল্পের সংখ্যা খুব বেশি নয়। কলকাতা থেকে সড়কপথে সরাসরি যাওয়া যায়। ট্রেনে হাওড়া থেকে আজিমগঞ্জ এবং শিয়ালদহ থেকে জিয়াগঞ্জ পৌঁছনোর সুযোগ আছে। নদীয়া জেলার কৃষ্ণনগরের কাছে ছোট্ট গ্রাম আসাননগর (Asannagar) শহুরে ব্যস্ততা থেকে দূরে দু’দিন কাটানোর জন্য অন্য রকম অভিজ্ঞতা দিতে পারে। এই গ্রামের পরিচিতি মূলত বাউল-ফকির সংস্কৃতির সঙ্গে জড়িত। প্রতি বছর শীতের সময়ে এখানে আয়োজিত হয় লালন মেলা (Lalon Mela)।

এখানে দুই বাংলার বাউল ও ফকিরেরা এই আয়োজনে অংশ নেন। লোকসংগীত, আধ্যাত্মিক ভাবনা ও গ্রামীণ সংস্কৃতির মেলবন্ধনে মেলার পরিবেশ হয়ে ওঠে আলাদা আকর্ষণের কেন্দ্র। যাঁরা শহরের বিনোদনের বাইরে বাংলার লোকজ সংস্কৃতির স্বাদ পেতে চান, তাঁদের জন্য আসাননগর হতে পারে উপযুক্ত গন্তব্য। গ্রামের চারপাশে সবুজ জমি, মেঠো পথ ও নিরিবিলি পরিবেশ। ভোরে ঘুম থেকে উঠে আলপথ ধরে হাঁটতে বেরিয়ে পড়া যায়। প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর পাশাপাশি ঝোড় নদীর ধারেও যাওয়া যেতে পারে। স্থানীয় পরিবেশ ও পরিস্থিতি বুঝে নদীতে স্নানের পরিকল্পনা করা যায়। কলকাতা থেকে আসাননগরের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। সড়কপথে যেতে সময় লাগতে পারে চার থেকে সাড়ে চার ঘণ্টা। ট্রেনে প্রথমে কৃষ্ণনগর পৌঁছে সেখান থেকে অটো কিংবা গাড়ি ভাড়া করে আসাননগর যাওয়া যায়। গ্রামে থাকার ব্যবস্থা সীমিত। একটি বেসরকারি অতিথিনিবাসের কথা জানা যায়। তাই যাওয়ার আগে থাকার জায়গা সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি। নদীয়ার আর একটি আকর্ষণ শান্তিপুর (Shantipur)। রাস উৎসব এবং কালীপুজোর জন্য পরিচিত এই জনপদকে অনেকেই কেবল উৎসবের সময়েই বেড়ানোর তালিকায় রাখেন। অথচ বছরের অন্য সময়েও শান্তিপুরে ঘুরে দেখার মতো অনেক কিছু আছে।

ভাগীরথী নদীর তীরবর্তী এই শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে বৈষ্ণব ধর্মীয় ইতিহাস। প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, সন্ন্যাস গ্রহণের পর চৈতন্যদেব (Chaitanya Mahaprabhu) প্রথম শান্তিপুরে এসেছিলেন। অদ্বৈতাচার্যের (Advaita Acharya) সাধনক্ষেত্র অদ্বৈতপীঠ (Advaita Peeth) এখানকার অন্যতম পরিচিত ধর্মীয় স্থান। শান্তিপুরের অলিগলিতে ছড়িয়ে রয়েছে নানা সময়ের স্থাপত্য। তোপখানার মসজিদ, ইটের তৈরি আটচালা শ্যামচাঁদ মন্দির, আগমেশ্বরী মন্দির ও জলেশ্বরের শিবমন্দির ঘুরে দেখা যেতে পারে। পুরনো গোস্বামী বাড়ি-সহ একাধিক ঐতিহ্যবাহী বাড়িও এই শহরের ইতিহাসের সাক্ষ্য বহন করছে। তবে শান্তিপুরের পরিচয়ের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে তাঁতশিল্প। এখানকার তাঁতিপাড়ায় গেলে শাড়ি তৈরির নানা পর্যায় চোখের সামনে দেখা যায়। সুতো প্রস্তুত করা, রং করা, নকশা তৈরি ও তাঁতে কাপড় বোনার কাজে কতটা সময় ও শ্রম লাগে, তা কাছ থেকে বোঝা যায়। পছন্দের শাড়ি কেনার সুযোগও আছে। শান্তিপুরে দু’দিন থাকলে আশপাশের আরও কিছু জায়গা ঘুরে নেওয়া যায়। বনগাঁর কাছে ইছামতী নদীর তীরে মঙ্গলগঞ্জের নীলকুঠি (Mangalganj Indigo House) তেমনই একটি গন্তব্য। পুরনো নীলকুঠিকে ঘিরে নানা ভৌতিক কাহিনি প্রচলিত রয়েছে। নির্জন পরিবেশ ও ঔপনিবেশিক আমলের স্থাপত্য দেখতে অনেক পর্যটক সেখানে যান। শান্তিপুর থেকে সড়কপথে এই জায়গার দূরত্ব আনুমানিক ৫০ কিলোমিটার। ফলে হাতে অতিরিক্ত সময় থাকলে এক দিনের ঘোরার পরিকল্পনায় মঙ্গলগঞ্জকে রাখা যেতে পারে। শান্তিপুরে নদীর ধারে একাধিক রিসর্ট রয়েছে। সেখানে থাকার পাশাপাশি স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগও মেলে। এখানকার জনপ্রিয় মিষ্টি নিখুঁতি চেখে দেখতে ভুলবেন না। শিয়ালদহ থেকে ট্রেনে শান্তিপুর পৌঁছনো যায়। সড়কপথেও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে যাতায়াত করা সম্ভব।

অরণ্যের নির্জনতা, শালগাছের সারি আর নদীর সৌন্দর্য যাঁদের টানে, তাঁদের জন্য ঝাড়গ্রামের হাতিবাড়ি (Hatibari) হতে পারে আকর্ষণীয় গন্তব্য। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডের সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত এই এলাকা প্রকৃতিপ্রেমীদের কাছে পরিচিত। ঝাড়গ্রাম জেলার এই অঞ্চলে রয়েছে শালবন এবং সুবর্ণরেখা নদীর প্রাকৃতিক পরিবেশ। হাতিবাড়ির অন্যতম বৈশিষ্ট্য হাতির চলাচলের পথ বা এলিফ্যান্ট করিডোর (Elephant Corridor)। এই পথে বন্য হাতির যাতায়াত আছে। তবে হাতির দেখা পাওয়ার সম্ভাবনা থাকলেও তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা উচিত নয়। অরণ্যে ঘোরার সময় বন দফতরের নির্দেশ ও স্থানীয় নিয়ম মেনে চলাও জরুরি। হাতিবাড়ি থেকে ঘুরে আসা যায় চিল্কিগড় (Chilkigarh)। এখানে আছে জামবনির রাজা গোপীনাথ সিংহের (Gopinath Singh) প্রায় ৩০০ বছরের পুরনো রাজবাড়ি। সময়ের প্রভাবে প্রাসাদের বিভিন্ন অংশ জীর্ণ হয়ে পড়লেও তার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কাছেই কনকদুর্গা মন্দির (Kanak Durga Temple) অবস্থিত। ব্যক্তিগত গাড়ি থাকলে এই জায়গাগুলি একসঙ্গে ঘুরে দেখা সুবিধাজনক। থাকার জন্য পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের অতিথি আবাসের ব্যবস্থা আছে বলে জানা যায়। জঙ্গলঘেরা পরিবেশে রাত কাটানোর অভিজ্ঞতা শহুরে পর্যটকদের কাছে আকর্ষণীয় হতে পারে। ট্রেনে হাওড়া থেকে ঝাড়গ্রাম যাওয়া যায়। এক্সপ্রেস ও লোকাল দু’ধরনের ট্রেনের সুযোগ ব্যবস্থা রয়েছে। কলকাতা থেকে ঝাড়গ্রাম পৌঁছতে সাধারণত আড়াই ঘণ্টা বা তার কিছু বেশি সময় লাগতে পারে। সেখান থেকে গোপীবল্লভপুর হয়ে সড়কপথে প্রায় ২২ কিলোমিটার এগোলেই হাতিবাড়ি।

এরপরের গন্তব্য বাঁকুড়ার জয়পুর অরণ্য (Joypur Forest)। রাজস্থানের জয়পুরের সঙ্গে নামের মিল থাকলেও এই জয়পুর বাংলার একেবারে অন্য রকম প্রাকৃতিক ঠিকানা। শাল, মহুয়া, সেগুন ও বেহেড়া গাছে ঘেরা এই অরণ্যের ভিতর দিয়ে চলে গিয়েছে পিচঢালা রাস্তা। দু’পাশের সবুজের মধ্যে দিয়ে গাড়িতে যাতায়াত করাও এক ধরনের ভ্রমণ-অভিজ্ঞতা। পাখিপ্রেমীদের কাছে জায়গাটি বিশেষ আকর্ষণীয়। দুধরাজ, ফিঙে, এশীয় শামুকখোল ও স্যান্ড লার্কের মতো বিভিন্ন পাখির দেখা মিলতে পারে। তবে পাখি দেখতে হলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ও অরণ্যের পরিবেশে শব্দদূষণ এড়িয়ে চলতে হবে। জয়পুর অরণ্যের ভিতরে রয়েছে পরিত্যক্ত একটি বিমানঘাঁটি, যা বাসুদেবপুর চাতাল (Basudebpur Chatal) নামেও পরিচিত। স্থানীয়ভাবে প্রচলিত তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমানঘাঁটি ব্যবহৃত হত। ইতিহাসের প্রতি আগ্রহ থাকলে জায়গাটি ঘুরে দেখা যেতে পারে। জয়পুর থেকে বিষ্ণুপুর (Bishnupur) খুব বেশি দূরে নয়। ফলে দু’দিনের সফরে বাঁকুড়ার এই দুই গন্তব্য একসঙ্গে রাখা যায়। বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির বাংলার স্থাপত্য ও শিল্পকলার অন্যতম পরিচিত নিদর্শন। থাকার জন্য জয়পুর অরণ্যের আশপাশে রিসর্ট রয়েছে। বিষ্ণুপুরেও বিভিন্ন মানের হোটেল পাওয়া যায়। কলকাতা থেকে সড়কপথে ডানকুনি ও আরামবাগ হয়ে জয়পুর পৌঁছতে আনুমানিক চার থেকে পাঁচ ঘণ্টা লাগতে পারে। ট্রেনে গেলে বিষ্ণুপুর স্টেশনে নেমে সেখান থেকে প্রায় ২০ কিলোমিটার পথ পেরিয়ে জয়পুর অরণ্যে পৌঁছনো যায়।

কম সময়ের ছুটিতে কোথায় যাবেন, তা ঠিক করার আগে নিজের পছন্দ, যাতায়াতের সময় ও থাকার ব্যবস্থা বিবেচনা করা জরুরি। ইতিহাস ও পুরনো স্থাপত্য দেখতে চাইলে মুর্শিদাবাদ, লোকসংগীত ও গ্রামীণ পরিবেশের স্বাদ পেতে আসাননগর, তাঁতশিল্প ও ধর্মীয় ঐতিহ্যের টানে শান্তিপুর, অরণ্য ও নদীর সান্নিধ্যে হাতিবাড়ি কিংবা পাখি ও শালবনের টানে জয়পুর বেছে নিতে পারেন। যাত্রার আগে ট্রেনের সময়, অতিথিনিবাস বা হোটেলের বুকিং ও স্থানীয় যাতায়াতের ব্যবস্থা যাচাই করে নিলে দু’দিনের সফর অনেক বেশি স্বচ্ছন্দ হবে। দীর্ঘ ছুটির অপেক্ষা না করে সপ্তাহান্তের ছোট্ট বিরতিতেই বাংলার এই পাঁচ ঠিকানায় খুঁজে পাওয়া যেতে পারে নতুন অভিজ্ঞতা।🍁

 

সম্পাদক : দেবব্রত সরকার | কার্যনির্বাহী সম্পাদক : সানি সরকার | অঙ্কন : প্রীতি দেব ও আন্তর্জালিক

এক নজরে 👉 সাশ্রয় নিউজ-এ আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ। এছাড়াও রবিবারের সাহিত্য স্পেশাল-এর জন্য উপন্যাস, কবিতা (একধিক কবিতা পাঠালে ভালো হয়। সঙ্গে একটি লেখক পরিচিতি। গল্প, প্রবন্ধ, গদ্য, পুস্তক আলোচনা (আলোচনার জন্য দুই কপি বই পাঠাতে হবে), ভ্রমণ কাহিনী। লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা ও যোগাযোগ নম্বর থাকতে হবে। অবশ্যই কোনও প্রিন্ট বা ডিজিটাল মাধ্যমে এমনকী  সোশ্যাল মিডিয়াতে বা পোর্টালে পূর্ব প্রকাশিত লেখা পাঠাবেন না। ই-মেল করে লেখা পাঠান। ই-মেল আইডি : editor.sasrayanews@gmail.com, sasrayanews@gmail.com

বি: দ্র: সমস্ত লেখা লেখকের নিজস্ব। দায় লেখকের নিজস্ব। কোনও বিতর্কিত বিষয় হলে সংবাদ সংস্থা কোনওভাবেই দায়ী থাকবে না এবং সমর্থন করে না। কোনও আইনি জটিলতায় সাশ্রয় নিউজ চ্যানেল থাকে না। লেখক লেখিকা প্রত্যেকেই লেখার প্রতি দ্বায়িত্ববান হয়ে উঠুন। লেখা নির্বাচনে (মনোনয়ন ও অমনোনয়ন) সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।

সম্পাদকীয় ঋণ : ‘মহামিলনের কথা’ ও ফিরেপড়া: ‘আন্তর্জাল থেকে সংকলিত।

Sasraya News
Author: Sasraya News