Purba Burdwan : প্রাচীন ঐতিহ্যবাহী মা মহিষমর্দিনী পূজাকে কেন্দ্র করে মেতে উঠেছে কালনা 

SHARE:

প্রাচীন ঐতিহ্যবাহী মা মহিষমর্দিনী পূজাকে কেন্দ্র করে মেতে উঠেছে কালনা

মমতা রায় চৌধুরী ★ কালনা : মা দুর্গার আগমনকে কেন্দ্র করে ধরাবাসীর মন কাশফুল শিউলির মতোই থাকে উৎফুল্ল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা যেন একটু অন্য মাত্রা এনে দেয়। কিন্তু যদি মায়ের অকালবোধন আগেই হয়ে যায়! সর্বকল্যাণময়ী মায়ের দর্শন আমরা নির্ধারিত সময়ের আগেই পেয়ে যাই, তাহলে সে আনন্দ আরও শতগুণে বর্ধিত হয়। হ্যাঁ এমনটাই হয়ে আসছে পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে প্রাচীন ঐতিহ্যবাহী মহিষমর্দিনী পূজাকে কেন্দ্র করে। কাশ, শিউলির সমাহার নেই। তবুও এই শ্রাবণী পূর্ণিমাতেই মা আসেন সকলের কল্যানার্থে।

এটি অত্যন্ত ঐতিহ্যবাহী প্রাচীন পূজা, চার দিন ধরে চলে। পূজাকে কেন্দ্র করে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এর সঙ্গে নতুন পালক যুক্ত হয়, মেলা ব’সে… এবার যদিও এটি শ্রাবণী পূর্ণিমাতে হচ্ছে না কারণ শ্রাবণ মাস মলমাস তাই আষাঢ় মাসেই মা এর পূজা  চলছে। দুর্গাপূজার ঠিক মাস দেড়েক আগে হয় এই পূজা। যেন অনেকটা মূল দুর্গা পূজার মুখরা। পূজাকে কেন্দ্র করে জনশ্রুতি আছে যে, রানাঘাটের পাল চৌধুরী বাড়ির দেবীর পাটা কালনার মহিষমর্দিনী তলার ঘাটে ভেসে এসেছিল স্বপ্নাদেশে। এলাকার ব্যবসায়ী ঈশ্বরী প্রসাদ পাল ওই পাটা তুলে এনে আরও ব্যবসায়ীদের নিয়ে শুরু করেছিলেন এই পুজা।  প্রথমে ক’য়েক বছর পূজা হয়েছিল চৈত্র মাসে, পরে শ্রাবণ মাসের শুক্লপক্ষের সপ্তমী থেকে দশমী চার দিন ধরে পূজা হয়। প্রথম দিকে মায়ের পূজার বাসস্থান যেরকম ছিল তার থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে।

এই পূজাকে কেন্দ্র করে কালনা সমেত পূর্ব বর্ধমান জেলা লাগোয়া হুগলী নদীয়ার বিস্তীর্ণ এলাকার প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেন।

কালনার এস ডি পিও সপ্তর্ষি ভট্টাচার্য বলেন, মেলা প্রাঙ্গন জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা, নদীর পাড় ও ফেরিঘাটে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। স্পিডবোটেও নজরদারি চলবে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার সব রকম ব্যবস্থা করা হয়েছে।

পূজা কমিটির সম্পাদক বিজন শেঠ বলেন, এবারও রীতিনীতি মেনেই এই পূজা হচ্ছে এবং সাংস্কৃতিকও অনুষ্ঠান চলছে। দু’দিন ধরে হবে এর অন্নক্ষেত্র। মায়ের পূজাতে যাতে সকলে অংশ গ্রহণ করতে পারেন সেই জন্য তাদের দিক থেকেও কোনও ত্রুটি রাখেননি। মা সকলের মঙ্গল করুন। তবে একটু চিন্তার ভাঁজ পড়েছে কর্মকর্তাদের বৃষ্টিকে নিয়ে, মহিষমর্দিনী পুজোর আজ ষষ্ঠী সেখানে কাঁটা যেন হয়ে না যায় বর্ষাসুর!

ছবি : লেখক 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন