মুর্শিদাবাদের রাণীনগরে কংগ্রেস-সিপিআই(এম) জোটের মিছিল
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : এলাকায় সন্ত্রাস, কংগ্রেস ব্লক কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে মিছিল করল কংগ্রেস-সিপিআই(এম) জোট। মিছিল রাণীনগরের বিভিন্ন গ্রাম পরিক্রমা করে। জোট নেতৃত্বের অভিযোগ, রাণীনগর এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে শাসক দল আশ্রিত গুণ্ডারা। এলাকার বিরোধীদের হুমকি দেওয়া হচ্ছে। নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ। পুলিশের ভূমিকা খুবই নিন্দনীয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যদি এই পুলিশ দিয়ে ভোট হয়, তৃণমূল কংগ্রেস সরকার সাধারণ মানুষদের ভোটাধিকার থেকে বঞ্চিত করবে আবারও। তাই জোট কর্মীরা দাবী জনান, এলাকায় সুষ্ঠু নির্বাচন করতে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। উল্লেখ্য, গত সোমবার সাগরদীঘির এমএলএ বাইরন বিশ্বাস দলত্যাগ করে তৃণমূলে যাওয়ায় ক্ষোভ দেখা যায় জোট নেতৃত্বের ভেতর। তাঁদের কথায়, মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বাইরন। প্রতারণা করেছেন বর্তমান সরকারও। সম্প্রতি রাণীনগরে কংগ্রেস কার্যালয়ে বোমাবাজিতে আহত হন দুইজন কংগ্রেস কর্মী। দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করা হয় মিছিল থেকে। মিছিলে নেতৃত্ব দেন প্রবীন বাম নেতা শাহজাহান আলি, কংগ্রেস নেতৃ মমতাজ বেগম হীরা প্রমুখ।




