Yami Gautam fitness laddu | ফিটনেসের জন্য ইয়ামি গৌতম খান পুষ্টিগুণে ঠাঁসা ঘরোয়া লাড্ডু! আপনিও খেয়ে দেখতে চান?

SHARE:

ইয়ামি জানিয়েছেন, তাঁর ফিটনেস কোচের পরামর্শে শরীরচর্চার পর তিনি নিয়মিত খান পাঞ্জিরি লাড্ডু। পোস্ট-পার্টাম কেয়ারের অংশ হিসেবে এই খাবার শরীরকে শুধু শক্তিই কেবল দেয় না, বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাও।

তনুজা বন্দ্যোপাধ্যায়, সাশ্রয় নিউজ ★ মুম্বই: নায়িকা মানেই কি শুধুই রূপের জৌলুস আর সিনেমার গ্ল্যামার? মোটেই না। আজকের বলিউড নায়িকারা অভিনয়ের পাশাপাশি মন দেন নিজের স্বাস্থ্যের প্রতিও। তারকাদের সেই তালিকায় অন্যতম নাম ইয়ামি গৌতম (Yami Gautam)। পর্দার এই চেনা মুখ এখন একাধারে অভিনেত্রী, মা এবং স্বাস্থ্য সচেতন এক নারীর নাম।সম্প্রতি ইয়ামি নিজের সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার পর কী খান তা শেয়ার করে সবাইকে চমকে দিলেন।

ইয়ামি গৌতম। ছবি: সংগৃহীত

নামটা শুনে অবাক হবেন না, পাঞ্জিরি লাড্ডু! কিন্তু এই লাড্ডু মোটেই সাধারণ মিষ্টির মতো নয়। এতে নেই অস্বাস্থ্যকর চিনি বা সংরক্ষণকারী উপাদান। এই লাড্ডু হল একেবারে ঘরোয়া উপায়ে তৈরি প্রাকৃতিক শক্তির উৎস, যা শুধু শরীর নয়, মনকেও রাখে চাঙ্গা।

ইয়ামি গৌতম। ছবি: সংগৃহীত

২০২১ সালে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)-কে বিয়ে করেন ইয়ামি। গত বছর তিনি সন্তানের মা হন। মাতৃত্বের পরবর্তী সময়ে শরীরের নানা পরিবর্তন দেখা যায়। হরমোনের ওঠানামা, শারীরিক দুর্বলতা, মানসিক চাপ সব কিছু সামলাতে গিয়ে প্রায়শই অনেকেই পড়েন স্বাস্থ্যগত জটিলতায়। কিন্তু ইয়ামি নিজে এই সময়টায় বেছে নিয়েছেন একেবারে স্বাভাবিক, পুষ্টিকর ও ভারতীয় ঐতিহ্যের মধ্যেই লুকিয়ে থাকা সহজ সমাধান। ইয়ামি জানিয়েছেন, তাঁর ফিটনেস কোচের পরামর্শে শরীরচর্চার পর তিনি নিয়মিত খান পাঞ্জিরি লাড্ডু। পোস্ট-পার্টাম কেয়ারের অংশ হিসেবে এই খাবার শরীরকে শুধু শক্তিই কেবল দেয় না, বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাও।

ইয়ামি গৌতম। ছবি: সংগৃহীত

কী থাকে এই পাঞ্জিরি লাড্ডুতে? এই লাড্ডুর মূল উপকরণ হল ঘি, আটা, গুড়, গুঁড়ো গঁদ (Gond), তিসি বীজ, নানা রকম বাদাম (কাঠবাদাম, কাজু, পেস্তা, আখরোট), মাখানা (Foxnuts), পোস্ত এবং মুসলি। পুষ্টিবিদ লভনীত বাত্রা (Lovneet Batra) জানিয়েছেন, “এই লাড্ডুতে আছে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন ও খনিজের দারুণ সমন্বয়। নতুন মায়েদের জন্য এটা শুধু উপকারী নয়, বরং প্রতিদিনের খাদ্যতালিকায় যুক্ত করা অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “শরীরচর্চার পর যখন শরীর ক্লান্ত, তখন এই ধরনের ঘরোয়া খাবার শরীরে দ্রুত শক্তি ফেরাতে সাহায্য করে। একই সঙ্গে এটি রক্তে শর্করার মাত্রাও ঠিক রাখে।”

ইয়ামি গৌতম। ছবি: সংগৃহীত

কীভাবে বানাবেন পাঞ্জিরি লাড্ডু?

ইয়ামির মতো আপনি চাইলে নিজেও ঘরেই বানিয়ে নিতে পারেন এই শক্তিবর্ধক লাড্ডু। জেনে নিন রেসিপি:

◑ঘি: ১ কাপ
◑আটা (গমের ময়দা): দেড় কাপ
◑বাদাম, কাজু, পেস্তা, আখরোট কুচি: ৪ কাপ
◑তিসি বীজ, মুসলি, পোস্ত: ১-২ টেবিল চামচ করে
◑গুড়: ১ কাপ
◑গঁদ (Gond): ১ টেবিল চামচ
◑মাখানা (Foxnuts): আধ কাপ

প্রথমে ঘিয়ের মধ্যে গঁদ ভেজে নিতে হবে। তারপরে বাদাম, বীজ, মুসলি হালকা ভেজে তুলে রাখতে হবে। মাখানা আলাদা করে ভাজুন। সমস্ত উপকরণ ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নিন। এরপর কড়াইয়ে ঘি গরম করে আটা ভেজে তাতে বাকি উপকরণ মিশিয়ে গুড় দিন। সব একসঙ্গে মিশে গেলে গরম অবস্থাতেই ছোট ছোট লাড্ডু তৈরি করুন। ঠাণ্ডা হলে বয়ামে ভরে রাখুন।

ইয়ামি গৌতম। ছবি : সংগৃহীত

বাজারি প্রোটিন পাউডার নয়, ঘরোয়া লাড্ডুই যথেষ্ট
অনেক চিকিৎসক ও পুষ্টিবিদের মতে, শরীরচর্চার পর বাজার-চলতি প্রোটিন পাউডার বা প্রোটিন বার না খেয়ে ঘরোয়া খাবার খাওয়াই অধিক স্বাস্থ্যকর। কারণ প্রাকৃতিক উপাদানে শরীরের উপর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না। এটি দীর্ঘমেয়াদে শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে। ইয়ামির বার্তা, “স্বাস্থ্য মানেই প্রাকৃতিক ভারসাম্য”। অভিনেত্রী ইয়ামি গৌতমের এই ঘরোয়া অভ্যাস নিঃসন্দেহে আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার। প্রযুক্তি আর দ্রুতগতির জীবনে যেখানে আমরা সব কিছু শর্টকাটে চাই, সেখানে তার মত একজন তারকা অভিনেত্রী যদি প্রাকৃতিক পথ বেছে নিতে পারেন, তবে আমরাও পারি।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Kajol | তিন খানের তুলনায় সালমানের স্টার পাওয়ার অনন্য! অকপট স্বীকারোক্তি কাজলের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন