india vs england 2025, shubman gill bumrah, update | শুভমনের প্রশংসা, সতর্কতা ও বুমরাহ ধাঁধা, ম্যাঞ্চেস্টারে ড্রয়ের পর ওভালের সামনে চাপ

SHARE:

পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ✪ লন্ডন : ভারত বনাম ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টে (India vs England 4th Test) ম্যাঞ্চেস্টারে ম্যাচ ড্র হলেও, ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) জানিয়ে দিলেন, সব ঠিক আছে, এমন নয়। ম্যাচের শেষ দিনে লড়াই করে ড্র করা ভারতীয় দলকে অভিনন্দন জানালেও, ব্যাটিং সংক্রান্ত কিছু স্পষ্ট দুর্বলতার কথা প্রকাশ্যে এনেছেন অধিনায়ক। পাশাপাশি, সিরিজ নির্ধারক ওভাল টেস্টের আগে জসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah)-র ফিটনেস নিয়েও ধোঁয়াশা বজায় রাখলেন। প্রায় দু’দিন টানা ব্যাট করে, শেষ দিনে ইংল্যান্ডের চাপের মুখে না ভেঙে, টেস্ট বাঁচানোটা ভারতীয় দলের জন্য ছিল একটা মানসিক জয়। দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করেন কেএল রাহুল (KL Rahul), শুভমন গিল (Shubman Gill), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। বিশেষ করে শুভমন ও জাডেজার ইনিংস দলের ভিত গড়ে দেয়। কিন্তু এই পারফরম্যান্সই ভবিষ্যতের জন্য যথেষ্ট নয় বলে ইঙ্গিত শুভমনের।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে গিল বলেন, “আমরা চাপে ছিলাম। শেষ দু’দিন আমাদের মানসিক দৃঢ়তার পরীক্ষা ছিল। উইকেট আচরণ করছিল যেমন খুশি, তাই আমরা প্রতিটা বল ধরে ধরে এগোনোর চেষ্টা করেছি। এমন ম্যাচে ভুলের কোনও জায়গা থাকে না।” তবে চিন্তার জায়গাও স্পষ্ট করে দেন শুভমন। বলেন, “প্রথম ইনিংসে ভাল শুরু করেও অনেক ব্যাটার সেট হয়ে সুবিধা নিতে পারেনি। উইকেট সহজ ছিল না, কিন্তু দু’একজন যদি সময় নিয়ে ব্যাট করত, বড় রান আসত। আমরা ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে পারতাম। দ্বিতীয় ইনিংসে সেই ভুল কিছুটা শুধরেছে।”

দ্বিতীয় ইনিংসে নিজের শতরানের ব্যাপারে খুব একটা আত্মতুষ্ট নন শুভমন। দেশের হয়ে সাদা জার্সি পরার অনুভূতি নিয়ে বলেন, “যখনই টেস্ট খেলি, বুকের ভিতরে কেমন যেন একটা অনুভব হয়। মনে হয় আমি কতটা ভাগ্যবান। প্রতিটা ইনিংসে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ভবিষ্যতেও নিজের ব্যাটিং উপভোগ করতে চাই।” উল্লেখ্য, প্রথমবার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই সিরিজের চাপ নিতে হচ্ছে গিলকে। তিনি জানালেন, এই অভিজ্ঞতা তাঁর কাছে অমূল্য। বলেন, “সব ম্যাচই শেষ সেশন পর্যন্ত গিয়েছে। দারুণ লার্নিং প্রোসেস। ব্যক্তিগত ও দলীয় দিক থেকে অনেক কিছু শিখেছি। আশা করি, ওভালে জিতে সিরিজ ড্র করতে পারব।”

এই ম্যাচে আরও একটি বিষয় নিয়ে চর্চা হয়, টেস্ট ড্র করার স্টোকসের প্রস্তাব। ভারতীয় ব্যাটাররা সেটা প্রত্যাখ্যান করেছিলেন। এই প্রসঙ্গে গিলের সোজা কথা, “ওরা (জাডেজা ও সুন্দর) দু’জনেই দুর্দান্ত ব্যাট করেছে। দু’জনেই নব্বইয়ের ঘরে ছিল। ওদের শতরান প্রাপ্য ছিল, তাই সিদ্ধান্ত একেবারে ঠিক।” সবচেয়ে বড় প্রশ্ন, ওভালে বুমরাহ খেলবেন কি না? ইংল্যান্ডের উইকেটে তাঁর পেস স্পেল ভারতের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। কিন্তু তাঁর ফিটনেস নিয়ে শুভমন কোনও স্পষ্ট উত্তর দিলেন না। বলেন, “ওর ব্যাপারে জানতে আমাদের অপেক্ষা করতে হবে।”

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : India vs England Test Draw, Jadeja Washington Sundar Century | জাডেজা ও সুন্দরের ব্যাটে ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment