T20 World Cup, Shubman Gill dropped | বিশ্বকাপের দলে কেন নেই শুভমন গিল? আগরকর-সূর্যের ব্যাখ্যায় স্পষ্ট টিম ইন্ডিয়ার নতুন ভাবনা

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে সবচেয়ে বেশি আলোচনা একটাই, কেন বাদ পড়লেন শুভমন গিল (Shubman Gill)? টেস্ট ও একদিনের ক্রিকেটে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে যাঁকে দেখা হয়, সেই শুভমনকে বিশ্বকাপের ১৫ সদস্যের দলে না দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। শনিবার দল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) এবং অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন। তাঁদের কথায় স্পষ্ট, ব্যক্তিগত ফর্ম নয়, দলের কম্বিনেশনই ছিল মূল ফ্যাক্টর।

আরও পড়ুন : Rohit Sharma leadership, Gambhir reaction | রাঁচীর রাতের নায়ক রোহিত! গম্ভীরের সামনে মাঠে ফের ‘নেতা’ হয়ে উঠলেন শর্মা

আগরকর জানিয়েছেন, শুভমনের প্রতিভা বা সক্ষমতা নিয়ে কোনও সংশয় নেই নির্বাচকদের। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ১৫ জনের দল বাছতে গেলে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সাংবাদিকদের সামনে আগরকর বলেন, ‘আমরা জানি শুভমন কতটা অসাধারণ ক্রিকেটার। আগের বিশ্বকাপেও শুধুমাত্র দলের কম্বিনেশনের কারণে ওকে নেওয়া যায়নি। এখানে ব্যক্তিগত পছন্দের জায়গা নেই। দল কী চাইছে, সেটাই আগে দেখতে হয়।’ তাঁর বক্তব্য থেকেই বোঝা যায়, গিল বাদ পড়লেও তিনি নির্বাচকদের ভবিষ্যৎ পরিকল্পনার বাইরে নন। নির্বাচকদের মূল ফোকাস ছিল টপ অর্ডারে একজন উইকেটকিপার ব্যাটারের উপস্থিতি। আগরকর জানান, এই কারণেই শুভমনের জায়গায় ঈশান কিশনকে (Ishan Kishan) দলে রাখা হয়েছে। তাঁর কথায়, ‘আমরা টপ অর্ডারে এমন একজন খেলোয়াড় চাইছিলাম, যে উইকেটকিপিংও করতে পারবেন। জিতেশ শর্মা (Jitesh Sharma) আমাদের কাছে আছেন, কিন্তু টপ অর্ডারে একজন কিপার থাকাটা খুব দরকার ছিল।’ ঈশান ওপেনিং করতে পারেন, আবার প্রয়োজনে তিন নম্বরেও নামতে পারেন, এই ফ্লেক্সিবিলিটিই তাঁর বড় প্লাস পয়েন্ট।

শুভমন গিল। ছবি : সংগৃহীত

আগারকরের এই সিদ্ধান্তে পুরোপুরি সহমত অধিনায়ক সূর্যকুমার যাদবও। তিনি স্পষ্ট করেছেন, গিলের ফর্ম নিয়ে কোনও দুঃশ্চিন্তা নেই টিম ম্যানেজমেন্টের। সূর্য বলেন, ‘গত বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় আমরা ২০০-এর বেশি রান করেছিলাম, সেই দলে শুভমন ছিল। কিন্তু এই বিশ্বকাপে টপ অর্ডারে একজন কিপার দরকার ছিল। রিঙ্কু সিংহ (Rinku Singh) আর ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) পরের দিকে আছে, তাই ওপরে ঈশানকে দরকার ছিল।’ নিজের ফর্ম নিয়েও খোলাখুলি কথা বলেছেন সূর্য। চলতি বছরে টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত অর্ধশতরান না করলেও আত্মবিশ্বাস হারাননি তিনি। সূর্যের কথায়, ‘আমি জানি কী করতে হবে। খারাপ ফর্ম নতুন কিছু নয়। অতীতেও অনেক ক্রিকেটার খারাপ সময় কাটিয়ে আবার সেরা ফর্মে ফিরেছে। আপনারা আবার সেই ব্যাটার সূর্যকে দেখবেন।’ অধিনায়কের এই আত্মবিশ্বাসই দলের জন্য বড় ভরসা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামা যে আলাদা চাপ তৈরি করে, সেটাও মেনে নিয়েছেন সূর্যকুমার। তবে তিনি এই চাপকে উপভোগ করতে চান। বলেছেন, ‘ঘরের মাঠে দর্শকদের সামনে খেলা মানে বড় দায়িত্ব। তবে আমাদের দল ভারসাম্যপূর্ণ। সব পজিশনে বিকল্প আছে। ইতিমধ্যেই ২-৩টে কম্বিনেশন তৈরি করে ফেলেছি।’ এই মন্তব্য থেকেই বোঝা যায়, টিম ম্যানেজমেন্ট একাধিক পরিস্থিতির জন্য প্রস্তুত। এবারের বিশ্বকাপের দল নির্বাচনে একাধিক চমক রয়েছে। শুভমন গিলের বাদ পড়া যেমন বড় খবর, তেমনই দলে জায়গা পাওয়া রিঙ্কু সিংহ এবং ঈশান কিশনও আলোচনার কেন্দ্রবিন্দু। সহ-অধিনায়ক হিসেবে অক্ষর পটেল (Axar Patel)-এর নাম ঘোষণা করে নির্বাচকেরা ইঙ্গিত দিয়েছেন, অলরাউন্ডারদের উপর বিশেষ ভরসা রাখা হচ্ছে। বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হওয়ায় স্পিন বিভাগকে আরও শক্তিশালী করা হয়েছে। চার জন বিশেষজ্ঞ স্পিনারের পাশাপাশি একাধিক স্পিন অলরাউন্ডার দলে রয়েছেন।

এই কারণেই অভিজ্ঞ পেসার মহম্মদ শামি (Mohammed Shami) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)-এর মতো নাম বাদ পড়েছে। পাশাপাশি ঋষভ পন্থ (Rishabh Pant)-কেও বিবেচনা করা হয়নি। নির্বাচকদের মতে, বর্তমান কন্ডিশনে স্পিন ও অলরাউন্ডার কম্বিনেশনই বেশি কার্যকর হবে। এই দলই আগামী জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলবে। উল্লেখ্য, শুভমন গিলের বাদ পড়া আবেগের দিক থেকে যতটা বড় ধাক্কা, ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে ততটাই কৌশলগত সিদ্ধান্ত। আগরকর ও সূর্যের বক্তব্যে পরিষ্কার, টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে টিম কম্বিনেশনই শেষ কথা। ভবিষ্যতে গিল আবার ফিরবেন কি না, তা সময়ই বলবে। তবে এই মুহূর্তে ভারতীয় দলের লক্ষ্য একটাই, ঘরের মাঠে বিশ্বকাপ জেতা।

ছবি : প্রতীকী
আরও পড়ুন : Rohit Sharma Calls Wriddhiman Saha India’s Best Wicketkeeper | ধোনি-পন্থ নন, ভারতের সেরা উইকেটকিপার ঋদ্ধিমান সাহা: রোহিত শর্মা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন