Rohit Sharma leadership, Gambhir reaction | রাঁচীর রাতের নায়ক রোহিত! গম্ভীরের সামনে মাঠে ফের ‘নেতা’ হয়ে উঠলেন শর্মা

SHARE:

বিশ্বকাপের আগে রোহিত-কোহলিকে ছাঁটাই করার বিষয়ে অজিত আগরকর (Ajit Agarkar)-গম্ভীর জুটি দলের ভিতরে নানান রদবদলের চেষ্টা করছেন, এমন গুঞ্জন আগেই শোনা যাচ্ছিল। রাহুল যে প্রেস কনফারেন্সে সিনিয়রদের গুরুত্ব তুলে ধরেছিলেন, নেপথ্যে সেটাও নাকি খুব একটা পছন্দ হয়নি কোচ-শিবিরের। কিন্তু মাঠ বলে দিল আসল সত্য।

মধুজা সান্যাল ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : রাঁচীর কৃপণ আলোয় ডুবে থাকা স্টেডিয়ামে যখন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ভারতীয় বোলারদের উপর তাণ্ডব চালাচ্ছেন, তখন ডাগআউটে এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতার আড়ালে জমাট বাঁধছিল আরেক নাটক রোহিত শর্মা (Rohit Sharma) বনাম গৌতম গম্ভীর (Gautam Gambhir) -এর অদৃশ্য উত্তাপ। মাঠে তখন যেন সেই পুরনো অধিনায়কই ফিরে এসেছেন। আর সাজঘরে বসে গম্ভীরের মুখ হয়ে উঠছে আরও গম্ভীর।

দক্ষিণ আফ্রিকার সামনে ৩৫০ রানের পাহাড়। মার্কো জানসেন (Marco Jansen) ও ম্যাথু ব্রিৎজ়কে (Matthew Breetzke) মিলে ভারতের হাত থেকে ম্যাচ প্রায় বের করে এনেছেন। ঠিক সেই সময়ই রোহিত শর্মাকে দেখা গেল দলের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিতে। আনুষ্ঠানিক অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul) থাকলেও বাস্তবে সিদ্ধান্ত নিচ্ছিলেন রোহিতই। ফিল্ড পরিবর্তন, বোলার বদল, পরিকল্পনা সবটাই তাঁর হাত ধরে চলছিল। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) এক ওভারের জন্য ডেকে পাঠান রোহিত। তাঁর ইশারায় সাজানো ফিল্ডে সেই ওভারে জানসেন ও ব্রিৎজ়কে দু’জনকেই আউট করেন কুলদীপ। ওই এক ওভারেই বদলে যায় ম্যাচের ছবি। কুলদীপের উইকেট নেওয়ার পর রোহিতের দিকে তাঁর ইশারা যেন সব সন্দেহ দূর করে, এ ছিল রোহিতের স্ক্রিপ্ট করা আঘাত।

অন্যদিকে ডাগআউটে বসে কোচ গম্ভীরের মুখে বাড়ছিল অস্বস্তি। চোখ-মুখের বিরক্তি আড়াল করার চেষ্টা করলেও ক্যামেরা তাতে কোনও সাহায্য করেনি। রোহিত যখন মাঠে দাঁড়িয়ে সিনিয়রের দায়িত্ব পালন করছেন, গম্ভীর তখন ক্রমেই গোমড়া হয়ে বসে। রোহিতের দিকে তিনি কোনওবারই তাকালেন না, অথবা হয়ত তাকাতে চাননি। রোহিতকে দেখা গেল আগের দিনের মতোই ৩০ গজের ভেতর দাঁড়িয়ে বোলারদের সঙ্গে পরিকল্পনা সাজাতে। রাহুলের সঙ্গে প্রতি ওভারের পর আলোচনা- কার হাতে বল থাকবে, কোন জায়গায় ফিল্ডার দাঁড়াবে এসব সিদ্ধান্ত রোহিতই নিয়েছেন। রাহুলের ভূমিকা তখন অনেকটাই সীমিত, মূলত উইকেটের পেছনে উৎসাহ দেওয়া।

এই ম্যাচে বিশেষভাবে সক্রিয় দেখা যায় বিরাট কোহলিকেও (Virat Kohli)। বাউন্ডারিতে ফিল্ডিং করতে করতেই বোলারদের সঙ্গে কথা বলছিলেন, রোহিতকে দিচ্ছিলেন প্রয়োজনীয় পরামর্শ। তাঁদের দু’জনের উপস্থিতিই দলের চেহারা পাল্টে দেয়, যা আগে থেকেই ইঙ্গিত করেছিলেন রাহুল। ম্যাচের আগের দিন তিনি বলেছিলেন, ‘রোহিত-কোহলি থাকলে আমরা অন্য রকম আত্মবিশ্বাস পাই।’ সেই কথাই যেন মাঠে প্রমাণ হয়ে ওঠে। কিন্তু এই দৃশ্য যে গম্ভীরের ভালো লাগেনি, তা তাঁর আচরণেই পরিষ্কার। ভারতের ব্যাটিং সময়ে কোহলির শতরান ও রোহিতের অর্ধশতরান তিনি দেখেছেন ঠিকই, কিন্তু কখনও তাঁকে হাসতে দেখা যায়নি। কোহলি যখন শতরান করলেন, তখন গম্ভীর রোদচশমা পরে বসেছিলেন, যা নিয়ে সমাজমাধ্যমে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অনেকে বলছেন, প্রকৃত অভিব্যক্তি লুকতেই নাকি গৌতি এই চশমা পরে ছিলেন।

বিশ্বকাপের আগে রোহিত-কোহলিকে ছাঁটাই করার বিষয়ে অজিত আগরকর (Ajit Agarkar)-গম্ভীর জুটি দলের ভিতরে নানান রদবদলের চেষ্টা করছেন, এমন গুঞ্জন আগেই শোনা যাচ্ছিল। রাহুল যে প্রেস কনফারেন্সে সিনিয়রদের গুরুত্ব তুলে ধরেছিলেন, নেপথ্যে সেটাও নাকি খুব একটা পছন্দ হয়নি কোচ-শিবিরের। কিন্তু মাঠ বলে দিল আসল সত্য। অভিজ্ঞতা কখনও পুরনো হয় না। রোহিত শর্মা আবারও দেখালেন, দলের বিপদে সামনে দাঁড়ানোর মতো মানসিকতা তাঁর এখনও অটুট। প্রয়োজন হলে তিনি এখনও সেই পুরনো ‘ক্যাপ্টেন রোহিত’ -ই। তাঁর নেতৃত্ব, তাঁর ঠাণ্ডা মাথা এবং তাঁর পরিকল্পনাই রাঁচীর ম্যাচে ভারতের ভাগ্য ফিরিয়ে দিয়েছে। ম্যাচ জিতেছে ভারত। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এমন দৃশ্য কী ভবিষ্যতের দলে রোহিত-কোহলির জায়গাকে আরও অনিশ্চিত করে দিচ্ছে, নাকি উল্টো চাপ বাড়াচ্ছে কোচ-ব্যবস্থাপকদের ওপরেই? ভারতীয় ক্রিকেটে এই দুই সিনিয়রের মূল্য কতটা, রাঁচীর রাত যেন আবারও তার স্পষ্ট প্রমাণ দিয়ে গেল। দল যখন বিপদে পড়ে, তখন রোহিত শর্মাই আবারও হয়ে উঠলেন দলের সবচেয়ে বড় ভরসা। আর সেটাই হয়ত গম্ভীরের গুমোট মুখের সবচেয়ে বড় কারণ।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rohit Sharma ICC ranking, Rohit Sharma No.1 ODI batsman | ৩৮ বছর বয়সেও বিশ্ব এক নম্বর! শুভমনকে পিছনে ফেলে নতুন নজির গড়লেন রোহিত শর্মা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন