Rohit–Kohli shine with match-winning knocks, Road to 2027 ODI World Cup | রোহিত-কোহলির দুরন্ত ইনিংস, ২০২৭ বিশ্বকাপ প্রস্তুতি

SHARE:

বিরাট কোহলি ও রোহিত শর্মার দুরন্ত ব্যাটিংয়ে ভারতের জয়। ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতিতে বড় পদক্ষেপ। বোর্ডের বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে।

প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ রাঁচী : দেশের মাটিতে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট আবারও প্রমাণ করে দিল, অভিজ্ঞতা কখনওই পুরনো হয়ে যায় না। লেটার মার্কস সহ দ্বিতীয় একদিনের পরীক্ষায় জাঁদরেল ইনিংসে উত্তীর্ণ হলেন তাঁরা। ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতিপর্বে এই দুই তারকার পারফরম্যান্স নতুন আশার আলো দেখাল ভারতীয় ক্রিকেটে। তবুও বিতর্কের আবহ পুরোপুরি কাটছে না। প্রশ্ন থেকে যাচ্ছে, কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) মনোভাব নিয়ে।

প্রসঙ্গত, দীর্ঘ সময় পর ভারতে অনুষ্ঠিত একদিনের ম্যাচে কোহলির ব্যাটে চিরচেনা ঝড় ফিরে এল। কোহলি ১২০ বলে ১৩৫ রানের দুরন্ত ইনিংস খেললেন। ১১টি চার ও ৭টি ছক্কায় সাজানো তাঁর ব্যাটিং স্পষ্ট করল, সাফল্যের ক্ষুধাটা এখনও তীব্র। প্রায় ২৮০ দিন পর তাঁর শতরান যেন নিজের ওপর জমানো বহু প্রশ্নের জবাব। রাঁচীর শতরানের পর লাফিয়ে ওঠা, ব্যাট-হেলমেট মাটিতে রেখে আকাশের দিকে তাকানোর মুহূর্ত- সবটাই কথার চেয়ে বেশি বলল। বোঝা গেল, এই ফরম্যাটে তাঁর বিকল্প এখনও তৈরি হয়নি।অন্যদিকে রোহিত শর্মাও পিছিয়ে নেই। ৫১ বলে ৫৭ রানের ইনিংসে মারলেন ৫টি চার এবং ৩টি ছয়। ওপেনিংয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনকে প্রথম থেকেই চাপে ফেলে দেন তিনি। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ফিরে যাওয়ার পর কোহলির সঙ্গে তাঁর জুটি ফিরিয়ে দেয় সেই পুরনো ছবি, যখন রোহিত আর কোহলিকে একসঙ্গে crease-এ দেখলেই সমর্থকদের মধ্যে উত্তেজনার ঢেউ উঠত। বয়স বাড়লেও ক্রিকেটীয় রসদ তাঁদের কমেনি, এটাই যেন আবার মনে করাল দু’জনের ইনিংস।

কিন্তু, বিতর্কের কেন্দ্রবিন্দু আসলে তাঁদের ফর্ম নয়, তাঁদের ভবিষ্যৎ নিয়ে বোর্ডের পরিকল্পনা। সিরিজ শুরুর আগেই গুঞ্জন উঠেছিল, এই সিরিজের পর গম্ভীর ও আগরকর বসতে পারেন দুই তারকার ভবিষ্যৎ নির্ধারণে। রবিবারের ম্যাচের পর অনেকেই মনে করছেন, এই বৈঠক হয়ত আর দরকারই নেই। কারণ দু’জনের ব্যাটের উত্তর যথেষ্ট জোরাল। অবশ্য সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরে তাঁদের ফর্ম নিয়ে প্রশ্ন ছিল। প্রথম দু’টি ম্যাচে কোহলি শূন্য রানে আউট হওয়ায় গুঞ্জন বেড়ে গিয়েছিল, তাঁরা হয়ত একদিনের ফরম্যাট থেকেও অবসর নেবেন। কিন্তু সিডনির তৃতীয় ম্যাচে ১২১ রানে রোহিত ও ৭৪ রানের কোহলি সমস্ত সমীকরণ বদলে দেন। বহুদিন পর জুটি বেঁধে তাঁরা দলকে জেতান। বোঝা যায়, তাঁদের অভিজ্ঞতা এখনও দলের কাছে অপরিহার্য।
অস্ট্রেলিয়া সফরের পর রোহিত নিজের প্রস্তুতি নিয়ে বলেন, “এই প্রথম কোনও সিরিজের আগে চার-পাঁচ মাস সময় পেয়েছিলাম নিজের মতো করে প্রস্তুতি নেওয়ার জন্য। সেটা সম্পূর্ণ কাজে লেগেছে।” কোহলি বিশেষ মন্তব্য না করলেও তাঁর ব্যাটিং সব বলে দিয়েছে।

ঘরোয়া ক্রিকেটে না খেললে দলে নেওয়া হবে না, বোর্ডের এক কর্তার এমন মন্তব্য নিয়েও আলোচনা ছিল। কিন্তু কোহলি-রোহিতকে তাঁরা ঘরোয়া ক্রিকেট না খেললেও নিতে বাধ্য হয়েছেন। কারণ তাঁদের সমতুল্য কেউই তৈরি হয়নি এখনও। টেস্ট থেকে দু’জনের অবসরের পর দল নানা সমস্যায় পড়েছে, সেটা গুয়াহাটি টেস্টেই পরিষ্কার হয়েছিল। হেড কোচ গৌতম গম্ভীর নাম না করে মন্তব্য করেছিলেন, “একসঙ্গে এত অভিজ্ঞ ক্রিকেটারকে হারালে সামলে উঠতে কষ্ট হয়। এই দল নতুন করে তৈরি হচ্ছে। তাই সময় প্রয়োজন।” তিনি আরও বলেন, তরুণরা যাতে কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে খেলতে পারে, তার জন্য অভিজ্ঞতার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের অধিনায়ক কেএল রাহুলও (KL Rahul) দুই সিনিয়রের গুরুত্ব নিয়ে বলেন, “রোহিত ও কোহলি সাজঘরে থাকলে দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়ে। তাঁদের অভিজ্ঞতা দলের প্রতিটি ক্রিকেটারকে সাহায্য করে।”

কিন্তু, বোর্ড তাঁদের নিশ্চিন্তে রাখতে রাজি নয়! সিরিজ শেষেই আহমেদাবাদে কোচ ও নির্বাচক সঙ্গে বৈঠকে বসবেন বিসিসিআই কর্তারা। সেখানে হয়ত ঠিক হবে দুই তারকার ২০২৭ বিশ্বকাপের পথরেখা। বোর্ড সূত্র জানিয়েছে, ফিটনেস ও পারফরম্যান্সই হবে প্রধান নির্ণায়ক। জল্পনার অবসান চাই বোর্ড। পরিষ্কার ভূমিকা জানিয়ে দিতে চান তাঁরা। কারণ, অনিশ্চয়তার মধ্যে খেললে পারফরম্যান্সে প্রভাব পড়ে। কিন্তু রবিবারের ম্যাচের পর প্রশ্ন একটাই, এই ইনিংসগুলো কি যথেষ্ট ছিল প্রমাণ করার জন্য? রোহিত ও কোহলি তাঁদের ব্যাটে জবাব দিয়ে দিয়েছেন। এবার কি পালা বোর্ড-নির্বাচকদের?

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rohit Sharma leadership, Gambhir reaction | রাঁচীর রাতের নায়ক রোহিত! গম্ভীরের সামনে মাঠে ফের ‘নেতা’ হয়ে উঠলেন শর্মা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন