Rohit Sharma Calls Wriddhiman Saha India’s Best Wicketkeeper | ধোনি-পন্থ নন, ভারতের সেরা উইকেটকিপার ঋদ্ধিমান সাহা: রোহিত শর্মা

SHARE:

সুজয়নীল দাশগুপ্ত, সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ভারতীয় ক্রিকেটে উইকেটকিপার বললেই সাধারণত যে দু’টি নাম সবার আগে উঠে আসে, তারা হল মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) এবং ঋষভ পন্থ (Rishabh Pant)। দু’জনই তাঁদের সময়ে ম্যাচ ঘোরানো পারফরম্যান্স, আগ্রাসী ব্যাটিং ও নেতৃত্বগুণ দিয়ে ক্রিকেটপ্রেমীদের মন জিতেছেন। কিন্তু এই দুই তারকার ভিড়েও ভারতের সেরা উইকেটকিপার হিসেবে এক বাঙালি ক্রিকেটারের নাম তুলে ধরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর মতে, নিখুঁত উইকেটকিপিংয়ের দিক থেকে ঋদ্ধিমান সাহা -এর (Wriddhiman Saha) তুলনা নেই।

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ঘিরেই নতুন করে আলোচনার ঝড়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঋদ্ধিমান সাহার কাঁধে হাত রেখে তাঁর সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা বলছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। সেখানে রোহিত বলেছেন, ‘আমরা একসঙ্গে প্রচুর টেস্ট খেলেছি। আমি ওর পাশেই স্লিপে দাঁড়াতাম। ওর পাশে দাঁড়িয়ে অনেক ক্যাচ ধরেছি। ঋদ্ধিমান নিজেও অসংখ্য কঠিন ক্যাচ নিয়েছে। কিন্তু সত্যি বলতে কী, ওর মতো উইকেটকিপার আমি কখনও দেখিনি।’ রোহিতের এই বক্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই ক্রিকেটমহলে চর্চা শুরু হয়েছে। কারণ, রোহিত নিজে এমন এক ক্রিকেটার যিনি তাঁর কেরিয়ারে ধোনি এবং পন্থ, দু’জনের সঙ্গেই দীর্ঘ সময় খেলেছেন। তবুও তাঁদের বাদ দিয়ে একজনকেই ‘সেরা’ বলে উল্লেখ করা নিঃসন্দেহে বড় স্বীকৃতি। শুধু তা-ই নয়, রোহিত আরও বলেছেন, ‘ও-ই ভারতের সেরা উইকেটকিপার। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। আমার কথায় হয়ত কারও মত বদলাবে না। কিন্তু যদি কেউ আমাদের টেস্ট ক্রিকেট খেলতে দেখেন, তা হলে বুঝে যাবেন আমি কী বলতে চাইছি।’

কেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) অন্যদের থেকে আলাদা, সেটাও ব্যাখ্যা করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর কথায়, ‘ভারতের উইকেটে বল প্রচণ্ড ঘোরে এবং অনেক সময় নিচু হয়ে আসে। এই ধরনের পিচে কিপিং করা এবং দিনের পর দিন মনোযোগ ধরে রাখা খুবই কঠিন। জাডেজা (Ravindra Jadeja) দ্রুত গতিতে বল করে। আশ্বিন (Ravichandran Ashwin) অসম্ভব প্রতিভাবান। ও ক্যারম বল করতে পারে। অনেক সময় অশ্বিন নিজেও জানে না ঠিক কী ধরনের বল বেরোবে। কিন্তু ঋদ্ধিমান উইকেটের পিছনে দাঁড়িয়ে সব বল অনায়াসে ধরে নিত।’ রোহিতের এই মন্তব্যেই স্পষ্ট হয়ে যায়, ঋদ্ধিমানের উইকেটকিপিং কতটা উচ্চমানের ছিল। ভারতীয় টেস্ট দলে স্পিন নির্ভর আক্রমণের যুগে উইকেটের পিছনে দাঁড়িয়ে নিখুঁত কাজ করে যাওয়াটা যে কতটা কঠিন, তা ক্রিকেট বোদ্ধারা ভালই জানেন। অনেক সময় কিপারের সামান্য ভুলেই ম্যাচের রাশ ঘুরে যেতে পারে। সেখানে ঋদ্ধিমান সাহা বছরের পর বছর প্রায় নিঃশব্দে নিজের কাজ করে গিয়েছেন।

উল্লেখ্য, ঋদ্ধিমানের ক্রিকেটজীবন খুব একটা মসৃণ ছিল না। তাঁর কেরিয়ারের বড় অংশ কেটেছে মহেন্দ্র সিংহ ধোনি-এর (Mahendra Singh Dhoni) ছায়ায়। ধোনি চোট পেলে বা বিশ্রামে থাকলে তবেই তাঁর সুযোগ মিলত। দীর্ঘ সময় ধরে তাঁকে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয়েছে। ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই নিয়মিত টেস্ট দলে সুযোগ পান ঋদ্ধিমান। এরপর একটানা খেলে নিজেকে প্রমাণও করেন।

পরিসংখ্যান বলছে, ১১ বছরের টেস্ট কেরিয়ারে ঋদ্ধিমান সাহা ৪০টি টেস্ট ম্যাচ খেলেছেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে ধরেছেন ৯২টি ক্যাচ এবং করেছেন ১২টি স্টাম্পিং। এক দিনের ক্রিকেটেও তিনি ভারতের জার্সিতে ৯টি ম্যাচ খেলেছেন। যদিও তাঁর আসল পরিচিতি তৈরি হয়েছে টেস্ট ক্রিকেটেই, সেখানে ঋদ্ধির কিপিং স্টাইল ছিল প্রায় নিখুঁত। তথাপি, এত কিছুর পরেও আচমকাই ভারতীয় দল থেকে বাদ পড়েন ঋদ্ধিমান সাহা। যুক্তি হিসেবে দেখানো হয়, ঋষভ পন্থের (Rishabh Pant) বিকল্প হিসেবে তরুণ কোনও উইকেটকিপার তৈরি করা প্রয়োজন। সেই সিদ্ধান্তের নেপথ্যে ছিলেন তৎকালীন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বয়স এবং ভবিষ্যৎ পরিকল্পনার অজুহাতে ঋদ্ধিমানকে ছেঁটে ফেলা হয় দল থেকে। এই সিদ্ধান্ত ঘিরে তখন বিস্তর বিতর্কও হয়েছিল।

দল থেকে বাদ পড়ার পর বেশ কিছু দিন ঘরোয়া ক্রিকেট খেললেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন ঋদ্ধিমান সাহা। অনেকেই মনে করেন, ঋদ্ধি আরও কিছু বছর ভারতের হয়ে খেলতে পারতেন। বিশেষ করে, টেস্ট ক্রিকেটে তাঁর মতো দক্ষ উইকেটকিপার পাওয়া সহজ নয়। বর্তমানে যখন রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটার প্রকাশ্যে তাঁকে ভারতের সেরা উইকেটকিপার বলে স্বীকৃতি দিচ্ছেন, তখন নতুন করে আলোচনায় ফিরে এলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। হয়ত তিনি খুব বেশি প্রচারের আলো পাননি, কিন্তু তাঁর অবদান যে ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে, তা বলাই যায়।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Rohit Sharma ICC ranking, Rohit Sharma No.1 ODI batsman | ৩৮ বছর বয়সেও বিশ্ব এক নম্বর! শুভমনকে পিছনে ফেলে নতুন নজির গড়লেন রোহিত শর্মা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন