‘আমি যখন ছোট ছিলাম, তখন বাবা আমাকে যৌন হেনস্থা করতেন’ : স্বাতী মালিওয়াল
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : পারিবারিক ও গার্হস্থ্য জীবনেই যৌন হেনস্তার শিকার অনেকেই। যাঁরা ওই করুণ-প্রতিকূলাবস্থা পেরিয়ে সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে আছেন এমন ১০০ জন নারীকে পুরষ্কৃত করে দিল্লি মহিলা কমিশন। কিন্তু ওই অনুষ্ঠানে দিল্লি মহিলা কমিশন-এর প্রধান স্বাতী মালিওয়াল উপস্থিত সকলকে চমকে দেন তাঁর বক্তৃতায়। স্বাতী বলেন, চতুর্থ শ্রেণিতে পড়া পর্যন্ত তাঁর বাবা তাঁকে যৌন নির্যাতন করতেন। তাঁর মাথার চুল ধরে দেওয়ালে ধাক্কাও মারা হত। তারপর স্বাতীর মা ও স্বাতী আলাদা জায়গায় চলে আসেন। দিল্লি মহিলা কমিশন-এর প্রধান আরও বলেন, “আমি যখন ছোট ছিলাম, তখন বাবা আমাকে যৌন হেনস্থা করতেন। তিনি আমাকে মারতেন। ভয়ে খাটের তলায় লুকিয়ে পড়তাম। ছোট থেকেই ভাবতাম, কবে আমি এই ধরনের মানুষদের উচিত শিক্ষা দিতে পারব।” তাঁর এও অভিমত, অনুষ্ঠানে যাঁরা আমন্ত্রিত তাঁরা প্রত্যেকেই প্রায় একই রকম ঘটনা পেরিয়ে এসেছেন। কিন্তু চলার পথ তা কখনও আটকাতে পারেনি।




