Siliguri Mahakal Temple, Mahakal Temple foundation stone | উত্তরবঙ্গের ধর্মীয় পর্যটনে নতুন সংযোগ : ১৭ একর জমিতে মহাকাল মন্দিরের শিলান্যাসে প্রস্তুত শিলিগুড়ি

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ শিলিগুড়ি : উত্তরবঙ্গের ধর্মীয় মানচিত্রে নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। শিলিগুড়িতে (Siliguri) মহাকাল মন্দির নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে এখন চূড়ান্ত প্রস্তুতি তুঙ্গে। ১৭ একর জমির উপর গড়ে উঠতে চলা এই মহাকাল মন্দির শুধু ধর্মীয় কেন্দ্র হিসেবেই নয়, পর্যটন ও আঞ্চলিক অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে মনে করছেন প্রশাসনিক ও রাজনৈতিক মহল। জমি হস্তান্তরের সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হওয়ায় প্রকল্প বাস্তবায়নের পথে আর কোনও প্রশাসনিক বাধা নেই বলেই জানাচ্ছে শিলিগুড়ি পুরসভা।

আগামী ১৬ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) -এর উপস্থিতিতে এই মহাকাল মন্দিরের শিলান্যাস হওয়ার কথা। সেই উপলক্ষে সোমবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Gautam Deb) একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (SJDA), মহকুমা পরিষদ, পুরসভা এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিলান্যাস অনুষ্ঠান থেকে শুরু করে ভবিষ্যৎ পরিকাঠামো উন্নয়ন, সব দিক নিয়েই বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে।
সূত্রের খবর যে, ১৭ একর জমির উপর মহাকাল মন্দির নির্মাণ হবে, তা আগে ছিল বেশ রুক্ষ ও অসমতল। ইতিমধ্যেই সেই জমিকে সমতলভূমিতে পরিণত করা হয়েছে, যাতে নির্মাণকাজ নির্বিঘ্নে শুরু করা যায়। জমি হস্তান্তরের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ায় এখন প্রকল্প বাস্তবায়নের জন্য সবুজ সঙ্কেত মিলেছে। মেয়র গৌতম দেব বৈঠক শেষে জানান, ‘আগামী ১৬ জানুয়ারি মন্দিরের শিলান্যাস হবে। ঠিক কোন সময়ে অনুষ্ঠান শুরু হবে, তা মুখ্যমন্ত্রীর সময়সূচির উপর নির্ভর করছে। তাই এই মুহূর্তে নির্দিষ্ট সময় জানানো সম্ভব নয়।’ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শিলান্যাস অনুষ্ঠান হওয়ায় নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে (HIDCO)। জেলা প্রশাসনের সমস্ত গুরুত্বপূর্ণ দফতর, পূর্ত দফতর (PWD), পুলিশ প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবে। শুধু জনপ্রতিনিধিরাই নন, সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, ‘চেম্বার অফ কমার্স’ (Chamber of Commerce)-এর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন এই ঐতিহাসিক মুহূর্তে।

আরও পড়ুন : Samir Putatunda Death, PDS Leader | দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের অবসান: প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সাধারণ মানুষের জন্যও এই শিলান্যাস অনুষ্ঠান উন্মুক্ত রাখা হচ্ছে। মহাকাল মন্দিরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে যে বিপুল উৎসাহ ও কৌতূহল তৈরি হয়েছে, তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ভিড় সামলাতে এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেয়র গৌতম দেব বলেন, ‘অনুষ্ঠান প্রাঙ্গণের বাইরেও অতিরিক্ত এলইডি স্ক্রিন বসানো হবে। লাউডস্পিকারের সংখ্যাও বাড়ানো হয়েছে, যাতে দূরে দাঁড়িয়ে থাকা মানুষও মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং শিলান্যাস সংক্রান্ত ঘোষণা স্পষ্টভাবে শুনতে পারেন।’
অন্যদিকে, মহাকাল মন্দির নির্মাণকে ঘিরে শুধু ধর্মীয় আবেগই নয়, অর্থনৈতিক প্রত্যাশাও অনেকখানি। মেয়রের কথায়, এই মন্দির গড়ে উঠলে উত্তরবঙ্গের অর্থনীতির ভিত আরও মজবুত হবে। শিলিগুড়ি শহর থেকে শুরু করে আশপাশের গ্রামাঞ্চল সব জায়গাতেই এর প্রভাব পড়বে। পর্যটকের আগমন বাড়বে, ফলে হোটেল, পরিবহণ, ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় পরিষেবা ক্ষেত্র নতুন গতি পাবে বলে আশা প্রশাসনের। মহাকাল মন্দিরকে কেন্দ্র করে একটি বৃহৎ ধর্মীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে ভবিষ্যতে।

তবে এসব কিছুর মাঝেই একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ প্রশাসনের সামনে রয়েছে। মন্দিরস্থলের প্রবেশপথের কাছেই রয়েছে মাটিগাড়ার (Matigara) একটি ব্যস্ত রেলগেট। এই রেলগেটের কারণে যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিলান্যাসের দিন বিষয়টি নজরে রাখার জন্য স্থানীয় প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। মেয়র জানান, ‘উদ্বোধনের দিন প্রশাসন পরিস্থিতি সামলাবে। তবে মন্দির নির্মাণ সম্পূর্ণ হওয়ার পরে স্থায়ী সমাধানের কথা ভাবা হচ্ছে। ভবিষ্যতে একটি ওভারব্রিজ তৈরি করে যাতায়াতের মসৃণ ব্যবস্থা করা হবে।’ উল্লেখ্য যে, মহাকাল মন্দির প্রকল্পকে ঘিরে রাজনৈতিক মহলেও যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। রাজ্য সরকারের একাধিক মেগা প্রকল্পের মতোই এই উদ্যোগকেও উত্তরবঙ্গ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখা হচ্ছে। ধর্মীয় সংস্কৃতি, পর্যটন এবং অর্থনীতির সমন্বয়ে শিলিগুড়িকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য বলে প্রশাসনিক সূত্রের দাবি। তবে, আর কয়েক দিনের মধ্যেই শিলিগুড়ির বুকে শুরু হতে চলেছে এক ঐতিহাসিক যাত্রা। ১৭ একর জমিতে মহাকাল মন্দিরের শিলান্যাস শুধু একটি নির্মাণকাজের সূচনা নয়, বরং উত্তরবঙ্গের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ভবিষ্যতের দিকনির্দেশ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

ছবি : প্রতীকী ও সংগৃহীত
আরও পড়ুন : Suvendu Adhikari Gyanesh Kumar letter, Mamata Banerjee SIR allegation | এসআইআর বিতর্কে চিঠি-রাজনীতি তুঙ্গে, মমতার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই জ্ঞানেশ কুমারকে পাল্টা চিঠি শুভেন্দুর

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন