প্রয়াত হলেন সাশ্রয় নিউজের অন্যতম প্রধান উপদেষ্টা সাধন সরকার
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : দেহত্যাগ করলেন সাশ্রয় নিউজ-এর অন্যতম প্রধান উপদেষ্টা অভিনেতা সাধন সরকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দেশীয় ও আন্তর্জাতিক শিল্প-সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, ক্রীড়া, বিনোদনের প্রতি শ্রী সরকার -এর অগাধ পাণ্ডিত্য ছিল সকলকে চমকে দেওয়ার মত। ছিলেন দক্ষ অভিনেতা। নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। শিক্ষকতা থেকে স্বেচ্ছাবসর নিয়েছিলেন। শিক্ষার প্রতি তাঁর অপার মমত্ব জনমানসে দৃষ্টি আকর্ষণ করে।
প্রথমে অবিভক্ত বর্ধমানে, পরে উত্তর চব্বিশ পরগণা জেলার ব্যারাকপুরে তাঁর কৈশোর ও যৌবনের একটি বড় সময় অতিবাহিত হয়। অতঃপর মুর্শিদাবাদের বহরমপুর ও বহরমপুরের কাঁঠালিয়ায় আমৃত্য স্ত্রী ও দুই সন্তান সহ বসবাস করেন। শিশুদের প্রতি মমত্ববোধ ছিল প্রগাঢ়। তাঁদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জন্য আলাপচারিতা জমিয়ে তুলতেন। সাধারণ মানুষের সঙ্গে তাঁর সহৃদয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সকলের চোখে পড়ে। শ্রী সরকার-এর কবি ও সাহিত্যিকদের প্রতি অগাধ ভালবাসা ছিল। মুর্শিদাবাদ জেলার অনেক নামীদামী কবি-সাহিত্যিকরা তাঁকে এক নামেই চিনতেন এবং জানতেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সাশ্রয় নিউজ-এর প্রধান উপদেষ্টা অভিনেতা সাধন সরকার-এর একমাত্র পুত্র সন্তান স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা, কবি, সাহিত্যিক ও সাংবাদিক দেবব্রত সরকার। গত ৬ আগস্ট ২০২৩ একটি মর্মান্তিক পথদুর্ঘটনায় গুরুতর আহত হন দেবব্রত বাবু। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সাধন বাবুর কবিতা, গল্প, এবং প্রবন্ধের প্রতি অগাধ টান ছিল। এই সুবাদেই কবি দেবব্রত সরকার-এর বন্ধু-স্বজন সহ কলকাতা ও মুর্শিদাবাদের কবি-সাহিত্যিকদের তিনি খুব ভালবাসতেন। তাঁদের লেখা সহজেই পাঠও করতেন। তিনি একসময় মুর্শিদাবাদের বহরমপুর থেকে প্রকাশিত সান্ধ্য দৈনিক ‘আমার ভারত পত্রিকা’ -এর সার্কুলেশন বিভাগের প্রধান দায়িত্বে ছিলেন। এবং ‘আমার ভারত পত্রিকা’-কে জেলার কোণায় কোণায় পৌঁছে দিয়েছিলেন। শ্রী সরকার-এর আত্মার চির শান্তি কামনা করছে সাশ্রয় নিউজ।
উল্লেখ্য যে, শুক্রবার সকাল দশটা নাগাদ নিজ গৃহে চিকিৎসাধীন অবস্থায় দেহাবসানের পরে গুণমুগ্ধ ও আত্মীয় পরিজনরা তাঁকে অন্তিমবার দেখার জন্য বাসগৃহে আসেন। শোকস্তব্ধ হয়ে পড়েন সকলেই। বেশ কিছুদিন আগে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। হাসপাতালেও চিকিসাধীন ছিলেন। বাড়ি ফিরেও চিকিৎসায় তেমন সাড়া দেননি। দীর্ঘদিন থেকে সিওপিডিতে ভুগছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাশ্রয় নিউজ, সাশ্রয় ফুডস ও সাশ্রয় প্রোডাকশন হাউস পরিবার। কাঁঠালিয়া শ্মশানে শুক্রবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যে অংশ নেন পরিবারের লোকজন সহ অগুনতি শোকবিহ্বল গুণমুগ্ধ মানুষ। শ্রী সরকার স্ত্রী, এক পুত্র সহ এক কন্যা ও কন্যার দুই পুত্র সন্তান এই ভূ-লোকে রেখে গেলেন।




