স্যাটেলাইট চ্যানেলগুলির প্রতি নতুন নির্দেশিকা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : দেশের উন্নতির স্বার্থে বুধবার স্যাটেলাইট টিভি চ্যানেলগুলির প্রতি নতুন নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় তথ্য ওসম্প্রচার মন্ত্রক। এই নতুন নির্দেশিকায় স্পষ্ট করে বলা আছে, ‘চ্যানেলগুলিকে নিজেদের সম্প্রচারের জন্য একটি নির্দিষ্ট কম্পাঙ্কের ব্যবহার করতে হয়। এই কম্পাঙ্কগুলিকে সর্বজনীন সম্পত্তি হিসেবে ধরা হয়। ফলে এর কিছুটা জনগণের জন্যও ব্যবহার করা উচিৎ।” এও জানানো হয় সেখানে, প্রচারের বিষয় হতে পারে, গ্রামীণ উন্নয়ন, শিক্ষা এবং স্বাক্ষরতা, স্বাস্থ্য ও পরিবার কল্যানমূলক বিষয়, নারী কল্যাণ, কৃষি ব্যবস্থা, বিজ্ঞান এবং প্রযুক্তি, পরিবেশ রক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় সংহতি, প্রভৃতি।
এছাড়াও সেখানে উল্লেখ, ”কেন্দ্রীয় সরকার দরকার মতো জাতীয় স্বার্থে বিষয়বস্তু সম্প্রচারের জন্য চ্যানেলগুলির উদ্দেশে নির্দেশিকা জারি করতে পারে এবং চ্যানেলগুলিকে তা মেনে চলতে হবে।”
নির্দেশিকায় উল্লেখ, দেশের সমস্ত টিভি চ্যানেলগুলিকে ৩০ মিনিটের সামাজিক ও জনকল্যাণমুখী প্রোগ্রাম সম্প্রচার করতে হবে। এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে জীবজন্তু ও খেলাধূলার চ্যানেলগুলিকে। একটি সাংবাদিক বৈঠকে অপূর্ব চন্দ্র (সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রক) বলেছেন, খুব শীঘ্রই এ নির্দেশিকা টিভি চ্যানেলগুলিকে পৌঁছে দেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এবং এই নির্দেশিকা মেনে চলতে সমস্ত টিভি চ্যানেল বাধ্য থাকবেন। খুব দ্রুত এ বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষগুলির সঙ্গে মিটিং করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এবং এই নির্দেশিকা পৌঁছে দেওয়া হবে তাঁদের।



