ডিজিকেই দেখতে হবে : বিচারপতি মান্থা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : এর আগেও বিচারপতি বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবিয়ার কাছে রাজ্যের সমস্ত থানার সিসিটিভি ঠিকমতো চলছে কিনা তার রিপোর্ট চেয়েছিলেন। ২০ ডিসেম্বর, ২০২২ -এর ওই রিপোর্ট তলবের পরে ডিজি ১৩ জানুয়ারি বিচারপতির কাছে রিপোর্ট জমা দেন। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবিয়া তাঁর দেওয়া রিপোর্টে উল্লেখ করেছিলেন, “কিছু থানায় সিসিটিভি খারাপ থাকে, তা বদলানোর কথা বলা হয়েছে।” বিচারপতি মান্থা মঙ্গলবার জানান, রাজ্যের সমস্ত থানার সিসিটিভি যাতে সচল থাকে তা দেখতে হবে ডিজিকেই। তিনি বলেন, ‘‘কোথায় সিসিটিভি কাজ করছে না, তা যাচাই করুন। এ জন্য রাজ্য সিআইডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাহায্য নিতে পারে। আপনি প্রতি সপ্তাহে পুলিশ কমিশনার, সুপার, রেলওয়ে পুলিশের এসপিদের থেকেও রিপোর্ট নিতে পারেন।’’ এদিন আদালতে বিচারপতি মান্থা রাজ্য পুলিশ ও স্বরাষ্ট্র সচিবের উদ্দেশ্যে বলেন, ‘‘আদালত বিশ্বাস করে, আগামী দিনে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবিয়া এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকার যে উত্তরসূরিরা আসবেন, তাঁরাও কোর্টের নির্দেশ মানবেন। তাঁদের এই বিষয়ে অবহিত করবেন মালবিয়া এবং গোপালিকাই।’’ উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি এই বিষয়ে পরবর্তী শুনানি বলে উল্লেখ।




