India Germany trade relations | নতুন কূটনৈতিক সমীকরণে ভারত-জার্মানি সম্পর্ক, বাণিজ্য ও প্রযুক্তি ঘিরে মোদী-মার্জ় বৈঠকে নজর বিশ্বের

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : বিশ্ব রাজনীতির দ্রুত বদলে যাওয়া প্রেক্ষাপটে ভারত-জার্মানি সম্পর্ক আরও এক ধাপ এগোতে চলেছে। দু’দিনের ভারত সফরে আসছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ় (Friedrich Merz)। বার্লিনের ক্ষমতায় বসার পর এটিই তাঁর প্রথম ভারত সফর। আগামী ১২ জানুয়ারি তিনি আহমদাবাদে (Ahmedabad) পৌঁছবেন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী -এর (Narendra Modi) সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রতিরক্ষা ও প্রযুক্তির পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করাই এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।বিদেশ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, এই সফরের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং আধুনিক প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার চেষ্টা করা হবে। শুধু তাই নয়, বিজ্ঞান, উদ্ভাবন, গবেষণা এবং সবুজ ও দীর্ঘস্থায়ী উন্নয়নের মতো ক্ষেত্রেও নতুন পথ খোঁজা হবে। সফরকালে জার্মান চ্যান্সেলর বেঙ্গালুরু (Bengaluru) সফরেও যাবেন বলে জানা গিয়েছে, যেখানে প্রযুক্তি ও উদ্ভাবন সংক্রান্ত বিষয়গুলি বিশেষ গুরুত্ব পাবে। সংবাদসংস্থা পিটিআই (PTI) জানিয়েছে, ১২ জানুয়ারি আহমদাবাদে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে জার্মান চ্যান্সেলরকে স্বাগত জানাবেন। এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে, যখন আন্তর্জাতিক বাণিজ্য ও শুল্ক নীতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের উপর আরও শুল্ক চাপানোর ইঙ্গিত দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই সফরের ঘোষণা হওয়ায় বিষয়টি কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক কূটনৈতিদের মতে, এই সফরের মাধ্যমে ভারত ও জার্মানি নিজেদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ভারসাম্য তৈরি করতে চাইছে। ইউরোপীয় অর্থনীতির অন্যতম স্তম্ভ জার্মানি বর্তমানে বৈশ্বিক বাণিজ্যে নানা চ্যালেঞ্জের মুখে। অন্য দিকে ভারত দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে মোদী-মার্জ় বৈঠক দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি ছাড়াও ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বের রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে অতীতে স্বাক্ষরিত চুক্তিগুলির অগ্রগতি খতিয়ে দেখা হবে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতাকে নতুন মাত্রা দেওয়ার লক্ষ্যেই এই আলোচনা। পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিজ্ঞান ও গবেষণা, উদ্ভাবন এবং পরিবেশবান্ধব উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও ভবিষ্যৎ রূপরেখা তৈরি হতে পারে।
কূটনৈতিক সূত্রের মতে, ইউরোপের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে জার্মানি। শক্তিশালী গণতন্ত্র, স্থিতিশীল অর্থনীতি এবং প্রযুক্তি ক্ষেত্রে ভারতের অগ্রগতি, এই সবই জার্মানির কাছে ভারতের গুরুত্ব বাড়িয়েছে। অন্য দিকে, ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে জার্মানির সঙ্গে সম্পর্ক মজবুত করা ভারতের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ।

আরও পড়ুন : Badalta Bharat Mera Anubhav Winners | ‘বদলতা ভারত, মেরা অনুভব’-এ সৃজনশীলতার ধ্বনি: নতুন ভারতের গল্প বললেন দেশের নাগরিকরা, বিজয়ীদের ঘোষণা কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

উল্লেখ্য, এই সফরের আর একটি গুরুত্বপূর্ণ দিক হল সবুজ ও দীর্ঘস্থায়ী উন্নয়ন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জার্মানি দীর্ঘদিন ধরেই অগ্রণী ভূমিকা পালন করছে। ভারতও নবায়নযোগ্য শক্তি, বিশেষ করে সৌর ও বায়ুশক্তিতে বড় বিনিয়োগ করছে। মোদী-মার্জ় বৈঠকে এই ক্ষেত্রগুলিতে যৌথ উদ্যোগ ও প্রযুক্তি বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষে মানুষে সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়নও আলোচনার অন্যতম বিষয়। জার্মানিতে ভারতীয় ছাত্রছাত্রী ও দক্ষ কর্মীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এই প্রবণতাকে আরও মজবুত করতে ভিসা, শিক্ষা বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কর্মসূচী নিয়ে নতুন সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ফেব্রুয়ারিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron) -এর ভারত সফরের আগেই জার্মান চ্যান্সেলরের এই সফর ইউরোপ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি ধারাবাহিক বার্তা দিচ্ছে। ইউরোপের শীর্ষ রাষ্ট্রনেতারা একের পর এক ভারত সফরে আসছেন, যা ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করছে।

যাইহোক, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ়ের এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্র যেমন, তেমনি বৈশ্বিক রাজনীতি ও বাণিজ্যের নতুন সমীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মোদী-মার্জ় বৈঠক থেকে কী বার্তা বেরিয়ে আসে, সেদিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Viksit Bharat G Ram G Act, Shivraj Singh Chouhan Erode visit | ‘বিকশিত ভারত- জি রাম জি আইন’ আত্মনির্ভর গ্রামের ভিত্তি গড়ছে: ইরোডে কৃষক ও শ্রমজীবীদের সঙ্গে মত বিনিময়ে শিবরাজ সিং চৌহান

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন