Cristiano Ronaldo | সৌদিতে ট্রফির খোঁজে অদম্য সিআর৭, জোড়া গোলে টানা ১০ জয়ে শীর্ষে আল নাসের

SHARE:

সৌদি প্রো লিগে ট্রফি খরা কাটাতে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জোড়া গোলে আল আখদৌদকে হারিয়ে টানা ১০ ম্যাচে জয় পেল আল নাসের, লিগ টেবিলের শীর্ষে সিআর৭-এর দল।

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, নতুন দিল্লি : সৌদি আরবের মাটিতে গোলের বন্যা বইয়ে দিলেও এখনও পর্যন্ত বড় ট্রফির স্বাদ তিনি পাননি। সেই আক্ষেপ ঘোচাতেই যেন আরও বেশি ক্ষুধার্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। চলতি সৌদি প্রো লিগে (Saudi Pro League) তাঁর নেতৃত্বেই দুর্দান্ত ছন্দে রয়েছে আল নাসের (Al Nassr)। শনিবার আল আখদৌদের (Al Akhdoud) বিরুদ্ধে রোনাল্ডোর জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় পেল আল নাসের। এই জয়ের ফলে চলতি ২০২৫-২৬ মরসুমে টানা ১০ ম্যাচে জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষে আরও শক্ত জায়গা করে নিল সিআর৭-এর দল। লিগের নিয়ম অনুযায়ী, এই মরসুমে এখনও পর্যন্ত সব দলই ১০টি করে ম্যাচ খেলেছে। সবক’টি ম্যাচ জিতে আল নাসেরের সংগ্রহ পূর্ণ ৩০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা করিম বেঞ্জেমার (Karim Benzema) দল আল হিলাল (Al Hilal)-এর থেকে তারা এগিয়ে রয়েছে চার পয়েন্টে। এই ব্যবধান শুধু সংখ্যার নয়, মাঠের খেলাতেও আল নাসের যে বাকিদের তুলনায় অনেক বেশি ধারাবাহিক, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

আরও পড়ুন : Sunny Leone horror experience | বিছানায় নড়তে পারছিলেন না! সানি লিওন জানালেন তাঁর ভয়াবহ রাতের কথা

গত শনিবারের ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে নামে আল নাসের। রোনাল্ডো, জোয়াও ফেলিক্স, অ্যাঞ্জেলো গোমস (Angelo Gomes) একের পর এক আক্রমণে বারবার চাপে পড়ে যায় আল আখদৌদের রক্ষণ। যদিও প্রথম দিকে একাধিক সুযোগ নষ্ট করতে হয় আল নাসেরকে। গোলরক্ষকের দৃঢ়তায় এবং শেষ মুহূর্তের ভুলে স্কোরলাইন এগোচ্ছিল না। কিন্তু ৩০ মিনিটের মাথায় অবশেষে জট ভাঙে।

জোয়াও ফেলিক্সের নেওয়া কর্নারে হেড করেন অ্যাঞ্জেলো গোমস। সেই বল গোলমুখে ভাসতেই ছোট্ট কিন্তু নিখুঁত এক টোকায় বল জালে পাঠান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গ্যালারিতে তখন উল্লাসের ঢেউ। নিজের ট্রেডমার্ক উদ্‌যাপন না করলেও মুখের অভিব্যক্তিতে স্পষ্ট ছিল আত্মবিশ্বাস। এই গোলের পর আল নাসেরের আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেন সিআর৭। মাঝ মাঠ থেকে মার্সেলো ব্রোজ়োভিচ (Marcelo Brozovic) দুর্দান্ত একটি পাস বাড়ান। রক্ষণভাগের ফাঁক গলে সেই বল নিয়ন্ত্রণে এনে নিখুঁত ফিনিশে গোল করেন রোনাল্ডো। বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন দাঁড়ায় ২-০। তখনই কার্যত বোঝা যাচ্ছিল, ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আল নাসেরের হাতেই। দ্বিতীয়ার্ধে আরও একবার গোলের দেখা পেতে পারতেন রোনাল্ডো। ৬৬ মিনিটে তিনি আবার বল জালে জড়ালেও, অফসাইডে থাকা একজন সতীর্থের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। তাতে অবশ্য তাঁর আগ্রাসনে কোনও ঘাটতি দেখা যায়নি, বরং বারবার সতীর্থদের উজ্জীবিত করতে দেখা গিয়েছে। ম্যাচের শেষদিকে একটি গোল করেন জোয়াও ফেলিক্স। ফলে ৩-০ ব্যবধানে সহজ জয় নিশ্চিত করে আল নাসের।

এই জয়ের ফলে শুধু পয়েন্ট টেবিলে এগিয়ে যায়, বরং সৌদি প্রো লিগ জয়ের দৌড়ে নিজেদের অন্যতম বড় দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করল আল নাসের। তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে, লিগ জিততে হলে শুধু শুরুটা ভালো হলেই চলবে না, গোটা মরসুম জুড়ে এই ধারাবাহিকতা ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জন্যই প্রতিটি ম্যাচে সমান মনোযোগ দিচ্ছেন রোনাল্ডোরা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যক্তিগত পরিসংখ্যানও ক্রমশ আরও বিস্ময়কর হয়ে উঠছে। ক্লাব ও দেশের জার্সি মিলিয়ে ইতিমধ্যেই ৯৫৬টি গোল করে ফেলেছেন তিনি। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিয়োনেল মেসি (Lionel Messi) -এর সঙ্গে ব্যবধানও আরও বাড়িয়েছেন সিআর৭। মেসির মোট গোলসংখ্যা বর্তমানে ৮৯৬। অর্থাৎ, আর্জেন্টাইন মহাতারকার থেকে ৬০ গোল এগিয়ে রয়েছেন রোনাল্ডো।

আরও পড়ুন : Rajasthan mobile ban, camera phone ban for women | প্রজাতন্ত্র দিবস থেকে ক্যামেরাযুক্ত মোবাইল নিষিদ্ধ! রাজস্থানের গ্রাম পঞ্চায়েতের ফরমান ঘিরে তীব্র বিতর্ক

ফুটবল ইতিহাসে আরও এক অনন্য উচ্চতার সামনে দাঁড়িয়ে আছেন রোনাল্ডো। আর মাত্র ৪৪টি গোল করলেই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ১০০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বয়স ৪০-এর কাছাকাছি হলেও তাঁর ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং গোল করার ক্ষুধা এখনও তরুণদের অনুপ্রাণিত করে। সৌদি লিগে যোগ দেওয়ার সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ইউরোপের বাইরে এসে তাঁর প্রভাব কতটা থাকবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রোনাল্ডো প্রমাণ করেছেন, লিগ যাই হোক না কেন, গোল করার অভ্যাস তাঁর রক্তে মিশে আছে। কিন্তু ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি এবার দলগত সাফল্যই তাঁর মূল লক্ষ্য। আল নাসের জার্সিতে এখনও পর্যন্ত বড় কোনও ট্রফি জিততে না পারার আক্ষেপ লুকোননি রোনাল্ডো নিজেও। সেই কারণেই চলতি মরসুমে তাঁকে আগের চেয়েও বেশি দৃঢ়প্রতিজ্ঞ দেখা যাচ্ছে। সতীর্থদের নেতৃত্ব দেওয়া, মাঠে এবং মাঠের বাইরে দলকে একসূত্রে বাঁধা, সব দিক থেকেই দায়িত্ব নিচ্ছেন সিআর৭। মরসুম এখনও অনেক বাকি। সামনে কঠিন ম্যাচ, চোট-আঘাতের ঝুঁকি, ছন্দ হারানোর সম্ভাবনা, সবই রয়েছে। তবু এখনকার পারফরম্যান্স বলছে, যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে আল নাসের, তবে সৌদি প্রো লিগের ট্রফি ওঠা রোনাল্ডোর হাতেই অসম্ভব নয়। ট্রফি খরা কাটানোর সেই স্বপ্ন নিয়েই একের পর এক ম্যাচে গোল করে চলেছেন সিআর৭।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Cristiano Ronaldo | জোড়া গোলে রোনাল্ডো এগিয়ে গেলেন মেসিকে, চমক দিয়ে শুরু বিশ্বকাপ-যোগ্যতার যাত্রা 

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন