মদ্যপ যুবকদের হাতে আহত পুলিশ
সাশ্রয় নিউজ ★ চন্দ্রকোনা : বড়দিনে অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। একদল মদ্যপ যুবকের হাতে আহত হলেন সাতজন পুলিশকর্মী। ঘটনা ঘটে চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে। ক্ষীরপাইয়ে বড়মা কালীমন্দির সংলগ্ন শিলাবতী নদীর ধারে পিকনিক করতে এসে কিছু যুবক মদ্যপান করছিলেন। পুলিশ সূত্রে খবর, ‘ওই যুবকরা মদ্যপান ও মহিলাদের কটূক্তি করছিল বলেও জানা গিয়েছে। সেই থেকেই ঝামেলার সূত্রপাত। ওখানে পিকনিক করতে আসা অন্য কয়েকজন যুবক তাঁদের বাধা দিতে গেলে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।’ ঘটনাস্থলে ক্ষিরপাই ফাঁড়ির পুলিশ। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে করার চেষ্টা করলে উল্টে পুলিশের ওপর চড়াও হয় মদ্যপ যুবকরা। গাড়ি ভাঙচুর করে ও পুলিশকর্মীদের প্রহার করে বলে উল্লেখ। পুলিশসূত্রে খবর, ওই ঘটনায় স্থানীয় তিনজন সহ মোট ১০ জন আহত হয়েছে। তাঁদের মধ্যে সাতজন পুলিশকর্মী। ঘটনাস্থলে চন্দ্রকোনা থানা ও ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযুক্তরা পলাতক। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ আরও জানায়, অভিযুক্তদের খোঁজে তল্লাশী চলছে।




