কানাডার নির্বাচনে চীনের গোপন হস্তক্ষেপের অভিযোগ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর
সাশ্রয় নিউজ ★ টরেন্টো : চীনের বিরুদ্ধে সরব কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেছেন, চীন কানাডার নির্বাচনে নানানভাবে হস্তক্ষেপ করেছে। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানকে বেজিং লক্ষ্যবস্তু করেছে এবং গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েও ‘আগ্রাসী গেম’ খেলছে। দেশটির গোয়েন্দা দপ্তর ও সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রী ট্রুডোকে জানিয়েছেন, ২০১৯ সালের ভোটেও চীন অন্তত ১১ জন প্রার্থীকে আর্থিকভাবে সহায়তা করেছে। শুধু তাই না, ‘গ্লোবাল নিউজ ‘ নামে একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, চীনা কর্মীরা ভোট প্রচারে উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। গত সোমবার প্রধানমন্ত্রী ট্রুডো সংবাদ মাধ্যমকে বলেছেন,’আমাদের নির্বাচনী কর্মকাণ্ডে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। কানাডার গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন ও প্রতিষ্ঠানে যে-কোনও রকম বিদেশী হস্তক্ষেপের বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।’ ট্রুডো সংবাদ মাধ্যমে আরও বলেন,’দুর্ভাগ্য জনকভাবে বিশ্বের বিভিন্ন দেশ, সেটা চীন বা অন্যান্য কোনও দেশই হোক না কেন- আমাদের দেশ, আমাদের গণতন্ত্র নিয়ে আগ্রাসী গেম খেলতে দেখছি।’



