হরিদাসমাটি প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসব
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : বাতাসে কোকিলের কুহুরব। উদাসী হাওয়ায় হলুদ পাতা ঝরে পড়ছে টুপটাপ। শিমুল পলাশে রঙিন উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বাঙালি মনে।

আবাল-বৃদ্ধ-বনিতা বসন্তের মাতাল ডাকে তোলপাড় হয়ে ছুটছে মনের আনন্দে। কেন ছুটছে মন? কেন ওই হিন্দোলরাগ আছাড়ি পিছাড়ি? কোনও উত্তর নেই। শুধু বাঁধনহীন আনন্দ আছে। আজ সোমবার সকাল থেকেই এই আনন্দ কলরবেই মাতলেন হরিদাস মাটি কালাচাঁদ প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষক-শিক্ষার্থীর ও শিক্ষাকর্মীরা। শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী রাঙিয়ে দিলেন, একে-অন্যকে। যারপরনাই, রঙের উচ্ছ্বাসে উদ্বেলিত শিশুপ্রাণগুলিও। বলাই বাহুল্য, শিশুদের প্রাণ্র বসন্ত উৎসব-এর বীজ পুঁতে দিলেন স্কুলটির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।

আজ সকালবেলা বর্ণাঢ্য শোভাযাত্রার ভেতর দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। ছাত্র-ছাত্রীদের নৃত্যের ছন্দে বসন্তরাগ আরও প্রস্ফুটিত হয়ে ওঠে। সঙ্গীত, নৃত্য, কবিতায়, আর আবিরের স্পর্শে সম্পূর্ণ অনুষ্ঠানটি অভিভাবক ও গ্রামবাসীর মন ছুঁয়ে যায়।




