সাশ্রয় নিউজ স্পোর্টস ডেস্ক ★ নতুন দিল্লি : ভারতীয় ফুটবলের প্রশাসনিক কাঠামোয় এবার নতুন ভূমিকায় দেখা যেতে পারে একাধিক প্রাক্তন তারকাকে। মাঠে দেশের হয়ে দাপট দেখানোর পর এ বার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সাধারণ পরিষদে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামতে চলেছেন ভাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia), আইএম বিজয়ন (IM Vijayan), ব্রুনো কুটিনহো (Bruno Coutinho) ও ক্লাইমেক্স লরেন্সের (Climax Lawrence) মতো পরিচিত ফুটবলাররা। মহিলা ফুটবলারদের মধ্যেও রয়েছেন বেমবেম দেবী (Oinam Bembem Devi) ও অদিতি চৌহানের (Aditi Chauhan) মতো উল্লেখযোগ্য নাম। তবে পরিচিতি কিংবা অতীতের সাফল্য থাকলেই মিলবে না প্রশাসনে প্রবেশের সুযোগ। শেষ পর্যন্ত চার জন প্রাক্তন ফুটবলারকে বেছে নিতে হবে নির্বাচনের মাধ্যমে। আগামী ২৩ নভেম্বর সেই ভোটাভুটি হওয়ার কথা। এআইএফএফের নতুন সংবিধানে প্রাক্তন ফুটবলারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে।
সেই নিয়ম অনুযায়ী, অসামান্য মেধার ক্রীড়াবিদ বা এসওএম (Sportsperson of Outstanding Merit) হিসেবে সাধারণ পরিষদে চার জন প্রাক্তন ফুটবলার জায়গা পাবেন। তাঁদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন মহিলা ফুটবলার নির্বাচিত হবেন। অর্থাৎ পুরুষ ও মহিলা, উভয় বিভাগের প্রতিনিধিত্ব থাকবে দেশের ফুটবলের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থায়। নির্বাচনের প্রস্তুতি হিসেবে মোট ৪০ জন প্রাক্তন ফুটবলারের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছেন ২০ জন পুরুষ ও ২০ জন মহিলা ফুটবলার। নির্বাচনের দায়িত্বে থাকা হরিয়ানার অবসরপ্রাপ্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব শর্মা (Rajiv Sharma) এই তালিকা প্রকাশের পাশাপাশি প্রয়োজনীয় বিজ্ঞপ্তিও জারি করেছেন। বুধবার থেকে নির্বাচনী আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে।
পুরুষ ফুটবলারদের তালিকায় ভাইচুং, বিজয়ন, ব্রুনো কুটিনহো ও ক্লাইমেক্স লরেন্স ছাড়াও রয়েছেন কেটি চাকো, সেতুমাধবন, মুস্তাক আলি, সন্তোষ কাশ্যপ, আব্দুল মজিদ, রমন বিজয়ন, জো পল আনচেরি, সাবির পাশা, আব্দুল হাকিম, কেভি ধনেশ, মহম্মদ ইউসুফ আনসারি, ভুপিন্দর ঠাকুর, কেএ আনসন, শরাফ আলি ও ভিক্টর মঞ্জিলার। মহিলা ফুটবলারদের তালিকাতেও রয়েছে একাধিক পরিচিত মুখ। বেমবেম দেবী ও অদিতি চৌহান ছাড়াও রয়েছেন চিত্রা গঙ্গাধরণ, এস ললিতা, মারিয়ো রেবেলো, শ্রদ্ধাঞ্জলি সামন্তরে, আশালতা দেবী, শুক্লা দত্ত, বেন্টলা ডি’কথ, মিনু সোলাঙ্কি, উভেনা ফার্নান্ডেজ এবং পি শিবশঙ্করী-সহ মোট ২০ জন প্রাক্তন ফুটবলার।
কিন্তু, তালিকা প্রকাশের পর থেকেই ফুটবল মহলের একাংশে প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েকজন প্রাক্তন ফুটবলারের নাম অন্তর্ভুক্তির ভিত্তি নিয়ে সংশয় তৈরি হয়েছে। দেশের বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড় হিসেবে তাঁদের নির্বাচনের মানদণ্ড কী? তা নিয়ে আলোচনা চলছে। ফলে ভোটের আগে প্রার্থী তালিকা ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। ২৩ নভেম্বরের নির্বাচন তাই শুধু কয়েকটি পদ পূরণের প্রক্রিয়া নয়, ভারতীয় ফুটবল প্রশাসনে প্রাক্তন খেলোয়াড়দের ভূমিকা নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ভাইচুং, বিজয়নদের মতো তারকারা শেষ পর্যন্ত সাধারণ পরিষদে জায়গা পান কি না, সেদিকেই এখন নজর ফুটবল মহলের। মাঠের লড়াইয়ে পরিচিত এই প্রাক্তনদের সামনে এ বার প্রশাসনিক দায়িত্বে পৌঁছনোর নতুন পরীক্ষা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli Successful Run Chase Record | সচিনকে টপকে গেলেন কোহলির! রান চেজ করে বিশ্বসেরা ভারতীয় তারকা



