দিল্লি পুলিশের দিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দিল্লিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ধর্না শুরু করেন। প্ল্যাকার্ড হাতে ধর্নায় সামিল হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ গঙ্গোপাধ্যায় সহ তৃণমূল নেতারা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, হুইসল বাজিয়ে ও ধাক্কাধাক্কি করে রাজঘাট থেকে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-এর পুলিশ। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একটাও রাজনৈতিক স্লোগান ব্যবহার করা হয়নি। শান্তিপূর্ণ ভাবে অবস্থান বিক্ষোভ করেছিলাম। গিরিরাজ সিংহর জেদের কারণে সন্তানহারা হয়েছে বাংলার পরিবার। আগামীদিনে আরও জোরদার লড়াই হবে, প্রস্তুত থাকুন। আপনার মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি।’ অভিষেক আরও বলেন, ‘১০০ দিনের টাকা চেয়ে বারবার কেন্দ্রের কাছে দরবার করা হয়েছে। ভারত সরকারের জেদের জেরে বাংলাকে বঞ্চনা করে চলেছে। শান্তিপূর্ণ ভাবে রাজঘাটে ধর্না করছিল তৃণমূল। কিন্তু দিল্লি পুলিশ, সিআরপিএফ ধাক্কাধাক্কি করে তুলে দিয়েছে। মনে রাখতে হবে মহাত্মা গান্ধী কারও কেনা পণ্য পৈতৃক সম্পত্তি নয়’ । উল্লেখ্য যে, কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ-এর। তিনি ভুয়ো জবকার্ড ও হাজার হাজার টাকা দুর্নীতির প্রসঙ্গ তুলে সিবিআই তদন্তের কথা বলেন। গ্রামোন্নয়ন মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক থেকে আবাস যোজনা, বাংলাকে বঞ্চনা করেনি কেন্দ্র। বাংলার গ্রামোন্নয়নে ইউপিএ জমানার তুলনায় দ্বিগুণ বরাদ্দ করেছে এই সরকার। ভুয়ো জব কার্ডের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বাংলায়।’ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছে বলেছিলেন, ‘আমি আবার বলছি, পারলে আমাকে আটকে দেখাও। আমি কোনও তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছি না। আমার যা বলার ছিল, বলেছি এবং চ্যালেঞ্জ করছি। দিল্লির মাটিতে দাঁড়িয়েও ফের এই চ্যালেঞ্জ করছি’। সেই একই কথার পুনরাবৃত্তি অভিষেকের মুখে শোনা গেল এদিনও। তিনি একপ্রকার কেন্দ্রকে চ্যালেঞ্জ করে বলেন, ‘বাংলার প্রাপ্য টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পারলে আটকে দেখাও।’




