কেরলের বর্জ্য শোধনাগারের আগুন নেভেনি
সাশ্রয় নিউজ ★ এর্নাকুলাম, কেরল : কেরলের বর্জ্য শোধনাগারের আগুন নেভেনি। কেরলের একটি বর্জ্য শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলতি মাসের ২ তারিখ। এর্নাকুলাম জেলার ওই বর্জ্য শোধনাগারের আগুন নেভানোর কাজে দমকল, নৌবাহিনী, ও বিমান বাহিনীর ২০০ জন কর্মী অক্লান্তভাবে কাজ করে চলেছেন। বিষাক্ত ধোঁয়ায় ভরে গিয়েছে এলাকা। কেরল সরকার স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার জন্য এলাকার খুব প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে না বেরোন। খুব প্রয়োজনে বেরুতে হলে এন৯৫ মাস্ক ব্যবহার করার নির্দেশ জারি করেছে রাজ্যে সরকার। এর্নাকুলাম-এর জেলা শাসক এনএসকে উমেশ জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করে আমরা উচ্চপর্যায়ের বৈঠক করি। ঘটনাস্থল থেকে এখনও কিছুদিন ধোঁয়া বেরুবে। ওই বর্জ্য শোধনাগারের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য দমকল, নৌবাহিনী ও বিমান বাহিনী একসঙ্গে কাজ করছে। আগুন নেভানোর কাজে হিতাচি এক্সক্যাভেটর, দমকল ইঞ্জিন প্রভৃতি ব্যবহার করা হচ্ছে।’
উল্লেখ্য, এলাকার মানুষের স্বাস্থ্যের কথা ভেবে কেরল স্বাস্থ্য দফতর চব্বিশ ঘন্টা হেল্ফ লাইন ব্যবস্থা শুরু করেছেন। কোনও রকম শারীরিক সমস্যা হলেই প্রশাসন হেল্ফ লাইনে যোগাযোগ করার জন্য বাসিন্দাদের আবেদন জানিয়েছে।




