সাগরদীঘি কেন্দ্র উপনির্বাচন সম্পন্ন, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করলেন ভোটাররা
সাশ্রয় নিউজ ★ সাগরদীঘি : সাগরদীঘি উপনির্বাচন সম্পন্ন হল। সকাল থেকে সাগরদীঘি বিধানসভা উপ-নির্বাচন সম্পন্ন হয়। এগারোটি গ্রামপঞ্চায়েত নিয়ে গঠিত সাগরদীঘি বিধানসভা ক্ষেত্র। প্রায় আড়াই লক্ষ ভোটার, তাঁদের বিধায়ক নির্বাচনের জন্য ভোটাটিকার প্রয়োগ করেন। মোট ৯ টি রাজনৈতিক দলের প্রার্থীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। একজনকে বেছে নেবেন বিধানসভার বিধায়ক হিসেবে। মোট ১৪৬ টি বুথ ছিল এই নির্বাচনে। তার মধ্যে একটি ভোট কেন্দ্র সম্পূর্ণ মহিলা ভোটকর্মীদের দ্বারা পরিচালিত। প্রতিটি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। নির্বাচন কমিশনের কড়াকড়িতে ভোট গ্রহণ কেন্দ্রগুলি ছিল শান্তিপূর্ণ। আজ নির্বাচন কমিশন ৫৪ নম্বর বুথের বাইরে বেআইনি জমায়েত দেখে কড়া নির্দেশ জারি করেন। পুনরায় নির্বাচন কমিশন জানিয়ে দেন, বুথের বাইরে ২০০ মিটারের ভেতর কোনও রকম জমায়েত বরদাস্ত করা হবে না। এবং ওই ঘটনার রিপোর্ট তলব করেন নির্বাচন কমিশন। বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে ঘিরে ৭১ নম্বর বুথে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। কংগ্রেস সূত্রে খবর, বাইরন বিশ্বাস বহিরাগতদের জমায়েত প্রসঙ্গে প্রতিবাদ করেন। অন্যদিকে কংগ্রেসের বিরুদ্ধে বহিরাগত জমায়েতের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিজেপি প্রার্থী দিলীপ সাহা অভিযোগ আনেন, বিজেপির দু’জন নির্বাচনী এজেন্টকে পুলিশ বিনাকারণে জবরদস্তি তুলে নিয়ে যায়। আবার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকতে বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। অবশ্য পরে তিনি প্রিসাইডিং অফিসারের হস্তক্ষেপে ওই ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, মোটের ওপর কড়া নিরাপত্তা ব্যবস্থার ভেতর দিয়ে সাগরদীঘি উপনির্বাচনে ভোট গ্রহণপর্ব শান্তিপূর্ণভাবে শেষ হয়। আগামী ২ মার্চ এই নির্বাচনের ফলাফল প্রকাশ হবে।
প্রতীকী চিত্র



