সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আইপিএলকে বিদায় জানিয়ে এক যুগের অধ্যায় শেষ করলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। রবিবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় ঘোষণা করলেন তাঁর অবসর। দীর্ঘ ১১ বছর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) -এর হয়ে খেলার পর এ বার তাঁকে নতুন ভূমিকায় দেখা যাবে। একসময় শোনা যাচ্ছিল, নিলামে তাঁকে কিনতে পারে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। কিন্তু সেই সম্ভাবনায় বিরতি টেনে রাসেল জানিয়ে দিলেন, আইপিএলে আর ক্রিকেটার হিসেবে দেখা যাবে না তাঁকে। তবে কেকেআর থেকে বিদায় নয়, বরং দলেই থাকছেন ভিন্ন দায়িত্বে, ‘পাওয়ার কোচ’ হিসেবে।
২০১২ সালে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দিয়ে আইপিএল যাত্রা শুরু রাসেলের। প্রথম দুই বছর দিল্লির হয়ে খেললেও ২০১৪ সালে কেকেআরে যোগ দেওয়ার পর থেকেই তিনি হয়ে ওঠেন বেগনি জার্সির অন্যতম বড় আইকন। ব্যাট হাতে তাঁর বিস্ফোরক শট, বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট এবং ফিল্ডিংয়ে অ্যাথলেটিসম রাসেল কেকেআরকে বহু ম্যাচে জয় এনে দিয়েছেন। তবুও গত দুই মরসুম ধরে তাঁর ফর্ম নিয়ে উঠছিল প্রশ্ন। নিলামের আগে তাঁকে না রাখার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়, রাসেলকে এবার অন্য কোনও দলের হয়ে দেখা যেতে পারে কি না। কিন্তু সকল জল্পনার ইতি টেনে তিনি জানিয়ে দিলেন, “আইপিএল থেকে অবসর নিচ্ছি। তবে ক্রিকেট ছাড়ছি না। বিশ্বের অন্য লিগে এবং কেকেআরের অন্যান্য দলে খেলা চালিয়ে যাব।” একটি ভিডিও বার্তায় আবেগভরা কণ্ঠে রাসেল বলেন, “কেকেআরের হয়ে অসংখ্য সুন্দর স্মৃতি আছে আমার। এখানে দুর্দান্ত সময় কাটিয়েছি। কিন্তু কখনও কখনও সঠিক সময়টা বুঝে থামতে হয়। আমি চাই না কেউ বলুক, ‘রাসেলের অবসর নেওয়া উচিত ছিল বহু আগেই।’ তাই এখনই সেরা সময়।”
কেকেআরের হয়ে ১১ বছর ক্রিকেট খেলেছেন রাসেল। তাই দলের বিরুদ্ধে মাঠে নামাটাই তাঁর পক্ষে আবেগের পরিপন্থী। সেই কারণেই আইপিএল থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত আরও দৃঢ় হয়েছে বলে জানিয়েছেন। তবে অবসরের পরই নতুন দায়িত্বের কথাও প্রকাশ করেন তিনি।
“বেঙ্কি মাইসোর (Venky Mysore) প্রথম আমাকে ‘পাওয়ার কোচ’ হওয়ার কথা বলেন। শুনে আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, এমন ভূমিকা আগে কখনও দেখেছেন? বেঙ্কি বলেছিলেন, ‘হ্যাঁ, দ্রে রাস। শক্তিশালী ক্রিকেটের প্রতীক তুমি।’ সেই পরামর্শই আমাকে আরও আত্মবিশ্বাস দিয়েছে।”
রাসেলের কথায় উঠে আসে কেকেআর পরিবারের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক। তিনি বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কয়েক রাত ঘুমোতে পারিনি। বেঙ্কির সঙ্গে বহুবার কথা হয়েছে। এমনকি শাহরুখ খান (Shah Rukh Khan) -এর সঙ্গেও কথা বলেছি। তাঁরা আমাকে সম্মান দেন, ভালবাসেন, আমার প্রতিটি অবদানকে মর্যাদা দেন। তাই এই পরিবারের অংশ হয়ে থাকা আমার জন্য সৌভাগ্যের।” কলকাতার ফ্যানদের উদ্দেশ্যে রাসেলের বার্তা আরও বেশি আবেগমাখা, “কলকাতা, আমি আবার ফিরে আসছি। এ বার খেলোয়াড় হিসেবে নয়, কেকেআরের সাপোর্ট স্টাফ হিসেবে। তোমাদের ভালবাসা আমাকে সবসময় শক্তি দিয়েছে।”
অন্যদিকে, ইনস্টাগ্রামের কথা বলতে গিয়ে রাসেল জানান, “পুরনো ভিডিও দেখলে নিজেকে নানা জার্সিতে দেখি। কিন্তু সতীর্থরা বলেছে—আমাকে সবচেয়ে ভাল লাগে বেগনি জার্সিতেই। সেই ভালবাসা কখনও ভুলব না।” প্রসঙ্গত, রাসেল আইপিএলের ইতিহাসে একটি বিশেষ রেকর্ডের মালিক।
তিনি একমাত্র বিদেশি খেলোয়াড়, তাঁর ঝুলিতে রয়েছে ২০০০ -এরও বেশি রান এবং ১০০-এর বেশি উইকেট। যে কৃতিত্বের মালিক আরও একজন, তিনি রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।
৪৫ বলে ৮০ হোক কিংবা ১ ওভারে ৪ উইকেট, রাসেল বহুবার প্রমাণ করেছেন, তিনি আইপিএলের অন্যতম বড় ম্যাচ উইনার। ২০১৪ এবং ২০২৪, দু’টো আইপিএল জয়ের স্কোয়াডেই ছিলেন দলে। তাই তাঁর অবসর সিদ্ধান্ত একটা যুগের শেষ। তবে রাসেল নিশ্চিত করেছেন, কেকেআরে তাঁর অধ্যায় শেষ হচ্ছে না। ভিন্ন ভূমিকায়, নতুন দায়িত্বে আবারও কেকেআরের ড্রেসিংরুমে দেখা যাবে তাঁকে। ভক্তদের প্রত্যাশা, ‘পাওয়ার কোচ’ দ্রে রাস নতুনদের সেই একই আগ্রাসন, আত্মবিশ্বাস এবং সংকল্প শেখাতে পারবেন, যেটা তাঁকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অলরাউন্ডার বানিয়েছিল।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Andre Russell KKR, KKR Retention 2025 | ১০ বছর পর শেষ হল অধ্যায়! আন্দ্রে রাসেলকে ছাড়ল কেকেআর, ২৩.৭৫ কোটির বেঙ্কটেশও বাদ, নিলামের আগে বড় ঝড় কলকাতা শিবিরে




