তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : আইপিএল ২০২৫ মরসুমের আগে বড়সড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders – KKR)। এক দশক ধরে দলের অন্যতম মুখ থাকা আন্দ্রে রাসেল (Andre Russell)-এর অধ্যায় শেষ করে দিল কেকেআর ম্যানেজমেন্ট। শনিবার প্রকাশিত ‘রিটেনশন লিস্ট’-এ তাঁর নাম নেই। একই সঙ্গে বাদ পড়েছেন গত মরসুমে ২৩.৭৫ কোটি টাকায় কেনা বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। অর্থাৎ, ছোট নিলামের আগে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হল কেকেআরের সবচেয়ে আলোচিত দুই ক্রিকেটারকেই।
২০১৪ সালে রাসেলকে দলে নিয়েছিল কেকেআর। সেই শুরু অভিনব শক্তির ঝড়, ক্ষমতাবান অলরাউন্ড খেলায় রাসেল হয়ে ওঠেন ‘ম্যাচ উইনার’। তবে গত কয়েক বছর ধরে আর সেই ঝলক নেই। বড় শট নেওয়ার দক্ষতা, ডেথ ওভারে ভয়ংকর বোলিং সবই যেন উধাও। ব্যাট হাতে রান ধরে রাখতে না পারা, শরীর চোটপ্রবণ হওয়া ও ফর্মহীনতায় দলের ওপর ক্রমশ বোঝা হয়ে উঠছিলেন তিনি। গত মৌসুমেই তাঁকে ছাড়ার গুঞ্জন উঠেছিল। কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট শেষ সুযোগ দিয়েছিল। সেই সুযোগও আর কাজে লাগাতে পারেননি। তাই দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটল নাইটরা।আইপিএলে রাসেল খেলেছেন ১৪০টি ম্যাচ। সংগ্রহ ২৬৫১ রান, যার মধ্যে চেন্নাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক ৮৮* তাঁর সর্বোচ্চ ইনিংস। বল হাতে নিয়েছেন ১২৩ উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫/১৫ তাঁর সেরা বোলিং ফিগার। কিন্তু গত দুই মরসুমে তিনি এই মানের পারফরম্যান্সের ধারেকাছেও ছিলেন না। তাই সিদ্ধান্ত কঠিন হলেও স্বাভাবিক, এমনটাই মনে করছেন কেকেআরের ঘনিষ্ঠ মহল।
আরও পড়ুন : Rohit Sharma Fitness | নতুন রূপে রোহিত শর্মা ফিটনেসে ফের হিটম্যান, সমালোচকদের জবাব দিলেন স্টাইলেই
রাসেলের মতোই আলোচনার কেন্দ্রে বেঙ্কটেশ আইয়ার। ২০২১ আইপিএলে ঝড় তুলে আলোচনায় এসেছিলেন তিনি। ওপেনিংয়ে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে কেকেআরকে পৌঁছে দিয়েছিলেন ফাইনালে। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০২২ ‘মেগা-অকশন’-এ তাঁকে রিটেন করে নাইটরা। কিন্তু বিগত মৌসুমে চরম ব্যর্থতার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবুও নিলামে তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় কিনে নেন কেকেআর, যা দেখে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বিস্মিত হয়েছিলেন। কিন্তু ২০২৪ মৌসুমে তাঁর ব্যাট ছিল সম্পূর্ণ নীরব। প্রত্যাশা পূরণ দূরে থাক, নিজের নামের প্রতি সুবিচার করতেও পারেননি। তাই এবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে নিলামের জন্য, যেখানে কেকেআর চাইলে তাঁকে অনেক কম দামে আবার তুলে নিতে পারে। শুধু রাসেল-বেঙ্কটেশ নয়, বিদেশি তারকারাও বাদ পড়েছেন রিটেনশন তালিকা থেকে। মইন আলি (Moeen Ali – ২ কোটি), অনরিখ নোখিয়া (Anrich Nortje – ৬.৫ কোটি), কুইন্টন ডি’কক (Quinton de Kock – ৩.৬ কোটি), রহমানুল্লাহ গুরবাজ় (Rahmanullah Gurbaz – ২ কোটি) এবং স্পেন্সার জনসন (Spencer Johnson) সবাইকে রিলিজ করেছে ফ্র্যাঞ্চাইজি। যার ফলে মুক্ত হয়েছে বড় অঙ্কের তহবিল, যা দিয়ে মিনি-অকশনে আক্রমণাত্মক ভাবে বিড করতে পারবে কেকেআর।
অনেকেই ভেবেছিলেন, হয়ত অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) বাদ পড়তে পারেন। কারণ অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল বিস্তর। কিন্তু ব্যাট হাতে ধারাবাহিকতা ও অভিজ্ঞতার উপর ভরসা রেখে তাঁকে রাখল কেকেআর। দলে রাখা হয়েছে হর্ষিত রানা (Harshit Rana), রিঙ্কু সিং (Rinku Singh), মণীশ পাণ্ডে (Manish Pandey), উমরান মালিক (Umran Malik), সূর্যপ্রতিম সুনীল নারাইন (Sunil Narine), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে।
কেকেআরের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা:
অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মণীশ পাণ্ডে, রমনদীপ সিংহ, রিঙ্কু সিংহ, রভমান পাওয়েল (Rovman Powell), সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।ফাঁকা জায়গা: ১৩ (এর মধ্যে ৬ জন বিদেশি নিতে পারবে)
উল্লেখ্য, রিটেনশন ঘোষণার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, ছোট নিলামে কাদের টার্গেট করবে কেকেআর? নতুন শক্তি, নতুন গঠন, নতুন ভারসাম্য, রাসেল যুগের অবসানের পর এখন Knight Riders শিবিরে শুরু নতুন গল্পের অপেক্ষা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : BCCI prize money difference, Harmanpreet Kaur | বিশ্বজয়ী হয়েও পুরস্কারে বৈষম্য! রোহিতদের ১২৫ কোটি, হরমনপ্রীতদের মাত্র ৫১ কোটি, সমালোচনার মুখে বিসিসিআই




