বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাসের কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জারি করেছে কমলা সতর্কতা। রাজ্যের সব জেলালেই আজ রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে উল্লেখ। এই বৃষ্টির জন্য শেষ মুহূর্তের পুজোর বাজারে মন্দা দেখা দিতে পারে বলে আশঙ্কা ক্ষুদ্র ব্যবসায়ীদের। হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড ঘেঁষা অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়। তা এগোয় উত্তর উত্তর-পশ্চিমে। এই নিম্নচাপের জেরেই রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে উল্লেখ। রবিবার দক্ষিণ চব্বিশ পরগণা, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে কোনও কোনও জেলায় হাল্কা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়। সোম ও মঙ্গলবার দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগণা, ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার ভারী বৃষ্টি হতে পারে, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগণা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া বীরভূম জেলায়। উত্তরে সোমবার বৃষ্টির সম্ভবনা আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায়। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উল্লেখিত তিন জেলায়। বুধবার কালিম্পং, দার্জিলিং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে হাওয়া অফিস আশঙ্কা প্রকাশ করেছে, ভারীর বৃষ্টির জন্য দার্জিলিং, কালিম্পং জেলায় ধস নামতে পারে। এমনকী বৃদ্ধি পেতে পারে নদীর জলস্তর। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এবং হাওয়া অফিস আগামী ৩ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে।
ছবি : প্রতীকী




