ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন তৃণমূল কংগ্রেসকে বয়কট আদিবাসী কুড়মি সমাজ-এর
সাশ্রয় নিউজ★পুরুলিয়া : ক’য়েকদিন আগেই রেল ও সড়ক পথ অবরোধ করেছিলেন আদিবাসী কুড়মি আন্দোলনকারীরা। কুড়মি সমাজকে এসটি তালিকাভুক্ত করার দাবিতে তাঁদের আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া প্রভৃতি জেলার তাঁদের সংগঠনের পক্ষে আন্দোলন সংগঠিত হয়েছে একাধিকবার। এবার পুরুলিয়া জেলা কার্যালয়ে, আদিবাসী কুড়মি সমাজ সংগঠন-এর পক্ষে সিদ্ধান্ত জানানো হয়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাঁরা তৃণমূল কংগ্রেসকে বয়কট করছেন। ওই সংগঠনের মুখ্য উপদেষ্টা অজিত কুমার মাহাতো জানান, “কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির দাবিতে সিআরআই কমেন্ট ও জাস্টিফিকেশন রিপোর্ট পাঠানোর ক্ষেত্রে টালবাহানা করছে রাজ্য সরকার।” তাঁদের অভিযোগ, সম্প্রতি ‘রেল রোকো ‘ কর্মসূচিতে রাজ্য সরকার তাঁদের পক্ষে কোনও ইতিবাচক ভূমিকাই গ্রহণ করেননি। ঠিক সেই প্রতিবাদেই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তাঁরা তৃণমূল কংগ্রেসকে বয়কট করছেন। অজিত বাবু এও জানান, শুধু তৃণমূল কংগ্রেসই নয়, কোনও রাজনৈতিক দলের কোনও কর্মসূচিতেই তাঁরা অংশ নেবেন না।




