বাংলা আকাদেমি আগরতলা পুরস্কার

রাজেশ চন্দ্র দেবনাথ, আগরতলা : বাংলা আকাদেমি আগরতলা কর্তৃক ত্রিপুরা রবীন্দ্র পরিষদের দক্ষিণী সভাগৃহে রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রিপুরায় আগমনের প্রথম দিবসটি উদযাপন ও সাহিত্য পুরস্কার প্রদান উপলক্ষ্যে এক মনোজ্ঞ অনুষ্ঠান (নির্দিষ্ট বার্ষিক অনুষ্ঠান) সর্ব স্তরের সাহিত্যপ্রেমীদের উপস্থিতি ও অংশগ্রহণে সুসম্পন্ন হয়। অনুষ্ঠানে উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে শ্রী সঞ্জীব দেব (সম্পাদক, নর্থ ইস্ট কালার্স) এবং শ্রী গোপাল চন্দ্র দাস (সম্পাদক, ত্রিপুরা রবীন্দ্র পরিষদ বিলোনীয়া শাখা)। অনুষ্ঠানে সভাপতির আসনে ছিলেন আকাদেমির সক্রিয় সদস্য ও সাহিত্যিক ড. বীথিকা চৌধুরী।

উদ্বোধক কর্তৃক মঙ্গলদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মেঘা দে। তারপর আকাদেমির সম্পাদক ড. রবীন্দ্রকুমার দত্ত তাঁর স্বাগত ভাষণে আকাদেমির উদ্দেশ্য ও নানান কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি এ কথাও স্পষ্ট করে দেন ত্রিপুরাতে বাংলা আকাদেমি আগরতলাই সর্বপ্রথম রবীন্দ্রনাথের ত্রিপুরায় আগমনের প্রথম দিবসটি (২৭ মার্চ) স্মরণে অনুষ্ঠানের সূচনা করে।

ড. দত্ত আকাদেমি প্রবর্তিত ‘মহারাজা বীরচন্দ্র মাণিক্য স্মৃতি সাহিত্য পুরস্কার ২০২৬’ এবং ‘অনঙ্গমোহিনী দেবী স্মৃতি সাহিত্য পুরস্কার-২০২৬’ প্রাপক যথাক্রমে অধ্যাপক ও সাহিত্যিক ড. জগদীশ গণ চৌধুরী ও সাহিত্যিক নিরঞ্জন চাকমার সমাজসেবা ও সাহিত্যকর্মে বিশেষ অবদানের কথাও সবাইকে শোনান। তারপর আকাদেমির পক্ষ থেকে পুরস্কার প্রাপক ড. জগদীশ গণ চৌধুরীর ও শ্রী নিরঞ্জন চাকমার হাতে পুরস্কার স্বরূপ মানপত্র, শুভেচ্ছা স্মারক, গণেশ ঠাকুরের পটমূর্তি এবং সামান্য পরিমাণ অর্থ তুলে দেওয়া হয়। পুরস্কার প্রাপকদ্বয় তাঁদের নিজ নিজ অনুভবের কথা ব্যক্ত করার সাথে সাথে বাংলা আকাদেমির বিভিন্ন কার্যক্রমেরও প্রভূত প্রশংসা করেন। বিশেষ অতিথি শ্রী গোপাল দাস বেশ আকর্ষণীয় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রাধাকিশোর মাণিক্য স্মারক বক্তব্য রাখেন নিরঞ্জন চাকমা। উল্লেখ্য, গান, আবৃত্তি, কবিতা ও অনুগল্প পাঠে অংশ নেন প্রায় ২৫ জন গায়ক, বাচিকশিল্পী, কবি ও গল্পকার। গল্প পাঠের আসরে সভাপতিত্ব করেন সাহিত্যিক শুভাশিস চৌধুরী এবং কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন কবি দেবাশিস চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. মলয় দেব এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদয়শঙ্কর ভট্টাচার্য।
আরও পড়ুন : IFFD 2026 Opens to Packed Halls, Star Presence and Strong Industry Turnout in New Delhi




