প্রকাশ হল খসড়া ভোটার তালিকা-২০২৩, রাজ্যে ভোটার সংখ্যা কমলো
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বুধবার ৯ নভেম্বর, ২০২২ খসড়া ভোটার তালিকা ২০২৩ প্রকাশ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সূত্রে উল্লেখ, এই ভোটার তালিকায় নাম সংযোজন হয়েছে যেমন, তেমনি মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হয়েছে। বাদ গেছে বহু অস্তিত্বহীন’ নামও। ২০২২-এর চুড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে যা ভোটার ছিল, ২০২৩-এর খসড়া ভোটার তালিকায় তার থেকে ১২, ৫৭৭ জন ভোটার কমে গিয়েছে। নির্বাচন কমিশন, এবিষয়ে বলেছেন, বহু অস্তিত্বহীন ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। যার জন্য ভোটার সংখ্যা কমেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবছর নতুন নাম সংযোজন হয়েছে ২ লক্ষ ৬৬ হাজার ৮৫৭ জন। মৃত ব্যক্তির নাম সহ মোট ২ লক্ষ ৭৯ হাজার ৪৩৪ জনের নাম বাদ পড়েছে। গত বছর মোট ভোটার ছিল ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জন। খসড়া ভোটার তালিকা ২০২৩ অনুযায়ী এবছর রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩ জন।
ভোটার সংখ্যা কমে যাওয়ার ঘটনাকে ষড়যন্ত্র হিসাবে দেখছেন রাজ্যের শাসক দল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নদীয়ার কৃষ্ণনগরের দলীয় সভা থেকে বলেছেন, ‘৩০ শতাংশ নাম তালিকা থেকে বাদ দিয়েছে। নিজেদের দেখতে হবে আপনার নাম ভোটার তালিকায় আছে কি না!’
গত সপ্তাহে রাজ্যের মুখ্যনির্বাচন কমিশনার আরিজ আফতাব সর্বদলীয় বৈঠক আহ্বান করেছিলেন। ওই বৈঠকে রাজ্যের বিরোধী দলগুলি ‘ভুয়ো’ ভোটার নিয়ে সরব হয়েছিলেন। এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ২০২১-এর বিধানসভা ভোটের পরে বারবার সরব হয়েছেন ভুয়ো ভোটারের ইস্যুতে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে, রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছেন, বিরোধী দলগুলির দাবিই মান্যতা পেয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কারও নাম বাদ গেলে বা ভুল থাকলে সংশোধন করা যাবে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছেন, খসড়া ভোটার তালিকা সম্পর্কীত কারও কোনও অভিযোগ থাকলে নির্দিষ্ট তারিখের মধ্যে অভিযোগ জানানো যাবে।



