Tripura : অধ্যাপক সিরাজুদ্দীন আমেদ স্মারক বক্তৃতা

SHARE:

অধ্যাপক সিরাজুদ্দীন আমেদ স্মারক বক্তৃতা

সাশ্রয় নিউজ ★ আগরতলা : শুক্রবার ২৯.০৯.২০২৩ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অনুষ্ঠিত হল সিরাজুদ্দীন আমেদ স্মারক বক্তৃতা। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত ভারতে সবুজ বিপ্লবের অন্যতম কাণ্ডারী এম এস স্বামীনাথন, কবি ও সম্পাদক বিজিত কুমার ভট্টাচার্য, কথাসাহিত্যিক প্রদীপ সরকারের স্মৃতিতে একমিনিট নীরবতা পালন করা হয়। তারপর মঞ্চে একে একে অনুষ্ঠানের অথিতি রাবেয়া খাতুন ও অধ্যাপক দেবাশীষ ভট্টাচার্যকে ডেকে নেওয়া হয়। অথিতিদের উত্তরীয়, পুষ্পস্তবক দিয়ে বরণ করেন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ড. নির্মল দাশ। স্বাগত ভাষণ দেন অনুষ্ঠানের আহ্বায়ক ড. পরামাশ্রী দাশগুপ্ত। এরপর অধ্যাপক সিরাজুদ্দীন আমেদের স্মৃতিচারণ করে প্রসঙ্গিক বক্তব্য রাখেন সিরাজুদ্দীন আমেদের পত্নী রাবেয়া খাতুন, ড. রবীন্দ্র কুমার দত্ত ও ড. মঞ্জু দাশ। সাহিত্যের সঙ্গে প্রকাশনা শিল্পের অঙ্গাঙ্গী সম্পর্ক। সিরাজুদ্দীন আমেদ একজন মননশীল সাহিত্যিক ও প্রাবন্ধিক ছিলেন। তাঁর সাহিত্যকর্মের প্রকাশক রাজ্যের দুই বিশিষ্ট প্রকাশক শুভব্রত দেব ও দেবানন্দ দামও অধ্যাপক আমেদ সম্পর্কে তাঁদের অনুভূতির কথা ব্যক্ত করেন। তারপর অনুষ্ঠানের মুখ্য বক্তা আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দেবাশীষ ভট্টাচার্য স্মারক বক্তৃতা প্রদান করেন। তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে নিম্নবর্গের অবস্থান নিয়ে মনন ঋদ্ধ বক্তব্য উপস্থাপন করেন। উল্লেখ্য যে এই অনুষ্ঠানে বাংলা বিভাগের ২০২১-২৩ শিক্ষাবর্ষের প্রথম স্থানাধিকারী ছাত্র শ্রীমান দীপক দে-কে অধ্যাপক সিরাজুদ্দীন আমেদ স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলা বিভাগের অধ্যাপক ছাড়াও অন্যান্য বিভাগের অধ্যাপক, ছাত্রছাত্রী, গবেষকেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. সায়ক মুখার্জি। ধন্যবাদ জ্ঞাপন করেন ড. নির্মল দাশ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment