সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ক্রিকেটে বলা হয়, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই। কিন্তু কে ভাঙবে, কখন ভাঙবে তা নিয়ে থাকে বাড়তি কৌতূহল। বিশ্বক্রিকেটে এমনই এক চমকপ্রদ মুহূর্তের সাক্ষী থাকল টি-টোয়েন্টি ক্রিকেট। ভারতের তারকা ওপেনার ও প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) -এর গড়া একটি বিশ্বরেকর্ড ভেঙে গেল। তবে সেই রেকর্ড ভাঙলেন না অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী ক্রিকেট দেশের কোনও তারকা। ক্রিকেটবিশ্বে তুলনামূলক ভাবে নবীন ও ‘দুধের শিশু’ বলে পরিচিত আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং (Paul Stirling) গড়লেন নতুন রেকর্ড।সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার সঙ্গেই ইতিহাসে নিজের নাম তুলে নিলেন স্টার্লিং। এই ম্যাচের মধ্য দিয়েই তিনি খেললেন নিজের ১৬০তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক। এতদিন পর্যন্ত এই তালিকায় শীর্ষে ছিলেন রোহিত শর্মা, যাঁর ঝুলিতে ছিল ১৫৯টি ম্যাচ। সেই দীর্ঘদিনের রেকর্ডই এবার ভেঙে গেল আইরিশ অধিনায়কের ব্যাট হাতে।
বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে শুরু হয় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। এই সিরিজ়ে আয়ারল্যান্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন স্টার্লিং। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই তাদের শেষ প্রস্তুতি পর্ব। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই সিরিজ় আইরিশ শিবিরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় পল স্টার্লিংয়ের। সেই থেকে টানা দেড় দশকেরও বেশি সময় ধরে আয়ারল্যান্ড ক্রিকেটের অন্যতম স্তম্ভ হয়ে রয়েছেন তিনি। ধারাবাহিকতা, ফিটনেস এবং দলের প্রতি দায়িত্ববোধ, এই তিনের মিশেলেই তিনি পৌঁছে গেলেন এই ঐতিহাসিক মাইলস্টোনে। উল্লেখযোগ্য ভাবে, ১৬০টি ম্যাচের মধ্যে ৪৫টি ম্যাচে তিনি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, যা তাঁর নেতৃত্বগুণেরও প্রমাণ বহন করে।
স্টার্লিংয়ের কেরিয়ারের আরও একটি উল্লেখযোগ্য দিক হল তাঁর বিশ্বকাপ যাত্রা। চলতি বিশ্বকাপটি হবে তাঁর নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে তিনি ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ এবং ২০২৪ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের হয়ে অংশ নিয়েছেন। শুধু ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই তাঁকে দেখা যায়নি। এ বারের বিশ্বকাপে খেলতে পারলে তিনি ভারতের রোহিত শর্মা এবং বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan) -এর পর তৃতীয় ক্রিকেটার হিসাবে ন’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার বিরল রেকর্ড গড়বেন। ব্যক্তিগত পরিসংখ্যানের দিক থেকেও স্টার্লিং পিছিয়ে নেই। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি বর্তমানে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৬০টি ম্যাচে ২৬.৫৩ গড়ে তাঁর মোট রান ৩৮৭৪। তাঁর ঝুলিতে রয়েছে একটি শতরানও। রানের তালিকায় তাঁর উপরে রয়েছেন কেবল বাবর আজ়ম (Babar Azam), রোহিত শর্মা এবং বিরাট কোহলি (Virat Kohli) -এর মতো মহাতারকারা। এই পরিসংখ্যানই প্রমাণ করে, কেবল ম্যাচসংখ্যা নয়, ব্যাট হাতেও তিনি কতটা কার্যকর।
ক্রিকেট মহলের মতে, এই রেকর্ড ভাঙা শুধু একটি সংখ্যার পরিবর্তন নয়। এটি আয়ারল্যান্ড ক্রিকেটের ক্রমবর্ধমান ধারাবাহিকতারও প্রতিফলন। বড় ক্রিকেট শক্তিগুলির ছায়ায় থেকেও কীভাবে ছোট দেশগুলি নিজেদের জায়গা তৈরি করছে, স্টার্লিং তার জীবন্ত উদাহরণ। অন্য দিকে, রোহিত শর্মার রেকর্ড ভাঙলেও তাঁর অবদান খাটো হয়ে যায় না বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। বরং এই ঘটনাই প্রমাণ করে, টি-টোয়েন্টি ক্রিকেট কতটা বিস্তৃত ও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। উল্লেখ্য যে, বিশ্বকাপের ঠিক আগে এই রেকর্ড স্টার্লিংয়ের আত্মবিশ্বাস বাড়াবে বলেই ধারণা। নেতৃত্ব ও অভিজ্ঞতার জোরে আয়ারল্যান্ড যে এ বার বড় দলগুলিকে অস্বস্তিতে ফেলতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ক্রিকেটবিশ্বে তাই এখন একটাই প্রশ্ন, রোহিতের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লেখা এই আইরিশ অধিনায়ক কি বিশ্বকাপেও চমক দেখাতে পারবেন?
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rohit Sharma, ODI future | এক দিনের ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই অধিনায়কত্বের কঠিন সিদ্ধান্ত নিয়ে খোলাখুলি রোহিত শর্মা




