নবারুণ দাস, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং অভিনেতা জাহির ইকবাল (Zaheer Iqbal) দীর্ঘদিন প্রেমের পর ২০২৪ সালের ২৩ জুন সাতপাকে বাঁধা পড়েন। বিয়ের বয়স এখন মাত্র আট মাস হলেও তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। একদিকে একসঙ্গে বিদেশ ভ্রমণ, দু’বার হানিমুন সেরে আসা, সুখের সংসারের রঙিন মুহূর্ত ভাগ করে নেওয়া, সবই যেন পর্দার বাইরেও দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই সুখের মাঝেও রয়েছে একটুকরো আফসোস, যা আজও ভোলেননি জাহির।

সম্প্রতি জনপ্রিয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে জাহির ইকবাল মুখ খোলেন। নিজের প্রেম কাহিনি শেয়ার করতে গিয়ে হেসে ফেললেও একটা জায়গায় এসে থেমে যান এবং দীর্ঘশ্বাস ফেলেন। জাহিরের কথায়, ‘বিয়ে করেছি, সুখে আছি, কিন্তু একটা জিনিস আমি এখনও ভুলতে পারি না। আমার জীবনের প্রথম ডেটটাই বরবাদ হয়েছিল। আর সেটা করেছে সোনাক্ষী।’

ওই সাক্ষাৎকারে জাহির জানিয়েছেন, তাঁদের প্রথম দেখা হওয়ার পরিকল্পনা হয়েছিল মুম্বইয়ের পালি হিলে। নতুন প্রেমের উত্তেজনায় ভরপুর জাহির ভেবেছিলেন, এটি হবে স্বপ্নের মতো একটি ডেট। কিন্তু সেখানে গিয়ে যে অভিজ্ঞতা অপেক্ষা করছিল, তা একেবারেই কল্পনার বাইরে।

তিনি বলেন, ‘সোনাক্ষী আমাকে ওখানে ডেকেছিল। আমি মনে করেছিলাম, আমরা একসঙ্গে বসব, একে অপরকে চিনব। কিন্তু গিয়ে দেখি, ও সঙ্গে করে দু’জন বন্ধু নিয়ে এসেছে। তখনই মনে হয়েছিল, পুরো পরিবেশটাই বদলে গেল।’

এমন ঘটনায় যে জাহির হতাশ হয়েছিলেন, সেটিও লুকাননি। হালকা ছদ্ম রাগ মিশ্রিত সুরে বলেন, ‘প্রথম ডেট নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। ভেবেছিলাম, একান্তে সময় কাটাব। কিন্তু বন্ধুরা সঙ্গে থাকায় সেটাই সম্ভব হয়নি। ওদের সামনে বসে সোনাক্ষীর সঙ্গে খোলামেলা কথা বলা যায় না। তখন মনে হয়েছিল, প্রথম ডেটটাই নষ্ট হয়ে গেল।’

উল্লেখ্য যে, যখন এ নিয়ে সোনাক্ষীকে প্রশ্ন করেছিলেন, তখন নায়িকার সাফ জবাব ছিল, তিনি শুধু যাচাই করছিলেন জাহিরকে। তাঁর মতে, সম্পর্কের শুরুতে একজন মানুষকে বোঝার জন্য, বিশেষ করে আজকের দিনে, বন্ধুদের উপস্থিতি অনেক সময় প্রয়োজন হয়। এই কারণেই সেদিন একা আসেননি।
আরও পড়ুন : Manali | মানালি: পাহাড়ি রূপকথার পাতায় ছুটি কাটানোর ঠিকানা

এ নিয়েই আফসোস আজও রয়ে গেছে জাহিরের মনে। তবে এই ছোট্ট রাগ আর হতাশা সত্ত্বেও দাম্পত্য জীবনে একটুও প্রভাব পড়েনি। তা তাঁদের সম্পর্ক সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। ভক্তরা তাঁদের একসঙ্গে দেখতে পছন্দ করেন, ছবির পর্দায় হোক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। একাধিক ছবি ও ভিডিওতে দেখা যায়, ভ্রমণে কিংবা পারিবারিক অনুষ্ঠানে, সোনাক্ষী ও জাহির একে অপরের প্রতি যথেষ্ট স্বচ্ছন্দ।

জাহিরের এই স্বীকারোক্তি যে নতুন করে আলোচনা তৈরি করেছে, তাতে সন্দেহ নেই। বলিউডের গ্ল্যামার দুনিয়ায় যেখানে তারকারা নিজেদের সম্পর্ক নিয়ে সাধারণত গোপনীয়তা বজায় রাখেন, সেখানে জাহিরের এই খোলামেলা বক্তব্য ভক্তদের কাছে চমকপ্রদ।
এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমাদের কাছে ওরা স্বপ্নের জুটি। ছোটখাটো ঝগড়া বা আফসোস থাকতেই পারে, তাতে সম্পর্কের মাধুর্য আরও বেড়ে যায়।’ অন্যদিকে আরেকজন মন্তব্য করেছেন, ‘সোনাক্ষী একদম ঠিক কাজ করেছে। নতুন সম্পর্কে যাচাই করাই স্বাভাবিক। তবে জাহিরের রাগটাও আমি বুঝতে পারছি। প্রথম ডেট সবসময়ই বিশেষ হয়।’

জাহির ও সোনাক্ষীর এই খোলামেলা সম্পর্ক নিয়েই হয়ত তাঁদের দাম্পত্য জীবন এতটা সফল। যদিও প্রথম ডেটের সেই অভিজ্ঞতা নিয়ে আফসোস আজও রয়ে গেছে জাহিরের মনে, তবে তিনি এটাও জানেন, সেই দিনটিই তাঁদের আজকের একসঙ্গে পথচলার সূচনা। আর তাই হয়তো শেষ পর্যন্ত সেই ‘অপ্রীতিকর’ স্মৃতিই তাঁদের প্রেমকাহিনির এক মজার অধ্যায় হয়ে থাকবে।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sonakshi Sinha | বেড়াতে গিয়ে এমন ঘটবে জানতেন না সোনাক্ষী



