সুজয়নীল দাশগুপ্ত ★সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই: ক্রিকেটপ্রেমীদের জন্য রোমাঞ্চকর রাতের সাক্ষী রইল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। নাটকীয় লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত (India)। এখন চোখ রবিবারের দিকে যেখানে আহমেদাবাদের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শিরোপা লড়াইয়ে নামবেন সূর্যকুমার যাদবদের দল। এই ম্যাচ জিততে পারলে ইতিহাস গড়বে ভারত, কারণ টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নজির এখনও বিশ্বের কোনও দলের নেই।ম্যাচের শুরুতেই নাটকীয়তা। টস জিতে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook) প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। অনেকেই সেই সিদ্ধান্তে অবাক হন। পরে দেখা যায়, সেই সিদ্ধান্তই ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। ভারতের ব্যাটিং শক্তির সামনে ইংল্যান্ডের বোলিং লাইন-আপ অসহায় হয়ে পড়ে।
ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ২৫৩ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৪৬ রানেই থামে। মাত্র ৭ রানের ব্যবধানে জয় তুলে নেয় ভারত। এই ম্যাচে সবচেয়ে বড় নাটকীয় মুহূর্ত তৈরি হয় তৃতীয় ওভারে। তখন মাত্র ১২ রানে ব্যাট করছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। জফ্রা আর্চার (Jofra Archer) -এর বলে একটি সহজ ক্যাচ ফেলে দেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook)। সেই ভুলের মাশুলই শেষ পর্যন্ত দিতে হয় ইংল্যান্ডকে। কারণ জীবন পাওয়া সঞ্জু এরপর ব্যাট হাতে ঝড় তোলেন। সঞ্জু স্যামসনের ইনিংসই ভারতের ইনিংসের মোড় ঘুরিয়ে দেয়। তিনি মাত্র ৪২ বলে ৮৯ রান করেন। তাঁর ব্যাট থেকে আসে ৮টি চার ও ৭টি ছক্কা। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হন তিনি। এই ইনিংস যেন তাঁর দীর্ঘদিনের বঞ্চনার জবাব। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকলেও একটি ম্যাচেও তিনি সুযোগ পাননি। সেই হতাশা যেন ব্যাটে আগুন হয়ে বেরিয়ে এল। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৭ রানের অপরাজিত ইনিংসের পর থেকেই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন তিনি। সেমিফাইনালেও একই আগ্রাসন বজায় রাখলেন।
সঞ্জুর সঙ্গে দুর্দান্ত সঙ্গ দেন ঈশান কিশন (Ishan Kishan)। তিন নম্বরে নেমে মাত্র ১৮ বলে ৩৯ রান করেন তিনি। চারটি চার ও দুটি ছক্কায় ভরপুর ছিল তাঁর ইনিংস। সঞ্জু-ঈশানের জুটিতে মাত্র ৮.৩ ওভারে ১০০ রান তুলে ফেলে ভারত। এই টুর্নামেন্টে ভারতের দ্বিতীয় দ্রুততম শতরান এটি। এরপর ব্যাট হাতে ঝলক দেখান শিবম দুবে (Shivam Dube)। ২৫ বলে ৪৩ রান করে দলের রান আরও বাড়ান তিনি। তাঁর ইনিংসে ছিল একটি চার ও চারটি ছক্কা। শেষ দিকে দ্রুত রান তোলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ১২ বলে ২৭ রান করেন তিনি। আর মাত্র ৭ বলে ২১ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিলক বর্মা (Tilak Varma)। যদিও ঘরের মাঠে বড় রান করতে পারেননি অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। মাত্র ১১ রান করে আদিল রশিদ (Adil Rashid) -এর বলে স্টাম্পড হয়ে ফিরে যান তিনি। কিন্তু তাতে ভারতের রান তোলার গতি থামেনি।
আরও পড়ুন : Rohit Sharma | নতুন রূপে রোহিত শর্মা : ফিটনেসে বদলে গেল হিটম্যান, ক্রিকেট দুনিয়া মুগ্ধ
২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ ছিল না ইংল্যান্ডের। ফিল সল্ট (Phil Salt) ও জস বাটলার (Jos Buttler) দ্রুত রান তুলছিলেন। কিন্তু প্রথম ধাক্কা দেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তাঁর প্রথম বলেই আউট হন সল্ট। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। জস বাটলারকে (Jos Buttler) বোল্ড করেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। আর দুর্দান্ত ফিল্ডিংয়ে ক্যাচ নিয়ে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে (Harry Brook) সাজঘরে ফেরান অক্ষর পটেল (Axar Patel)। তবে ম্যাচের উত্তেজনা ধরে রাখেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার জ্যাকব বেথেল (Jacob Bethell)। তিনি একাই ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। ৪৮ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা।
বেথেলের সঙ্গে ভাল জুটি গড়েছিলেন উইল জ্যাকস (Will Jacks)। দু’জনে মিলে ৩৯ বলে ৭৭ রানের জুটি গড়েন। তবে সেই জুটি ভাঙেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। এরপর ধীরে ধীরে ম্যাচ ভারতের দিকে ঝুঁকে পড়ে। শেষ পর্যন্ত ইংল্যান্ডের জয়ের আশা শেষ হয়ে যায় যখন শেষ ওভারের শুরুতেই রান আউট হন বেথেল। ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তিনি ৩৮ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), অক্ষর পটেল (Axar Patel), অর্শদীপ সিংহ (Arshdeep Singh) ও বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) প্রত্যেকে একটি করে উইকেট পান। এই জয়ের ফলে চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। এবার তাদের সামনে নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হবে সেই মহারণ।
২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনালে এই একই মাঠে হারতে হয়েছিল ভারতকে। সেই আক্ষেপ মেটানোর সুযোগ এবার সামনে। ক্রিকেটবিশ্ব এখন অপেক্ষায় ভারত কী পারবে ইতিহাস গড়তে? তার জন্য অপেক্ষা করতে হবে রবিবার ভারত ও নিউ জিল্যান্ড ম্যাচ পর্যন্তই।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : New Zealand T20 World Cup Final Mitchell Santner | ইডেনে ম্যাচ জিতে প্রথম টি২০ বিশ্বকাপ জয়ের স্বপ্নে নিউ জিল্যান্ড ল্যান্ড, বিদায় নিল দক্ষিণ আফ্রিকা



