প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : ব্যস্ত শুটিং শিডিউল, আন্তর্জাতিক সফর, ব্যবসা, সব সামলেও নিজের শরীর আর মনের যত্ন নিতে ভোলেন না প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra Jonas)। সাত সকালে কাজ থাকলে রুটিন আলাদা, তবে যেদিন একটু দেরিতে ঘুম থেকে ওঠার সুযোগ মেলে, সেদিন প্রাতরাশ আর মধ্যাহ্ণভোজের মাঝামাঝি সময়ের খাবার, অর্থাৎ ‘ব্রাঞ্চ’ই তাঁর পছন্দ। সম্প্রতি এক পডকাস্টে নিজের সেই প্রিয় ব্রাঞ্চের কথা ভাগ করে নিয়েছেন বলিউড থেকে হলিউডে সফল অভিনেত্রী।

প্রিয়াঙ্কার কথায়, দেরিতে ঘুম থেকে উঠলে ভারী লাঞ্চ করার বদলে এমন খাবারই তিনি পছন্দ করেন, যা এক দিকে পেট ভরায়, আবার অন্য দিকে শরীরকেও চনমনে রাখে।
তিনি নিজেই বলেছেন, ‘এই সময় আমি ভারতীয় খাবার পছন্দ করি, দোসা বা পরোটা। তবে ডিমের মতো ভালো প্রাতরাশ কিছু হয় না।’ ছোটবেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা সেই স্বাদ আজও তাঁর ব্রাঞ্চের তালিকায় রয়ে গিয়েছে।

শৈশবে বাবার হাতের বানানো ওমলেট ছিল প্রিয়াঙ্কার দিনের শুরু। আজও সেই স্মৃতির স্বাদ ধরে রেখেছেন তিনি। ডিম, সসেজ, চিজ়, মাশরুম, সব মিলিয়ে প্রোটিনসমৃদ্ধ একটি ওমলেটের সঙ্গে বাটার টোস্ট আর তেঁতুলের জেলি, এই সহজ অথচ পরিপূর্ণ খাবারই তাঁর ‘ব্রাঞ্চ’।

চল্লিশ পেরিয়েও ছিপছিপে চেহারা ধরে রাখার নেপথ্যে যে কঠোর ডায়েট আর অনুশীলন রয়েছে, সে কথা অজানা নয়। তবু প্রিয়াঙ্কার এই ব্রাঞ্চ প্রমাণ করে, সুস্বাদু খাবার খেয়েও সুস্থ থাকা সম্ভব। অভিনেত্রীর এই ব্রাঞ্চ রেসিপির বিশেষত্ব হল, এতে রয়েছে স্মৃতি আর পুষ্টির মেলবন্ধন।
আরও পড়ুন : Priyanka Chopra – Nick Jonas : সমুদ্রতটে প্রিয়াঙ্কা-প্রিয়াঙ্কা, সঙ্গে মেয়ে মালতি

তিনি জানিয়েছেন, ‘এটা কোনও অভিনব রেসিপি নয়। বরং ঘরের খাবার। কিন্তু এতে আমি তৃপ্তি পাই।’ আর সেই তৃপ্তিই হয়তো তাঁকে দিনের বাকি সময়ের জন্য প্রস্তুত করে তোলে।

প্রিয়াঙ্কা চোপড়ার মতো ওমলেট বানাতে যেসব উপকরণ লাগবে, সেগুলি প্রায় সব রান্নাঘরেই পাওয়া যায়। প্রয়োজন হবে তিনটি ডিম, এক থেকে দু’টি সসেজ ছোট টুকরো করে কাটা, দু’থেকে তিনটি কাঁচালঙ্কা (Green Chilli) কুচি, আধ কাপ কোরা চিজ় (Cheese), এক-চতুর্থাংশ কাপ দুধ, এক কাপ টুকরো করা মাশরুম (Mushroom), প্রয়োজন মতো মাখন (Butter), নুন, গোলমরিচ (Black Pepper)।
প্রিয়াঙ্কা চাইলে সামান্য রসুন (Garlic), গরম জলে ভেজানো শুকনো লঙ্কা (Dry Red Chilli) আর অল্প লেবুর রস (Lemon Juice) একসঙ্গে বেটে নেওয়া পেস্টও ব্যবহার করেন, যা ওমলেটের স্বাদে আলাদা ঝাঁঝ যোগ করে।

রান্নার পদ্ধতিও বেশ সহজ, কিন্তু কিছু ছোট কৌশল মেনে চললে স্বাদ হবে রেস্তরাঁর মতো। প্রথমে একটি পাত্রে তিনটি ডিম ভেঙে তার সঙ্গে দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম যত ভালো ফেটানো হবে, ওমলেট তত নরম হবে, এটাই প্রিয়াঙ্কার টিপস।
আরও পড়ুন : Sonam Kapoor : ওজন ঝরিয়ে সৌন্দর্য ধরে রাখা, সোনম কপূরের হেঁশেলের রহস্য প্রকাশ্যে

এর পরে একটি নন-স্টিক প্যানে মাখন গরম করে নিন। মাখন গলে গেলে তাতে কাটা সসেজ দিয়ে মাঝারি আঁচে নেড়েচেড়ে ভাজুন। সসেজ হালকা বাদামি হলে চাইলে অল্প রসুন-লঙ্কার পেস্ট যোগ করতে পারেন। সঙ্গে দিন পরিমাণ মতো নুন।

এর পরে একে একে কাটা মাশরুম এবং কাঁচালঙ্কা প্যানে দিন। মাশরুম থেকে জল বেরোবে, তাই ধৈর্য ধরে নেড়ে যেতে হবে। মাশরুম নরম হয়ে এলে আঁচ একটু কমিয়ে দিন এবং তার উপর ফেটিয়ে রাখা ডিম ঢেলে দিন। ডিমের নীচের অংশ ধীরে ধীরে জমতে শুরু করলে উপর থেকে অল্প নুন ও গোলমরিচ ছড়িয়ে দিন।

এর পরেই ছড়িয়ে দিন কোরা চিজ়। চিজ় গলতে সাহায্য করার জন্য চাইলে প্যানের উপর অল্প সময়ের জন্য ঢাকা দিতে পারেন। তবে বেশি ক্ষণ নয়, এতে ডিম শক্ত হয়ে যেতে পারে। এক থেকে দু’মিনিট পরে আঁচ বন্ধ করে দিন। চিজ় আধগলা হলে ওমলেটটিকে আলতো করে আধাআধি ভাঁজ করুন, যাতে চিজ় ও সবজির পুর ভিতরে থাকে। এই ভাবে ওমলেট থাকবে নরম, রসালো আর ভরপুর স্বাদে।

পাশে পরিবেশনের জন্য পাউরুটি (Bread) হালকা সেঁকে তাতে মাখন মাখান। প্রিয়াঙ্কার পছন্দ অনুযায়ী তার উপর সামান্য তেঁতুলের জেলি (Tamarind Jelly) লাগালে স্বাদে আসবে মিষ্টি-টক ছোঁয়া। এই টোস্টের সঙ্গে গরম গরম ওমলেট সাজিয়ে দিলেই তৈরি প্রিয়াঙ্কা চোপড়ার প্রিয় ‘ব্রাঞ্চ’। এই ব্রাঞ্চ শুধু পেট ভরায় না, বরং প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেটের ভারসাম্য বজায় রাখে। তাই দেরিতে ঘুম থেকে ওঠা ছুটির দিনে বা কাজের চাপ কম থাকলে, প্রিয়াঙ্কার মতো এই সহজ অথচ পুষ্টিকর ব্রাঞ্চ বানিয়ে নিতেই পারেন আপনিও।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : celebrity parenting, Priyanka Chopra Nick Jonas | গোল্ডেন গ্লোবসেও ফাঁস প্রিয়াঙ্কা, কীভাবে বড় হচ্ছে তাঁদের মেয়ে মালতী




