Netaji Subhas Chandra Bose, Mamata Banerjee | নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে এসআইআর ইস্যুতে কেন্দ্র ও কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতার

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : নেতাজী সুভাষচন্দ্র বসু -এর (Netaji Subhas Chandra Bose) জন্মজয়ন্তীর আবেগঘন মঞ্চ থেকেও থামল না ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) ঘিরে রাজনৈতিক বিতর্ক। কলকাতার ধর্মতলায় রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একযোগে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে (Election Commission of India) তীব্র ভাষায় আক্রমণ করেন। নেতাজীর স্মৃতিকে সামনে রেখে তিনি প্রশ্ন তোলেন, ‘নেতাজী যদি আজ বেঁচে থাকতেন, তাকেও কি শুনানিতে ডাকা হত?’

আরও পড়ুন : West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ বাইশ-তম কিস্তি)

এই প্রশ্নের মধ্য দিয়েই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে ভয়, উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে, তাকে রাজনৈতিক মঞ্চে আরও একবার সামনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি স্মরণ করিয়ে দেন, নেতাজির পরিবারের সদস্য চন্দ্রকুমার বসুকেও (Chandrakumar Bose) ইতিমধ্যেই এসআইআর শুনানির নোটিস পাঠানো হয়েছে। তাঁর মতে, এই ঘটনা শুধু প্রশাসনিক তৎপরতার নয়, বরং ঐতিহাসিক ব্যক্তিত্ব ও তাঁদের উত্তরাধিকারীদের প্রতিও অসম্মানের উদাহরণ। উল্লেখ্য যে, এসআইআর-কে ঘিরে যে ‘আতঙ্কের পরিবেশ’ তৈরি হয়েছে, তার জেরে একের পর এক মৃত্যুর অভিযোগ তুলে মমতা এদিন আরও তীব্র ভাষায় নির্বাচন কমিশন ও কেন্দ্রকে দায়ী করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘এত মানুষ মারা যাচ্ছেন। প্রায় ১১০ জনের মৃত্যু হয়েছে। রোজ আতঙ্কে তিন-চার জন করে আত্মঘাতী হচ্ছেন। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না? কেন্দ্রীয় সরকারকে এর দায় নিতে হবে।’ সরকারি মঞ্চ হওয়ায় তিনি কোনও রাজনৈতিক দলের নাম উচ্চারণ না করলেও তাঁর বক্তব্যের লক্ষ্য যে কেন্দ্রের শাসক দল, তা বুঝতে অসুবিধা হয়নি কারও।

মমতা বন্দ্যোপাধ্যায় -এর অভিযোগ, এসআইআর-এর নামে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে বিকৃত করার চেষ্টা চলছে। তাঁর কথায়, ‘ভারতের ইতিহাস গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মনীষীদের অসম্মান করা হচ্ছে। ভাষার প্রতি অসম্মান চলছে।’ এই প্রসঙ্গেই তিনি নেতাজির অবদান স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘নেতাজি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। জেনেবুঝে সেটাকে তুলে দেওয়া হয়েছে। তার বদলে তৈরি করা হয়েছে নীতি আয়োগ (NITI Aayog)। সেটা খায় না মাথায় দেয়, কেউ জানে না।’
অন্যদিকে, নেতাজীর জন্মদিন ২৩ জানুয়ারিকে এখনও জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা না করার বিষয়েও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘আমাদের দুর্ভাগ্য যে, নেতাজির জন্মদিনটিকে এখনও জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়নি। আমরা তাঁর মৃত্যুদিনটাও জানতে পারিনি।’ নেতাজীর জীবন ও আদর্শকে সামনে রেখে মমতা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি যেন ‘কৌরবপক্ষের সঙ্গে লড়াই’। তাঁর ভাষায়, ‘এটা মানবিকতার সঙ্গে দানবিকতার লড়াই।’

এই লড়াইয়ের প্রসঙ্গ টেনেই নেতাজীর ঐতিহাসিক স্লোগান ‘দিল্লি চলো’ -এর উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের যে দুর্ভোগ ও ‘যন্ত্রণা’ তৈরি হয়েছে, তার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ডাক দেন তিনি। মমতার হুঁশিয়ারি, ‘আজকে যারা মানুষকে যন্ত্রণা দিচ্ছে, তাদেরও যন্ত্রণা পোহাতে হবে।’
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, তাঁর বাড়িতে থাকা এক তরুণীর পরিবারের সকলকেও এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। পাশাপাশি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) নোটিস পাঠানোর প্রসঙ্গ তুলে তিনি কটাক্ষ করেন, ‘অমর্ত্য সেনকে নোটিস পাঠিয়ে বাবা-মায়ের বয়সের ফারাক জানতে চাইছে। বিয়েটাও ওরা ঠিক করে দেবে। কে কার সঙ্গে প্রেম করবে, সেটাও ঠিক করে দিতে চাইছে।’ মমতার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতৃত্বের মতে, এসআইআর প্রক্রিয়া সাধারণ মানুষের ভোটাধিকারকে খর্ব করার চেষ্টা। অন্য দিকে, বিরোধী শিবির এই অভিযোগ মানতে নারাজ।

এ দিনই দিল্লিতে নেতাজীর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কলকাতার এলগিন রোডে নেতাজী ভবনে (Netaji Bhavan) সকালবেলায় শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উপস্থিত ছিলেন নেতাজীর ভ্রাতুষ্পুত্র ও প্রাক্তন তৃণমূল সাংসদ সুগত বসু (Sugata Bose)। উল্লেখ্য, নেতাজীর জন্মজয়ন্তীর মঞ্চে ইতিহাস, আবেগ ও সমসাময়িক রাজনীতির মেলবন্ধনে এসআইআর বিতর্ক আরও একবার রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এল। ভোটার তালিকা সংশোধনের প্রশাসনিক প্রক্রিয়া থেকে শুরু করে জাতীয় ইতিহাস ও গণতন্ত্রের প্রশ্ন, সবকিছুই এ দিন মমতার বক্তব্যে এক সুতোয় বাঁধা পড়ল।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Mamata Banerjee Singur Meeting | মোদীর সফরের পরই সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা, পরিষেবার মঞ্চ থেকেই রাজনৈতিক বার্তার ইঙ্গিত

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন