NEET UG 2026 Exam Date | প্রশ্ন ফাঁস কাণ্ডে বাতিল নিট, ২১ জুন ফের পরীক্ষা, ২২ লক্ষেরও বেশি পড়ুয়ার সামনে নতুন চ্যালেঞ্জ

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি: দেশজুড়ে তোলপাড় ফেলে দেওয়া নিট-ইউজি ২০২৬ (NEET-UG 2026) পরীক্ষা নিয়ে অবশেষে নতুন দিনক্ষণ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency বা NTA)। শুক্রবার সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ২১ জুন পুনরায় অনুষ্ঠিত হবে এই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা। প্রায় ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবারও বসবেন এই গুরুত্বপূর্ণ পরীক্ষায়। কেন্দ্রীয় সরকারের সম্মতি নিয়েই নতুন দিন নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

ফের NEET UG 2026 পরীক্ষার দিন ঘোষিত। ছবি: সংগৃহীত ও প্রতীকী 

আরও পড়ুন : Higher Secondary result West Bengal 2026 | উচ্চ মাধ্যমিকে শীর্ষে পূর্ব মেদিনীপুর: পাশের হারে রেকর্ড, জেলায় জেলায় ছাপ ফেলল কাঁথির শিক্ষা মডেল

গত ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষার পরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসতে শুরু করে। কয়েক দিনের মধ্যেই বিষয়টি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। অভিযোগ ওঠে, পরীক্ষার আগেই প্রশ্নপত্র বাইরে চলে গিয়েছিল। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, ১২ মে সম্পূর্ণ পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় এনটিএ। এই ঘোষণার ফলে লাখ লাখ পরীক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়ে যান। এনটিএ তাদের সরকারি ঘোষণায় জানিয়েছে, ‘পুনরায় পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে এবং পরীক্ষার্থীদের নির্ভরযোগ্য তথ্যের জন্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’ সংস্থার তরফে অভিভাবকদেরও সতর্ক করা হয়েছে, যাতে তাঁরা গুজব বা অপ্রমাণিত তথ্যের উপর নির্ভর না করেন।

নিট পরীক্ষার গুরুত্ব দেশের শিক্ষাব্যবস্থায় অত্যন্ত বেশি। এই পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে এমবিবিএস (MBBS), বিডিএস (BDS)-সহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত কোর্সে ভর্তি নেওয়া হয়। ফলে এই পরীক্ষা ঘিরে যে কোনও অনিয়ম সরাসরি প্রভাব ফেলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের উপর। অন্যদিকে, প্রশ্ন ফাঁসের তদন্তে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (Central Bureau of Investigation)। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজস্থান (Rajasthan), মহারাষ্ট্র (Maharashtra) এবং হরিয়ানা (Haryana)-সহ একাধিক রাজ্যে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রাজস্থানের সীকর (Sikar) এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। তদন্তকারীদের দাবি, ‘প্রশ্নপত্রটি প্রথমে রাজস্থান থেকে হরিয়ানা হয়ে মহারাষ্ট্রের নাসিক (Nashik)-এ পৌঁছয়, তারপর তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।’ এই চক্রে মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে। সূত্রের খবর, প্রায় ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র কেনাবেচা হয়েছে। এই ঘটনায় চিকিৎসক সমাজের কিছু সদস্যের নামও উঠে এসেছে। গুরুগ্রাম (Gurugram) -এর এক চিকিৎসক এবং নাসিকের এক আয়ুর্বেদিক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (Special Operation Group) -এর হাতে ইতিমধ্যেই ১৩ জন ধরা পড়েছেন। পাশাপাশি আরও ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে জাল বিস্তারের বিস্তার। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ বাড়তে থাকে। বিভিন্ন রাজ্যে প্রতিবাদ কর্মসূচি দেখা যায়। অনেক পরীক্ষার্থী ও অভিভাবক রাস্তায় নেমে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের দাবি ছিল, পুনরায় পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে যেন সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়। এদিকে, এই ঘটনার পর চিকিৎসক সংগঠনগুলিও সক্রিয় হয়েছে। ‘ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (Federation of All India Medical Association বা FAIMA) সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, ‘নিট পরীক্ষার দায়িত্ব এনটিএ-র হাত থেকে সরিয়ে অন্য একটি স্বাধীন সংস্থার হাতে দেওয়া হোক।’ তাঁদের মতে, বারবার এই ধরনের সমস্যা তৈরি হওয়ায় পরীক্ষার্থীদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। সংগঠনের আইনজীবী তন্বী দুবে (Tanvi Dubey) আদালতে প্রস্তাব দেন, ‘নতুন কোনও সংস্থা গঠিত না হওয়া পর্যন্ত পুনঃপরীক্ষার জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন মনিটরিং কমিটি গঠন করা উচিত।’ এই দাবি ঘিরে আইনি লড়াইও নতুন মাত্রা পেয়েছে।

নতুন করে পরীক্ষার দিন ঘোষণার ফলে একদিকে যেমন অনিশ্চয়তা কিছুটা কাটল, অন্যদিকে প্রস্তুতির চাপ আবারও ফিরে এল পরীক্ষার্থীদের জীবনে। অনেকেই ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ পরীক্ষা বাতিল হওয়ায় তাঁদের মানসিক চাপ বেড়েছিল। এখন আবার নতুন করে প্রস্তুতি শুরু করতে হবে। শিক্ষাক্ষেত্রে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি নিয়ে প্রশ্ন উঠছে। পরীক্ষার নিরাপত্তা, প্রশ্নপত্র সংরক্ষণ এবং ডিজিটাল নজরদারি, এসব কিছু নিয়েই নতুন করে ভাবনা শুরু হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটাই এখন বড় প্রশ্ন। ২১ জুনের পরীক্ষাকে ঘিরে তাই শুধু পরীক্ষার্থীরাই নয়, গোটা দেশ তাকিয়ে রয়েছে। এই পুনঃপরীক্ষা কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটাই নির্ধারণ করবে আগামী দিনে নিট পরীক্ষার উপর মানুষের আস্থা কতটা ফিরে আসে।

ছবি : সংগৃহীত ও প্রতীকী 
আরও পড়ুন : HS candidate Guskara : উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই বধূকে ঘিরে টানাটানি! গুসকরায় প্রেম, বিয়ে ও পড়াশোনা ঘিরে তুমুল বিতর্ক

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন