‘সরকার বেকারদের আশা, ভরসা ভেঙে দিচ্ছে’ : মেদিনীপুর শহরে বললেন মীনাক্ষী মুখোপাধ্যায়
সাশ্রয় নিউজ ★ পশ্চিম মেদিনীপুর : গ্রাম থেকে শহর সিপিআই (এম) এর ছাত্র যুব সংগঠন সংগঠন মজবুত করেছেন। আগন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ছাত্র-যুবযুবরা বিশেষ ভূমিকা নেবে এমনই মনে করছেন, সিপিআই (এম) রাজ্য নেতৃত্ব। শুধু পশ্চিমবঙ্গই না, ত্রিপুরা, মেঘালয় সহ দেশের বিভিন্ন প্রান্তেই বাম ছাত্র যুবরা সংগঠনকে আরও মজবুত করছেন। আরও বেশি করে নেতৃত্বে আসছেন তাঁরা। পশ্চিমবঙ্গে ভারতের যুব ফেডারেশন বা ডিওয়াইএফআই-এর অন্যতম মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখে যুব আন্দোলনকে শক্তিশালী করেছে বামেরা।

গত মঙ্গলবার মেদিনীপুর শহরে পশ্চিম মেদিনীপুর ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে একটি সমাবেশ হয়। সমাবেশটির অন্যতম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী তাঁর বক্তৃতায় আক্রমণাত্মক ভঙ্গীতে বলেন, ‘আজকে যাঁরা সৎ পথে চাকরি পাচ্ছে, তাঁদেরও ভয়ে বুক দুরু দুরু করছে। কেউ বিশ্বাসই করছে না যে, পড়াশোনা করে চাকরিটা পেয়েছে। সরকার বেকারদের আশা, ভরসা ভেঙে দিচ্ছে।’ বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, ‘তৃণমূল, বিজেপি পশ্চিমবঙ্গের মাটিকে কলুষিত করেছে।’ আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মীনাক্ষীর বক্তব্য ‘আমাদের কাজ কী হবে? এই পঞ্চায়েতে গ্রামে নিজেদের কোমর আরও শক্ত করে, আরও বেশি কর্মীদের নিজেদের সঙ্গে যুক্ত করে, নিজেদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তৈরি হতে হবে। যাতে আমরা বুথে বুথে, পঞ্চায়েতে পঞ্চায়েতে মাথা উঁচু করে থাকতে পারি।’
ওই সভায় উপস্থিত ছিলেন, সিপিআই (এম) নেতা সুশান্ত ঘোষ, ভারতের যুব ফেডারেশন-এর জেলা সম্পাদক সুমিত অধিকারী ও অন্যান্য নেতৃত্ব। ওইদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-যুব সহ বিভিন্ন স্থানের কর্মী সমর্থকরা মিছিল করে সমাবেশে যোগ দেন।



