সুজয়নীল দাশগুপ্ত, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : নতুন বছরের শুরুটা ভারতের মহিলা ক্রিকেট দলের জন্য নিঃসন্দেহে স্মরণীয়। একদিকে দেশের মাটিতে শ্রীলঙ্কাকে (Sri Lanka Women’s Team) টি-টোয়েন্টি সিরিজ়ে কার্যত চুনকাম করে আত্মবিশ্বাসের সেরা জায়গায় পৌঁছেছেন স্মৃতি মন্ধানাদের (Smriti Mandhana) দল। অন্যদিকে, বছরের প্রথম দিনেই ঈশ্বরের আশীর্বাদ নিতে হাজির হলেন তাঁরা উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Temple)। জয়, আত্মবিশ্বাস আর নতুন বছরের নতুন লক্ষ্য, সব মিলিয়ে ভারতের মহিলা ক্রিকেটারদের এই সফর এখন আলোচনার কেন্দ্রে। মঙ্গলবার তিরুবন্তপুরমে (Thiruvananthapuram) সিরিজ়ের পঞ্চম এবং শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে দাপুটে জয় নিশ্চিত করে ভারত। ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ভারতীয় দল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই প্রতিপক্ষকে চাপে রাখেন স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা (Shafali Verma), রেণুকা সিং ঠাকুররা (Renuka Singh Thakur)। এই জয়ের মাধ্যমে শুধু একটি সিরিজ় জয় নয়, বরং নতুন বছরের আগে নিজেদের শক্তির বার্তাও দিয়ে রাখল ভারতীয় মহিলা দল।
এই সিরিজ় জয়ের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ভোরে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে দেখা গেল ভারতের একাধিক তারকা ক্রিকেটারকে। পুজো দিতে হাজির ছিলেন স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা, রেণুকা সিং ঠাকুর, স্নেহ রানা (Sneh Rana), রাধা যাদব (Radha Yadav) এবং অরুন্ধতী রেড্ডি (Arundhati Reddy)। সাধারণ ভক্তদের সঙ্গে সারিবদ্ধভাবে বসে তাঁরা প্রার্থনা করেন। কোনও আলাদা আয়োজন বা বাড়তি নিরাপত্তার আড়াল নয়, একেবারে সাধারণ ভক্তের মতোই তাঁরা মন্দিরে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা জানান। দল সূত্রে জানা গিয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য ছিল নতুন বছরের শুরুতে মানসিকভাবে আরও দৃঢ় হওয়া এবং আসন্ন ব্যস্ত মরশুমের আগে ইতিবাচক শক্তি সঞ্চয় করা। স্মৃতি মন্ধানা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ‘নতুন বছর মানেই নতুন চ্যালেঞ্জ। আমরা চাই সামনে যে বড় বড় ম্যাচগুলো রয়েছে, তার আগে মনটা শান্ত থাকুক। মহাকালেশ্বরের আশীর্বাদ আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।’ যদিও তিনি প্রকাশ্যে কোনও দীর্ঘ মন্তব্য করেননি, তবু তাঁর চোখেমুখেই আত্মবিশ্বাস ধরা পড়েছে।
ভারতের মহিলা দলের সামনে ২০২৬ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানুয়ারি মাসেই শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)। সেখানে বিশ্বের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলবেন ভারতের মেয়েরা। এই লিগ শুধু আর্থিক দিক থেকেই নয়, প্রতিযোগিতামূলক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ, এখানকার পারফরম্যান্স অনেকটাই প্রভাব ফেলবে জাতীয় দলে জায়গা পাকা করার ক্ষেত্রে। এরপর ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়া সফরে (Australia Tour) যাবে ভারতীয় মহিলা দল। এই সফরে রয়েছে একটি টেস্ট ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা মানেই কঠিন পরীক্ষা। বিশ্বের অন্যতম শক্তিশালী মহিলা দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধারাবাহিক পারফরম্যান্স দেখানো সহজ নয়। সেই কারণেই এই সফরকে পাখির চোখ করছেন স্মৃতি মন্ধানা এবং কোচিং স্টাফ।শুধু অস্ট্রেলিয়া সফরেই থেমে নেই ভারতের সূচি। মে মাসে ইংল্যান্ড সফরে (England Tour) যাবে মহিলা দল। সেখানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর সেই ইংল্যান্ডেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women’s T20 World Cup)। বিশ্বকাপ মানেই আলাদা চাপ, আলাদা প্রত্যাশা। গত কয়েক বছরে ভারতের মহিলা দল ধারাবাহিকভাবে ভালো খেললেও ট্রফি জেতার স্বপ্ন এখনও অধরা। নতুন বছরে সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্যে বদ্ধপরিকর স্মৃতি মন্ধানারা।
বিশ্বকাপের পরেও অপেক্ষা করছে বড় মঞ্চ। ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord’s Cricket Ground) একটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল। এই টেস্ট ম্যাচ শুধু একটি দ্বিপাক্ষিক সিরিজ়ের অংশ নয়, বরং মহিলা ক্রিকেটের ইতিহাসে একটি বিশেষ অধ্যায় হিসেবেই দেখা হচ্ছে। লর্ডসে টেস্ট খেলা মানেই গর্বের বিষয়, আর সেখানে ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া ভারতীয় শিবির। নতুন বছরের প্রথম দিনেই মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনা করে যেন নিজেদের লক্ষ্য আরও একবার মনে করিয়েi দিলেন স্মৃতি মন্ধানারা। শ্রীলঙ্কাকে উড়িয়ে পাওয়া আত্মবিশ্বাস, সামনে কঠিন সূচী আর বিশ্বকাপের স্বপ্ন, এই তিনের সমন্বয়েই ২০২৬ সালকে স্মরণীয় করে তুলতে চাইছে ভারতের মহিলা ক্রিকেট দল। মাঠের লড়াইয়ের পাশাপাশি মানসিক দৃঢ়তা যে কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝিয়েই নতুন বছর শুরু করলেন তাঁরা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Gangasagar Mela | মহাকুম্ভের করুণ স্মৃতি মাথায় রেখে গঙ্গাসাগরে কড়া নিরাপত্তা: ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা রাজ্যের



