সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : নতুন বছর মানেই নতুন লক্ষ্য, নতুন সমীকরণ। ভারতীয় ক্রিকেটে সেই সমীকরণের কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এক সময় তিন ফরম্যাটের নিয়মিত মুখ, অধিনায়কত্বের ভার সামলানো এই তারকার সামনে এখন সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। ২০২৫ সালের হতাশা, বিতর্ক আর সিদ্ধান্তের পর ২০২৬-এ দাঁড়িয়ে রোহিতের সামনে একটাই চ্যালেঞ্জ, এক দিনের ক্রিকেটে নিজেকে প্রাসঙ্গিক রাখা এবং মাঠে নিজের শেষ অধ্যায়কে সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া। আসলে, গত বছরের শুরুটা রোহিতের জন্য ছিল অত্যন্ত কঠিন। অস্ট্রেলিয়া সফরে (Australia Tour) গিয়ে সিডনি টেস্টে নিজেই নিজেকে ল প্রথম একাদশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। সেই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছিল বিস্তর বিতর্ক। দলের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত বলে ব্যাখ্যা দিলেও, সমালোচনার ঢেউ থামেনি। বছরের অর্ধেক পেরোনোর আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা। কিছু মাস পরেই একদিনের ক্রিকেটের অধিনায়কত্বও তাঁর হাতছাড়া হয়। সব মিলিয়ে ২০২৫ সাল যেন রোহিতের কেরিয়ারের সবচেয়ে কঠিন অধ্যায় হয়ে রইল।
এই প্রেক্ষাপটেই নতুন বছরে রোহিতের সামনে অপেক্ষা করছে নতুন বাস্তবতা। বিরাট কোহলি (Virat Kohli) -এর মতো তিনিও এখন একটি ফরম্যাটের ক্রিকেটার। টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানিয়ে একদিনের ক্রিকেটেই নিজের শেষ লড়াই লড়তে চাইছেন মুম্বইয়ের এই ব্যাটার। প্রশ্ন একটাই, ২০২৫ সালে কতটা মাঠে দেখা যাবে তাঁকে? বছরের শুরুতেই জাতীয় দলের ব্যস্ত সূচী থাকলেও, রোহিত আপাতত ঘরোয়া ক্রিকেটে ফেরার পথে হাঁটছেন না বলেই খবর। বিরাট কোহলি বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) একটি ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করলেও, রোহিত সেই পথে যাচ্ছেন না। তবে তিনি সরাসরি ভারতের জার্সিতে ফিরবেন নিউ জিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে একদিনের সিরিজ় দিয়েই। নির্বাচক মহল সূত্রে জানা যায়, অভিজ্ঞ এই ওপেনার এখন নিজেকে পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেটের জন্যই প্রস্তুত রাখতে চাইছেন। নিউ জিল্যান্ড সিরিজ় শেষ হলেই রোহিতের নজর ঘুরে যাবে আইপিএলের (Indian Premier League) দিকে। মার্চ থেকে মে, প্রায় তিন মাস তাঁকে ব্যস্ত থাকতে হবে আইপিএলে। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) -এর হয়ে খেলবেন কি না, সেই প্রশ্ন ইতিমধ্যেই আলোচনায়। গত মরসুমে নেতৃত্ব পরিবর্তন নিয়ে বিতর্ক তৈরি হলেও, রোহিত যে এখনও দলের সবচেয়ে বড় মুখ, তা অস্বীকার করার উপায় নেই। আইপিএলেই নিজের ফিটনেস, ছন্দ ও ব্যাটিং ধার ধরে রাখার পরিকল্পনা রয়েছে তাঁর। এর মাঝেই প্রশ্ন উঠছে, রঞ্জি ট্রফির (Ranji Trophy) দ্বিতীয় পর্ব শুরু হলে কি সেখানে দেখা যাবে রোহিতকে? ঘরোয়া ক্রিকেটে তাঁর ফেরা নিয়ে নিশ্চিত কিছু জানা না গেলেও, ক্রিকেটমহলের একাংশের মতে, জাতীয় দলের ব্যস্ত সূচি ও আইপিএলের প্রস্তুতির কারণে রঞ্জিতে নামার সম্ভাবনা কম। তবে নির্বাচকরা যদি বিশেষ ভাবে চান, তা হলে পরিস্থিতি বদলাতেও পারে।
আইপিএল শেষ হলেই ফের জাতীয় দলের জার্সিতে ব্যস্ততা শুরু। জুন মাসে ভারতে আসবে আফগানিস্তান (Afghanistan)। তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে রোহিত শর্মাকে দেখা যাবে ওপেনিংয়ে। এই সিরিজ় তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভালো পারফরম্যান্সই বছরের বাকি অংশের জন্য তাঁর অবস্থান মজবুত করতে পারে।
এর পর জুলাই মাসে ইংল্যান্ড সফর (England Tour)। সেখানে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। ইংল্যান্ডের মাটিতে রোহিতের রেকর্ড বরাবরই আলোচনার বিষয়। সুইং ও সিমের চ্যালেঞ্জে তাঁর ব্যাটিং কতটা কার্যকর হয়, সে দিকে তাকিয়ে থাকবেন সমর্থকরা।
বছরের শেষ ভাগেও রোহিতের ব্যস্ততা কম নয়। অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ় (West Indies) আসবে এক দিনের সিরিজ় খেলতে। তার পর নভেম্বর-ডিসেম্বর জুড়ে আবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ম্যাচ রয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে জাতীয় দলের হয়ে প্রায় ১৫টি এক দিনের ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে রোহিত শর্মার। এই সূচী দেখলে স্পষ্ট, একটি ফরম্যাটে সীমাবদ্ধ হলেও রোহিতের সামনে সুযোগ কম নেই। তবে প্রতিটি ম্যাচই হয়ে উঠবে তাঁর কাছে অগ্নিপরীক্ষা। বয়স, ফিটনেস, ধারাবাহিকতা, সব প্রশ্নের উত্তর তাঁকে দিতে হবে ব্যাট হাতে। নতুন বছরে রোহিত শর্মা কি নিজেকে আবারও ‘হিটম্যান’ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন? নাকি ধীরে ধীরে বিদায়ের পথে হাঁটবেন? উত্তর দেবে সময়, আর ক্রিকেট মাঠ।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Jemimah Rodrigues half century, Smriti Mandhana news | টি-টোয়েন্টিতে দাপট! মন্ধানার ছন্দহীন দিনে জেমাইমার ঝকঝকে অর্ধশতরান




