Women’s Premier League news, Smriti Mandhana RCB | মেয়েদের আইপিএলের আগে বড় ধাক্কা, চাপে স্মৃতি মন্ধানা ও জেমাইমা রদ্রিগেস

SHARE:

সুজয়নীল দাশগুপ্ত ★ নতুন দিল্লি: মেয়েদের আইপিএল (Women’s Premier League) শুরুর মাত্র ১১ দিন আগে বড়সড় অস্বস্তিতে একাধিক দল। অস্ট্রেলিয়ার দুই তারকা অলরাউন্ডার এলিস পেরি (Ellyse Perry) ও অ্যানাবেল সাদারল্যান্ড (Annabel Sutherland) টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় পরিকল্পনায় বড় ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। দুই ক্রিকেটারের সম্মিলিত মূল্য ৪ কোটি ২০ লক্ষ টাকা। দু’জনকেই ধরে রেখেছিল তাঁদের দল, তাঁদের কেন্দ্র করেই তৈরি হয়েছিল পুরো মরসুমের কৌশল। আচমকা এই সিদ্ধান্ত স্বাভাবিক ভাবেই চিন্তায় ফেলেছে দুই অধিনায়ক স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ও জেমাইমা রদ্রিগেসকে (Jemimah Rodrigues)।

এলিস পেরি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম স্তম্ভ। ২০২৩ সালের মেয়েদের আইপিএলে স্মৃতি মন্ধানার নেতৃত্বাধীন বেঙ্গালুরুকে প্রথমবার চ্যাম্পিয়ন করার পিছনে পেরির অবদান ছিল অনস্বীকার্য। ব্যাট ও বল, দু’দিকেই ধারাবাহিক পারফরম্যান্সে দলকে এলিস একাধিক কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন। সেই অভিজ্ঞ অলরাউন্ডারকে ২ কোটি টাকায় ধরে রেখেছিল বেঙ্গালুরু। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগে পেরি জানিয়ে দেন, ব্যক্তিগত কারণে তিনি এবার খেলতে পারবেন না। ফলে মাঝপথে কৌশল বদলাতে বাধ্য হল মন্ধানার দল। একই ছবি দিল্লি ক্যাপিটালস শিবিরেও। অ্যানাবেল সাদারল্যান্ডকে ২ কোটি ২০ লক্ষ টাকায় ধরে রেখেছিল দিল্লি। এ বারের মরসুমে দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন জেমাইমা রদ্রিগেস। তরুণ অধিনায়ক তাঁর প্রথম আইপিএল নেতৃত্বে অভিজ্ঞ এক বিদেশি অলরাউন্ডারের উপর ভরসা রেখেছিলেন। ব্যাটিং গভীরতা বাড়ানো ও মাঝের ওভারে উইকেট নেওয়ার ক্ষেত্রে সাদারল্যান্ড ছিলেন দলের গুরুত্বপূর্ণ অস্ত্র। কিন্তু তিনিও ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম তুলে নেওয়ায় দিল্লির পরিকল্পনায় বড়সড় পরিবর্তন আনতে হয়েছে।

আরও পড়ুন : Jemimah Rodrigues Smriti Mandhana | বন্ধুর কান্নায় ভেঙে পড়লেন জেমিমা, স্মৃতি মন্ধানার কঠিন সময়ে বিগ ব্যাশ ছেড়ে পাশে থাকার সিদ্ধান্ত

পেরি ও সাদারল্যান্ড, দু’জনেই ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেও, দলগুলির জন্য এর প্রভাব যে গভীর হবে, তা মানছেন ক্রিকেট বিশ্লেষকরা। কারণ মেয়েদের আইপিএলে বিদেশি অলরাউন্ডারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশে ভারসাম্য রক্ষা থেকে শুরু করে চাপের মুহূর্তে নেতৃত্ব দেওয়া, সব ক্ষেত্রেই তাঁরা বড় ভরসা। ফলে এই দুই তারকার অনুপস্থিতি মন্ধানা ও জেমাইমাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দ্রুত বিকল্পও ঘোষণা করে দিয়েছে সংশ্লিষ্ট দলগুলি। এলিস পেরির পরিবর্ত হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে নিয়েছে ভারতীয় অলরাউন্ডার সায়ালি সাতঘরেকে (Sayali Satghare)। তাঁকে ন্যূনতম মূল্য ৩০ লক্ষ টাকায় নেওয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে সুযোগ পাওয়া সায়ালির উপরই এখন ভরসা রাখছে বেঙ্গালুরু শিবির। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস অ্যানাবেল সাদারল্যান্ডের পরিবর্তে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার আলানা কিংকে (Alana King) ৬০ লক্ষ টাকায় দলে নিয়েছে। যদিও আলানা কিং মূলত বোলার, ফলে সাদারল্যান্ডের অলরাউন্ড দক্ষতার অভাব পূরণ করা সহজ হবে না বলেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

শুধু এই দুই দলই নয়, মেয়েদের আইপিএলের আগে আরও একটি দলকেও পরিবর্তন করতে হয়েছে। আমেরিকার ক্রিকেটার তারা নরিস (Tara Norris) টুর্নামেন্টে খেলতে পারবেন না। ইউপি ওয়ারিয়র্জ় (UP Warriorz) তাঁকে নিলামে ১০ লক্ষ টাকায় কিনেছিল। নিলামের সময় ২০২৬ সালের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পায়নি আমেরিকা। কিন্তু নিলামের পর পরিস্থিতি বদলায়। যোগ্যতা অর্জন পর্বে সুযোগ পাওয়ায় দেশের হয়ে খেলাকেই অগ্রাধিকার দেন তারা নরিস। ফলে আইপিএল থেকে সরে দাঁড়ান তিনি। তাঁর পরিবর্তে ইউপি ওয়ারিয়র্জ় দলে নিয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার চার্লি নটকে (Charli Knott)।

জেমাইমা রদ্রিগেজ ও স্মৃতি মন্ধানা। ছবি : সংগৃহীত

আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মেয়েদের আইপিএলের নতুন মরসুম। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবেন স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে সেই হাইভোল্টেজ ম্যাচ। লিগের শুরুর দিকের কিছু ম্যাচ নবি মুম্বইয়ে হলেও, পরবর্তী পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ভডোদরার স্টেডিয়ামে। অন্যদিকে, বিদেশি তারকাদের নাম প্রত্যাহারে মরসুম শুরুর আগেই অনিশ্চয়তার মেঘ ঘনিয়েছে। তবে একই সঙ্গে নতুন ও তরুণ ক্রিকেটারদের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগও তৈরি হয়েছে। শেষ পর্যন্ত এই পরিবর্তনগুলি কোন দলের জন্য আশীর্বাদ হয়ে ওঠে আর কোন দলের জন্য সমস্যা ডেকে আনে, সেটাই এখন দেখার।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Jemimah Rodrigues half century, Smriti Mandhana news | টি-টোয়েন্টিতে দাপট! মন্ধানার ছন্দহীন দিনে জেমাইমার ঝকঝকে অর্ধশতরান

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন