Sports controversies 2025 India | ২০২৫-এ খেলার ময়দানে ঝড়, লজ্জা ও অশ্রু- বছর জুড়ে যে বিতর্কগুলি ক্রীড়াজগত কাঁপিয়ে দিল

SHARE:

মেধা পাল ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : কাউন্টডাউন শেষের পথে। আর কয়েক ঘণ্টার মধ্যেই বিদায় নেবে ২০২৫। নতুন বছরের দরজায় দাঁড়িয়ে ফিরে তাকালে দেখা যাবে, এই বছর শুধুই সাফল্য বা ট্রফির উল্লাসে ভরপুর ছিল না। তার পাশাপাশি একের পর এক বিতর্ক, অব্যবস্থা, রাজনৈতিক টানাপোড়েন এবং মানবিক বিপর্যয় ক্রীড়াজগতকে নাড়িয়ে দিয়েছে। এমন কিছু ঘটনা ঘটেছে, যা শুধুই মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা প্রশাসন, রাজনীতি ও সমাজের বিস্তীর্ণ পরিসরে আলোড়ন তুলেছে। বছর শেষে এক-ঝলকে দেখে নেওয়া যাক, ২০২৫ সালে খেলার দুনিয়ায় সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ঘটনাগুলি।

২০১১ সালে প্রথম বার কলকাতায় পা রেখেছিলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। তখন আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে এসে ফুটবলপ্রেমী শহরকে উন্মাদনায় ভাসিয়েছিলেন। ১৪ বছর পর ফের কলকাতায় এলেন মেসি। কিন্তু এবার খেলোয়াড় হিসেবে নয়, একটি বিশেষ সফরে। আর সেই সফরই পরিণত হল ভারতীয় ফুটবলের ইতিহাসে এক কালো অধ্যায়ে। যুবভারতী ক্রীড়াঙ্গনে (Salt Lake Stadium) মেসি পা রাখার পরই সামনে আসে চরম অব্যবস্থার ছবি। মাঠে অনধিকার প্রবেশ, অযাচিত ভিড়, সেলফি তোলার হুড়োহুড়ি, নেতা-মন্ত্রীদের আত্মীয়স্বজনদের প্রভাব, সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যালারিতে মোটা অঙ্কের টাকা খরচ করে টিকিট কাটা সাধারণ দর্শকেরা মেসিকে দেখার সুযোগই পাননি। গ্যালারি রণক্ষেত্রের চেহারা নেয়। মেসি দ্রুত মাঠ ছাড়তেই ক্ষোভে ফেটে পড়ে ভিড়, ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হয় যুবভারতী। ঘটনায় ক্ষমা চাইতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। ক্রীড়ামন্ত্রীর পদ ছাড়েন অরূপ বিশ্বাস (Aroop Biswas)। বিতর্কের রেশ এতটাই গভীর যে, মেসি পরে তাঁর ভারত সফরের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করলেও সেখানে কলকাতার কোনও উল্লেখই রাখেননি। ‘ভারতীয় ফুটবলের মক্কা’ হিসেবে পরিচিত শহরের জন্য এ এক গভীর লজ্জা।

আরও পড়ুন : Lionel Messi Hopeful About Bright Future of Indian Football | ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে: লিওনেল মেসি

ক্রিকেটেও ২০২৫ এনেছে আনন্দের পাশাপাশি ভয়াবহ ট্র্যাজেডিও। আইপিএলের ইতিহাসে প্রথমবার ট্রফি জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। বিরাট কোহলিদের (Virat Kohli) এই দীর্ঘ প্রতীক্ষিত সাফল্য ঘিরে উন্মাদনা যে আকাশছোঁয়া হবে, তা অনুমেয়ই ছিল। কিন্তু সেই উন্মাদনার লাগাম যে সম্পূর্ণ খুলে যাবে, তা কেউ কল্পনাও করেননি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) ট্রফি সেলিব্রেশনের সময় পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক। পুলিশের প্রস্তুতির অভাব, স্টেডিয়ামের সংকীর্ণ প্রবেশপথ, আরসিবি কর্তৃপক্ষের পরিকল্পনার ঘাটতি, সব মিলিয়ে এই উৎসব রূপ নেয় মর্মান্তিক ঘটনায়। সরকার ও ফ্র্যাঞ্চাইজির তরফে ক্ষতিপূরণ দেওয়া হলেও, যাঁরা আপনজন হারালেন, তাঁদের শূন্যতা কোনও দিন পূরণ হওয়ার নয়। আইপিএল ইতিহাসে এই ঘটনা চিরকাল দগদগে ক্ষত হয়ে থাকবে। বছরের আর এক আলোচিত বিতর্ক আসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানাকে (Smriti Mandhana) ঘিরে। বিয়ের দিনক্ষণ, পোশাক, অতিথি তালিকা সব চূড়ান্ত। আমন্ত্রণপত্রও বিলি হয়ে গিয়েছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সুরকার পলাশ মুচ্ছল (Palash Muchhal) -এর সঙ্গে বিয়ে বাতিল করেন স্মৃতি। ভারতীয় ক্রীড়াজগতে এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি। পরে নানা গুঞ্জন, অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তাল হয় সমাজমাধ্যম। কেউ কেউ দাবি করেন, স্মৃতির সঙ্গে প্রতারণা হয়েছে। যদিও প্রকৃত কারণ নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে এই আকস্মিক সিদ্ধান্ত স্মৃতির জীবনের অন্যতম কঠিন অধ্যায় হয়ে থাকবে, তা বলাই বাহুল্য।

রাজনীতির ছায়া খেলার মাঠে নতুন নয়, কিন্তু ২০২৫-এ তা যেন আরও নগ্ন ভাবে সামনে এসেছে। এশিয়া কাপ ক্রিকেটে নবম বারের জন্য চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু ট্রফি জয়ের উল্লাসের থেকেও বেশি আলোচনায় আসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রী মহসিন নাকভি-এর (Mohsin Naqvi) কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করেন ভারতীয় ক্রিকেটারেরা। অভিযোগ ছিল, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত। ফলস্বরূপ নাকভিও ট্রফি না দিয়েই মঞ্চ ছেড়ে চলে যান। সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) পাক ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেকও করেননি। এই ঘটনা এশিয়া কাপের ইতিহাসে নজিরবিহীন বিতর্ক তৈরি করে।

ফুটবলেও ২০২৫ ছিল অন্ধকারের বছর। ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু -এর ম্যাচ খেলতে না যাওয়ায় মোহনবাগানকে (Mohun Bagan) দুই মরসুম নির্বাসিত করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)। ভারতের কোনও ক্লাব আগে এমন শাস্তির মুখে পড়েনি। এমনিতেই আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, তার উপর মোহনবাগানের নির্বাসন ভারতীয় ফুটবলের আন্তর্জাতিক ভাবমূর্তিকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যা-ই হোক, ২০২৫ ক্রীড়াজগতকে দিয়েছে উল্লাস, যন্ত্রণা ও লজ্জার এক অদ্ভুত মিশেল। এই বিতর্কগুলি নতুন বছরে পা রাখলেও স্মৃতি থেকে মুছে যাবে না। বরং এগুলি হয়ত শিক্ষা হয়ে থাকবে, কী করা উচিত, আর কী করা উচিত নয়!

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Women’s Premier League news, Smriti Mandhana RCB | মেয়েদের আইপিএলের আগে বড় ধাক্কা, চাপে স্মৃতি মন্ধানা ও জেমাইমা রদ্রিগেস

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন