সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ভারতের পেস আক্রমণের অন্যতম ভরসা মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। সামনে দক্ষিণ আফ্রিকার (South Africa) মতো টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন দল, আর সিরাজ তৈরি কঠিন লড়াইয়ের জন্য। শুক্রবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। দুই দলের মধ্যে হবে ব্যাট ও বলের লড়াই, কিন্তু ভারতের পেস আক্রমণে চোখ থাকবে মূলত সিরাজের উপরই।
কলকাতায় পৌঁছে ভারতীয় শিবির ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) স্পষ্ট করে দিয়েছেন, এই সিরিজে জয়ের লক্ষ্য নিয়েই নামছে ভারত। বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি সত্ত্বেও দলের মনোবল বেশ উঁচু। সূত্রের খবর, প্রথম একাদশে দুই জোরে বোলারই রাখার সম্ভাবনা বেশি। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) -এর সঙ্গে দেখা যেতে পারে সিরাজকে। এক সাক্ষাৎকারে সিরাজ জানিয়েছেন, “দক্ষিণ আফ্রিকা খুব শক্তিশালী দল। ওরা টেস্ট বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তাই তাদের বিরুদ্ধে খেলা সবসময়ই চ্যালেঞ্জের। তবে আমি আত্মবিশ্বাসী। আমার ছন্দ ভালো, এবং সেই ছন্দটা ধরে রাখতে চাই। কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হলে নিজের খামতি বোঝা যায়। আমি প্রস্তুত দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ নেওয়ার জন্য।”
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন সিরাজ। পাঁচ ম্যাচে তিনি নিয়েছিলেন ২৩টি উইকেট, সিরিজের সর্বাধিক উইকেটশিকারি। সেই পারফরম্যান্সের পর থেকেই ভারতীয় পেসারকে নিয়ে প্রত্যাশা আকাশছোঁয়া। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মাটিতেও তিনি বল হাতে আগুন ঝরিয়েছিলেন, দু’টি টেস্টে ১০টি উইকেট তুলে নিয়েছিলেন। সিরাজ আরও বলেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) চক্রের দিক থেকে এই সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা গতবারের চ্যাম্পিয়ন, কিন্তু এবার আমরা নিজেদের ঘরের মাঠে খেলব। আমাদের খেলোয়াড়রা সবাই ফর্মে আছে, দলের পরিবেশও ইতিবাচক। ইংল্যান্ডে আমরা ভাল খেলেছি, ওয়েস্ট ইন্ডিজেও জিতেছি। তাই এই আত্মবিশ্বাস নিয়েই নামছি ইডেনে।”
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত বর্তমানে তৃতীয় স্থানে। এই সিরিজ জিতে প্রথম দুইয়ের মধ্যে জায়গা পোক্ত করতে চায় টিম ইন্ডিয়া। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, ইডেনের উইকেট যদি বোলারদের অনুকূল হয়, তবে সিরাজ-বুমরাহ জুটি বিপজ্জনক হয়ে উঠতে পারে আফ্রিকার ব্যাটারদের জন্য। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) অবশ্য বলেছেন, “ভারতে খেলাটা সবসময়ই কঠিন। ওদের স্পিন-বোলিং শক্তিশালী, কিন্তু আমাদের পেসাররাও তৈরি। আমরা এখানে এসেছি জিততে, শুধু প্রতিদ্বন্দ্বিতা করতে নয়।” ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার দলে দেখা যেতে পারে অভিজ্ঞ পেসার কাগিসো রাবাডা (Kagiso Rabada) ও মার্কো জানসেনকে (Marco Jansen)। অন্যদিকে, ভারতের প্রথম একাদশে বুমরাহ-সিরাজ ছাড়াও থাকতে পারেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) প্রমুখ।
ইডেন গার্ডেন্সে শুক্রবার থেকে শুরু হবে টেস্ট যুদ্ধ। সকাল থেকেই টিকিট কাউন্টারে লাইন পড়েছে সমর্থকদের। শেষবার ২০১৯ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল এই মাঠে, সেই দিন ঐতিহাসিক গোলাপি বলের টেস্টে জয় পেয়েছিল ভারত। এ বারও সেই ইতিহাস পুনরাবৃত্তি দেখতে চায় গ্যালারি।সিরাজের আত্মবিশ্বাস, দলের মনোবল, আর ইডেনের মঞ্চ, সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীরা আশা করছেন রোমাঞ্চকর টেস্ট সিরিজের। দক্ষিণ আফ্রিকার শক্তি থাকলেও ভারতের সাম্প্রতিক ধারাবাহিকতা ও ঘরের মাঠের সুবিধা অনেকটাই এগিয়ে রাখছে শুভমনদের। এই সিরিজের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথও। তাই সিরাজ জানেন, প্রতিটি উইকেট, প্রতিটি স্পেল এখন শুধু ম্যাচ নয়, ভবিষ্যতেরও দিশা দেখাবে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Smriti Mandhana, World Cup victory | স্মৃতি মন্ধানার চোখের জল! বিশ্বকাপ জয়ের পর আবেগে ভাসলেন টিম ইন্ডিয়ার তারকা




