India vs New Zealand, Shivam Dube | শিবমের ঝড়েও ডুবল সূর্যদের তরণী, নিয়মরক্ষার ম্যাচে হার মানল ভারত

SHARE:

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, বিশাখাপত্তনম: নিয়মরক্ষার ম্যাচ হলেও হারের যন্ত্রণা কম নয়। বিশাখাপত্তনমে চতুর্থ টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের (New Zealand) কাছে ৫০ রানে হেরে গেল ভারত। ম্যাচের শেষ পর্যন্ত একাই লড়াই চালিয়ে গিয়েছিলেন শিবম দুবে (Shivam Dube)। তাঁর বিধ্বংসী ব্যাটিং যত ক্ষণ চলেছে, তত ক্ষণ ভারতের জয়ের আশা বেঁচে ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক রান আউটের সঙ্গে সঙ্গেই প্রায় শেষ হয়ে যায় লড়াই। সেই সঙ্গে আরও এক ধাক্কা খেল সঞ্জু স্যামসনের (Sanju Samson) বিশ্বকাপ স্বপ্ন। একের পর এক সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে না পারায় জাতীয় দলের প্রথম একাদশ থেকে তিনি ক্রমশ দূরে সরে যাচ্ছেন। উল্লেখ্য, সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই এই ম্যাচে নামে ভারত। তাতেই হয়ত কিছুটা শিথিলতা চোখে পড়ে দল নির্বাচন ও মাঠের পারফরম্যান্সে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) টিম ম্যানেজমেন্ট এক জন কম ব্যাটার নিয়ে মাঠে নামায়। শ্রেয়স আয়ার (Shreyas Iyer) দলে থাকা সত্ত্বেও তাঁকে খেলানো হয়নি। চোটের কারণে ঈশান কিশান (Ishan Kishan) না থাকায় ব্যাটিং গভীরতা আরও কমে যায়। বোলিং শক্তিশালী করতে অর্শদীপ সিংহ (Arshdeep Singh) খেললেও তার সুফল পুরোপুরি পাওয়া যায়নি।

টস জিতে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আরও একবার বল করার সিদ্ধান্ত নেন। নিউ জিল্যান্ড শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে নামে। ওপেনার টিম সেইফার্ট (Tim Seifert) প্রথম বল থেকেই ভারতীয় বোলারদের ওপর চাপ তৈরি করেন। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তাঁকে নেওয়ার সিদ্ধান্ত যে ভুল নয়, তা কার্যত বুঝিয়ে দেন সেইফার্ট। ডেভন কনওয়ে (Devon Conway) শুরুতে কিছুটা সংযত থাকলেও দ্রুতই হাত খোলেন।
ভারতের পেসার হর্ষিত রানা (Harshit Rana) আবারও ছন্দহীন বোলিং করেন। অভিজ্ঞতা থাকা সত্ত্বেও টি-টোয়েন্টিতে তাঁর রান দেওয়ার প্রবণতা চিন্তা বাড়াচ্ছে। স্পিন আক্রমণে এসে কিছুটা নিয়ন্ত্রণ ফেরান কুলদীপ যাদব (Kuldeep Yadav)। বলের গতি কমিয়ে কনওয়ে ও গ্লেন ফিলিপ্সদের (Glenn Phillips) সমস্যায় ফেলেন তিনি। কনওয়ে ৪৪ রানে ফেরেন, রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ব্যর্থ হন। ৩৬ বলে ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলেন সেইফার্ট, তাঁকে আউট করেন অর্শদীপ।

আরও পড়ুন : Abhishek Sharma fastest fifty, India vs New Zealand T20 | অভিষেকের ঝড়ে কিউয়িদের হারাল ভারত, ১০ ওভারে ঐতিহাসিক জয়

শেষ দিকে ড্যারিল মিচেল (Daryl Mitchell) ঝোড়ো ব্যাটিংয়ে নিউ জিল্যান্ডকে ২০০ পার করান। ১৮ বলে ৩৯ রান করে কিউয়িদের স্কোর দাঁড় করান ২০ ওভারে ৭ উইকেটে ২১৫। ভারতের হয়ে অর্শদীপ ও কুলদীপ দু’টি করে উইকেট নেন। বুমরাহ (Jasprit Bumrah) ও বিশ্নোই (Ravi Bishnoi) একটি করে উইকেট পেলেও হর্ষিত ৪ ওভারে ৫৪ রান দিয়ে ম্যাচ থেকে ছিটকে যান।উল্লেখ্য, ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় ভারত। অভিষেক শর্মা (Abhishek Sharma) শূন্য রানে ফেরেন। সূর্যকুমারও বেশিক্ষণ টিকতে পারেননি। এমন পরিস্থিতিতে বড় সুযোগ ছিল সঞ্জু স্যামসনের সামনে। কিন্তু তাঁর ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট ছিল। আগেভাগে শট ঠিক করে খেলতে গিয়ে মিচেল স্যান্টনারের (Mitchell Santner) বলে ভুল করেন তিনি। ১৫ বলে ২৪ রান করে ফেরেন সঞ্জু। আরও একটি সুযোগ নষ্ট হওয়ায় বিশ্বকাপ দলে তাঁর সম্ভাবনা যে ক্ষীণ হল, তা বলাই বাহুল্য।

রিঙ্কু সিংহ (Rinku Singh) কিছুটা লড়াই করলেও জরুরি রান রেটের চাপে তিনিও ফেরেন। হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) মাত্র ২ রান করে আউট হন। তখনই মনে হচ্ছিল, বড় ব্যবধানে হার অনিবার্য। সাত নম্বরে ব্যাট করতে নামা হর্ষিতের কারণে ভারতের হাতে আর বিশেষ ব্যাটারও ছিল না। সেই সময়ই ঝড় তোলেন শিবম দুবে। কিউয়ি স্পিনার ইশ সোধির (Ish Sodhi) এক ওভারে ২৯ রান নিয়ে ম্যাচে নতুন প্রাণ ফেরান তিনি। মাত্র ১৫ বলে অর্ধশতরান করেন শিবম, ভারতের হয়ে টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম। শেষ ছ’ওভারে দরকার ছিল ৮২ রান। যত ক্ষণ শিবম ক্রিজ়ে ছিলেন, তত ক্ষণ সমর্থকদের চোখে জয়ের স্বপ্ন।প্রসঙ্গত, কিন্তু দুর্ভাগ্য। একটি রান নিতে গিয়ে শিবম রান আউট হন। ২৩ বলে ৬৫ রানের অসাধারণ ইনিংস খেলে তাঁকে ফিরতে হয়। তিনটি চার ও সাতটি ছক্কায় সাজানো সেই ইনিংস বৃথা যায়। তাঁর আউটের পর দ্রুতই গুটিয়ে যায় ভারত। ১৮.৩ ওভারে ১৬৫ রানে শেষ হয়ে যায় সূর্যদের ইনিংস। নিয়মরক্ষার ম্যাচ হলেও হার যে কতটা বেদনাদায়ক হতে পারে, বিশাখাপত্তনমে তা হাড়ে হাড়ে বুঝল ভারত।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli Chota Chiku fan, Kohli | মাঠে ‘ছোটা চিকু’ দেখে থমকে গেলেন বিরাট! রোহিতকে ডেকে নিজের শৈশব দেখালেন কোহলি, উচ্ছ্বসিত আট বছরের গর্বিত

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন