fire accident in Murshidabad | মুর্শিদাবাদের রানিতলায় গভীর রাতে অগ্নিকাণ্ড, তিন নাবালক ভাইবোনের করুণ মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ বহরমপুর : মুর্শিদাবাদ (Murshidabad) জেলার রানিতলা (Ranitla) থানার অন্তর্গত বেণীপুর ভাঙনপাড়া এলাকায় রবিবার ভোর থেকে শোরগোল। কারণ, গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন শিশু (দুই ভাই ও এক বোন) জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। মৃতদের বয়স মাত্র ৭ থেকে ৯ বছরের মধ্যে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ, আর পরিবারের আর্তনাদে ভরে উঠেছে গ্রাম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে যখন অগ্নিকাণ্ড ঘটে, তখন গোটা গ্রাম নিদ্রামগ্ন। বাড়ির ভেতরে থাকা পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের দাউ দাউ শব্দে চারপাশ কেঁপে ওঠে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। রান্নাঘরে খোলা বৈদ্যুতিক তার ছিল, সেখান থেকেই আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করছে দমকল বিভাগ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। কিন্তু তখন পর্যন্ত আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রামের নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ শুরু হয়। প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ঘটে গিয়েছে অপূরণীয় ক্ষতি। তিনটি ছোট প্রাণ ঝলসে গিয়ে প্রাণ হারিয়েছে।

-প্রতীকী চিত্র

স্থানীয়রা জানিয়েছেন, ওই বাড়িতে দুই ভাই শোয়ান শেখ (Sowan Sheikh) ও নয়ন শেখ (Nayan Sheikh) -এর পরিবার থাকত। দগ্ধ হয়ে মারা যায় শোয়ান শেখের সন্তানরা। মৃতদের মধ্যে রয়েছে দুই যমজ ছেলে সাহিল (Sahil) ও আদিল (Adil), আর তাদের দিদি সাজিদা (Sajida)। আগুন থেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিলেন তাঁদের মা, কিন্তু সন্তানদের ঘর থেকে বের করতে পারেননি। শোকার্ত কণ্ঠে তিনি বলেন, ‘যত ক্ষণে ঘুম ভাঙল, দেখলাম আগুন দাউ দাউ করে জ্বলছে। প্রাণপণে ছেলেমেয়েদের বাঁচানোর চেষ্টা করেছি। কিন্তু পারলাম না। আমার দুই যমজ ছেলে আর মেয়েটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল… জানি না কী থেকে কী হল!’

ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় মানুষজনও। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির ভেতরে ঢোকা সম্ভব হয়নি বলেই উল্লেখ। কয়েক মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুনের গ্রাস, সেই গ্রাস থেকে শিশুদের বাঁচানো যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভগবানগোলার (Bhagwangola) বিধায়ক রেয়াত হোসেন সরকার (Reyat Hossain Sarkar) ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু দমকল বাহিনীর কেন্দ্র ঘটনাস্থল থেকে অনেকটা দূরে থাকায় ওদের পৌঁছতে কিছুটা সময় লেগে যায়। ততক্ষণে তিনটি নিষ্পাপ প্রাণ ঝলসে গেছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পরিবারকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব।’

দমকল ও পুলিশ তিনটি শিশুর দেহ উদ্ধার করে প্রথমে নশিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (Nashipur Primary Health Centre) নিয়ে যায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটকেই দায়ী করা হলেও, দমকল আধিকারিকরা সঠিক কারণ খতিয়ে দেখছেন। উল্লেখ্য, গ্রামজুড়ে এখন শোকের ছায়া। প্রতিবেশীরা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। বহু মানুষ জানিয়েছেন, এত কম বয়সী শিশুদের আগুনে ঝলসে মারা যাওয়া দৃশ্য তাঁরা কোনোদিন ভুলতে পারবেন না। গ্রামে এখন আতঙ্কও ছড়িয়ে পড়েছে, বিদ্যুতের খোলা তার ও নিরাপত্তাহীন অবস্থার জন্য আবারও এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।এই করুণ ঘটনার পর বস্তুত, প্রশাসনের তরফেও বাড়ির ভেতরে বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। শিশুদের মৃত্যুতে গোটা মুর্শিদাবাদ জুড়ে নেমে এসেছে গভীর শোক।

-প্রতীকী চিত্র
আরও পড়ুন : Shubman Gill cricket journey | শুভমন গিলের ক্রিকেটযাত্রা: রাত তিনটেয় অনুশীলন থেকে টেস্ট দলের অধিনায়কত্ব

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন