Felicitation Ceremony at Loyal Institute of Pharmacy | লয়াল ইনস্টিটিউট অফ ফার্মেসিতে সাফল্যের জয়ধ্বনি : মেধাবীদের সংবর্ধনায় উচ্ছ্বাসে ভরল ক্যাম্পাস

SHARE:

তিথি সরকার, সাশ্রয় নিউজ ডেস্ক ★ বহরমপুর : মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের ‘লয়াল ইনস্টিটিউট অফ ফার্মেসি’ (Loyal Institute of Pharmacy) শুক্রবার সাফল্যের আনন্দে রাঙিয়ে তুলল তাদের ক্যাম্পাস। দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশের পর মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানাতে কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় একটি মনোজ্ঞ সংবর্ধনা অনুষ্ঠান। শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের পরামর্শ এবং প্রতিষ্ঠানের সার্বিক মান সব মিলিয়ে এদিনের অনুষ্ঠান হয়ে ওঠে সত্যিই প্রেরণার।

লয়াল ইনস্টিটিউট অফ ফার্মেসি-এর অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত।

ফল প্রকাশের পরই জানা যায়, লয়াল ইনস্টিটিউট অফ ফার্মেসি (Loyal Institute of Pharmacy) এবার পুরো ব্লকের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। শুধু প্রতিষ্ঠান নয়, ব্যক্তিগত ক্ষেত্রেও উজ্জ্বল নজির গড়ে দুই মেধাবী শিক্ষার্থী প্রথম স্থানাধিকারী সুদীপ্ত মণ্ডল (Sudipta Mandal) এবং দ্বিতীয় স্থানাধিকারী কবির হোসেন বিশ্বাস (Kabir Hossain Biswas)। তাদের অভাবনীয় সাফল্যকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয় আজকের সম্মাননা পর্ব। প্রথম স্থান অর্জনকারী সুদীপ্ত মণ্ডল-এর হাতে সংবর্ধনা স্মারক ও বই তুলে দেন বিশিষ্ট শিক্ষক আতাউর রহমান (Ataur Rahman)। তিনি সুদীপ্তকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত সকলের করতালিতে মুখরিত হয় হল ঘর। এই অনুষ্ঠানে দ্বিতীয় স্থানাধিকারী কবির হোসেন বিশ্বাস (Kabir Hossain Biswas) -এর হাতে সংবর্ধনা ও বই তুলে দেন প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল আয়েশা জুলেখা (Ayesha Zulekha)। তিনি কবিরকে অভিনন্দন ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের কর্ণধার, ইউসুফ আহমেদ (Yusuf Ahmed)। সাফল্যে উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, ‘এ বছর আমাদের শিক্ষার্থীরা যে অসামান্য ফল করেছে, তা শুধু সংখ্যায় নয়, গুণগত মানেও অনন্য। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী ছাড়াও অনেক শিক্ষার্থী চমৎকার রেজাল্ট করেছে। আমরা বিশ্বাস করি, আগামীতেও এই উন্নতি বজায় থাকবে।’ তার কথায় ফুটে ওঠে একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়।

আরও পড়ুন : Media Expo New Delhi 2025 Showcased India’s Visual Communication Renaissance

সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের এক ঝলক।

আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে আরও একটি বিশেষ মুহূর্ত, যেখানে সুদীপ্ত ও কবিরের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় কবি আমিনা তাবাসসুম (Amina Tabassum) -এর কাব্যগ্রন্থ ‘প্রণত ছায়া প্রণম্য আগুন’। মুহূর্তটি বিশেষ হয়ে ওঠে তখনই, যখন কবি আমিনা তাবাসসুম (যিনি এই কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড) নিজ হাতে শিক্ষার্থীদের বইটি তুলে দেন ও তিনি বলেন, ‘যে হাতে বই থাকে, সেই হাতে ভবিষ্যতের আলো থাকে। এরা আমাদের গর্ব। তাদের অগ্রযাত্রা আমাদের আলোকিত করে।’

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

শিক্ষার্থী-শিক্ষক, শিক্ষাকর্মী অভিভাবদের সরব উপস্থিতিতে ক্যাম্পাসে তৈরি হয় উৎসবের আমেজ। রাহুল, রাইহান, অমৃত, শিল্পা, নাজনীনসহ বহু শিক্ষার্থী আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং প্রত্যেককেই মিষ্টিমুখ করানো হয়। সকলের মুখে ছিল ভবিষ্যতের আশা, স্বপ্ন, প্রতিশ্রুতি এবং সাফল্যের উজ্জ্বল দীপ্তি। ‘লয়াল ইনস্টিটিউট অফ ফার্মেসির এই সংবর্ধনা অনুষ্ঠান এটি একটি বার্তা যে, শিক্ষা, নিষ্ঠা ও পরিশ্রম কখনও ব্যর্থ হয় না। আগামী বছরগুলোতে আরও অনেক সাফল্যের গল্প গড়ে উঠবে, আজকের অনুষ্ঠানে সেই আশ্বাসই যেন ছড়িয়ে পড়ল চারদিকে। প্রসঙ্গত, সুদীপ্ত মণ্ডল ও কবির হোসেন বিশ্বাস সম্প্রতি জি-লেট উত্তীর্ণ হন।

আরও পড়ুন : Modi Starmer Education Agreement | ভারতে গড়ে উঠছে ব্রিটেনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: শিক্ষায় নতুন দিগন্তের সূচনা মোদী-স্টার্মার বৈঠকে

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন