Chhattisgarh road network, rural road development | ২৫ বছরে সড়ক উন্নয়নে ব্যাপক উন্নতি ছত্তিশগড়ে: ৪৮ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা থেকে অর্থনৈতিক করিডর, উন্নয়নের নতুন মানচিত্র

SHARE:

ছত্রিশগড় রাস্তা। ছবি : প্রতীকী

নবারুণ দাস সাশ্রয় নিউজ ডেস্ক ★ রায়পুর: গত ২৫ বছরে ছত্তিশগড় (Chhattisgarh) যে সড়ক অবকাঠামোর অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী হয়েছে, তা আজ রাজ্যের সামগ্রিক উন্নয়নের অন্যতম মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে। দুর্গম গ্রাম থেকে শুরু করে শিল্পাঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ও বাণিজ্যিক হাব, সবকিছুকে একটি সুতোয় বেঁধে দিয়েছে উন্নত সড়ক যোগাযোগ। সরকারি তথ্য অনুযায়ী, এই সময়কালে রাজ্যে ৪৮ হাজার কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা নির্মিত হয়েছে এবং রায়পুর-বিজয়ওয়াড়া (Raipur-Vijayawada) ও বিলাসপুর-অম্বিকাপুর (Bilaspur-Ambikapur) মতো গুরুত্বপূর্ণ জাতীয় ও রাজ্য সড়ক আধুনিকীকরণ করা হয়েছে। এই সুবিশাল সড়ক প্রকল্পে বিনিয়োগের অঙ্ক ছাড়িয়েছে ২১ হাজার কোটি টাকা। অবকাঠামো উন্নয়নে এই বিপুল বিনিয়োগের ফলেই ছত্তিশগড়ে যাতায়াত দ্রুত হয়েছে, হয়েছে নিরাপদ ও নিরবচ্ছিন্ন। একসময় যেখানে গ্রাম থেকে শহরে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত, সেখানে এখন অনেক ক্ষেত্রেই সেই দূরত্ব অর্ধেক সময়ে অতিক্রম করা সম্ভব হচ্ছে। ফলে শুধু যাতায়াত নয়, বদলেছে মানুষের জীবনযাত্রার মানও।

ছত্রিশগড় রাস্তা। ছবি : প্রতীকী

আরও পড়ুন : UNESCO Intangible Cultural Heritage | লালকেল্লায় ইউনেস্কো সম্মেলন শুরু, বিশ্ব সংস্কৃতি রক্ষায় ‘অগাধ আনন্দ’ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গ্রামীণ এলাকায় সড়ক নির্মাণ ছত্তিশগড়ের উন্নয়নের অন্যতম ভিত্তি হয়ে উঠেছে। প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলিকে পাকা রাস্তার মাধ্যমে মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার ফলে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। স্কুলগামী পড়ুয়া, গর্ভবতী মহিলা কিংবা অসুস্থ রোগীর জন্য এখন আর বর্ষাকালে রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাওয়া বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের মতে, পাকা রাস্তা তাঁদের জীবনে নিরাপত্তা ও নিশ্চয়তার অনুভূতি এনেছে।অন্যদিকে, বড় সড়ক ও হাইওয়ে উন্নয়নের ফলে রাজ্যের অর্থনৈতিক মানচিত্রেও পরিবর্তন এসেছে। রায়পুর-বিজয়ওয়াড়া করিডর উন্নত হওয়ায় দক্ষিণ ভারতের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ আরও মজবুত হয়েছে। একইভাবে বিলাসপুর-অম্বিকাপুর সড়ক আধুনিকীকরণের ফলে উত্তর ছত্তিশগড়ের খনিজ ও বনজ সম্পদভিত্তিক শিল্পে নতুন গতি এসেছে। শিল্পপতিরা বলছেন, উন্নত রাস্তার কারণে কাঁচামাল পরিবহণ ও পণ্য বাজারজাতকরণে সময় ও খরচ, দু’টোই কমেছে। সরকারি মহলের মতে, এই সড়ক উন্নয়ন কর্মসূচি শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়, বরং এটি সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের হাতিয়ার। নতুন রাস্তার পাশে গড়ে উঠছে ছোট ব্যবসা, পরিবহণ পরিষেবা, গুদাম ও লজিস্টিক হাব। এর ফলে স্থানীয় যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগও বেড়েছে। বহু এলাকায় রাস্তা উন্নয়নের পর পর্যটনের সম্ভাবনাও উন্মুক্ত হয়েছে, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অঞ্চলগুলিতে।ওয়াকিবহাল মহল মনে করছেন, ছত্তিশগড়ের সড়ক বিপ্লব রাজ্যের সামগ্রিক বৃদ্ধির জন্য একটি শক্ত ভিত তৈরি করেছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকলে শিল্প, কৃষি বা পরিষেবা ক্ষেত্র, কোনওটিই টেকসইভাবে এগোতে পারে না। সেই দিক থেকে রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সড়ক অবকাঠামোকে অগ্রাধিকার দিয়ে যে পদক্ষেপ নিয়েছে, তার সুফল এখন পরিষ্কার।

কৃষি ক্ষেত্রেও এই উন্নয়নের প্রভাব চোখে পড়ার মতো। গ্রামীণ সড়ক উন্নত হওয়ায় কৃষকরা এখন তাঁদের উৎপাদিত ফসল সহজে বাজারে পৌঁছে দিতে পারছেন। আগে যেখানে মাঝপথে পরিবহণ সমস্যার কারণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকত, সেখানে এখন দ্রুত পরিবহণের ফলে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন। এর পাশাপাশি, হিমঘর ও কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনাও বেড়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সড়ক যোগাযোগের উন্নতি বড় ভূমিকা নিয়েছে। জেলা সদর বা বড় শহরের কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের সঙ্গে গ্রামীণ এলাকার সংযোগ সহজ হওয়ায় পরিষেবার বিস্তার ঘটেছে। অনেক পরিবারই জানিয়েছে, উন্নত রাস্তার কারণে তারা নিয়মিত চিকিৎসা ও উচ্চশিক্ষার সুযোগ নিতে পারছেন, যা আগে কল্পনাতীত ছিল। পরিবেশ ও নিরাপত্তার দিকটিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলে দাবি প্রশাসনের। আধুনিক সড়ক নির্মাণে উন্নত নকশা, ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি বর্ষাকালে জল জমে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার সমস্যাও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। প্রসঙ্গত, গত ২৫ বছরে ছত্তিশগড়ের সড়ক নেটওয়ার্কের এই রূপান্তর রাজ্যকে এক নতুন দিশা দেখিয়েছে। গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে, অর্থনীতিকে গতিশীল করে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলেছে এই অবকাঠামোগত উন্নয়ন। উন্নত রাস্তাঘাট বিষয়ে বর্তমানে ছত্তিশগড় পথ দেখাচ্ছে দেশের অন্যান্য রাজ্যকেও।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Yogi Adityanath Gomti project | গোমতীর প্রাণ ফেরাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ -এর ঐতিহাসিক পদক্ষেপ, শুরু হল ‘রিভাইভাল মিশন’

Sasraya News
Author: Sasraya News