সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : জাতীয় নির্বাচন কমিশন বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করার আগেই বড় পদক্ষেপ নিল বঙ্গ বিজেপি। বিহারে যখন ভোটার তালিকা থেকে ৫৬ লক্ষ নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক চলছে, তখন বাংলায় যেন কোনওরকম ফাঁক না থাকে, তা নিশ্চিত করতে ময়দানে নেমেছে শমীক ভট্টাচার্যরা (Shamik Bhattacharya)। আগস্ট থেকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Special Intensive Revision) শুরু হতে পারে বলে খবর। তাই প্রস্তুত থাকতে দলের নেতা-কর্মীদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির।
সূত্রের দাবি, ইতিমধ্যেই এই প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মূলত ভোটার তালিকা সংশোধনের যাবতীয় নিয়ম, ফর্ম পূরণ, নথিপত্র, সাধারণ মানুষের সহায়তা এই সমস্ত বিষয়েই কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিজেপি নেতৃত্ব মনে করছে, অনেক সময় সাধারণ মানুষ ভোটার তালিকা সংশোধন নিয়ে সঠিক তথ্য জানেন না। তাই কোনও ভোটারের নাম বাদ না যায় বা নতুন ভোটারদের যুক্ত করতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। বিজেপি সূত্রে খবর, প্রশিক্ষণ হচ্ছে দুই ধাপে। প্রথম ধাপ বিএলও ওয়ান (BLO One)। এটি বিধানসভা স্তরের প্রশিক্ষণ। প্রত্যেক বিধানসভায় তিনজন করে বিএলও ওয়ান থাকবেন। তাদের নাম জমা পড়বে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (Electoral Registration Officer) ও জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের (District Election Officer) কাছে। এই বিএলও ওয়ানদের সংখ্যা তিন থেকে সাড়ে তিন হাজারের মধ্যে। দ্বিতীয় ধাপ বিএলও টু (BLO Two)। এই প্রশিক্ষণ বুথভিত্তিক। বিএলও ওয়ানরাই বিএলও টু-দের প্রশিক্ষণ দেবেন। ২০ আগস্ট পর্যন্ত চলবে এই পর্ব।
প্রশিক্ষণপ্রাপ্তরা ঠিক কী কাজ করবেন? বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, “ভোটার তালিকা সংশোধনের সময় বহু মানুষ জানেন না ফর্ম কীভাবে পূরণ করতে হয়, কী নথি লাগবে। আমাদের প্রশিক্ষণপ্রাপ্তরা তাদের সেই সহায়তা করবেন। তাছাড়া, অনেক বুথ লেভেল অফিসারের (BLO) বিরুদ্ধে গাফিলতির অভিযোগ থাকে। আমরা চাই সেই গাফিলতিও কমাতে। আমাদের লোকেরা পুরো প্রক্রিয়ায় সজাগ নজর রাখবেন।” প্রসঙ্গত, বিহারে নির্বাচন কমিশন জানিয়েছে প্রায় ৫৬ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ছে। কারা বাদ পড়ছেন, তার বিস্তারিতও জানিয়েছে কমিশন। তবে রাজনৈতিক দলগুলির অভিযোগ, এর মধ্যে গরিব ও সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষের নাম রয়েছে। এই বিতর্কের আবহেই বাংলায় নিজেদের সংগঠনকে আগে থেকেই তৎপর করছে বিজেপি। বিশেষ করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ও তার আগে যে কোনও উপনির্বাচনকে সামনে রেখেই বিজেপি তাদের ‘ভোটার লিস্ট ম্যানেজমেন্ট’ মজবুত করতে চাইছে বলে রাজনৈতিক মহলের অভিমত। বিজেপি’র আরেক নেতা বলেন, “যখন তালিকা সংশোধন হয়, তখনই সবচেয়ে বেশি ভুল হয়। আমরা চাই না, আমাদের সমর্থকদের নাম বাদ যাক। আবার যাঁরা নতুন ভোটার, তাঁরা যাতে সহজে যুক্ত হতে পারেন, সেই ব্যবস্থাও করতে হবে। এক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্তদের ভূমিকা গুরুত্বপূর্ণ।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি শুধু প্রশিক্ষণ নয়, এই প্রক্রিয়াকে ভোট ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে দেখছে। এর ফলে বুথ স্তরের সংগঠন আরও মজবুত হবে। বিশেষ করে, বুথ স্তরের তথ্য ও মানুষের সঙ্গে যোগাযোগে সুবিধা হবে গেরুয়া শিবিরের। তবে বিরোধীদের আশঙ্কা, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় প্রভাব খাটানোর সুযোগও পেতে পারে বিজেপি। যদিও বিজেপি নেতৃত্ব স্পষ্ট করেছে, “আমরা কোনও বেআইনি কাজের জন্য প্রশিক্ষণ দিচ্ছি না। শুধুমাত্র যাতে মানুষের কাজ সহজ হয়, তার জন্যই এই উদ্যোগ।” উল্লেখ্য, সবমিলিয়ে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে বাংলায় বিজেপির এই তৎপরতা যে আগামী দিনে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা বলাই যায়।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Newlywed Indian ViralNews | বিয়ের রাতেই গর্ভাবস্থা পরীক্ষা করতে বললেন বর, রাগে ফেটে পড়লেন নববধূ! কী ঘটল শেষ পর্যন্ত?




