মুর্শিদাবাদের জনসভায় রাজ্যের শাসকদলের প্রতি তোপ দাগলেন শুভেন্দু অধিকারী
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : মুর্শিদাবাদ জেলা (দঃ) বিজেপির ডাকে ‘রাজ্য সরকারের সন্ত্রাস, দুর্নীতি ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে , রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে’ শক্তিপুরের জনসভায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল।

এই জনসমাগম নিয়ে উচ্ছ্বসিত বিজেপি শিবির। এলাকার বিভিন্ন জায়গা থেকে এই জনসভায় দলের কর্মীসমর্থকরা আসেন। সভামঞ্চ থেকে আবাস প্লাস যোজনা, ১০০ দিনের কাজে দুর্নীতি অভিযোগ তুলে তোপ দাগেন নেতৃত্ব। মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার শক্তিপুর রেল স্টেশন মাঠে বিজেপির জনসভাকে ঘিরে দলীয় কর্মীদের ভেতর উচ্ছ্বাস লক্ষণীয় ছিল বলে মনে করেছেন জেলা নেতৃত্ব।

এই সমাবেশে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, কৌশিক রায়, মুর্শিদাবাদ দক্ষিণ জেলা বিজেপি সভাপতি শাখারভ সরকার, নেত্রী মাহফুজা খাতুন, এমএলএ সুব্রত ভট্টাচার্য প্রমুখ।

বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাঁর বক্তৃতায় বলেন, ‘২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলার জনগণকে ভোট দিতে দেওয়া হয়নি। এমনকী নমিনেশন ফাইল পর্যন্ত করতে দেওয়া হয়নি। গত ১০ বছর ধরে মুর্শিদাবাদ জেলার ত্রিস্তর পঞ্চায়েত যে কাজ করেছে, সেখানে দুর্নীতি ছাড়া, চুরি ছাড়া, কাটমানি ছাড়া, সিডনিকেট রাজ ছাড়া অন্য কিছু হয়নি।’




